১১:২৫ পি.এম
কুমিল্লার চৌদ্দগ্রামে ইসলামী সংগীতশিল্পী, জামায়াত কর্মী ও বাইক রাইডার কাজী ইউসুফ হত্যার ২০ দিন অতিবাহিত হলেও এখনো কোনো আসামি গ্রেপ্তার হয়নি। নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌস, ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন, স্বজন ও এলাকাবাসী দীর্ঘদিন ধরে আসামি মো. আজাদ, ইলিয়াছ ও ইব্রাহিমসহ অন্যান্যদের গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকের অভিযোগ, কিছু চিহ্নিত রাজনৈতিক নেতা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। প্রশাসনের নিষ্ক্রিয়তার কারণে আসামিরা গ্রেপ্তার হচ্ছেন না বলেও অভিযোগ উঠেছে।
নিহতের স্ত্রী জান্নাতুল ফেরদৌসের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, কনকাপৈত গ্রামের কাজী ইউসুফ একজন ক্বারী ছিলেন এবং তিনি প্রবাসে ছিলেন। প্রবাস থেকে দেশে ফিরে এসে বাইক রাইডিংয়ের পাশাপাশি কনকাপৈত হাইস্কুল মাঠ ও কারিগরি বিশ্ববিদ্যালয়ের মাঠের দেখাশোনা করতেন।
মামলার এজাহার অনুযায়ী, গত ২৫ অক্টোবর সন্ধ্যায় কাজী ইউসুফ কনকাপৈত হাইস্কুল মাঠসংলগ্ন কেন্দ্রীয় জামে মসজিদের পাশে অবস্থান করছিলেন। এ সময় বাতিসা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিম বালুবোঝাই মিনি ট্রাক বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। এতে বালু মসজিদে ময়লা হচ্ছিল। কাজী ইউসুফ তাঁদের ধীরগতিতে গাড়ি চালানোর অনুরোধ করেন, যা নিয়ে বাক্বিতণ্ডা হয়।
আরও পড়ুন: সংবাদ সম্মেলনে উপজেলা আ.লীগ সভাপতি দেলোয়ার হোসেন মিয়া দলের ছাড়ার ঘোষণা দেন
একপর্যায়ে ইলিয়াছ ও ইব্রাহিম কাজী ইউসুফকে হুমকি দেন, "আমজাদের গেলে মোটরসাইকেল রেখে তাকে প্যাকেট করে ভারত সীমান্তে ফেলে দেবেন।" কাজী ইউসুফ বিষয়টি তার পরিচিত কয়েকজনের সঙ্গে মোবাইল ফোনে মেসেজের মাধ্যমে শেয়ার করেন।
এরপর ২৬ অক্টোবর সকাল সাড়ে ৮টার দিকে কাজী ইউসুফ মাংস কেনার জন্য মোটরসাইকেলযোগে কাজী শিপনকে সঙ্গে নিয়ে আমজাদের বাজারে যান। কাজী শিপন কাঁচামাল কেনার জন্য ফেনীর উদ্দেশে চলে যাওয়ার পর কাজী ইউসুফ মাংস কিনছিলেন। এ সময় পূর্বের ঘটনার জের ধরে দুর্গাপুর গ্রামের ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ৮-১০ জন পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর হামলা চালান।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, আমজাদের বাজারের ফারিয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আজাদ, তাঁর শ্রমিক ইলিয়াছ ও ইব্রাহিমসহ অজ্ঞাতনামা ব্যক্তিরা কাজী ইউসুফকে টানাহেঁচড়া করে রাস্তার ওপর ফেলে দেন। এরপর তাঁকে উপর্যুপরি কিল-ঘুষি ও লাথি মারেন। এতে তাঁর বুক, পিঠ, বাম চোখের কোণ, পেটের ডান পাশে আঘাত লাগে। কাজী ইউসুফ মৃত্যুযন্ত্রণায় ছটফট করতে থাকলেও মো. আজাদ গং তাঁকে মারধর অব্যাহত রাখেন। একপর্যায়ে কাজী ইউসুফ জীবন বাঁচাতে চিৎকার করলে আশপাশের পথচারী ও বাজারের লোকজন এগিয়ে আসেন। তখন হামলাকারীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।
নিহতের স্ত্রীর দাবি, বিভিন্ন মানুষের মাধ্যমে খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত অবস্থায় কাজী ইউসুফকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে অ্যাম্বুলেন্সযোগে তাঁকে কুমিল্লা মিশন প্রাইভেট হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কাজী ইউসুফের মৃত্যু হয়।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর নির্দেশে স্বাস্থ্যমন্ত্রীর শারীরিক অবস্থার খোঁজ নিলেন ডা. বিটু
নিহতের ময়নাতদন্ত শেষে পরদিন দুপুরে লাশ সামনে রেখে আমজাদের বাজারে ঘাতকদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়। ওই দিন বাদ জোহর জানাজা শেষে তাঁকে চাঁনকার দীঘিরপাড় কবরস্থানে দাফন করা হয়।
জানাজার আগে রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দেন। তবে দীর্ঘ ২০ দিন অতিবাহিত হলেও কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় স্বজন ও এলাকাবাসী ভবিষ্যতে বিচার পাওয়ার বিষয়ে শঙ্কা প্রকাশ করছেন।
নিহতের ছেলে কাজী সানজিদুল ইসলাম ইমন বলেন, ‘বাবাকে হত্যার ২০ দিন পার হলেও এখনো আসামিরা গ্রেপ্তার হয়নি। আমি বাবাকে হত্যাকারীদের গ্রেপ্তার ও সঠিক বিচারের জন্য স্থানীয় সংসদ সদস্য ডা. তাহেরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।’
চৌদ্দগ্রাম মডেল থানার ওসি মোহাম্মদ আরিফ হোছাইন রোববার দুপুরে বলেন, ‘আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন