ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ


মির্জাপুরে শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

টাঙ্গাইলের মির্জাপুরে ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগের প্রেক্ষিতে স্থানীয়রা অভিযুক্ত শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন।

এটি ঘটেছে সোমবার (৯ নভেম্বর) উপজেলার উয়ার্শী ইউনিয়নের নতুন কহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। অভিযুক্ত শিক্ষকের নাম তপন কুমার সরকার।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত শিক্ষক সম্প্রতি বিদ্যালয়ের একাধিক ছাত্রীর গায়ে হাত দেন। এই ঘটনার খবর শিশু শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের জানায়। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। তারা বিষয়টি বিদ্যালয় কর্তৃপক্ষকে জানিয়ে অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি করেন।

আরও পড়ুন: আদাবরে তিনটি ককটেল বিস্ফোরণ, স্বাভাবিক আইন শৃঙ্খলা

সোমবার বিদ্যালয়ে এ বিষয়ে সালিশের আয়োজন করা হয়, যেখানে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন। সালিশ চলাকালীন স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে অভিযুক্ত শিক্ষক তপন কুমার সরকারকে মারধর করেন, যার ফলে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে উত্তেজিত এলাকাবাসী তপন সরকারকে পুলিশের হাতে সোপর্দ করেন।

ভুক্তভোগী এক ছাত্রীর অভিভাবক জানান, তিনি চান যে এই ঘটনার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যাতে ভবিষ্যতে আর কোনো ছাত্রীর সঙ্গে এমন অসদাচরণ করার সাহস না পায়।

অভিযুক্ত শিক্ষক তপন কুমার সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, "প্রথমে যে অভিযোগটি করা হয়েছিল সেটি সঠিক এবং পরের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। এর চেয়ে বেশি কিছু আমার বলার নেই।"

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার জানান, এর আগেও এমন একটি ঘটনা ঘটেছিল এবং তখন ওই শিক্ষককে সতর্ক করা হয়েছিল। কিন্তু আবারও একই ঘটনার পুনরাবৃত্তি হওয়ায় স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে তাকে মারপিট করেন।

আরও পড়ুন: শেরপুরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ঢাকা-বগুড়া মহাসড়কে আগুন লাগানো

এ বিষয়ে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা শরমিষ্ঠা রানী মজুমদার বলেন, "খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। স্থানীয়দের মারপিটের পর অভিযুক্ত শিক্ষক লিখিত ও মৌখিকভাবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন। শিক্ষা অফিস থেকে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।"

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, "অভিযুক্ত শিক্ষককে স্থানীয়দের মারপিটের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে স্থানীয়রা ওই শিক্ষককে পুলিশে সোপর্দ করেন। অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সমস্যা তুলে ধরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ এম


রাষ্ট্রপতির সঙ্গে এআইইউবি প্রতিনিধিদলের সাক্ষাৎ, সমস্যা তুলে ধরা

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) একটি প্রতিনিধিদল সোমবার (৯ নভেম্বর) বঙ্গভবনে রাষ্ট্রপতি ও এআইইউবির আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে।

প্রতিনিধি দলে এআইইউবির প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. হাসানুল এ হাসান, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম, প্রতিষ্ঠাতা সদস্য ও বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ইশতিয়াক আবেদীন, বোর্ড অব ট্রাস্টিজের প্রতিষ্ঠাতা সদস্য নাদিয়া আনোয়ার এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য শানিয়া মাহিয়া আবেদীন অন্তর্ভুক্ত ছিলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর উল্লেখ করেন, গত দেড় দশকে দেশের শিক্ষা ব্যবস্থাসহ সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থাসহ বিভিন্ন গণতান্ত্রিক প্রতিষ্ঠান পুনর্গঠনে কাজ করছে।

এ সময় এআইইউবির উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সামগ্রিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। প্রতিনিধিদলের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে অবস্থান ও অগ্রগতি সম্পর্কেও জানানো হয়।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা ও প্রয়োজনের বিষয় রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন প্রতিনিধিদলের সদস্যরা। রাষ্ট্রপতি এসব বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস প্রদান করেন।

এছাড়া, এআইইউবির ২৪তম সমাবর্তন অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করেন এবং সমাবর্তনে উপস্থিত থাকার বিষয়ে আশ্বাস দেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেসসচিব উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হায়ার বাংলাদেশের নতুন সিইও হলেন ফ্যান জিং

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৬ এম


হায়ার বাংলাদেশের নতুন সিইও হলেন ফ্যান জিং

হায়ার বাংলাদেশ লিমিটেডের নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে ফ্যান জিং নিয়োগ পেয়েছেন। তিনি গত অক্টোবরে এই নতুন দায়িত্ব গ্রহণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে হায়ারের নেতৃত্বস্থানীয় পদে কাজ করার প্রায় দুই দশকের অভিজ্ঞতা নিয়ে ফ্যান বাংলাদেশের বাজারে প্রতিষ্ঠানটির অপারেশনস ও প্রবৃদ্ধি-সংক্রান্ত উদ্যোগের নেতৃত্ব দেবেন।

২০১১ সালে মালয়েশিয়ায় হায়ারের রুম এয়ার কন্ডিশনার (আরএসি) বিভাগের প্রোডাক্ট ম্যানেজার হিসেবে ফ্যান জিং যোগদান করেন। তিন বছর পর, ২০১৪ সালে তিনি থাইল্যান্ডে যান। সেখানে তিনি প্রথমে আরএসি বিভাগের প্রোডাক্ট ডিরেক্টর এবং পরে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময় তিনি আবাসিক ও বাণিজ্যিক এয়ার কন্ডিশনার ব্যবসা, হায়ারের প্রিমিয়াম ব্র্যান্ড ‘কাসার্তে’ এবং কিস্তিতে পণ্য কেনার প্রকল্প ‘ইউডি’ পরিচালনার দায়িত্বে ছিলেন।

মালয়েশিয়ায় ফিরে ২০২২ সালের মে মাসে ফ্যান হায়ার মালয়েশিয়ার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পান। বাংলাদেশে নতুন দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রতিষ্ঠানটির সামগ্রিক বিজনেস অপারেশনস দেখভাল করেন। তাঁর দায়িত্বের মধ্যে সেলস ও মার্কেটিং, কাস্টমার রিলেশনস এবং বিজনেস ডেভেলপমেন্ট অন্তর্ভুক্ত ছিল।

নতুন দায়িত্ব গ্রহণের পর ফ্যান জিং মন্তব্য করেন, ‘দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন বাজারে কাজ করার সুযোগ হয়েছে আমার। প্রতিটি বাজারে কাজের ধরণ ও চ্যালেঞ্জ আলাদা। বাংলাদেশে নতুন এ দায়িত্ব আমার পেশাগত জীবনের এক নতুন অধ্যায়। এ দেশের বাজার সম্পর্কে আরো ভালোভাবে জানতে, এখানে যারা কাজ করছেন তাদের থেকে শিখতে চাই। পাশাপাশি, দেশের বাজারে হায়ার ইতিমধ্যে যে শক্ত অবস্থান তৈরি করেছে, তার ওপর ভিত্তি করে হায়ারের এ অগ্রগতির ধারাকে অব্যাহত রাখতে চাই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৭ এম


নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের একটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

সোমবার (৯ নভেম্বর) রাত ৯টা ৩৫ মিনিটের দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৯ নম্বর ওয়ার্ডের জালকুড়ি ঝুটপট্টি এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টি থামার পর হঠাৎ জালকুড়ি এলাকার ঝুটপট্টিতে থাকা গার্মেন্টসের ওয়েস্টেজ ও ঝুটের গোডাউনে আগুন লাগে। গোডাউনগুলোতে প্রচুর পরিমাণে দাহ্য ওয়েস্টেজ কাপড় থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে।

এ সময় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আগুনের লেলিহান শিখা অনেক দূর থেকেও দেখা যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৃষ্টির সময় বজ্রপাতের কারণে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ তদন্তের পর জানা যাবে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন কালের কণ্ঠকে জানান, জালকুড়ি ঝুটপট্টিতে আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

তিনি বলেন, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন পুরোপুরি নির্বাপণের পর ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩৮ এম


মানিকগঞ্জে ৯ ককটেল বিস্ফোরণ, পুলিশ আটক করেছে ২ জন

মানিকগঞ্জে সন্ধ্যা থেকে রাতের মধ্যে বিভিন্ন স্থানে ৯টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয়, সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ, বাসস্ট্যান্ড, জাগীর ব্রিজ সংলগ্ন এলাকা, সাটুরিয়ার নয়াডিঙ্গী, জেলা বিএনপি কার্যালয়সহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের ফলে শহরজুড়ে আতঙ্ক ও উত্তেজনা সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা এসব স্থানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যায়।

সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট থেকে রাত ৯টার মধ্যে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে জেলা শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। রাত পৌনে ৮টার দিকে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে সাটুরিয়া উপজেলার নয়াডিঙ্গী এলাকায় একটি এবং সদর উপজেলার জাগীর ধলেশ্বরী সেতু সংলগ্ন কাঁচাবাজারের সামনে দুটি ককটেল বিস্ফোরিত হয়। এর কিছুক্ষণ পর জেলা বিএনপি কার্যালয়ের সামনে একটি এবং রাত ৯টার দিকে জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাবেক কার্যালয় এলাকায় আরও একটি ককটেল বিস্ফোরিত হয়।

স্থানীয়দের দাবি, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলগুলোতে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও বিভিন্ন স্থানে জড়ো হন। পরে সন্দেহভাজন দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

এদিকে ধারাবাহিক বিস্ফোরণের প্রতিবাদে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগ ও যুবলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

স্থানীয়দের ধারণা, মঙ্গলবার (১০ নভেম্বর) নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘট কর্মসূচিকে কেন্দ্র করে এসব বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে।

মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন বলেন, পুলিশ ও ডিবির তৎপরতা বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ডিবি কাজ করছে।

সন্দেহভাজন দুজনকে হেফাজতে নেওয়ার বিষয়ে তিনি বলেন, উত্তেজিত জনতা ও নেতাকর্মীরা দুজনকে আটক করে পুলিশের কাছে দিয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর দলীয় প্যাডে দেওয়া এক বিজ্ঞপ্তিতে আগামী ১০ নভেম্বর দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%