১১:০৪ পি.এম
রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি।
রোববার (১৫ নভেম্বর) সকালে জিয়া উদ্যানে অবস্থিত দুই নেতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানান নবগঠিত ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন এবং সদস্যসচিব ও ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেন।
এ সময় মহানগর উত্তর বিএনপি এবং এর বিভিন্ন থানা, ওয়ার্ড ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন সোমবার বিকেল ৪ টা ১৫ মিনিট পর্যন্ত মুলতবি
পুষ্পস্তবক অর্পণ শেষে নেতারা প্রয়াত দুই নেতার আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
জানা গেছে, ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন নেতৃত্ব নির্ধারণের পর সংগঠনকে আরও গতিশীল, সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন নবগঠিত কমিটির নেতারা।
উল্লেখ্য, গত ১ নভেম্বর বিএনপির পক্ষ থেকে ঢাকা মহানগর উত্তর শাখার দুই সদস্যবিশিষ্ট আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। এতে শফিকুল ইসলাম খান মিল্টনকে আহ্বায়ক এবং এস এম জাহাঙ্গীর হোসেনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। পাশাপাশি পরবর্তী দুই সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
শ্রদ্ধা নিবেদনকে কেন্দ্র করে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নেতাকর্মীরা মনে করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং তৃণমূল পর্যায়ে দলীয় ঐক্য ও সমন্বয় জোরদার হবে।
আরও পড়ুন: টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের বাদী এসআই মোসলেম আলীকে কুপিয়ে জখম
এ সময় নেতারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম এবং বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও নেতৃত্বের স্মৃতিকে ধারণ করে আগামী দিনে গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন