ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তাগিদ সেতু সচিবের


এক্সপ্রেসওয়ের কাজ নির্ধারিত সময়ে শেষ করতে তাগিদ সেতু সচিবের

ঢাকা, ৩ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের নির্মাণকাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ সকল ধরনের প্রতিবন্ধকতা জরুরি ভিত্তিতে দূর করার আহ্বান জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নগরবাসীর প্রত্যাশার একটি গুরুত্বপূর্ণ মেগা প্রকল্প। প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকল সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনভোগান্তি সর্বনিম্ন পর্যায়ে থাকে।

আজ সেতু বিভাগের সম্মেলন কক্ষে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের নির্মাণকাজের প্রতিবন্ধকতা দূর করার জন্য আয়োজিত উচ্চপর্যায়ের আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটি পুনর্গঠনের নির্দেশ

সভায় প্রকল্পের রুট অ্যালাইনমেন্টে বিভিন্ন সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন অপসারণ ও স্থানান্তর, জমিসংক্রান্ত জটিলতা এবং নির্মাণকাজের অন্যান্য প্রতিবন্ধকতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় রেলওয়ের জমিতে অননুমোদিত স্থাপনার কারণে প্রকল্পের কাজ ব্যাহত হওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। কমলাপুর আইসিডি-সংলগ্ন বাংলাদেশ রেলওয়ের জমিতে অননুমোদিত ট্রাক স্ট্যান্ডের কারণে কমলাপুর আপ-র‌্যাম্পের নির্মাণকাজ বাধাগ্রস্ত হচ্ছে। এ অবস্থায় ট্রাক স্ট্যান্ডটি দ্রুত অপসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অনুরোধ রেলওয়ে কর্তৃপক্ষকে জানানো হয়।

এছাড়া আগামী ১৫ দিনের মধ্যে টিটিপাড়া থেকে কুতুবখালী পর্যন্ত সকল সেবাদানকারী সংস্থার ইউটিলিটি লাইন সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় প্রাক্কলন প্রস্তুতের সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সেবাদানকারী সংস্থার প্রতিনিধিরা, ইউটিলিটি অপসারণ ও প্রতিস্থাপনের কাজে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইসিবির প্রতিনিধি, প্রকল্প মনিটরিং টিমের আহ্বায়ক, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) এবং প্রকল্প দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: কঙ্গো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ বিমান বাহিনীর ১৩৫ সদস্যের প্রতিস্থাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল নিহত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৭ এম


মাঠে গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে তেনেরিফের স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল নিহত

স্প্যানিশ ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে। খেলার মাঠে প্রতিপক্ষের খেলোয়াড়ের সঙ্গে মারাত্মক সংঘর্ষের ফলে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তেনেরিফের ৩০ বছর বয়সী স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল। স্পেনের দ্বিতীয় বিভাগ লিগে অ্যান্ডোরা ও তেনেরিফের মধ্যকার রোমাঞ্চকর ম্যাচটি শেষ মুহূর্তে গিয়ে পরিণত হয় এক ট্র্যাজেডিতে।

ম্যাচের ফলাফল ছিল ২–২। অতিরিক্ত সময়ের ৭ মিনিটে, তেনেরিফের একটি দূরপাল্লার পাস নিয়ন্ত্রণে নিতে গিয়ে মাঝমাঠের দিকে ছুটছিলেন স্ট্রাইকার জেসুস দে মিগুয়েল। অন্যদিকে, বল বিপদমুক্ত করার জন্য পোস্ট ছেড়ে দ্রুত এগিয়ে আসেন অ্যান্ডোরার গোলকিপার জেসুস ওউনো।

বল দখলের জন্য সংঘর্ষের সময় গোলকিপার ওউনোর হাঁটু গিয়ে সরাসরি আঘাত করে মিগুয়েলের মাথা ও বুকে। মারাত্মক এই ফাউলের কারণে রেফারি গোলকিপারকে লাল কার্ড দেখান। কিন্তু মাঠে মিগুয়েল নিথর হয়ে পড়ে থাকেন।

মাঠে পাঁচ মিনিটেরও বেশি সময় ধরে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর মিগুয়েলকে অ্যাম্বুলেন্সে করে স্থানীয় নুয়েস্ত্রা সেনোরা দে ক্যানদেলারিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাওয়ার পথে মিগুয়েল 'কার্ডিয়াক অ্যারেস্ট'-এর শিকার হন। প্যারামেডিকসদের আপ্রাণ চেষ্টায় চিকিৎসাধীন অবস্থায় তার হৃদস্পন্দন ফিরিয়ে আনা সম্ভব হলেও শেষ পর্যন্ত চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় মিগুয়েল না ফেরার দেশে চলে যান।

মিগুয়েলের মৃত্যুর পর তার ক্লাব তেনেরিফ সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেগঘন পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করে। ক্লাব কর্তৃপক্ষ জানায়, 'সিডি তেনেরিফ গভীর শোকের সঙ্গে জানাচ্ছে যে আমাদের ফুটবলার জেসুস দে মিগুয়েল আলমাদা আর আমাদের মাঝে নেই। এই অপূরণীয় ক্ষতি ও শোক ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা মিগুয়েলের পরিবার ও ভক্ত-সমর্থকদের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছি।'

একই সঙ্গে মিগুয়েলের পরিবার সকলের সহানুভূতি ও প্রার্থনার জন্য ধন্যবাদ জানানোর পাশাপাশি এই কঠিন সময়ে তাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানোর আকুল আবেদন জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ এম


ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী জুথি আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাকির হোসেন এবং দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার কন্যা। তিনি স্বামী ও সন্তানসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকায় প্রবেশ করার সময় মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি আক্তার, তার স্বামী এবং সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে কণ্ঠ দিলেন এড শিরান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে কণ্ঠ দিলেন এড শিরান

বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুরোধের কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর গানে কণ্ঠ দিয়েছেন। গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে প্রকাশিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে এড শিরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এই গানের মাধ্যমে এড শিরান বলিউডে সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটালেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এড শিরান নিজের ইনস্টাগ্রামে গানটি তৈরির পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি প্রথমবার শাহরুখের সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরে জানান, তাদের প্রথম সাক্ষাতেই শাহরুখ তাকে নিজের পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে বলেছিলেন। সেই অনুরোধের ফলস্বরূপ ‘কিং’ সিনেমার গানে যুক্ত হন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গানটি রেকর্ড করার মুহূর্তগুলো তুলে ধরেছেন এড শিরান। ভিডিওতে তাকে হিন্দি অংশেও গাইতে দেখা যায়। ভিডিওর সঙ্গে ‘তু মিল যায়ে’ গানের কিছু অংশও যুক্ত করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে এড শিরান লেখেন, ‘শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বলেছিলেন, তার পরবর্তী সিনেমার জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর আমাদের পরিচয় আরো গভীর হয়েছে। আমি তাকে ভালোবাসি।’

এড শিরান আরো জানান, ভারতে তার সর্বশেষ সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়েছিলেন। তিনি শাহরুখকে নিজের ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্যও অনুরোধ করেছিলেন। প্রথম সাক্ষাতের দিনেই শাহরুখ তাকে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেদিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের নিজের অংশটি লিখে রেকর্ড করেন এড শিরান।

গানটিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এড শিরানের ভাষায়, তার পছন্দের মানুষদের একসঙ্গে একই প্রকল্পে পেয়ে তিনি ভালো লাগছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। বিশেষ একটি নাচের দৃশ্যে দেখা যাবে কারিনা কাপুরকেও।

‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর আবারও শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ‘তু মিল যায়ে’ গানটিতে রোমান্টিক আবহের পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্যও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

জীবনে শান্তি চাওয়ার আকাঙ্ক্ষা সবারই রয়েছে। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক সময় সেই শান্তিকে বিঘ্নিত করে। কিন্তু জীবনকে কিছুটা সহজ করার জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। চিন্তাভাবনা ও দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে মানসিক চাপ কমানো সম্ভব এবং স্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আজ থেকেই জীবনকে শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত রাখতে বাদ দেওয়া যেতে পারে এমন ১২টি অভ্যাস।

১. সবাইকে খুশি করার চেষ্টা

সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কারো মন রাখতে গিয়ে নিজের ইচ্ছা, সময় ও মানসিক স্বস্তিকে উপেক্ষা করা উচিত নয়। প্রয়োজন হলে ভদ্রভাবে ‘না’ বলতে শিখুন।

২. সব কথার জবাব দেওয়া

কেউ সমালোচনা করলেই বা ভুল বুঝলেই পাল্টা উত্তর দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সব তর্কে জড়ানো কিংবা নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা মানসিক চাপ বৃদ্ধি করে। কখনো নীরব থাকা ভালো সিদ্ধান্ত হতে পারে।

৩. অন্যের সঙ্গে নিজের তুলনা করা

কে কতটা সফল, কার কত টাকা, কে কেমন জীবন কাটাচ্ছেন—এসবের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা উচিত নয়। প্রত্যেকের জীবন, পরিস্থিতি এবং এগিয়ে যাওয়ার সময় আলাদা। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।

৪. অতিরিক্ত প্রত্যাশা করা

পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষের কাছ থেকে সব সময় নিজের মতো আচরণ আশা করলে হতাশ হতে পারেন। প্রত্যাশা বাস্তবসম্মত রাখা প্রয়োজন। অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নেই, তবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা যেতে পারে।

৫. অতীত নিয়ে পড়ে থাকা

আগে কী ভুল করেছেন, কে কষ্ট দিয়েছে কিংবা কোন সুযোগ হাতছাড়া হয়েছে—এসব নিয়ে বারবার ভাবলে বর্তমানও অশান্ত হয়ে ওঠে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।

৬. ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা

আগামীকাল কী হবে, কোনো কাজ সফল হবে কি না কিংবা অন্যরা কী ভাববে—এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করলে বর্তমানের সময়টুকুও উপভোগ করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, তবে আজকের কাজকে গুরুত্ব দিন।

৭. অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করা

নিজের সব পরিকল্পনা, পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত দুর্বলতা সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। কাকে কতটুকু বলবেন, তা বুঝে নিতে হবে। বিশ্বাস অর্জনে মানুষকে সময় দিন।

৮. অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়া

মানুষের পাশে দাঁড়ানো ভালো, কিন্তু সবার সমস্যা সমাধান করা আপনার দায়িত্ব নয়। নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা বুঝে সহযোগিতা করুন। অন্যের সমস্যার কারণে নিজের জীবন অগোছালো হতে দেবেন না।

৯. লোকদেখানো জীবনযাপন

অন্যকে দেখানোর জন্য দামি পোশাক, অপ্রয়োজনীয় কেনাকাটা কিংবা সামর্থ্যের বাইরে খরচ করা থেকে বিরত থাকুন। আয় অনুযায়ী ব্যয় করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখার চেষ্টা করুন।

১০. সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো

অন্যের সাজানো সুন্দর মুহূর্ত দেখে নিজের জীবনকে অসফল মনে হতে পারে। অকারণে বারবার ফোন দেখা, অন্যের জীবন নিয়ে ভাবা কিংবা নেতিবাচক মন্তব্য পড়া মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে। প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।

১১. নিজের যত্ন অবহেলা করা

ব্যস্ততার কারণে ঘুম, খাবার, বিশ্রাম ও শরীরচর্চা অবহেলা করবেন না। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিন কিছুটা হাঁটা শরীর ও মনের সুস্থতায় সহায়ক।

১২. কষ্টদায়ক সম্পর্ক আঁকড়ে ধরে রাখা

কিছু সম্পর্ক বারবার মানসিক কষ্টের কারণ হতে পারে। কাউকে ক্ষমা করা মানেই তার সব আচরণ মেনে নেওয়া নয়। প্রয়োজন হলে নিজের সীমারেখা তৈরি করুন এবং মানসিক স্বস্তির জন্য দূরত্ব বজায় রাখুন।

শান্তিতে থাকতে প্রতিদিন যা করতে পারেন

জীবনকে সহজ করতে প্রতিদিনের জন্য কয়েকটি ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া না করে দিন শুরু করুন। দিনের গুরুত্বপূর্ণ তিনটি কাজ ঠিক করুন। নিজের জন্য কিছুটা সময় রাখুন। পছন্দের গান শুনুন, বই পড়ুন কিংবা হাঁটতে বের হন। রাতে ঘুমানোর আগে সারাদিনের ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে পরের দিনের পরিকল্পনা করে রাখুন।

সহজ জীবন মানে সমস্যা বা দায়িত্ব থেকে পালিয়ে থাকা নয়। বরং কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে, কোথায় নিজের সীমা টানতে হবে এবং কোন চিন্তা ছেড়ে দিতে হবে—তা বুঝতে শেখা শান্তিপূর্ণ জীবনের অন্যতম চাবিকাঠি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%