০১:৪৪ এম
কক্সবাজারের উখিয়ার ইনানীতে একটি নলকূপের গর্ত থেকে টানা ১৫ দিন ধরে নির্গত গ্যাসে আগুন জ্বলছে। গ্যাসের এই অস্বাভাবিক প্রবাহ দীর্ঘ সময় ধরে অব্যাহত থাকায় বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানির (বাপেক্স) ভূতাত্ত্বিক বিশেষজ্ঞরা ভূগর্ভে বড় ধরনের গ্যাসের মজুত বা রিজার্ভার থাকার সম্ভাবনা দেখছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ইনানীর ছোটখাল এলাকায় ঘটনাস্থল পরিদর্শন করেন বাপেক্সের নয় সদস্যের একটি বিশেষজ্ঞ দল। এর আগে ২৭ অক্টোবর ওই এলাকার প্রায় এক হাজার ফুট গভীর একটি নলকূপ খননের সময় নিচ থেকে তীব্র বেগে গ্যাস ও পানি বের হতে শুরু করে।
প্রতিনিধিদলের প্রধান ও বাপেক্সের সাবেক মহাব্যবস্থাপক হাওলাদার অহিদুল ইসলাম জানান, সরেজমিন পর্যবেক্ষণে সেখানে একটি ভূ-কাঠামোর (স্ট্রাকচার) অস্তিত্ব পাওয়া গেছে। সাধারণত ফোল্ড বেল্টের ভাঁজের সর্বোচ্চ অংশে এ ধরনের ভূ-কাঠামো তৈরি হয়। দৃশ্যমান এই ভূতাত্ত্বিক গঠনকে ‘বোকাবেল ফরমেশন’ বলা হয়। দেশের বিভিন্ন স্থানে এ ধরনের ফরমেশনের নিচে গ্যাসের মজুত রয়েছে। ফলে ইনানীতেও অনুরূপ রিজার্ভার থাকার জোরালো সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: স্লোগান দিতেই এলাকাবাসীর ধাওয়া, তিনজন আটক
তবে এই রিজার্ভার থেকে বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন সম্ভব কি না, তা এখনই নিশ্চিত নয় জানিয়ে তিনি বলেন, এ জন্য আরও কারিগরি অনুসন্ধান, তথ্য-উপাত্ত বিশ্লেষণ ও বড় অঙ্কের বিনিয়োগ প্রয়োজন। আপাতত সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো কূপটি নিরাপদে নিয়ন্ত্রণে এনে বন্ধ করা। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে বাণিজ্যিক সম্ভাব্যতা যাচাই করা হবে।
বাপেক্সের উপমহাব্যবস্থাপক মো. তোফায়েল উদ্দিন শিকদার বলেন, সাধারণত অগভীর স্তরে পাওয়া গ্যাসের স্থায়িত্ব কম থাকে এবং এক থেকে দুই সপ্তাহের মধ্যে প্রবাহ বন্ধ হয়ে যায়। কিন্তু ইনানীতে দুই সপ্তাহ পার হলেও গ্যাসের প্রবাহ অব্যাহত থাকায় বিষয়টি নতুন করে মূল্যায়নের উদ্যোগ নেয়া হয়েছে।
তিনি আরও জানান, কূপটিতে কিছু কারিগরি ঝুঁকি রয়েছে। সেগুলো মোকাবিলায় একটি কর্মপরিকল্পনা তৈরি করে কর্তৃপক্ষের কাছে জমা দেয়া হবে। ভূতাত্ত্বিক তথ্য-উপাত্ত বিশ্লেষণ, সংগৃহীত নমুনার ল্যাব টেস্ট এবং ঢাকায় বিশেষজ্ঞ দলের পর্যালোচনার পর চূড়ান্ত পরিকল্পনা নেয়া হবে। প্রাথমিক প্রস্তুতি ও কারিগরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১৫ দিন সময় লাগতে পারে।
এদিকে এলাকায় গ্যাসের সম্ভাবনার খবরে নতুন স্বপ্ন দেখছেন স্থানীয় বাসিন্দারা। তাদের প্রত্যাশা, বাণিজ্যিকভাবে গ্যাস উত্তোলন শুরু হলে এলাকার আর্থসামাজিক অবস্থার ব্যাপক উন্নয়ন হবে। দেশের ক্রমবর্ধমান জ্বালানি সংকট মেটাতেও এটি বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন তারা।
আরও পড়ুন: সাবেক আইজিপি বেনজীরের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে আমিরাত: স্বরাষ্ট্রমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন