ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ধামরাইয়ে বাক প্রতিবন্ধীর বসত ঘরে আগুন দিলো দুর্বৃত্তরা


ধামরাইয়ে বাক প্রতিবন্ধীর বসত ঘরে আগুন দিলো দুর্বৃত্তরা

ঢাকার ধামরাইয়ে দুর্বৃত্তরা বাকপ্রতিবন্ধী ও তার মায়ের বসত ঘরে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে। এতে ঘরের ভিতরে থাকা খাট, ফ্রিজ, কাঠের আলমারি এবং অন্যান্য মালামাল সম্পূর্ণরূপে পুড়ে গেছে।

সোমবার (২ নভেম্বর) রাতে উপজেলার খাতরা গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯ এ খবর পাওয়ার পর ধামরাই ফায়ার সার্ভিসের কর্মীরা রাত সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে পৌঁছে। প্রায় দেড় ঘন্টা কাজ করার পর তারা আগুন নেভাতে সক্ষম হয়। এতে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৫ লাখ টাকার মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। পাশাপাশি পাশের বাড়িগুলোকে আগুন থেকে রক্ষা করা সম্ভব হয়েছে। হতাহতের কোন ঘটনা ঘটেনি।

বাক প্রতিবন্ধী শারমিন আক্তারের ভাই ছমীর উদ্দিন জানান, তার মা ও প্রতিবন্ধী বোন পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে হঠাৎ করে ওই ঘরে আগুন লাগে। তিনি বলেন, "পাশেই আমি ঘর থেকে বের হতে চাইলেই দেখি আমার ঘরে তালা। প্রতিবেশীরা এসে তালা ভেঙে আমাকে উদ্ধার করে। পরে দেখি মায়ের ঘরেও তালাবদ্ধ ছিল। মা ও বোন কিভাবে আগুনের ঘর থেকে বের হলো, বলতে পারি না।" মা ছমিরন নেসা বলেন, "ঘর থেকে কিভাবে বের হয়েছি, আমি বলতে পারি না, একমাত্র আল্লাহ জানে।"

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

ঘরের মালিক ছমির উদ্দিন এক প্রসঙ্গে বলেন, "আমার চাচাতো ভাইদের সাথে জমিজমা নিয়ে আমাদের দ্বন্দ্ব চলছে। কিন্তু কে বা কারা এই আগুন দিয়েছে, তা জানি না।"

এ বিষয়ে ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান বলেন, "প্রায় দেড় ঘন্টা কাজ করে আগুন নেভাতে সক্ষম হই। তবে কি কারণে বসতবাড়িতে আগুনের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে বের করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চেয়ারম্যানের চেয়ারের লোভে মহিলা মেম্বার ১ লাখ টাকা হারালেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


চেয়ারম্যানের চেয়ারের লোভে মহিলা মেম্বার ১ লাখ টাকা হারালেন

নির্বাচিত চেয়ারম্যান বরখাস্ত হওয়ার পর শুন্য পদে দায়িত্ব দেওয়ার লোভ দেখিয়ে হোসনেয়ারা নামের এক মহিলা মেম্বারের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ইউপি সচিবের নেতৃত্বে একটি চক্রের বিরুদ্ধে।

মহিলা মেম্বার দীর্ঘ ৩ মাস চেয়ারম্যান হতে না পারায় সালিসিতে সক্রিয় হলে গোপনে লেনদেনের এই ঘটনা প্রকাশ পায়। এর পরিপ্রেক্ষিতে ঘটনা ধামাচাপা দিতে ইউপি সচিব রাতের আধারে পরিষদের রেজুলেশন খাতা চুরির চেষ্টা করেন। কিন্তু তিনি ধরা পড়েন এবং পুরো ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

এই চাঞ্চল্যকর ঘটনা নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নে ঘটেছে।

ফেসবুকে প্রচারিত ভিডিও ফুটেজ অনুযায়ী, ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান-৩ হোসনেয়ারা সালিসি বৈঠকে স্থানীয় বিএনপি নেতা, কয়েকজন ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তির সামনে জানান, চেয়ারম্যান বানানোর প্রতিশ্রুতি দিয়ে মোট ১ লাখ ৫০ হাজার টাকা নিয়েছেন ৬ জন। এর মধ্যে ইউপি সচিব মোকছেদুল ইসলাম ৫০ হাজার, সদ্য বরখাস্ত হওয়া চেয়ারম্যান আনোয়ার হোসেন সরকারের পিএস মাসুদ ৫০ হাজার, ৯নং ওয়ার্ডের মেম্বার মোরসালিন ২০ হাজার, ৩নং ওয়ার্ডের মেম্বার আলিম ১০ হাজার, ৭নং ওয়ার্ডের মেম্বার জলিল ১০ হাজার এবং ১, ২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোসলেমা ১০ হাজার টাকা নিয়েছেন। বর্তমানে পদও নেই, টাকাও নেই। এ অবস্থায় তিনি বিভিন্ন ব্যক্তির দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু কোনো সুরাহা হচ্ছে না।

দ্বিতীয় ভিডিওতে দেখা যায়, সালিশি বৈঠকের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি চাউর হওয়ার কারণে অপকর্ম ঢাকতে ইউপি সচিব রাতের আধারে ইউনিয়ন পরিষদের রেজুলেশন খাতা গ্রাম পুলিশের মাধ্যমে চুরির চেষ্টা করেন। গ্রাম পুলিশ (চৌকিদার) মানিক স্বীকার করেন যে, তাকে ইউপি সচিব চাবি দিয়ে পাঠিয়েছেন। রেজুলেশন খাতা নিয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের কাছে নিয়ে যেতে বলা হয়েছিল।

এদিকে রোববার (১ নভেম্বর) রাতেই গোপন স্থানে বসে ৫নং ওয়ার্ড মেম্বার ও প্যানেল চেয়ারম্যান-২ জালাল উদ্দীনকে চেয়ারম্যান করার রেজুলেশন করা হয়েছে এবং তা সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। এ ক্ষেত্রে ইউপি সচিবের মাধ্যমে ২ লাখ লেনদেনের অভিযোগ উঠেছে।

জালাল উদ্দীন বলেন, "নিয়ম অনুযায়ীই আমি চেয়ারম্যান হচ্ছি। কারণ ১নং প্যানেল চেয়ারম্যান আলালের বিরুদ্ধে ভিডাব্লিউবি উপকার ভোগীদের সঞ্চয়ের টাকা নিজের হাতে রাখার অভিযোগ রয়েছে। আর প্যানেল চেয়ারম্যান-৩ হোসনেয়ারা ইউপি সচিবসহ বিভিন্ন জনকে ১ লাখ ৫০ হাজার টাকা দিয়ে দুর্নীতি করেছে।"

কামারপুকুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল ইসলাম বলেন, "ইউপি সচিব মোখছেদুল ইসলাম কামারপুকুর ইউনিয়নেরই সন্তান। কিন্তু তিনি চরম দুর্নীতিবাজ হয়ে পড়েছেন। এর আগে তার ছেলের নামে প্রতিবন্ধী ভাতা করাসহ নানা অনিয়মের কারণে তাকে পার্শ্ববর্তী কিশোরগঞ্জ উপজেলায় বদলি করা হয়েছিল। আবার টাকা দিয়ে তিনি নিজ ইউনিয়নেই চাকরি করছেন। যা সরকারি চাকরিবিধি অনুযায়ী বেআইনি। তা ছাড়া তিনি অতিরিক্ত ফি আদায় করাসহ নানা অনিয়ম করে চলেছেন। স্থানীয় লোক হওয়ায় তিনি অকপটে এসব দুর্নীতি করে চলেছেন।"

এসব অভিযোগের বিষয়ে ইউপি সচিব মোকছেদুল ইসলামের মতামত জানতে রোববার সকালে ইউনিয়ন পরিষদে গেলে তিনি বলেন, "আমি কোনো টাকা নেইনি। হোসেনয়ারা আমার টেবিলের ড্রয়ারে ৫ হাজার টাকা রেখে গিয়েছিল। তা আমি একটা কাজে খরচ করে ফেলেছি। দ্রুত ফেরত দিয়ে দেব। আর অন্য কেউ টাকা নিয়েছে কি না তা আমার জানা নাই।"

এদিকে সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ অধ্যক্ষ আব্দুল গফুর সরকার বলেন, "চৌকিদার আমার নাম কেন বলেছে? আমি কি তাকে আসতে বলেছি? আমি এ ব্যাপারে তার বিরুদ্ধে মানহানির মামলা করব। আর ইউনিয়ন পরিষদের কোনো বিষয়েই আমার কোনো মাথাব্যথা নেই। তাই সেখানে ঘটা কোনো ঘটনার সাথে আমাকে জড়িয়ে কেউ কিছু বললে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেব।"

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহা ফাতেহা তাকমিলা বলেন, "বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। সত্যতা পাওয়া গেলে অবশ্যই আইনি ব্যবস্থা নেওয়া হবে। একজন সরকারি কর্মচারী হিসেবে তিনি কোনোভাবেই এমন কাজে নিযুক্ত হতে পারেন না। তাই প্রাথমিকভাবে তাকে সাময়িক বরখাস্ত করা হতে পারে।"

স্থানীয় সরকারের নীলফামারী জেলার উপপরিচালক (ডিডিএলজি) সাইদুল ইসলাম বলেন, "এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে বিভাগীয় তদন্ত করা হবে। তাতে সত্যতা পাওয়া গেলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আর এ সংক্রান্ত ভিডিও আমি এখনও দেখিনি। দেখে সে অনুযায়ী পদক্ষেপ নেব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহাসড়কে অস্থিরতা সৃষ্টিকারীরা শ্রমিকের বন্ধু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


মহাসড়কে অস্থিরতা সৃষ্টিকারীরা শ্রমিকের বন্ধু নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

সড়ক-মহাসড়কে অস্থিরতা সৃষ্টি করে যাঁরা শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন, তাঁদের সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, তাঁরা কখনোই শ্রমিকদের বন্ধু হতে পারেন না।

সোমবার (২ নভেম্বর) বিকেলে সচিবালয়ে পোশাকশিল্পের শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমানে যাঁরা রাস্তায় আন্দোলন করছেন, তাঁদের শ্রমিকদের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং বর্তমানে শ্রমিকের স্বার্থসংশ্লিষ্ট কোনো আন্দোলনও চলছে না।

তিনি আরও উল্লেখ করেন, আন্দোলনের সময় যেসব সহিংসতার ঘটনা ঘটেছে এবং যাঁরা গ্রেফতার বা আহত হয়েছেন, তাঁদের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল শ্রমিকের প্রতি শান্তি, শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখার আহ্বান জানান তিনি।

এর আগে, আজ সকালে সচিবালয়ে তৈরি পোশাক খাতের মালিকদের সঙ্গে আলাদা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী। বৈঠক শেষে তিনি ব্রিফিংয়ে জানান, সব পক্ষের সঙ্গে আলোচনা করে সুনির্দিষ্ট সময়ের মধ্যে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হবে।

মজুরি কাঠামোর হালনাগাদ তথ্যের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন মজুরি নির্ধারণের জন্য গত রোববার (১ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে মজুরি বোর্ড গঠন করা হয়েছে। এই বোর্ডের সভা দ্রুততম সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী নির্দেশনার কথা উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন যেন শ্রমিকদের স্বার্থ সংরক্ষিত হয় এবং তাঁদের জীবনমানের উন্নয়ন ঘটে। শ্রমিকদের দাবিদাওয়াগুলো যেন সহানুভূতির সঙ্গে দেখা হয়। সুতরাং, বাস্তবতার নিরিখেই নতুন মজুরি নির্ধারিত হবে। এখানে অসন্তোষের কোনো সুযোগ নেই।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কটল্যান্ডের ক্লাব ফালকির্ক ১৯ বছরের জয়খরা কাটাল সেল্টিককে হারিয়ে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


স্কটল্যান্ডের ক্লাব ফালকির্ক ১৯ বছরের জয়খরা কাটাল সেল্টিককে হারিয়ে

ফালকির্ক স্কটিশ প্রিমিয়ারশিপে সেল্টিককে ২-০ ব্যবধানে পরাজিত করেছে। এই জয়ের মাধ্যমে, বেয়ার্নসরা ১৯ বছরের মধ্যে প্রথমবারের মতো সেল্টিককে হারাল। গত রবিবার (১ নভেম্বর) অনুষ্ঠিত ম্যাচে ফালকির্কের হয়ে গোল দুটি করেছেন ইথান রস এবং স্কট টানসার।

দ্য ইনডিপেন্ডেটের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ম্যাচের শুরুতেই, মাত্র ৩ মিনিটের মাথায় সেল্টিকের ডিফেন্ডার ক্যামেরন কার্টার-ভিকার্সের ভুলের সুযোগ নিয়ে ফালকির্কের ইথান রস প্রথম গোলটি করেন।

৩৮তম মিনিটে, স্কট টানসার একটি চমৎকার ফিনিশিংয়ের মাধ্যমে বেয়ার্নসদের ২-০ লিড এনে দেন।

ফালকির্কের হয়ে খেলা সেল্টিকের সাবেক গোলকিপার স্কট বেইন পুরো ম্যাচে অসাধারণ পারফর্মেন্স প্রদর্শন করেন। তিনি সেল্টিকের ১০টি শট প্রতিহত করে ক্লিন শিট বজায় রাখেন।

দ্বিতীয় বায়ার্ডের শুরুতে, জ্যাকব মারেলের মাধ্যমে ফালকির্ক ৩-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল, কিন্তু ভিএআর দ্বারা হ্যান্ডবলের কারণে গোলটি বাতিল হয়ে যায়।

এই পরাজয়ের পরও সেল্টিক টেবিলের শীর্ষে ৪ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে। তবে, এটি তাদের শেষ ১০ ম্যাচের মধ্যে ষষ্ঠ পরাজয়, যা ম্যানেজার মার্টিন ও’নিলের ওপর চাপ সৃষ্টি করেছে। অন্যদিকে, ফালকির্ক টানা চার ম্যাচ জিতে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, ট্রাম্পের ভাগ্যে কী হবে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন গুরুত্বপূর্ণ, ট্রাম্পের ভাগ্যে কী হবে

যুক্তরাষ্ট্রে প্রতি দুই বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে। প্রেসিডেন্টের চার বছরের মেয়াদের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত নির্বাচনের নাম মধ্যবর্তী নির্বাচন বা মিডটার্ম ইলেকশন। আগামী ৩ নভেম্বরের নির্বাচনে ভোটাররা কংগ্রেসের দুই কক্ষ—প্রতিনিধি পরিষদ ও সিনেটের সদস্য নির্বাচন করবেন। পাশাপাশি বিভিন্ন অঙ্গরাজ্যে গভর্নর এবং স্থানীয় পর্যায়ের জনপ্রতিনিধিরাও নির্বাচিত হবেন।

কেন ভোট দিচ্ছেন মার্কিন ভোটাররা?

যুক্তরাষ্ট্রের আইন প্রণয়ন, সরকারি ব্যয় নিয়ন্ত্রণ এবং প্রেসিডেন্টের বিভিন্ন মনোনয়ন অনুমোদনের ক্ষেত্রে কংগ্রেসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মার্কিন নাগরিকেরা কংগ্রেসে নিজেদের প্রতিনিধি বেছে নিতে ভোট প্রদান করবেন।

এবার সিনেটের ১০০টি আসনের মধ্যে ৩৫টিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। সিনেটররা ছয় বছরের মেয়াদে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, প্রতিনিধি পরিষদের ৪৩৫টি আসনের সব কটিতেই ভোট হবে। এই পরিষদের সদস্যরা দুই বছরের জন্য নির্বাচিত হন। তাঁরা আইন প্রণয়ন, সরকারের ব্যয় নিয়ন্ত্রণ এবং নিজ নিজ নির্বাচনী এলাকার মানুষের প্রতিনিধিত্ব করেন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে গভর্নর নির্বাচনও অনুষ্ঠিত হবে। গভর্নররা নিজ নিজ অঙ্গরাজ্যের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করেন।

নির্বাচনের মূল ইস্যু কী কী?

এবারের নির্বাচনে ভোটারদের কাছে অর্থনীতি অন্যতম প্রধান ইস্যু হিসেবে উঠে এসেছে। জ্বালানি, খাদ্যপণ্য, আবাসন ও স্বাস্থ্যসেবার বাড়তি খরচের কারণে অনেক মার্কিন নাগরিক চাপে রয়েছেন।

মুদ্রাস্ফীতিও ভোটারদের উদ্বেগের একটি বড় কারণ। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নির্ধারিত লক্ষ্যমাত্রার ওপরে রয়েছে মূল্যস্ফীতির হার। ইরানের বিরুদ্ধে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের শুরু করা যুদ্ধের প্রভাবও অর্থনীতিতে পড়েছে বলে উল্লেখ করা হয়েছে।

অর্থনীতির পাশাপাশি অভিবাসন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়েও ভোটারদের আগ্রহ রয়েছে।

ট্রাম্পের জন্য এই নির্বাচনের গুরুত্ব কী?

মধ্যবর্তী নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির, নাকি বিরোধী ডেমোক্র্যাটদের।

কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে ট্রাম্পের জন্য নিজের রাজনৈতিক পরিকল্পনা বাস্তবায়ন করা সহজ হবে। অন্যদিকে, ডেমোক্র্যাটরা সংখ্যাগরিষ্ঠতা পেলে প্রেসিডেন্টের বিভিন্ন উদ্যোগে বাধা সৃষ্টি করতে সক্ষম হবেন।

এ নির্বাচনের ফলাফল থেকে ট্রাম্পের প্রতি মার্কিন ভোটারদের সমর্থন ও অসন্তোষের মাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া যাবে।

রিপাবলিকান কারা?

রিপাবলিকান পার্টি যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই দলের নেতা। দলটির সমর্থকদের রিপাবলিকান বলা হয়।

অর্থনৈতিকভাবে দলটি সাধারণত রক্ষণশীল নীতির পক্ষে। ছোট সরকার, কম কর এবং ব্যবসাবান্ধব নীতিকে তারা গুরুত্ব দেয়। রিপাবলিকান পার্টির প্রতীকী রং লাল। দলটি ‘জিওপি’ বা গ্র্যান্ড ওল্ড পার্টি নামেও পরিচিত।

ডেমোক্র্যাট কারা?

ডেমোক্র্যাটরা ডেমোক্র্যাটিক পার্টির সমর্থক। যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে এটি রিপাবলিকানদের প্রতিদ্বন্দ্বী।

ডেমোক্র্যাটরা সাধারণত স্বাস্থ্যসেবা, শিক্ষা ও সামাজিক নিরাপত্তায় সরকারের বড় ভূমিকার পক্ষে। পাশাপাশি গর্ভপাতের অধিকার এবং দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের সহায়তার মতো সামাজিক ইস্যুতে দলটি গুরুত্ব দেয়।

ডেমোক্র্যাটিক পার্টির প্রতীকী রং নীল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%