০১:৪৭ এম
ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : নারী ও শিশু এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, ফ্যামিলি কার্ড একটি সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি। বর্তমানে সারা দেশে তথ্য সংগ্রহের কাজ এই কর্মসূচির অংশ হিসেবে চলছে।
মন্ত্রী উল্লেখ করেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে এই কার্ড প্রদান করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রাপ্ত অর্থ নারীরা শুধুমাত্র পারিবারিক খরচ ও সন্তানদের লেখাপড়ায় ব্যবহার করবেন না, বরং বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতেও সক্ষম হবেন।
আজ জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে মন্ত্রী এসব কথা বলেন। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগমও উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
সাক্ষাৎকালে দুই দেশের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার রক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী-শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা হয়।
জাহিদ হোসেন আরও বলেন, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান নারীদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নারীদের নামে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করছেন। এটি বর্তমান সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।
তিনি জানান, বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন ভাতার আওতা বৃদ্ধি করা হচ্ছে। তাদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বিভিন্ন ভবনে র্যাম্প স্থাপন করা হচ্ছে। ওয়াশরুমগুলোও তাদের ব্যবহারের উপযোগী করে নির্মাণে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে।
ফ্রান্সের রাষ্ট্রদূত সাক্ষাৎকালে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং দুস্থ শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
আগামী ২৫ নভেম্বর ঢাকায় ফরাসি দূতাবাসে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) উদ্যোগে ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস (এফএফপি+) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হতে যাচ্ছে। এই গ্রুপটি গঠিত হয়েছে কানাডা, ফ্রান্স, জার্মানি, মরক্কো, নেপাল, স্পেন ও যুক্তরাজ্যের মতো দেশগুলোকে নিয়ে, যার লক্ষ্য হলো লৈঙ্গিক সমতা ও নারীর অধিকার প্রতিষ্ঠা করা।
এই অনুষ্ঠানে ফ্রান্সের রাষ্ট্রদূত মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন