ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক


হাতকড়াসহ ছাত্রলীগ সভাপতিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৭ জন আটক

ঝালকাঠির নলছিটিতে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে আটক করার পর পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ১১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। নলছিটি থানার এসআই নাসির উদ্দিন বাদী হয়ে রবিবার (৮ নভেম্বর) রাতে ৪০ জনকে এজাহারভুক্ত এবং ৬০-৭০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে মামলাটি করেন। পুলিশের কাজে বাধা প্রদান ও হামলা, ভাঙচুরের ঘটনায় এই মামলা করা হয়।

এদিকে, রাতভর অভিযান চালিয়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সাতজনকে আটক করেছে। আটককৃতদের মধ্যে রয়েছেন—পলাতক দপদপিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি সিরাজ মোল্লার শ্বাশুরি সেলিনা বেগম (৫৫), রাকিব মৃধা (২৫), রুবেল মৃধা (৩০), মিল্টন হাওলাদার (২০), সোহেল হাওলাদার (২৭), রাশেদ মৃধা এবং শহিদুল ইসলাম (২৮)।

পুলিশের সূত্রে জানা যায়, একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এলাকায় অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে নলছিটি থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল রবিবার দুপুরে অভিযান পরিচালনা করে। এ সময় দপদপিয়া ইউনিয়নের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সদস্য মো. সিরাজ মোল্লাকে আটক করা হয়। তাকে হাতকড়া পরিয়ে পুলিশের হেফাজতে নেওয়ার সময় তার পরিবারের সদস্য ও সহযোগিরা পুলিশের ওপর হামলা চালান বলে অভিযোগ ওঠে।

আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক

এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এই সংঘর্ষে ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন। প্রায় শতাধিক হামলাকারী পুলিশের একটি সরকারি গাড়ি ভাঙচুর করেন। পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ আটক ছাত্রলীগ নেতা সিরাজ মোল্লাকে ছিনিয়ে নিয়ে যান। পরে সিরাজ এলাকা থেকে পালিয়ে যায়।

আকস্মিক এই ঘটনার পর ফেরিঘাটসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ঝালকাঠি থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। বিকেলে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের একাধিক বাড়িতে পুলিশ অভিযান চালায়। তবে অভিযানের আগেই হামলায় জড়িত থাকার অভিযোগে কয়েকজন বাড়িঘরে তালা দিয়ে আত্মগোপনে চলে যান বলে স্থানীয়রা জানান।

এদিকে ঘটনার পর নলছিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের চেকপোস্ট বসানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য পালানোর পথগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) বায়জীদ ইবনে আকবর ঘটনাস্থল পরিদর্শন করেন।

নলছিটি থানার ওসি মো. তৌহিদুজ্জামান সোহাগ বলেন, ‘বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। ছিনিয়ে নেওয়া আসামিসহ এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি নিয়েছে।’

আরও পড়ুন: ইনানীতে বাপেক্সের ৯ সদস্যের টিম কূপ নিরাপদে বন্ধের সিদ্ধান্ত নিয়েছে

পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর এবং হাতকড়াসহ আসামি ছিনিয়ে নেওয়ার এই ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ছিনিয়ে নেওয়া আসামিকে পুনরায় গ্রেপ্তারে পুলিশি তৎপরতা জোরদার করা হয়েছে।

ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মামুন আল ইসলাম বলেন, ‘পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে মামলা হয়েছে। পুলিশ সাতজনকে আটক করেছে। তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। পুলিশের অভিযান অব্যাহত আছে। জড়িত সবাইকে আটক করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিয়ামতিতে সোহেল ফরাজির নেতৃত্বে বিএনপির বিশাল শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

মো. সানি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২১ পি.এম


নিয়ামতিতে সোহেল ফরাজির নেতৃত্বে বিএনপির বিশাল শোডাউন

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশালের বাকেরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিয়ামতি ইউনিয়ন শাখার উদ্যোগে এক বিশাল আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৮ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলার সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ১৪ নম্বর নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি সোহেল ফরাজি। তাঁর আহ্বানে নিয়ামতি ইউনিয়নের ৯টি ওয়ার্ড থেকে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীসহ হাজার হাজার সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য ও বাকেরগঞ্জ পৌর বিএনপির সভাপতি নাসির জমাদ্দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্যসচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন টিপু ও সদস্যসচিব সাইদুর রহমান রুবেলসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর দেশের এক সংকটময় সময়ে সিপাহি-জনতার ঐক্য ও সংহতির মধ্য দিয়ে সংঘটিত ঐতিহাসিক ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। দিবসটির তাৎপর্য ও ঐতিহাসিক গুরুত্ব নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

শাহানুর আলম, সুনামগঞ্জ প্রতিদিন:

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


বিশ্বম্ভরপুরে অনূর্ধ্ব-১৪ সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

সুনামগঞ্জ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে এবং বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭ অর্থবছরের আওতায় অনূর্ধ্ব-১৪ বছর বয়সীদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর ২০২৬) বিশ্বম্ভরপুর থানা পুকুর প্রাঙ্গণে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. সোহাগ মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাকিনা আক্তার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমাদ উল্যাহ ভূঁইয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব মো. আশিকুর রহমান আশিক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জাহাঙ্গীর আলম।

এ ছাড়া অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা রমিজ উদ্দিন মাস্টার, সুনামগঞ্জ জেলা মহিলা দলের নেত্রী মদিনা আক্তার, স্থানীয় সাংবাদিক এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে দক্ষ সাঁতারু তৈরি এবং পানিতে ডুবে শিশুমৃত্যু রোধে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা পালন করবে। পরে অতিথিদের উপস্থিতিতে অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির প্রশিক্ষণার্থীদের নিয়ে সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

মো. একদল হোসেন, স্টাফ রিপোর্টার:

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৮ পি.এম


টাঙ্গাইল পুলিশের অভিযানে মাদক উদ্ধার, গ্রেপ্তার ৩৩

টাঙ্গাইল জেলা পুলিশের বিশেষ অভিযানে মাদকদ্রব্য উদ্ধারসহ বিভিন্ন মামলায় মোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক কারবারি, প্রিভেন্টিভ মামলার আসামি, নিয়মিত মামলার আসামি ও পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন।

টাঙ্গাইলে অপরাধ দমনে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য উদ্ধার এবং মামলা ও পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে জেলার সব থানা ও ইউনিটের ইনচার্জসহ পুলিশ সদস্যদের মাঠপর্যায়ে থেকে কঠোর অভিযান পরিচালনার নির্দেশ দেন পুলিশ সুপার।

এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় প্রিভেন্টিভ, নিয়মিত মামলা, মাদক ও অন্যান্য উদ্ধারজনিত মামলা এবং পরোয়ানামূলে সর্বমোট ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়।

মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ১০৭ পিস ইয়াবা ট্যাবলেট ও ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মোট ৬ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে নিহত ১, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

মো. ওসমান গনি, শেরপুর জেলা প্রতিনিধি:

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে নিহত ১, আহত ২

শেরপুরের ঝিনাইগাতীতে ধান মাড়াইকল উল্টে হোসাইন আলম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সুজন ও শিহাব নামে আরও দুই যুবক গুরুতর আহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হোসাইন আলম উপজেলার তাওয়াকোচা গ্রামের গুঞ্জর আলীর ছেলে। আহত সুজন মিয়া একই গ্রামের ইন্তাজ আলীর ছেলে এবং শিহাব করিম আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পশ্চিম সন্ধ্যাকুড়া এলাকার সীমান্ত সড়ক দিয়ে যাওয়ার সময় ধান মাড়াইকলটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. সাদিকুর রহমান হোসাইন আলমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%