১২:০৭ পি.এম
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ফলে ইরানের সামরিক সক্ষমতা দুর্বল হয়ে পড়েছে—এমন দাবি তেহরান প্রত্যাখ্যান করেছে। বরং ইসলামিক রেভল্যুশনারি গার্ডস করপসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল আলী বালালি জানান, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর ইরানের সামরিক সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।
তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে প্রচার করছে যে ইরানের সামরিক বাহিনী দুর্বল হয়ে পড়েছে, তা মূলত অপপ্রচার ও মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ। তাঁর দাবি, বর্তমানে ইরানের সশস্ত্র বাহিনীর হাতে আগের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে বেশি সম্পদ ও সামরিক সরঞ্জাম রয়েছে। পাশাপাশি দেশটিতে নিজস্ব অস্ত্র উৎপাদনও বৃদ্ধি পেয়েছে।
প্রেস টিভির তথ্য অনুযায়ী, শত্রুপক্ষের কাছ থেকে জব্দ করা বিভিন্ন সামরিক সরঞ্জাম ও সম্পদ নিয়ে কাজ করছেন ইরানের প্রতিরক্ষা শিল্পের বিশেষজ্ঞরা। তাঁরা এসব সরঞ্জামের রিভার্স-ইঞ্জিনিয়ারিং বা প্রকৌশলগত বিশ্লেষণের মাধ্যমে সেগুলোর প্রযুক্তি ও কার্যপদ্ধতি বোঝার চেষ্টা করছেন।
আরও পড়ুন: সেনেগালে অভিবাসীবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু, জরুরি অবস্থা ঘোষণা
আলী বালালি আরও জানান, ইরানের প্রতিরক্ষা সরঞ্জামের দেশীয় উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি বলেন, যেসব দেশ নিজেদের নিরাপত্তার জন্য বিদেশি উৎসের ওপর নির্ভরশীল, ইরান তাদের মতো নয়। ইসলামি প্রজাতন্ত্র ইরান নিরাপত্তার জন্য আমদানির ওপর নির্ভর করতে চায় না।
তিনি উল্লেখ করেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। দেশ রক্ষার জন্য প্রয়োজনীয় অস্ত্রের মজুতও বহু বছর ধরে নিশ্চিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে তিনি বলেন, কোনো ধরনের ভুল হিসাব বা বৈরী পদক্ষেপ নেওয়া হলে তার কঠোর ও ধ্বংসাত্মক জবাব দেওয়া হবে। তথ্যসূত্র: আল-জাজিরা, প্রেস টিভি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন