ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আইনিভাবে কথা বলবেন শরিফুল রাজ, মুক্তি নিয়ে অনিশ্চয়তা


আইনিভাবে কথা বলবেন শরিফুল রাজ, মুক্তি নিয়ে অনিশ্চয়তা

ঢাকাই সিনেমার অভিনেতা শরিফুল রাজ ‘ঠিকানা’ সিনেমা নিয়ে আইনি জটিলতায় জড়িয়ে পড়েছেন। সিনেমাটির প্রযোজক শাহরিন আক্তার তাকে চুক্তির শর্ত লঙ্ঘন ও আর্থিক ক্ষতির অভিযোগে আইনি নোটিশ পাঠিয়েছেন। নোটিশে ৪৮ ঘণ্টার মধ্যে জবাব দেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে। প্রযোজক জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না পেলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

এ বিষয়ে অভিনেতা শরিফুল রাজ তার অবস্থান তুলে ধরেছেন। তিনি দাবি করেছেন, প্রযোজকপক্ষের আসলে টাকা বা শিডিউল নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। আইনি নোটিশ প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, “একবার বলে টাকার কথা, আমি নাকি টাকা দিচ্ছি না। আবার বলে শিডিউলের কথা। তারা আসলে কী চায়? টাকা চাইলে নিয়ে যাক। আর যদি শিডিউল চায়, সেটা তো অবশ্যই দিব। আমি তো সিনেমা করতে এসেছি।”

রাজ জানান, আসন্ন ঈদে সিনেমা মুক্তির পরিকল্পনা থাকলেও চুক্তিতে অন্য কোনো সিনেমায় কাজ করার বিষয়ে নিষেধাজ্ঞা ছিল না। তিনি দাবি করেন, প্রযোজকের পাঠানো আইনি নোটিশে ছবিটি ঈদের পর মুক্তির কথা উল্লেখ করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, “সিনেমাটি ঈদেই আসবে। আর কোনো সিনেমা করা যাবে না, বিষয়টা এমন নয়। তাদের ইচ্ছা ঈদে মুক্তি দিবে, ওকে। কিন্তু অন্য কোনো সিনেমা করা যাবে না- এটা তো চুক্তিতে নাই।”

আরও পড়ুন: ৮৩২ কোটি টাকার দুর্নীতিতে অভিনেত্রী শাবানা সাজাহানের নাম জড়িত

চুক্তির শর্ত নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে রাজ বলেন, চুক্তির ৪.১১ ধারা এবং আইনি নোটিশের দ্বিতীয় ধারায় সিনেমাটির মুক্তি ও শিডিউল সংক্রান্ত বিষয় উল্লেখ রয়েছে। তবে ছবিটি ঠিক কবে মুক্তি পাবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা হয়নি। আইনি নোটিশ পাঠানোর পর তিনি আইনিভাবে বিষয়টির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছেন।

রাজ বলেন, “এখন আমিও আইনিভাবে কথা বলব। চুক্তির ভিন্নতা নিয়ে অনেক কিছুই বলতে পারি। আমার কাজ শিডিউল দেওয়া, শুটিং করা। এখন বছরে তো আমি একটা ছবি করছি না।” তিনি আরও জানান, পেশাগত জায়গায় কাজ নিয়ে বেশি ভাবতে চান এবং প্রযোজক-পরিচালকের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে।

প্রযোজক ও অভিনেতার পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যে ‘ঠিকানা’ সিনেমার ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে বিষয়টি শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সেটি দেখার অপেক্ষা।

আরও পড়ুন: মাইক টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্রে বিতর্ক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ৩০ হাজার টাকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২০ পি.এম


পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি ৩০ হাজার টাকার

তিন বছর আগে পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম বেতন সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছিল। সম্প্রতি, শ্রমিকরা রাজধানী মিরপুর ও গাজীপুরের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে ৩০ হাজার টাকার বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছেন। পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষও ঘটেছে।

আজ রবিবার (১ নভেম্বর) সরকার পোশাকশিল্পের শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণের জন্য একটি ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন বোর্ডের ঘোষণা দেন।

শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ধারা ১৩৯ অনুযায়ী, বোর্ডের দায়িত্ব হবে সংশ্লিষ্ট শিল্প খাতের শ্রমিকদের জন্য নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ করা। সরকার বোর্ডের সুপারিশ পর্যালোচনা করে নতুন মজুরি কাঠামো চূড়ান্ত করবে এবং গেজেট প্রকাশের মাধ্যমে তা কার্যকর করবে।

এর আগে ২০২৩ সালের ১২ নভেম্বর পোশাকশ্রমিকদের জন্য ন্যূনতম মজুরির পাশাপাশি গ্রেডভিত্তিক মজুরি নির্ধারণ করে সরকার গেজেট প্রকাশ করেছিল, যা বর্তমানে কার্যকর রয়েছে।

বর্তমান মজুরিকাঠামোয় ১ নম্বর গ্রেডের পোশাকশ্রমিকদের সর্বোচ্চ মোট মজুরি ১৪ হাজার ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। গ্রেড ২–এ মোট মজুরি ১৪ হাজার ১৫০ টাকা, গ্রেড ৩–এ ১৩ হাজার ৫৫০ টাকা এবং গ্রেড ৪–এ ১৩ হাজার ২৫ টাকা ঘোষণা করা হয়েছে। সর্বশেষ গ্রেড ৫–এ ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

অন্যদিকে, পোশাকশিল্পের কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ১২ হাজার ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছিল। কর্মচারীদের জন্য চারটি গ্রেড নির্ধারণ করা হয়েছে, যার সর্বোচ্চ গ্রেডে মোট মজুরি ১৮ হাজার ৮০০ টাকা এবং শিক্ষানবিশ কর্মচারীর মজুরি ৯ হাজার ৯৫০ টাকা।

২০২৩ সালের আগে সর্বশেষ পোশাকশিল্পের মজুরিকাঠামো ২০১৮ সালে ঘোষিত হয়েছিল। সেবার শ্রমিকদের জন্য ৭টি গ্রেডে মজুরি নির্ধারণ করা হয়েছিল, যেখানে ন্যূনতম শ্রমিক মজুরি ৮ হাজার টাকা ছিল।

১৯৯৪ সালে প্রথম মজুরি বোর্ডে পোশাকশ্রমিকদের জন্য নিম্নতম মজুরি ৯৩০ টাকা নির্ধারণ করা হয়েছিল। এরপর ২০০৬ ও ২০১০ সালে মজুরি বৃদ্ধি পায়। ২০১৩ সালে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৭৬ শতাংশ বৃদ্ধি করে ৫ হাজার ৩০০ টাকা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা

ভারতের টোল আদায়ের সময় বাংলা ভাষায় কথা বলার কারণে এক মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে একটি টোল প্লাজা কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার ফলে বাংলাভাষীদের প্রতি বৈষম্য ও হয়রানি নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল প্লাজায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগী ট্রাক চালক রফিকুল খান নদীয়া জেলার থানাড়পাড়া থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। তিনি করিমপুর থেকে ১৬ টন কলা নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিবপুর টোল প্লাজায় টোল দেওয়ার সময় ঘটনাটি ঘটে।

রফিকুল জানান, তিনি বাংলায় কথা বলছিলেন, কিন্তু টোল প্লাজার কর্মী তাঁর কাছে এসে হিন্দিতে কথা বলতে শুরু করেন। রফিকুল তাকে জানান যে তিনি হিন্দি বুঝতে পারেন না এবং বাংলায় কথা বলার অনুরোধ করেন। অভিযোগ উঠেছে, এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করেন।

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে টোল কর্মীকে বলতে শোনা যায়, “তুমি কি ভারতের বাইরের লোক? তুমি কি বাংলাদেশি? তুমি কি বাংলাদেশি যে তোমার সাথে বাংলায় কথা বলতে হবে?” রফিকুল খান জানান, তিনি এই দুর্ব্যবহারের প্রতিবাদ করলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়লে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সমালোচকরা স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি ভাষার একটি এবং কোটি কোটি ভারতীয় নাগরিকের মাতৃভাষা। কেবল বাংলায় কথা বলার জন্য কাউকে ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা এক ধরনের সংকীর্ণ মানসিকতা ও ভাষাগত বৈষম্যের বহিঃপ্রকাশ।

‘দ্য অবজারভার পোস্ট’-এর সঙ্গে আলাপকালে শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ভারত ও পাকিস্তানের উভয় পাশেই যেমন পাঞ্জাবি ভাষাভাষী মানুষ রয়েছেন, তেমনি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম জুড়ে বিশাল সংখ্যক বাংলাভাষী ভারতীয় নাগরিক বসবাস করেন। সব বাংলাভাষী মানুষই ‘বাংলাদেশি’—এমন সংকীর্ণ ও বিদ্বেষপূর্ণ ধারণা জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এটি স্পষ্টতই একটি আঞ্চলিক ও জাতিগত বৈষম্যমূলক হয়রানি। স্থানীয় প্রশাসন ও টোল প্লাজা কর্তৃপক্ষের উচিত ঘটনার তদন্ত করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।”

আইনজীবী মাসুম রহমানও এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে প্রতিটি সচেতন নাগরিকের প্রতিবাদ জানানো উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবি ছাত্রদলের হৃদয় চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


চবি ছাত্রদলের হৃদয় চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক নির্বাচিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু ২০২৫ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।

সম্প্রতি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে সওয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ লাভ করলেন।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি।"

তিনি আরও যোগ করেন, "দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


আবার শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর কি ইরানে নতুন হামলার সূচনা হবে? এই প্রশ্নটি বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বার্তা এবং ইরানের কঠোর হুঁশিয়ারির প্রেক্ষাপটে এই অঞ্চলের কোটি কোটি মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ আবার শুরু হলে দৈনন্দিন জীবনযাত্রা, বিমানের টিকিট পাওয়া বা ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কি না—এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এই যুদ্ধের সূচনা হয়। আট মাস ধরে চলা এই যুদ্ধে কূটনৈতিক বা সামরিক—কোনো পক্ষই জয় বা সমাধানের মুখ দেখেনি। ট্রাম্প একদিকে মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ভয় দেখাচ্ছেন, অন্যদিকে আলোচনার কথাও বলছেন। পাল্টা জবাবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ পাওয়ার পর ইরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে তারা কেবল তেল ক্ষেত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রসহ পুরো অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেবে।

সংঘাতের এই উত্তাপে সবচেয়ে বেশি আতঙ্কে আছেন উপসাগরীয় দেশগুলোতে থাকা লাখ লাখ বিদেশি নাগরিক ও চাকরিজীবী। দীর্ঘ দিন নিরাপদ মনে করলেও, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিবারগুলো নীরবে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করায় সাধারণ মানুষের সেই নিরাপত্তাবোধে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তা আশঙ্কায় বড় বড় আন্তর্জাতিক সম্মেলন বাতিল হচ্ছে, সৌদি আরবে অফিসের কাজ ঘরে বসে করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাহরাইন থেকে শুরু করে আবুধাবির বাসিন্দারা সবাই এক অজানা আশঙ্কায় প্রহর গুনছেন।

এর মধ্যেই ব্যাকস্টেজে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চিঠি ও বার্তার আদান-প্রদান এবং কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া ৭টি শর্ত পূরণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। সব মিলিয়ে আলোচনা সফল হয়ে আপাতত সংঘাত থামবে, নাকি আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য নতুন এক বিধ্বংসী যুদ্ধের রূপ নেবে—সেই উত্তর পাওয়ার জন্যই এখন অপেক্ষা করছে বিশ্ব।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%