০১:৪৭ এম
সংসদ ভবন, ১০ নভেম্বর, ২০২৬ : দেশে সৌরবিদ্যুৎ স্থাপনের কার্যক্রম দ্রুত সম্প্রসারণের উদ্দেশ্যে আজ জাতীয় সংসদে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল-২০২৬’ উত্থাপন করা হয়েছে।
বিলটি উত্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
মন্ত্রী বিলটি উত্থাপনকালে উল্লেখ করেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে সরকার সৌরবিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে অন্তত ৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা গ্রহণ করেছে।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিট পর্যন্ত মুলতবি
তিনি আরও বলেন, বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন কার্যক্রম দ্রুত সম্প্রসারণের জন্য সংবিধানের ৯৩ অনুচ্ছেদের (১) দফার অধীনে ‘বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন অধ্যাদেশ-২০২৬’ জারি করা হয়েছিল।
প্রস্তাবিত আইনটি ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের কার্যক্রমকে সহজ করবে। আগামী গ্রীষ্মের আগে এ ধরনের ব্যবস্থার মাধ্যমে ৩ হাজার থেকে ৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে আমদানিনির্ভর জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমবে।
এর আগে, গত ৯ নভেম্বর আইনমন্ত্রী বিদ্যমান কয়েকটি আইনে সংশোধনী আনার লক্ষ্যে সংশ্লিষ্ট অধ্যাদেশটি সংসদে উত্থাপন করেন। মন্ত্রী বিলটি পরীক্ষা-নিরীক্ষা করে আগামী তিন দিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করেন।
আরও পড়ুন: সরকারি ক্রয়ে স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে সংসদে নতুন বিল উত্থাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন