ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন


মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ হারালে ট্রাম্প ‘মিস্টার ভেটো’ হয়ে উঠবেন

যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি ডেমোক্র্যাটদের হাতে চলে যায়, তাহলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘মিস্টার ভেটো’ হিসেবে পরিচিতি লাভ করবেন বলে তিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প উল্লেখ করেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটরা নিলে, তারা যে আইন প্রস্তাব পাঠাবে, সেগুলোর ওপর প্রথমে ভেটো প্রয়োগ করবেন। এরপর তিনি সমঝোতার ভিত্তিতে আলোচনা শুরু করবেন।

ট্রাম্প বলেন, “এটা প্রথমবার হবে না। এমন পরিস্থিতি আগেও দেখা গেছে। তখন প্রেসিডেন্ট থাকবেন, কিন্তু প্রতিনিধি পরিষদ কিংবা সিনেট কোনোটিই তার দলের নিয়ন্ত্রণে থাকবে না। তারা একের পর এক আইন প্রস্তাব পাঠাবে, আর আপনি সেগুলোতে ভেটো দেবেন। এভাবে এক-দুই মাস সব প্রস্তাবে ভেটো দেওয়ার পর শেষ পর্যন্ত তারা আলোচনায় আসবে এবং একটি সমঝোতায় পৌঁছাবে।”

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয়-পরাজয়ের ৭ জরুরি প্রশ্নের উত্তর

তবে মধ্যবর্তী নির্বাচনে নিজের দল রিপাবলিকান পার্টির জয়লাভের বিষয়ে ট্রাম্প এখনো আশাবাদী। তিনি জানান, “আশা করি, আমাদের এমন পরিস্থিতি নিয়ে চিন্তা করতে হবে না।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাইফুল হকের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


সাইফুল হকের শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণের দাবি

পোশাক শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি নির্ধারণের দাবি জানিয়ে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, শ্রমিকদের ওপর দমন-পীড়ন বন্ধ করা উচিত। তিনি উল্লেখ করেছেন, শ্রমিকদের ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

ঢাকাসহ দেশের বিভিন্ন শিল্পাঞ্চলে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশ ও বিজিবির হামলা, লাঠিপেটা ও নির্যাতনের বিরুদ্ধে সোমবার (২ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সাইফুল হক এসব কথা বলেন।

বিবৃতিতে তিনি আরও বলেন, শ্রমিকদের বেঁচে থাকার ন্যায্য দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলনকে কোনো কুচক্রী মহলের ষড়যন্ত্র হিসেবে দেখানোর চেষ্টা গ্রহণযোগ্য নয়। শ্রমিকদের বাঁচার দাবিকে ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে তাদের আন্দোলনের ন্যায্যতা নষ্ট করা যাবে না। তবে, এই আন্দোলন যাতে কোনো অপশক্তি নিজেদের স্বার্থে ব্যবহার করতে না পারে, সে বিষয়েও শ্রমিকদের সতর্ক থাকতে হবে।

সাইফুল হক জানান, পোশাক খাতের জন্য সম্প্রতি ন্যূনতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এ বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা চলছে। এ অবস্থায় সংকট সমাধানে শ্রমিকদের শান্ত, সংযত ও ধৈর্যশীল থাকতে হবে। অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ রাখা সংকট সমাধানের পথ হতে পারে না। বরং, সরকার, মালিকপক্ষ ও শ্রমিকদের মধ্যে পারস্পরিক আস্থা ও বিশ্বাস তৈরি করা এখন সবচেয়ে জরুরি।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে সাইফুল হক বলেন, কালক্ষেপণ না করে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বাস্তবসম্মত আলোচনা করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের বেঁচে থাকার উপযোগী ন্যায্য ন্যূনতম মজুরি দ্রুত নির্ধারণ করতে হবে।

শ্রমিকদের ওপর হামলা, মামলা ও হয়রানি বন্ধ করারও আহ্বান জানান সাইফুল হক। তিনি মনে করেন, দমন-পীড়নের পরিবর্তে আলোচনা ও পারস্পরিক আস্থার ভিত্তিতে এ সংকটের সমাধান করা প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক, চোর, ডাকাত ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে ওসি আদিল হোসেন, তার কার্যক্রমে সন্তুষ্ট বাকেরগঞ্জবাসী

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:০৯ পি.এম


মাদক, চোর, ডাকাত ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্সে ওসি আদিল হোসেন, তার কার্যক্রমে  সন্তুষ্ট বাকেরগঞ্জবাসী

বরিশালের বাকেরগঞ্জ থানায় ওসি হিসেবে আদিল হোসেন যোগদানের পর থেকে বদলে যেতে শুরু করেছে থানার চিত্র। মাদক, চোর-ডাকাত, সন্ত্রাস ও ধর্ষণের বিরুদ্ধে একের পর এক সফল অভিযান পরিচালনা করায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা গেছে, ওসি আদিল হোসেন দায়িত্ব নেওয়ার পর থানায় কোনো প্রকার দালালি, তদবির ও মামলা বাণিজ্য বন্ধ করে দিয়েছেন। ভুক্তভোগীরা সরাসরি থানায় গিয়ে সেবা পাচ্ছেন। ফলে দালালমুক্ত হয়েছে বাকেরগঞ্জ থানা।
অথচ একটি সুবিধাবাদী চক্র এই পরিবর্তন মেনে নিতে পারছে না। অভিযোগ রয়েছে, ফেসবুকে যে অপপ্রচার চালাচ্ছে কিছু নামধারী সাংবাদিকরা, তারা ফেসবুক ও নামসর্বস্ব অনলাইনের মাধ্যমে ওসির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালাচ্ছে। থানায় অনৈতিক সুবিধা না পেয়ে এবং দালালি করতে না পেরে ওই চক্রটি এখন বিভিন্ন ফেসবুক পেজ, ফেসবুক আইডি ও অনলাইন চ্যানেলে ভিত্তিহীন ও মনগড়া তথ্য দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
এদিকে বাকেরগঞ্জের সাধারণ মানুষ বলছে ভিন্ন কথা। বাকেরগঞ্জ বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন ইউনিয়নের বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর বাকেরগঞ্জ থানায় শান্তি ফিরেছে। বাকেরগঞ্জকে চোর, ডাকাত, ধর্ষণ, সন্ত্রাস ও মাদকমুক্ত করতে ওসি আদিল হোসেন নিয়মিত অভিযান পরিচালনা করছেন।
এ কারণে মাদক ও সন্ত্রাসমুক্ত বাকেরগঞ্জ গড়তে ওসি আদিল হোসেনকেই প্রয়োজন মনে করছে বাকেরগঞ্জবাসী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১০ পি.এম


বুটেক্সের আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিএমডিএম

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) অনুষ্ঠিত আন্ত:বিভাগীয় ফুটবল টুর্নামেন্ট ‘ফুটবল ফিয়েস্তা ৩.০’-এর শিরোপা জিতেছে টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্স (টিএমডিএম) বিভাগ।

ফাইনালটি সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে অনুষ্ঠিত হয়। সেখানে এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (ইএসই) বিভাগকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে তারা চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ে দুই দলের খেলা ১-১ গোলে ড্র হওয়ায় ফল নির্ধারণে টাইব্রেকারের প্রয়োজন হয়। এই ম্যাচে রানার্সআপ হিসেবে ইএসই বিভাগকে চিহ্নিত করা হয়।

দুপুর ২টায় শুরু হওয়া ফাইনাল ম্যাচে শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াই দেখা যায়। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করায় ম্যাচের ফলাফল অমীমাংসিত থাকে। পরে টাইব্রেকারে ৩-১ গোলে জয় নিশ্চিত করে টিএমডিএম। এই জয়ের মাধ্যমে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় বিভাগটি।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। খেলার শুরুতে দেওয়া বক্তব্যে তিনি টুর্নামেন্ট আয়োজনের সঙ্গে যুক্ত বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যদের পরিশ্রমের প্রশংসা করেন। পরিকল্পনা প্রণয়ন, প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ, জার্সি বিতরণ এবং প্রতিটি ম্যাচ সুষ্ঠুভাবে আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান। ফাইনালে ওঠা দুই দলকে অভিনন্দন জানানোর পাশাপাশি টুর্নামেন্টে অংশ নেওয়া অন্যান্য দলগুলোকেও সাধুবাদ জানান তিনি।

উপাচার্য তার বক্তব্যে খেলাধুলায় জয়-পরাজয়ের চেয়ে ক্রীড়াসুলভ মনোভাব, পারস্পরিক সৌহার্দ্য ও শৃঙ্খলাকে বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি খেলাধুলার মাঠে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা যেন না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন। এসময় রেফারিদের উভয় দলের প্রতি নিরপেক্ষ থেকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি। দর্শকদের মাঠের সীমানার বাইরে থেকে খেলা উপভোগ করতে বলেন, যাতে খেলা সুষ্ঠুভাবে পরিচালনায় কোনো বিঘ্ন না ঘটে। টুর্নামেন্ট আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সরদের প্রতিও বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, ২০২৭ সালের জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ে ‘স্পোর্টস অ্যান্ড কালচারাল ক্যালেন্ডার’ চালুর পরিকল্পনা রয়েছে। এ ক্যালেন্ডারে বছরজুড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্রীড়া, সাংস্কৃতিক ও সহশিক্ষা কার্যক্রমের সময়সূচি অন্তর্ভুক্ত থাকবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা আগে থেকেই বিভিন্ন আয়োজনে অংশগ্রহণের প্রস্তুতি নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা, প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান, টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবিব, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. উম্মুল খায়ের ফাতেমা, আইটিইটি'র সহকারী ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন রাতুল এবং হিউ-টেক বিডির পক্ষে ৪৩তম ব্যাচের শিক্ষার্থী মেহেদী হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক স্পোর্টস ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন টিএমডিএম বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী জাহিদুল ইসলাম শিহাব। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন একই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. নূজহাত ইসলাম নির্জন। এছাড়া সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন ইএসই বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী রোমিনুর রহমান তালুকদার এবং সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছেন একই বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী মো. রিয়াজুল ইসলাম লিখন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পঞ্চগড়ে নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাতের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২ই নভেম্বর, ২০২৬ ইং

১০:১১ পি.এম


পঞ্চগড়ে নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাতের মৃত্যুদণ্ড

পঞ্চগড়ে এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে রিফাত বিন সাজ্জাদ (২২) নামের যুবককে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ হোসাইন মোহাম্মদ ফজলুল বারী এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত রিফাত বিন সাজ্জাদের বাড়ি পঞ্চগড়ের বোদা উপজেলার মাঝগ্রাম এলাকায় অবস্থিত।

মামলার এজাহার থেকে জানা যায়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি দিনাজপুর রেলস্টেশন থেকে একতা এক্সপ্রেস ট্রেনে পঞ্চগড়ের উদ্দেশে রওনা দেন রিফাত বিন সাজ্জাদ। পথে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে এক অজ্ঞাতনামা নারীর সঙ্গে তার পরিচয় ঘটে। ওই নারীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন রিফাত। পরে ওই নারী তার সঙ্গে পঞ্চগড়ের উদ্দেশে ট্রেনে যাত্রা করেন। রাত ৯টার দিকে ট্রেনটি পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার কিসমত স্টেশনে পৌঁছালে দুজনই নেমে যান। এরপর রিফাত ওই নারীকে নিয়ে কিসমত স্টেশনের পশ্চিম পাশে শাপলা কিন্ডারগার্টেনের দরজাবিহীন একটি কক্ষে নিয়ে রাত ৯টা ৪৫ মিনিটে একাধিকবার ধর্ষণ করেন।

পরে রাত ১১টা ৫৫ মিনিটের দিকে কিসমত রেলস্টেশনের উত্তর-পূর্ব কোণে হবিবর রহমানের চাটাই বেড়ার টিনের ঘরের পেছনে আলমের সুপারি বাগানে নিয়ে ওই নারীকে আবারও একাধিকবার ধর্ষণ করেন রিফাত। এ সময় টাকা লেনদেন নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই নারী রিফাতের কাছে মোটা অঙ্কের টাকা ও তার হাতে থাকা মোবাইল ফোন দাবি করেন। রিফাত তা দিতে অস্বীকৃতি জানালে ওই নারী তাকে এবং তার মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এতে ক্ষুব্ধ হয়ে রিফাত ওই নারীর ওড়না দিয়ে তার দুই হাত পেছনে বেঁধে সুপারি গাছের সঙ্গে আটকে রাখেন। পরে পাশ থেকে ইট নিয়ে তার মাথায় একাধিকবার আঘাত করেন। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু ঘটে। এরপর মরদেহ টেনেহিঁচড়ে রেললাইনে রেখে পালিয়ে যান রিফাত।

পরদিন ১৪ জানুয়ারি সকাল সাড়ে ৬টার দিকে দিনাজপুর থেকে পঞ্চগড়গামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ওই নারীর মরদেহের বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে যায়। সকাল ৯৯৯-এ ফোন পেয়ে আটোয়ারী থানা-পুলিশ মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করে। এ ঘটনায় দিনাজপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়। পরে আটোয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) আরশাদুল বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। পরে একটি ইজিবাইক চুরির ঘটনায় সাজ্জাদ আটক হলে তার মোবাইল ফোনের গ্যালারিতে থাকা ছবি ও ভিডিওর সূত্র ধরে ওই নারীকে হত্যার ঘটনায় তার সংশ্লিষ্টতা উদ্‌ঘাটন করে পুলিশ।

মামলার বিচারিক কার্যক্রম শেষে সোমবার দুপুরে আদালত রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খলিলুর রহমান জানান, আসামিপক্ষের কোনো আইনজীবী না থাকায় রাষ্ট্রপক্ষ থেকে রিফাতের পক্ষে আইনজীবী নিয়োগ দেওয়া হয়। ওই আইনজীবী বিচারিক কার্যক্রমে আসামির পক্ষে অংশ নেন। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য এবং তথ্য-প্রমাণের ভিত্তিতে আদালত রিফাত বিন সাজ্জাদকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%