১২:০২ পি.এম
বাংলাদেশের ২০২৭ সালের হজ ব্যবস্থাপনার জন্য সৌদি আরবের সঙ্গে চূড়ান্ত দ্বিপক্ষীয় হজ চুক্তি আজ সোমবার স্বাক্ষরিত হতে যাচ্ছে। বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এবং সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এই চুক্তিতে স্বাক্ষর করবেন।
আজকের চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আগামী হজ মৌসুমে বাংলাদেশের হজযাত্রীদের সার্বিক ব্যবস্থাপনা ও কার্যক্রম পরিচালনার জন্য দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক সমঝোতা সম্পন্ন হবে। ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (৯ নভেম্বর) এ তথ্য জানানো হয়।
এদিকে রবিবার (৮ নভেম্বর) সৌদি আরবের জেদ্দায় চার দিনব্যাপী ষষ্ঠ ‘হজ সম্মেলন ও প্রদর্শনী’র আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মক্কার ডেপুটি গভর্নর প্রিন্স সউদ বিন মিশাল বিন আব্দুল আজিজ এ সম্মেলনের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশের ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মসজিদে ইমামতি থেকে যুক্তরাষ্ট্রের সিনেটে মুসলিম যুবকের ঐতিহাসিক উত্থান
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং ভিশন ২০৩০-এর পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রগ্রামের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে বিশ্বের প্রায় ১২০টি দেশের ধর্মমন্ত্রী ও সরকারি প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।
সম্মেলনে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রী ড. তৌফিক বিন ফাউজান আল-রাবিয়াহ এবং বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
হজ ব্যবস্থাপনার আধুনিকায়ন, স্মার্ট সমাধান এবং প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার লক্ষ্যে এবারের প্রদর্শনীতে ৩২৫টিরও বেশি আন্তর্জাতিক ও স্থানীয় প্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।
বাংলাদেশের জন্য ২০২৭ সালের হজের কোটা ৮৩ হাজার ৫০০ জনে বৃদ্ধি করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৭ হাজার ৫০০ জন হজ পালনের সুযোগ পাবেন।
আরও পড়ুন: জীবনের সঞ্চয় দিয়ে মসজিদ নির্মাণের অনন্য দৃষ্টান্ত স্থাপন
গত বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। ২০২৭ সালের হজের জন্য সৌদি সরকার শুরুতে একই পরিমাণ কোটা বরাদ্দ দেয়। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৬ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭২ হাজার ৫০০ জনের কোটা নির্ধারিত ছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন