ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত


ব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশার যাত্রী নিহত, স্বামী ও সন্তান আহত

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশার যাত্রী জুথি আক্তার (২২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী জাকির হোসেন এবং দেড় বছর বয়সী সন্তান জায়ান আহমেদ আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) বিকেলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া পীরবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জুথি আক্তার সরাইল উপজেলার চুন্টা গ্রামের মো. হুমায়ুন মিয়ার কন্যা। তিনি স্বামী ও সন্তানসহ ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা সিও অফিস এলাকায় বসবাস করতেন।

আরও পড়ুন: প্রধানমন্ত্রী যাচ্ছেন, তাই ভাঙা রাস্তায় পড়ছে নতুন পিচ!

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ময়মনসিংহ থেকে ব্রাহ্মণবাড়িয়ায় আসা টিএ পরিবহনের একটি যাত্রীবাহী বাস পীরবাড়ি এলাকায় প্রবেশ করার সময় মহাসড়কে একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশায় থাকা জুথি আক্তার, তার স্বামী এবং সন্তান আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জুথি আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে, ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসটিতে ভাঙচুর চালায়।

সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাসটিকে জব্দ করা হয়েছে। নিহত গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে কণ্ঠ দিলেন এড শিরান

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৪ এম


শাহরুখের অনুরোধে ‘কিং’ সিনেমার গানে কণ্ঠ দিলেন এড শিরান

বলিউড বাদশাহ শাহরুখ খানের অনুরোধের কারণে ব্রিটিশ সংগীতশিল্পী এড শিরান তার আসন্ন সিনেমা ‘কিং’-এর গানে কণ্ঠ দিয়েছেন। গত ২ নভেম্বর শাহরুখের ৬১তম জন্মদিনে প্রকাশিত সিনেমাটির প্রথম গান ‘তু মিল যায়ে’-তে এড শিরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচী। এই গানের মাধ্যমে এড শিরান বলিউডে সংগীতশিল্পী হিসেবে অভিষেক ঘটালেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) এড শিরান নিজের ইনস্টাগ্রামে গানটি তৈরির পেছনের গল্প শেয়ার করেছেন। তিনি প্রথমবার শাহরুখের সঙ্গে পরিচয়ের স্মৃতি তুলে ধরে জানান, তাদের প্রথম সাক্ষাতেই শাহরুখ তাকে নিজের পরবর্তী সিনেমার জন্য একটি গান তৈরি করতে বলেছিলেন। সেই অনুরোধের ফলস্বরূপ ‘কিং’ সিনেমার গানে যুক্ত হন তিনি।

ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ভিডিওতে গানটি রেকর্ড করার মুহূর্তগুলো তুলে ধরেছেন এড শিরান। ভিডিওতে তাকে হিন্দি অংশেও গাইতে দেখা যায়। ভিডিওর সঙ্গে ‘তু মিল যায়ে’ গানের কিছু অংশও যুক্ত করেছেন তিনি।

ভিডিওর ক্যাপশনে এড শিরান লেখেন, ‘শাহরুখের সঙ্গে প্রথম দেখা হওয়ার সময় তিনি বলেছিলেন, তার পরবর্তী সিনেমার জন্য আমাকে একটি গান তৈরি করতে হবে। সেটিই হবে বলিউডে আমার প্রথম গান। বছরের পর বছর আমাদের পরিচয় আরো গভীর হয়েছে। আমি তাকে ভালোবাসি।’

এড শিরান আরো জানান, ভারতে তার সর্বশেষ সফরের সময় শাহরুখের বাড়িতে গিয়েছিলেন। তিনি শাহরুখকে নিজের ‘স্যাফায়ার’ মিউজিক ভিডিওতে অতিথি চরিত্রে অভিনয়ের জন্যও অনুরোধ করেছিলেন। প্রথম সাক্ষাতের দিনেই শাহরুখ তাকে সংগীত পরিচালক জুটি শচীন-জিগরের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেদিন রাতেই ‘তু মিল যায়ে’ গানের নিজের অংশটি লিখে রেকর্ড করেন এড শিরান।

গানটিতে অরিজিৎ সিংয়ের কণ্ঠ থাকায় তিনি উচ্ছ্বাস প্রকাশ করেছেন। এড শিরানের ভাষায়, তার পছন্দের মানুষদের একসঙ্গে একই প্রকল্পে পেয়ে তিনি ভালো লাগছেন।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে জুটি বেঁধেছেন দীপিকা পাড়ুকোন। সিনেমাটি ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটিতে আরো অভিনয় করছেন সুহানা খান, অভিষেক বচ্চন, অনিল কাপুর, রানি মুখার্জি, জ্যাকি শ্রফ, আরশাদ ওয়ারসি ও অভয় ভার্মা। বিশেষ একটি নাচের দৃশ্যে দেখা যাবে কারিনা কাপুরকেও।

‘পাঠান’ ও ‘জাওয়ান’-এর পর আবারও শাহরুখ ও দীপিকাকে একসঙ্গে পর্দায় দেখা যাবে। ‘তু মিল যায়ে’ গানটিতে রোমান্টিক আবহের পাশাপাশি রয়েছে অ্যাকশন দৃশ্যও।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

জীবনে শান্তি চাওয়ার আকাঙ্ক্ষা সবারই রয়েছে। তবে প্রতিদিনের ছোট ছোট অভ্যাস, অপ্রয়োজনীয় প্রত্যাশা, মানুষের আচরণ নিয়ে অতিরিক্ত চিন্তা কিংবা ভবিষ্যতের দুশ্চিন্তা অনেক সময় সেই শান্তিকে বিঘ্নিত করে। কিন্তু জীবনকে কিছুটা সহজ করার জন্য বড় কোনো পরিবর্তনের প্রয়োজন নেই। চিন্তাভাবনা ও দৈনন্দিন অভ্যাসে সামান্য পরিবর্তন আনলে মানসিক চাপ কমানো সম্ভব এবং স্বস্তি বৃদ্ধি পেতে পারে।

আজ থেকেই জীবনকে শান্তিপূর্ণ ও ঝামেলামুক্ত রাখতে বাদ দেওয়া যেতে পারে এমন ১২টি অভ্যাস।

১. সবাইকে খুশি করার চেষ্টা

সবাইকে খুশি রাখা সম্ভব নয়। কারো মন রাখতে গিয়ে নিজের ইচ্ছা, সময় ও মানসিক স্বস্তিকে উপেক্ষা করা উচিত নয়। প্রয়োজন হলে ভদ্রভাবে ‘না’ বলতে শিখুন।

২. সব কথার জবাব দেওয়া

কেউ সমালোচনা করলেই বা ভুল বুঝলেই পাল্টা উত্তর দিতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। সব তর্কে জড়ানো কিংবা নিজেকে বারবার প্রমাণ করার চেষ্টা মানসিক চাপ বৃদ্ধি করে। কখনো নীরব থাকা ভালো সিদ্ধান্ত হতে পারে।

৩. অন্যের সঙ্গে নিজের তুলনা করা

কে কতটা সফল, কার কত টাকা, কে কেমন জীবন কাটাচ্ছেন—এসবের সঙ্গে নিজের জীবনকে তুলনা করা উচিত নয়। প্রত্যেকের জীবন, পরিস্থিতি এবং এগিয়ে যাওয়ার সময় আলাদা। নিজের উন্নতির দিকে মনোযোগ দিন।

৪. অতিরিক্ত প্রত্যাশা করা

পরিবার, বন্ধু কিংবা কাছের মানুষের কাছ থেকে সব সময় নিজের মতো আচরণ আশা করলে হতাশ হতে পারেন। প্রত্যাশা বাস্তবসম্মত রাখা প্রয়োজন। অন্যের আচরণ আপনার নিয়ন্ত্রণে নেই, তবে নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণের চেষ্টা করা যেতে পারে।

৫. অতীত নিয়ে পড়ে থাকা

আগে কী ভুল করেছেন, কে কষ্ট দিয়েছে কিংবা কোন সুযোগ হাতছাড়া হয়েছে—এসব নিয়ে বারবার ভাবলে বর্তমানও অশান্ত হয়ে ওঠে। ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত, প্রয়োজনে ক্ষমা চাইতে হবে এবং সামনে এগিয়ে যেতে হবে।

৬. ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা

আগামীকাল কী হবে, কোনো কাজ সফল হবে কি না কিংবা অন্যরা কী ভাববে—এসব নিয়ে অতিরিক্ত চিন্তা করলে বর্তমানের সময়টুকুও উপভোগ করা কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন, তবে আজকের কাজকে গুরুত্ব দিন।

৭. অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য সবার সঙ্গে ভাগ করা

নিজের সব পরিকল্পনা, পারিবারিক সমস্যা কিংবা ব্যক্তিগত দুর্বলতা সবার কাছে প্রকাশ করার প্রয়োজন নেই। কাকে কতটুকু বলবেন, তা বুঝে নিতে হবে। বিশ্বাস অর্জনে মানুষকে সময় দিন।

৮. অন্যের সমস্যা নিজের কাঁধে নেওয়া

মানুষের পাশে দাঁড়ানো ভালো, কিন্তু সবার সমস্যা সমাধান করা আপনার দায়িত্ব নয়। নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতা বুঝে সহযোগিতা করুন। অন্যের সমস্যার কারণে নিজের জীবন অগোছালো হতে দেবেন না।

৯. লোকদেখানো জীবনযাপন

অন্যকে দেখানোর জন্য দামি পোশাক, অপ্রয়োজনীয় কেনাকাটা কিংবা সামর্থ্যের বাইরে খরচ করা থেকে বিরত থাকুন। আয় অনুযায়ী ব্যয় করুন এবং ভবিষ্যতের জন্য কিছু সঞ্চয় রাখার চেষ্টা করুন।

১০. সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো

অন্যের সাজানো সুন্দর মুহূর্ত দেখে নিজের জীবনকে অসফল মনে হতে পারে। অকারণে বারবার ফোন দেখা, অন্যের জীবন নিয়ে ভাবা কিংবা নেতিবাচক মন্তব্য পড়া মানসিক অস্থিরতা বৃদ্ধি করতে পারে। প্রয়োজন অনুযায়ী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করুন।

১১. নিজের যত্ন অবহেলা করা

ব্যস্ততার কারণে ঘুম, খাবার, বিশ্রাম ও শরীরচর্চা অবহেলা করবেন না। নিয়মিত ঘুম, পুষ্টিকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং প্রতিদিন কিছুটা হাঁটা শরীর ও মনের সুস্থতায় সহায়ক।

১২. কষ্টদায়ক সম্পর্ক আঁকড়ে ধরে রাখা

কিছু সম্পর্ক বারবার মানসিক কষ্টের কারণ হতে পারে। কাউকে ক্ষমা করা মানেই তার সব আচরণ মেনে নেওয়া নয়। প্রয়োজন হলে নিজের সীমারেখা তৈরি করুন এবং মানসিক স্বস্তির জন্য দূরত্ব বজায় রাখুন।

শান্তিতে থাকতে প্রতিদিন যা করতে পারেন

জীবনকে সহজ করতে প্রতিদিনের জন্য কয়েকটি ছোট অভ্যাস গড়ে তুলুন। সকালে ঘুম থেকে উঠে তাড়াহুড়া না করে দিন শুরু করুন। দিনের গুরুত্বপূর্ণ তিনটি কাজ ঠিক করুন। নিজের জন্য কিছুটা সময় রাখুন। পছন্দের গান শুনুন, বই পড়ুন কিংবা হাঁটতে বের হন। রাতে ঘুমানোর আগে সারাদিনের ভুল নিয়ে অতিরিক্ত চিন্তা না করে পরের দিনের পরিকল্পনা করে রাখুন।

সহজ জীবন মানে সমস্যা বা দায়িত্ব থেকে পালিয়ে থাকা নয়। বরং কোন বিষয়কে গুরুত্ব দিতে হবে, কোথায় নিজের সীমা টানতে হবে এবং কোন চিন্তা ছেড়ে দিতে হবে—তা বুঝতে শেখা শান্তিপূর্ণ জীবনের অন্যতম চাবিকাঠি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাদার স্মরণে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ, ফিনিশ লাইনের ২ মাইল দূরে ২৪ বছর বয়সী র‍্যাচেল অ্যাপার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৫ এম


দাদার স্মরণে প্রথম ম্যারাথনে অংশগ্রহণ, ফিনিশ লাইনের ২ মাইল দূরে ২৪ বছর বয়সী র‍্যাচেল অ্যাপার মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে ফিনিশ লাইনের মাত্র দুই মাইল দূরে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ম্যারাথন অ্যাথলেট র‍্যাচেল অ্যাপা। ২৪ বছর বয়সী সাবেক কলেজ অ্যাথলেটকে সেন্ট্রাল পার্কের কাছ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। জীবনের প্রথম এই ম্যারাথনে অংশগ্রহণের উদ্দেশ্য ছিল ২০২৩ সালে মারা যাওয়া দাদার স্মরণে এবং পারকিনসন্স রোগের গবেষণার জন্য অর্থ সংগ্রহ করা।

এই তরুণীর আকস্মিক মৃত্যুতে পরিবার ও ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে, যিনি সম্পূর্ণ সুস্থ ও চমৎকার শারীরিক গঠনের অধিকারী ছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, গত রবিবার ম্যানহাটনের সেন্ট্রাল পার্কে রেসের শেষ প্রান্তে এসে স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান র‍্যাচেল।

দৌড়ানোর সময় র‍্যাচেল যখন রাস্তায় পড়ে যান, তখন রেস দেখতে আসা মিশেলা নিকোলাস নামের এক হাসপাতাল সোশ্যাল ওয়ার্কার দ্রুত তাঁর সাহায্যে এগিয়ে আসেন।

মিশেলা জানান, তিনি র‍্যাচেলের স্পন্দন পাচ্ছিলেন না। এরপর সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে থেকে দুজন চিকিৎসক দ্রুত এগিয়ে আসেন এবং অ্যাম্বুলেন্স আসার আগ পর্যন্ত পালাক্রমে র‍্যাচেলকে সিপিআর দিতে থাকেন।

কিছুক্ষণ পর ম্যারাথনের নিজস্ব মেডিকেল টিম ডিফিব্রিলেটর নিয়ে পৌঁছায় এবং দ্রুত মাউন্ট সিনাই মেডিকেল সেন্টারে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা টানা ছয় ঘণ্টা লড়াই করার পর রাত ৯টা ৪০ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।

র‍্যাচেলের বাবা স্টিভ অ্যাপা দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, চিকিৎসকদের মতে র‍্যাচেলের মৃত্যুর কারণ ছিল ‘র‍্যাবডোমায়োলাইসিস’। এটি একটি বিরল ও মারাত্মক শারীরিক অবস্থা, যেখানে অতিরিক্ত পরিশ্রমের কারণে মাংসপেশি দ্রুত ভেঙে রক্তে ক্ষতিকর উপাদান ছড়িয়ে দেয়।

কান্নাজড়িত কণ্ঠে স্টিভ অ্যাপা বলেন, ‘এটি ভাবাই যায় না। মাত্র ২৪ বছর বয়স, সম্পূর্ণ সুস্থ শরীর এবং নিখুঁত ফিটনেস ছিল ওর।’

পেনসিলভেনিয়ার বাসিন্দা র‍্যাচেল বাকনেল ইউনিভার্সিটির একজন সাবেক ডিভিশন-১ ফিল্ড হকি খেলোয়াড় ছিলেন। এটি ছিল তাঁর জীবনের প্রথম ম্যারাথন। ২০২২ সালে পার্কিনসন্স রোগে মারা যাওয়া তাঁর প্রিয় দাদার স্মরণে তহবিল সংগ্রহের উদ্দেশ্যে তিনি এই রেসে অংশ নিয়েছিলেন।

মৃত্যুর আগে রেসের ২৪ নম্বর মাইলে পৌঁছানোর পর তিনি তাঁর বাবাকে শেষ টেক্সট মেসেজ পাঠিয়েছিলেন, যেখানে লেখা ছিল— ‘ফাইনাল স্ট্রেচ’ (শেষ মুহূর্ত)। কিন্তু সেই ফিনিশ লাইন আর স্পর্শ করা হলো না র‍্যাচেলের। এই মর্মান্তিক ঘটনায় গভীর সমবেদনা জানিয়েছে রেস আয়োজক সংস্থা নিউ ইয়র্ক রোড রানার্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার...’ মন্তব্য রাধিকা আপ্তের

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

০২:১৬ এম


‘নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার...’ মন্তব্য রাধিকা আপ্তের

বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে দক্ষিণী সিনেমায় কাজের অভিজ্ঞতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি তিনি ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন, তেলুগু সিনেমায় তার চরিত্রকে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল। এই প্রসঙ্গে তিনি আরও জানান, নিজের চেয়ে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করা তার জন্য ছিল অস্বস্তিকর। অভিনেত্রীর এই মন্তব্য নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সাক্ষাৎকারে রাধিকা বলেন, ‘একটি তেলুগু ছবিতে অভিনয় করেছিলাম। সেখানে নিজের মামাকে বিয়ে করতে হয়েছিল আমার চরিত্রটিকে। ছবিটিতে অভিনয় করা আমার কাছে ভীষণ কঠিন ছিল। ওই ছবির কোনো কিছুই আমার ভালো লাগেনি।’

অনুষ্ঠানে অভিনেত্রী কীর্তি সুরেশও উপস্থিত ছিলেন। তিনি জানান, তামিল-তেলুগু সংস্কৃতিতে মামাকে বিয়ে করার একটি রীতি রয়েছে। এ সময় রাধিকা ছবির আরো কিছু বিষয় নিয়ে আপত্তি প্রকাশ করেন। তার ভাষায়, ‘আমাকে নিজের থেকে অনেক বেশি বয়সী এক অভিনেতার সঙ্গে প্রেমের দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। গোটা বিষয়টির মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা কাজ করছিল। সেই পরিবেশে কাজ করাই ছিল আমার কাছে সবচেয়ে কঠিন।’

রাধিকা সিনেমাটির নাম প্রকাশ না করলেও নেটিজেনদের ধারণা, তিনি ২০১৪ সালে মুক্তি পাওয়া ‘লেজেন্ড’ ছবির কথা বলছেন। এই ছবিতে তার বিপরীতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। তাদের বয়সের ব্যবধানও ছিল উল্লেখযোগ্য।

নন্দমুরি বালকৃষ্ণের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাধিকার বক্তব্য ভালোভাবে নেননি তার কিছু ভক্ত। সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি মন্তব্য শুরু হয়েছে। এক ভক্ত লিখেছেন, ‘যে ছবিটির কথা বলা হচ্ছে, সেটি ২০১৪ সালের ‘লেজেন্ড’। ছবিতে অভিনয় করেছিলেন নন্দমুরি বালাকৃষ্ণ। তবে চিত্রনাট্য বা নায়কের বয়স নিয়ে সমস্যা থাকলে ছবিটি করার আগেই তা বলা উচিত ছিল।’

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো জবাব দেননি রাধিকা আপ্তে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%