ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসির বাসে আগুন লাগলো


বরগুনায় পুলিশ লাইনসের সামনে বিআরটিসির বাসে আগুন লাগলো

বরগুনা পুলিশ লাইনসের সামনে একটি বিআরটিসির বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৯ নভেম্বর) মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাসটির কিছু অংশ পুড়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বরগুনা সদর থানার ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, প্রতিদিনের মতো বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) একটি বাস বরগুনা পুলিশ লাইনসের সামনের সড়কে পার্কিং করা ছিল। রবিবার মধ্যরাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এ সময় পুলিশ লাইনসের সদস্যরা বাসটিতে আগুন জ্বলতে দেখে দ্রুত পানি দিয়ে আগুন নিভিয়ে ফেলেন। ফলে বাসটির কিছু অংশ পুড়ে যায়, তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় বাসটি।

আরও পড়ুন: মঙ্গলবার বড়াইগ্রামে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

ওসি আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ জানান, মধ্যরাতে পুলিশ লাইনসের সামনে পার্কিং করা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ একটি একাধিক দল জড়িতদের শনাক্ত করতে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের সঙ্গে আলোচনা অগ্রগতি নেই: মার্কো রুবিও

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৫ এম


ইরানের সঙ্গে আলোচনা অগ্রগতি নেই: মার্কো রুবিও

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ বন্ধে আলোচনায় এখনো কোনো অগ্রগতি দেখা যায়নি। এমনকি সমঝোতার দিকে অগ্রসর হওয়ার লক্ষণও অনুপস্থিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ইরানের কিছু দাবি ‘অগ্রহণযোগ্য’ এবং কিছু ক্ষেত্রে ‘আপত্তিকর ও অযৌক্তিক’ হওয়ায় আলোচনা এগোচ্ছে না।

ফ্লোরিডার হোমস্টেড এয়ার রিজার্ভ ঘাঁটিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও এসব মন্তব্য করেন। তিনি জানান, যুদ্ধ বন্ধের জন্য মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বিভিন্ন দেশ ইরানের সঙ্গে যোগাযোগ করে কয়েকটি প্রস্তাব নিয়ে আলোচনা করছে। তবে এসব উদ্যোগে এখন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

রুবিও বলেন, ‘আলোচনায় কোনো অগ্রগতির খবর আমার কাছে নেই। কয়েকটি দেশ বিভিন্ন ধারণা ও প্রস্তাব নিয়ে ইরানের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে। তবে আমরা কোনো সমঝোতার দ্বারপ্রান্তে রয়েছি, এমনটা বলা যাবে না।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছেন বলেও উল্লেখ করেন রুবিও। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট সব সময় কূটনৈতিক উপায়ে এই সমস্যাসহ সব সমস্যার সমাধান করতে চান। দুর্ভাগ্যজনকভাবে, কখনো কখনো তা সম্ভব হয় না।’

তবে সমঝোতার কোনো সুযোগ থাকলে যুক্তরাষ্ট্র তা খতিয়ে দেখবে বলে তিনি জানান। রুবিও বলেন, ‘কোনো চুক্তিতে পৌঁছানোর সুযোগ থাকলে আমরা তা খতিয়ে দেখব। কিন্তু এই মুহূর্তে আলোচনা খুব একটা ফলপ্রসূ হচ্ছে না। কারণ, ইরানের দাবিগুলো শুধু অগ্রহণযোগ্যই নয়, কিছু ক্ষেত্রে তা আপত্তিকর, অযৌক্তিক এবং বাস্তবতাবিবর্জিত।’

মার্কো রুবিও প্যারিসে জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে এসব মন্তব্য করেন। ওই বৈঠকে অংশ নিতে ফ্রান্সের উদ্দেশে রওনা হওয়ার আগে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্নাস লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৬ এম


মার্নাস লাবুশেনকে বাদ দেওয়ার সিদ্ধান্ত অস্ট্রেলিয়ার

মার্নাস লাবুশেনের কি দুর্ভাগ্য নেমে এসেছে? তিনি কি দলের বাইরে চলে যাচ্ছেন? ২০২৩ সালের জুলাইয়ে তার সর্বশেষ টেস্ট সেঞ্চুরি করার পর থেকে, এই প্রশ্নটি প্রতিটি সিরিজের পূর্বে বারবার সামনে আসছে।

এই প্রশ্নের উত্থানের পেছনে রয়েছে পূর্ববর্তী সিরিজের ফলাফল। লাবুশেন বড় রান করতে পারছেন না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজে তিনি মাত্র ১৩১ রান সংগ্রহ করেন। বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের সিরিজে নাথান লায়নের সমান ৫৪ রানও করতে পারেননি। অ্যাশেজের ১০ ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২৫৯ রান।

এখন আর চলবে না! অস্ট্রেলিয়ার নির্বাচক প্যানেলের প্রধান জর্জ বেইলি নিশ্চিত করেছেন, নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে আসন্ন চার টেস্টের সিরিজের জন্য লাবুশেনকে বিবেচনায় নেওয়া হবে না।

সোমবার সাংবাদিকদের কাছে বেইলি জানান, জাতীয় নির্বাচক প্যানেল লাবুশেনকে দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, যা দলের ঘোষণার আগেই কার্যকর হবে। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো, লাবুশেন যেন কোনো ধরনের অনিশ্চয়তা বা জল্পনা ছাড়াই শেফিল্ড শিল্ডে কুইন্সল্যান্ডের অধিনায়কত্বে ফিরে যেতে পারেন।

বেইলি বলেন, ‘প্রথম টেস্ট তো বটেই, নিউজিল্যান্ড সিরিজের জন্যও আমরা মার্নাসকে নির্বাচনের বিবেচনায় রাখছি না। আমি আজই বিষয়টি পরিষ্কার করতে চাই, কারণ তার দলে থাকা না-থাকা নিয়ে অনেক আলোচনা চলছে। আমি মনে করি, এতে সে কিছুটা স্বস্তি পাবে এবং শেফিল্ড শিল্ডের পরবর্তী রাউন্ডের খেলা চলাকালে তার দল নিয়ে অনিশ্চয়তা ও জল্পনা কিছুটা কমবে। চতুর্থ রাউন্ড শেষ হওয়ার পর আমরা বাকি দল নির্বাচন করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উচ্চ সুদের হার নিয়ে উদ্বিগ্ন লুলা, বাজেট শৃঙ্খলার প্রতিশ্রুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৭ এম


উচ্চ সুদের হার নিয়ে উদ্বিগ্ন লুলা, বাজেট শৃঙ্খলার প্রতিশ্রুতি

ব্রাজিলের পুনর্নির্বাচিত প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা দেশের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। রবিবার টেলিভিশনে এক ভাষণে তিনি উল্লেখ করেন, উচ্চ সুদের হার কমানোর লক্ষ্যে সহায়ক পরিবেশ তৈরি করতে তার সরকার কাজ করবে। তবে বিনিয়োগকারীদের উদ্বেগ দূর করার জন্য নতুন কোনো পদক্ষেপের ঘোষণা তিনি করেননি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন চতুর্থ মেয়াদের অগ্রাধিকার তুলে ধরে লুলা জানান, তার সরকার বাজেটের নিয়ম মেনে চলবে। পাশাপাশি ঋণের খরচ কমানোর জন্য প্রয়োজনীয় অর্থনৈতিক পরিবেশ তৈরি করা হবে। নির্বাচনে জয়ের পর থেকে লুলা আর্থিক শৃঙ্খলা বজায় রাখার কথা বলছেন। তবে তার জয়ের পর ব্রাজিলের মুদ্রা রিয়ালের দর কমেছে এবং দীর্ঘমেয়াদি ঋণের সুদের হার বেড়েছে। দেশের প্রধান শেয়ারবাজার সূচকেও নেতিবাচক প্রভাব পড়েছে।

বিনিয়োগকারীরা উদ্বিগ্ন যে, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং বাড়তে থাকা ঋণের বোঝা কমাতে লুলা সরকার যথেষ্ট পদক্ষেপ নেবে না। নির্বাচনী প্রচারের সময় লুলা সরকারি ব্যয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা বিনিয়োগকারীদের উদ্বেগ বাড়িয়েছে। কারণ, এসব প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য সরকারের বাড়তি অর্থের প্রয়োজন হবে। ফলে নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ এবং বাজেটে প্রাথমিক উদ্বৃত্ত বাড়ানোর লক্ষ্য একসঙ্গে পূরণ করা কিভাবে সম্ভব হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

এছাড়া অর্থমন্ত্রী নিয়োগ না করা এবং সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে নতুন নিয়োগের ঘোষণা না আসায় বাজারে অনিশ্চয়তা তৈরি হয়েছে। রবিবারের ভাষণে লুলা বলেন, “সরকারি ঋণের অবস্থা এবং উচ্চ সুদের হার আমাকে উদ্বিগ্ন করে। এ কারণেই আমি আবারও আর্থিক শৃঙ্খলা বজায় রাখার অঙ্গীকার করছি। এর মাধ্যমে টেকসই সামাজিক কর্মসূচি বাস্তবায়ন এবং জরুরি বিনিয়োগ বাড়ানো সম্ভব হবে।” তিনি আরও উল্লেখ করেন, এসব কাজ করার সময় তার সরকার বাজেটের নিয়ম মেনে চলবে।

বর্তমান সরকার বাজেটে প্রাথমিক উদ্বৃত্তের লক্ষ্যমাত্রা পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী, সরকারের রাজস্ব আয় যতটা বাড়বে, প্রকৃত সরকারি ব্যয় তার সর্বোচ্চ ৭০ শতাংশ পর্যন্ত বাড়ানো যাবে। এই নিয়মে মূল্যস্ফীতি বাদ দিয়ে সরকারি ব্যয় বছরে সর্বোচ্চ ২ দশমিক ৫ শতাংশ বাড়ানো যাবে। তবে ব্যয় বৃদ্ধির হার শূন্য দশমিক ৬ শতাংশের নিচে নামতে পারবে না। লুলা বলেন, তার পরবর্তী সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হবে বিনিয়োগ বাড়ানো।

তিনি বলেন, “আমাদের সরকারের অন্যতম প্রধান লক্ষ্য হলো বেসরকারি খাতের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২০ শতাংশের বেশি বিনিয়োগ নিশ্চিত করা। এ লক্ষ্য অর্জনে আমরা সুদের হার কমানোর উপযোগী পরিবেশ তৈরি করব।” গত ২৫ অক্টোবরের নির্বাচনে জয়ী হয়ে লুলা চতুর্থবারের মতো ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচিত হন। নির্বাচনে তিনি ডানপন্থী সিনেটর ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করেন। ভোটের শেষ পর্যায়ে অপ্রত্যাশিতভাবে এগিয়ে এসে লুলা জয় নিশ্চিত করেন। তবে তার চারটি মেয়াদ টানা নয়।

লুলার বর্তমান মেয়াদে ব্রাজিলের মোট সরকারি ঋণ ১০ শতাংশের বেশি বেড়েছে। বর্তমানে দেশটির জিডিপির ৮২ দশমিক ৯ শতাংশের সমান সরকারি ঋণ রয়েছে। এদিকে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় গত সপ্তাহে সুদের হার কমানোর প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক। ঋণের সুদের হার ১৩ দশমিক ৭৫ শতাংশে অপরিবর্তিত রাখা হয়েছে। এতে ঋণের চাপে থাকা সাধারণ মানুষের দুর্ভোগ আরো বাড়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ব্রাজিলের মানুষের মোট ঋণের পরিমাণ তাদের আয়ের ৫০ দশমিক ১ শতাংশের সমান। দেশটির ইতিহাসে এ হার সর্বোচ্চ।

অর্থনীতিবিদদের ধারণা, আরো দীর্ঘ সময় সুদের হার বেশি থাকবে। একই সঙ্গে আগামী বছরের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়ে দিয়েছেন তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাবির সমাবর্তনে শিক্ষার্থীদের ‘গলাকাটা ফি’ কমানোর দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


ঢাবির সমাবর্তনে শিক্ষার্থীদের ‘গলাকাটা ফি’ কমানোর দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিগ্রিভেদে নিবন্ধন ফি ৩৫০০ থেকে ৮০০০ টাকা পর্যন্ত নির্ধারণ করেছে। তবে গ্র্যাজুয়েটরা এই ফি শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের তুলনায় অত্যধিক দাবি করে তা কমানোর জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে, ডাকসু ও ছাত্রশিবির প্রশাসনের কাছে ফি কমানোর দাবিতে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।

ক্যাম্পাসে অন্যান্য ছাত্রসংগঠনগুলোও একই দাবি জানিয়ে আসছে। শিক্ষার্থীদের আপত্তি এবং ছাত্রসংগঠনগুলোর দাবির পরও প্রশাসন নির্ধারিত ফি পরিবর্তন করতে অটল রয়েছে।

প্রশাসন আয়োজনের ব্যয় ও দ্রব্যমূল্য বৃদ্ধির যুক্তি দেখিয়ে জানাচ্ছে, সমাবর্তনের সকল প্রস্তুতিমূলক প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়ে গেছে, তাই এখন ফি পরিবর্তনের সুযোগ নেই। ফলে সমাবর্তনের আনন্দের আগে নিবন্ধন ফি নিয়ে অসন্তোষ সৃষ্টি হয়েছে গ্র্যাজুয়েটদের মধ্যে।

শিক্ষার্থীদের দাবির বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম "আমার দেশকে" বলেন, "২০২২ সালের পর সমাবর্তনের ফি আমরা খুব বেশি বাড়িয়েছি বলে মনে হয় না।" তিনি উল্লেখ করেন, স্নাতক পর্যায়ে ফি তিন হাজার টাকার জায়গায় সাড়ে তিন হাজার টাকা এবং স্নাতকোত্তরে চার হাজার টাকার জায়গায় পাঁচ হাজার টাকা করা হয়েছে। উপাচার্য জানান, "৫০০ থেকে এক হাজার টাকা বাড়ানো আমার কাছে খুব বেশি বলে মনে হয় না।"

তিনি আরও বলেন, "এই ফি বাড়ানোর বিষয়টি বিভিন্ন পর্যায় পেরিয়ে এসেছে। সব প্রক্রিয়া মেনে একপর্যায়ে বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। এখন এটি পরিবর্তন করার সুযোগ নেই।" শিক্ষার্থীদের দাবিগুলো পুনর্বিবেচনার সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে উপাচার্য বলেন, "বিষয়টি নিয়ে শিক্ষার্থীদের বিভিন্ন মহল থেকে দাবি-দাওয়া এসেছে। ২৩ নভেম্বর সিন্ডিকেট সভায় বিষয়টি পুনরায় উত্থাপন করা হবে।" তবে শিক্ষার্থী প্রতিনিধিরা বিষয়টি নিয়ে তাদের মতামত দিতে দেরি করে ফেলেছেন।

উপাচার্য সিন্ডিকেট সভায় বিষয়টি পর্যালোচনার কথা বললেও ১ নভেম্বর থেকে শুরু হওয়া অনলাইনে আবেদন ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে শেষ হবে। সেক্ষেত্রে শেষমুহূর্তে সমাবর্তন ফি কমানো সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, "সমাবর্তন নিয়ে অতীতের মতো এবারও আলোচনা করে সব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।" তবে শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পরবর্তী সভায় এ বিষয়ে আলোচনা করা হবে।

অন্যদিকে, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আলমোজাদ্দেদী আলফেছানী জানান, "গত সমাবর্তনের চেয়ে এবার মাত্র ৫০০ টাকা বাড়ানো হয়েছে।" তিনি বলেন, "সময়সাপেক্ষে দ্রব্যমূল্য বেড়েছে। সেটি বিবেচনায় নিয়েই এই ফি নির্ধারণ করা হয়েছে।" শিক্ষার্থীদের পক্ষ থেকে ফি কমানোর দাবি এসেছে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবিগুলোর বিষয়ে ব্যাখ্যা দিয়েছে। তবে বিভিন্ন বিবেচনায় ফি কমানো সম্ভব নয় বলে জানানো হয়েছে। এখন নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে এবং শিক্ষার্থীরা নির্ধারিত ফি দিয়েই নিবন্ধন করছেন।

এদিকে, শিক্ষাজীবন শেষে কালো গাউন ও হ্যাট পরে প্রিয়জনদের সঙ্গে জীবনের গুরুত্বপূর্ণ অর্জন উদযাপন করার স্বপ্ন অনেকের ক্ষেত্রে নিবন্ধন ফির কারণে বাধা হয়ে দাঁড়িয়েছে। ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জান হোসেন "আমার দেশকে" বলেন, "আমি আজিমপুরে একটি সাবলেটে থাকি। এক রুমে ছয়জন শিক্ষার্থী। এর মধ্যে মাত্র একজন সমাবর্তনে অংশ নিতে আগ্রহী। অতিরিক্ত ফির কারণে আমরা বাকি পাঁচজন অংশ নিতে পারছি না।"

তিনি আরও বলেন, "আমরাও সমাবর্তনের আনন্দ মিস করতে চাই না। ফি যদি এক-দেড় হাজার টাকার মধ্যে রাখা হতো, তাহলে সবাই সমাবর্তনে অংশ নিতে পারতাম।" অন্য এক শিক্ষার্থী সাদিয়া রহমান অন্তু বলেন, "প্রথম বর্ষ থেকে সমাবর্তনে অংশগ্রহণ করার মুহূর্তটা কল্পনা করতাম। এটি প্রতিটি শিক্ষার্থীর স্বপ্ন। অথচ বেকার শিক্ষার্থীদের ওপর এমন অতিরিক্ত ফি নির্ধারণ করা হলে সবার পক্ষে সমাবর্তনে অংশ নেওয়া সম্ভব হবে না।"

এবারের সমাবর্তনে স্নাতক (পাস ও অনার্স), সমমান, ফিজিওথেরাপি, হেলথ টেকনোলজি, বিএসসি ইন নার্সিংসহ অন্যান্য ডিগ্রির গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তদের নিবন্ধন ফি ৩৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। স্নাতকোত্তর (মাস্টার্স ও সমমান) ডিগ্রিধারীদের জন্য ৫০০০ টাকা। এমবিবিএস, বিডিএস, এমফিল, পিএইচডি, ডিবিএ, এমএস, এমডি, মেডিকেল এমফিল ও পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন মেডিকেল সায়েন্সসহ সংশ্লিষ্ট ডিগ্রিধারীদের দিতে হচ্ছে ৬০০০ টাকা। এ ছাড়া স্নাতকোত্তর পর্যায়ের ইভিনিং ও এক্সিকিউটিভ ডিগ্রিধারীদের জন্য ফি ৮০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী আজিজুল হক বলেন, "সমাবর্তনে শিক্ষার্থীদের উল্লেখযোগ্য কোনো উপহার দেওয়া হয় না। গাউনও স্থায়ীভাবে শিক্ষার্থীদের দেওয়া হয় না। তাহলে এত বেশি ফি নেওয়ার যৌক্তিকতা কী?" তিনি মনে করেন, "ফি সর্বোচ্চ এক-দুই হাজার টাকার মধ্যে থাকা উচিত। তাহলেই প্রত্যেক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে সমাবর্তনে অংশ নিতে পারবে।"

ডাকসুর এজিএস মহিউদ্দিন খান বলেন, "যে ফি নির্ধারণ করা হয়েছে তা অযৌক্তিক। এভাবে গলাকাটা ফি নির্ধারণ করে শিক্ষার্থীদের জিম্মি করা সমীচীন নয়।" তিনি জানান, "আমরা সমাবর্তনের ফি কমানো, গাউন স্থায়ীভাবে শিক্ষার্থীদের দিয়ে দেওয়া এবং মানসম্মত খাবারের ব্যবস্থা করার দাবি জানিয়েছি।" এ ব্যাপারে সন্তোষজনক উদ্যোগ নেওয়া না হলে তিনি জানান, "আমরা কঠোর হব।"

এদিকে, ফি কমানোর দাবিতে স্মারকলিপি দিয়েছে ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখাও। গত বুধবার সংগঠনটির একটি প্রতিনিধি দল উপাচার্যের অনুপস্থিতিতে রুটিন দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে তিন দফা দাবি জানায়।

দাবিগুলো হলো- সব স্তরের শিক্ষার্থীর সমাবর্তন ফি কমানো, গাউন, ক্যাপ, ব্যাগসহ অন্যান্য সামগ্রীর মান উন্নত করা এবং এসব সামগ্রী কেনার প্রক্রিয়ায় স্বচ্ছতা, মান যাচাই ও ব্যয়ের জবাবদিহিতা নিশ্চিত করা। এছাড়া দীর্ঘসূত্রতা পরিহার করে প্রতি বছর নির্দিষ্ট সময়ে সমাবর্তন আয়োজনের জন্য স্থায়ী নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি।

অন্যদিকে, ফি কমানোর বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে সংগঠনগত কোনো আনুষ্ঠানিক দাবি জানানো বা স্মারকলিপি দেয়া হয়নি। এদিকে, ঢাবি ছাত্রদলের সহসভাপতি আনিছুর রহমান খন্দকার অনিকের অভিযোগ— বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি, সেক্রেটারিসহ সিনিয়র নেতারা শিক্ষার্থীদের ইস্যুগুলো নিয়ে অমনোযোগী হয়ে পড়েছেন। তিনি "আমার দেশকে" বলেন, "শাখা ছাত্রদলের অধিকাংশ নেতা কমিটিকেন্দ্রিক রাজনীতি করতে গিয়ে শিক্ষার্থীসংশ্লিষ্ট বিষয়গুলোর দিকে মনোযোগ দিচ্ছেন না।"

প্রসঙ্গত, ৫৪তম সমাবর্তনে অংশ নিতে ১ নভেম্বর থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে, যা চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নিবন্ধন ফি পরিশোধের শেষ সময় ২ ডিসেম্বর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%