০৬:৪৩ পি.এম
তামিলনাড়ুর সাবেক খাদ্য ও সমবায়মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি টাকার বিনিময়ে চাকরি প্রদান করেছেন। ৬৩৪ কোটি রুপি, যা বাংলাদেশি টাকায় প্রায় ৮৩২ কোটি টাকার সমান, এই দুর্নীতির তদন্তে দক্ষিণী টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শাবানা সাজাহানের নাম উঠে এসেছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে অভিনেত্রী নিজেকে এই অভিযোগ থেকে মুক্ত দাবি করেছেন এবং বলেন, এটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর। সম্প্রতি তিনি একটি বিবৃতিতে তার ক্ষোভ প্রকাশ করেছেন।
বিবৃতিতে শাবানা উল্লেখ করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের কিছু পেজ তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ও আপত্তিকর ক্যাপশন ছড়াচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি বলেন, তার ছবি ব্যবহার করে কুরুচিপূর্ণ ট্রোল করা হচ্ছে। এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করে অভিনেত্রী বলেন, ‘আমাকে নিয়ে তৈরি কুরুচিপূর্ণ ও অপমানজনক কনটেন্টগুলো অত্যন্ত আপত্তিকর। এ ধরনের যৌন ইঙ্গিতপূর্ণ পোস্টের মাধ্যমে আমার ওপর ব্যক্তিগত আক্রমণ করা হচ্ছে।’
অপপ্রচারকারীদের উদ্দেশ্যে শাবানা আরও বলেন, ‘অভিযোগগুলো পরবর্তীতে মিথ্যা প্রমাণিত হলে যারা এখন অপপ্রচার চালাচ্ছে তারা কি একইভাবে সত্য তুলে ধরার চেষ্টা করবে? আমার মর্যাদা অন্য কারও মতামতের ওপর নির্ভর করে না। সম্মান দেওয়ার বা কেড়ে নেওয়ার অধিকার কারও নেই। আমার পরিবার সত্যটা জানে।’
আরও পড়ুন: ‘প্রেম প্রকাশ্যে আনতে চাই না’—কেয়া পায়েল
ডিরেক্টরেট অব ভিজিল্যান্স অ্যান্ড অ্যান্টি-করাপশন (ডিভিএসি) তামিলনাড়ুর সাবেক মন্ত্রী কে এন নেহরুর বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত করছে। মামলায় প্রায় ৮৩২ কোটি ৭৭ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। মাদ্রাজ হাইকোর্টের নির্দেশে সম্প্রতি এ ঘটনায় প্রায় ২৫টি স্থানে তল্লাশি অভিযানও পরিচালিত হয়েছে।
এই দুর্নীতি কাণ্ডে শুধু শাবানা নন, এর আগে দক্ষিণী টেলিভিশনের আরেক জনপ্রিয় অভিনেত্রী জননী অশোককুমারের নামও আলোচনায় এসেছে। তিনিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দুর্নীতির অভিযোগের সঙ্গে নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছিলেন।
শাবানা সাজাহান কেরালায় জন্মগ্রহণ করেন এবং তামিল টেলিভিশন ধারাবাহিক ‘সেম্বারুথি’-তে পার্বতী চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়া ‘মি. মানাইভি’ ও ‘পুলিশ পুলিশ’-এর মতো ধারাবাহিকেও তিনি অভিনয় করেছেন। বর্তমানে তিনি তামিল অভিনেতা আরিয়ানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ।
আরও পড়ুন: মাইক টাইসনের ধর্ষণ মামলা নিয়ে নেটফ্লিক্সের প্রামাণ্যচিত্রে বিতর্ক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন