ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

হৃদয়ের ফিফটি, মুশফিকের টেস্টে ৭ হাজার রান পূর্ণ


হৃদয়ের ফিফটি, মুশফিকের টেস্টে ৭ হাজার রান পূর্ণ

সিলেট টেস্টের শেষ দিনে ব্যাট হাতে লড়াই চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম ইনিংসে রেকর্ড গড়া ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন মুশফিকুর রহিম।

৩৯ ওভারে বাংলাদেশের রান ২ উইকেটে ১২৯। হৃদয় ৬৪ রানে ব্যাট করছেন। মুশফিকুর রহিম ২৫ রানে খেলছেন।

ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ৩৬৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ শুরুতে ভালো করতে পারেনি। ৩৩ রানেই প্রথম উইকেট হারায় স্বাগতিকরা। তানজিদ হাসান ৩২ বলে ২১ রান করে ফিরে যান। এরপর ৪০ রানের মাথায় দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ২৭ বলে ১৪ রান করে জাস্টিন গ্রিভসের বলে এলবিডব্লু হন।

আরও পড়ুন: জিম্বাবুয়ের টেস্টে বিরল রেকর্ড, দুই ইনিংসে ১০২৭ রান

এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। এই জুটির ব্যাটিংয়ের মধ্যেই টেস্টে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের স্পিনার ওয়ারিক্যানের বলে সিঙ্গেল নিয়ে অনন্য এই কীর্তি গড়েন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এই অর্জন মুশফিকের।

অন্যদিকে, প্রথম ইনিংসে ২৪২ রানের অপরাজিত ইনিংস খেলা হৃদয় দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়েছেন। জোশুয়া বিশপের বলে চার মেরে ৮১ বলে অর্ধশতক পূর্ণ করেন এই তরুণ ব্যাটার। ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমে এটিই তার প্রথম টেস্ট ফিফটি। একই ম্যাচে ডাবল সেঞ্চুরি ও ফিফটি করার কীর্তিও গড়েছেন তিনি। বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এক টেস্টের দুই ইনিংসে এমন কীর্তি দেখালেন হৃদয়।

এর আগে দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৩৯৮ রান তুলে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৬৯ রান। দিনের প্রথম সেশনে দুই উইকেট হারানোর পর হৃদয়-মুশফিকের জুটিতে কিছুটা স্বস্তি ফিরেছে বাংলাদেশের শিবিরে। ম্যাচের বাকি সময়ে এই জুটিই এখন স্বাগতিকদের বড় ভরসা।

আরও পড়ুন: ওয়ারিকানের কৃতিত্বে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট সিরিজ জয়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ক্যান্সার জয়ী নিশার পাশে আবারও প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫০ পি.এম


ক্যান্সার জয়ী নিশার পাশে আবারও প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ক্যান্সারের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ের পর বর্তমানে অনেকটাই সুস্থ ১২ বছর বয়সী শিশু নিশা। তবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে নিয়মিত রুটিন চেকআপ ও ফলোআপের মধ্য দিয়ে যেতে হচ্ছে। চিকিৎসা পরবর্তী এই সময়ে শিশুটির পাশে এসে দাঁড়িয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি রুটিন পরীক্ষার খরচ বহন করে মানবতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

জানা গেছে, জাতীয় নির্বাচনের পূর্বে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন স্মরণে মানবিক উদ্যোগের অংশ হিসেবে ক্যান্সার আক্রান্ত শিশু নিশার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নিয়েছিলেন তৎকালীন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও বর্তমান প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তার উদ্যোগের মাধ্যমে নিশার চিকিৎসা শুরু হয়েছিল। ২০২৫ সালের ২৩ নভেম্বর নিশার চিকিৎসা ও এই মানবিক উদ্যোগ নিয়ে সংবাদ প্রকাশিত হলে দেশজুড়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।

সম্প্রতি ঢাকার পিজি হাসপাতালে (বর্তমান বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়) নিশার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য বিভিন্ন টেস্টের প্রয়োজন হয়। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে সেই পরীক্ষার খরচ চালানো সম্ভব হচ্ছিল না। খবরটি প্রতিমন্ত্রীর নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে পরীক্ষার যাবতীয় খরচ বহনের ব্যবস্থা করেন। রবিবার, প্রতিমন্ত্রীর পক্ষ থেকে শিশুটির পরিবারের হাতে নগদ অর্থ তুলে দেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম।

সাহায্য পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে নিশার বাবা শ্রী নেপাল কুমার শীল বলেন, "অভাবের কারণে মেয়ের টেস্টগুলো করাতে পারছিলাম না। খুব দুশ্চিন্তায় ছিলাম। পরে প্রতিমন্ত্রীর সাথে যোগাযোগ করলে তিনি সকল খরচের ব্যবস্থা করে দিলেন। আমি ও আমার পরিবার তার প্রতি কৃতজ্ঞ।"

জানা যায়, শিবগঞ্জ উপজেলার বেতগাড়ি ইউনিয়নের ফেনীগ্রাম ফুলতলি এলাকার দরিদ্র নাপিত শ্রী নেপাল কুমার শীল ও তৃষ্ণা রাণী শীলের মেয়ে কুমারী নিশা রানী শীল। চার বছর বয়স থেকে সে মারাত্মক ক্যান্সারে আক্রান্ত। চরম অর্থনৈতিক অবস্থার মধ্যেও মেয়ের জীবন বাঁচাতে সংগ্রাম চালিয়ে যাচ্ছেন তার বাবা, যিনি নাপিতের কাজ করে কোনোমতো সংসার চালান। বর্তমানে ১২ বছর বয়সী নিশা কিচক নিম্ন মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণিতে অধ্যয়নরত।

প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো. আতিক রহমান জানান, জাতীয় নির্বাচনের আগে নিশার চিকিৎসার সব ব্যয় বহন করেছিলেন প্রতিমন্ত্রী। বর্তমানে নিশা অনেকটাই সুস্থ। নিয়মিত চেকআপের জন্য অর্থ ও হাসপাতালের সিরিয়াল পেতে সমস্যার কথা জানালে প্রতিমন্ত্রী পরীক্ষার খরচ দেন এবং পিজি হাসপাতালে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা করেন।

উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে নেওয়া সেই মানবিক উদ্যোগের ধারাবাহিকতায় চিকিৎসা-পরবর্তী সংকটকালেও শিশুটির পাশে প্রতিমন্ত্রীর এই নিরবচ্ছিন্ন সহায়তা এলাকাবাসীর মধ্যে প্রশংসিত হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫১ পি.এম


শেখ হাসিনার নতুন পাসপোর্ট-এনআইডির আবেদনে উল্লেখিত তথ্য

ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন দেশে ফেরার উদ্দেশ্যে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, তিনি আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনা করছেন।

সোমবার, ভারতের নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে এই বিষয়ে একটি ই-মেইল পাঠিয়েছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক আইন পরামর্শক প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’। দিল্লি হাইকমিশন ই-মেইল পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চিঠিটি পাওয়ার পর তারা ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়কে পরবর্তী করণীয় সম্পর্কে অবহিত করেছে।

চিঠিতে শেখ হাসিনার আইনজীবী উল্লেখ করেছেন, ‘আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনি পরামর্শদাতা (আইনজীবী) হিসেবে আমার ক্ষমতাবলে এই চিঠি লিখছি। অন্তর্বর্তীকালীন সরকার এবং অন্যান্য কর্তৃপক্ষ কর্তৃক আমাদের মক্কেলের (শেখ হাসিনা) বর্তমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করার খবরের প্রেক্ষিতে আমি আপনাকে আমাদের মক্কেলের জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি।’

শেখ হাসিনার আইনজীবী আরো লিখেছেন, ‘আমাদের এই অনুরোধটি তার (শেখ হাসিনা) বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে, বাংলাদেশের আইন অনুযায়ী যেকোনো বাধ্যবাধকতা এবং আন্তর্জাতিক মানবাধিকার সনদের প্রযোজ্য বাধ্যবাধকতা অনুসারে করা হয়েছে। হাইকমিশন যদি এই বিষয়টি পরীক্ষা করে দেখে এবং আবেদনগুলো দ্রুত প্রক্রিয়া করার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও নথিপত্রের বিষয়ে আমাদের পরামর্শ দেয়, তবে আমরা কৃতজ্ঞ থাকব। আমরা আশা করি, এই অনুরোধটি সময়মতো বিবেচনা করবেন। আপনার সদয় দৃষ্টি ও সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫২ পি.এম


শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

শেখ হাসিনার পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ফিরে পাওয়ার জন্য দিল্লি হাইকমিশনে আবেদন করার খবরের সত্যতা এখনও যাচাই করা হয়নি, এমনটি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি উল্লেখ করেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় খতিয়ে দেখছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আবেদন করার আইনগত ভিত্তি এবং আবেদন করার অধিকার রয়েছে কি না, তা সংশ্লিষ্ট আইন পর্যালোচনা করে দেখা হবে।

আজ সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিচে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি ফিরে পাওয়ার জন্য আবেদন করার খবরের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমিও শুনেছি, স্ক্রল নিউজে দেখেছি, পলাতক দণ্ডিত আসামি শেখ হাসিনা তাঁর পাসপোর্টের জন্য এবং এনআইডির জন্য আবেদন করেছেন। কিন্তু এই সত্যতা আমি এখনো যাচাই করতে পারিনি।’

সালাহউদ্দিন আহমদ বলেন, আবেদনটির আইনগত ভিত্তি আছে কি না, যথাযথভাবে করা হয়েছে কি না এবং আবেদন করার অধিকার আছে কি না, তা পর্যালোচনা করা হবে। এ ক্ষেত্রে পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন ও এনআইডি আইন বিবেচনায় নেওয়া হবে।

এদিকে, পলাতক অপরাধীদের জন্য সাধারণ পাসপোর্টের আবেদন কার্যকর হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। আজ সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ায় বন্দিবিনিময় চুক্তির মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হবে।’

পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ কোনো সন্ত্রাসীকে পাসপোর্ট দেয় না। বরং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে এনে সাজা কার্যকর করতে চায়।’

জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। আগামী ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার অংশ হিসেবে তিনি সোমবার এ আবেদন করেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৫৩ পি.এম


অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল, বললেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে, তার অভিবাসনবিরোধী নীতি অতিরিক্ত কঠোর ছিল। রিপাবলিকান দলের মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর তিনি এই মন্তব্য করেন। এর মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক কর্মসূচির অন্যতম প্রধান অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত দিয়েছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, অবৈধভাবে সীমান্ত পারাপার বন্ধে তার পদক্ষেপকে তিনি ‘এ প্লাস’ নম্বর দেবেন। তবে ব্যাপকভাবে অভিবাসীদের বহিষ্কারের কারণে রাজনৈতিকভাবে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ট্রাম্প আরও বলেন, সীমান্ত বন্ধের ক্ষেত্রে তিনি ভালো করেছেন এবং অপরাধীদের দেশ থেকে বের করে দেওয়ার ক্ষেত্রেও ভালো নম্বর পাওয়ার যোগ্য। তবে যাদের ভালো চাকরি ছিল এবং যারা শুধুমাত্র অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের কারণে আইন ভঙ্গ করেছিলেন, তাদেরও বহিষ্কার করা হয়েছে। তার মতে, এ ক্ষেত্রে নীতি অতিরিক্ত কঠোর ছিল।

মধ্যবর্তী নির্বাচনে অভিবাসন ইস্যু রিপাবলিকান প্রার্থীদের জন্য যেমন সহায়ক হয়েছে, তেমনি ক্ষতির কারণও হয়েছে বলে মন্তব্য করেন ট্রাম্প। নির্বাচনের দিন ভোটারদের ওপর চালানো এক জরিপে দেখা গেছে, ভোটারদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি ইস্যুর মধ্যে অভিবাসন ছিল তৃতীয়। শীর্ষে ছিল অর্থনীতি ও গণতন্ত্রের অবস্থা।

এদিকে, টেক্সাসের মতো ঐতিহাসিকভাবে রিপাবলিকানদের শক্তিশালী রাজ্যগুলোতে লাতিনো ভোটারদের একটি অংশ ডেমোক্র্যাটদের সমর্থন দিয়েছেন। কংগ্রেসে ডেমোক্র্যাটদের বড় ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে তাদের সমর্থন ভূমিকা রেখেছে। তবে ট্রাম্পের এই স্বীকারোক্তির পরও যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ জানিয়েছে, অভিবাসনবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

ট্রাম্প আরো বলেন, অভিবাসন ইস্যুতে কংগ্রেসের ডেমোক্র্যাটদের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে তিনি আগ্রহী। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এক বছর আগে সিবিএসের ‘সিক্সটি মিনিটস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, তার প্রশাসনের অভিবাসনবিরোধী অভিযান যথেষ্ট কঠোর নয়। তবে রবিবারের সাক্ষাৎকারে তার সুরে পরিবর্তন দেখা গেছে।

অন্যদিকে একই দিন বিবিসিকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার ও বহিষ্কারের অভিযান কমানো হবে না। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের (ডিএইচএস) এক মুখপাত্রও বলেছেন, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) তাদের অভিযান বন্ধ বা শিথিল করছে না।

মধ্যবর্তী নির্বাচনে পরাজয়ের পর অভিবাসন নীতিতে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও। নির্বাচনের ফলাফল নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি বলেন, অভিবাসন আইন প্রয়োগের কৌশল পরিবর্তনের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান অবৈধ অভিবাসীদের কাজে নিয়োগ দেয়, সেগুলোর ওপর নজরদারি বাড়ানোর প্রস্তাব দেন তিনি। তবে শুক্রবার ট্রাম্প অভিবাসন নীতিতে কঠোর অবস্থানের জন্য পরিচিত স্টিফেন মিলারকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে নিয়োগের ঘোষণা দেন। ট্রাম্পের প্রথম ও দ্বিতীয় মেয়াদে কঠোর অভিবাসন নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মিলার।

এদিকে আইসিইর সূত্রের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে কর্মকর্তাদের প্রতিদিন প্রায় ২ হাজার ৭০০ জন অবৈধ অভিবাসীকে গ্রেপ্তারের লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। এর আগে এই লক্ষ্যমাত্রা ছিল প্রতিদিন ২ হাজার জন।

চলতি বছর অভিবাসনবিরোধী অভিযানের প্রতিবাদে শিকাগো, মিনিয়াপোলিস ও লস অ্যাঞ্জেলেসসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। মিনিয়াপোলিসে অভিবাসন কর্মকর্তাদের গুলিতে দুই বিক্ষোভকারী রেনে গুড ও অ্যালেক্স প্রেটি নিহত হওয়ার ঘটনাও ব্যাপক ক্ষোভের জন্ম দেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%