ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া


ইরানে হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল রাশিয়া

রাশিয়া যুক্তরাষ্ট্রকে ইরানে নতুন করে হামলার বিষয়ে সতর্ক করেছে। মস্কো নতুন হামলার সম্ভাবনাকে অত্যন্ত উদ্বেগজনক বলে অভিহিত করেছে।

সোমবার (২ নভেম্বর) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা জানান, হরমুজ প্রণালিতে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হওয়ার আশা করছে মস্কো।

জাখারোভা মন্তব্য করেন, ‘সাম্প্রতিক মাসগুলোর মর্মান্তিক অভিজ্ঞতা প্রমাণ করেছে, ইরানে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালানো সামরিক অভিযান দেশটির জনগণের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষার সংকল্প ভাঙতে ব্যর্থ। যারা আজ নতুন করে হামলার হুমকি দিচ্ছেন, তাদের বিষয়টি বিবেচনায় নেওয়া উচিত।’

আরও পড়ুন: নাইজেরিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহত ৫ পুলিশ সদস্য

তিনি আরও বলেন, কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করা এবং শান্তি প্রক্রিয়ায় মধ্যস্থতাকারীদের সহযোগিতা করা অত্যন্ত জরুরি।

জাখারোভা বলেন, পারস্পরিকভাবে গ্রহণযোগ্য সমাধান খুঁজে বের করা এবং পরবর্তী সময়ে তা বাস্তবায়নে অবদান রাখতে প্রস্তুত রয়েছে মস্কো।

তিনি আরও বলেন, ‘আমরা আশা করি, হরমুজ প্রণালিতে দ্রুত স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। এ ক্ষেত্রে প্রণালিসংলগ্ন দেশগুলোর বৈধ স্বার্থ এবং বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথটি নির্বিঘ্ন ও নিরাপদে ব্যবহারে আগ্রহী দেশগুলোর স্বার্থ বিবেচনায় নিতে হবে।’

জাখারোভা উল্লেখ করেন, ‘এ বিষয়টি ইরানের ক্ষেত্রেও পুরোপুরি প্রযোজ্য। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধের মুখে রয়েছে।’ সূত্র: আল জাজিরা

আরও পড়ুন: উত্তরাখণ্ডের হিমালয়ে ভারী তুষারপাতে নিখোঁজ ৮ ট্রেকার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
সরকারবিরোধী বিক্ষোভে অংশগ্রহণ

বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা, ইমরান খানকে ক্ষমা প্রার্থনার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


বোম্বে হাইকোর্টের ভর্ৎসনা, ইমরান খানকে ক্ষমা প্রার্থনার নির্দেশ

ভারতের মুম্বাইয়ে একটি রাজনৈতিক প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার অভিযোগে বিদেশি নাগরিকত্ব এবং ওভারসিজ সিটিজেন অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড সংক্রান্ত নিয়ম ভঙ্গের কারণে অভিনেতা ইমরান খানকে বোম্বে হাইকোর্টের পক্ষ থেকে তীব্র ভর্ৎসনা করা হয়েছে। আদালত স্পষ্টভাবে উল্লেখ করেছে যে, ওসিসি কার্ডধারীরা ভারতে বসবাসের সময় কোনো রাজনৈতিক প্রতিবাদ বা বিক্ষোভে অংশ নিতে পারবেন না।

মুম্বাইয়ে গত মাসে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র একটি প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়ার পর ইমরান খানকে দেশ ছাড়ার নোটিশ প্রদান করে কর্তৃপক্ষ। এই নোটিশের বিরুদ্ধে তিনি হাইকোর্টে আবেদন করেন।

সোমবার (০২ নভেম্বর) অনুষ্ঠিত পরবর্তী শুনানিতে আদালত তার অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ ০৭ ডিসেম্বর পর্যন্ত বাড়ালেও, এই ঘটনায় তাকে নিঃশর্ত ক্ষমা প্রার্থনার নির্দেশ দেওয়া হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে, শুধুমাত্র একটি সাধারণ হলফনামা জমা দিলেই চলবে না, তাকে পরিষ্কারভাবে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।

শুনানির সময় আদালত মন্তব্য করে বলেন, ‘কোনো ভারতীয় নাগরিক যদি বিদেশে গিয়ে এ ধরনের কাজ করতেন, তবে তাকে পরের ফ্লাইটে সোজা ভারতে ফেরত পাঠিয়ে দেওয়া হতো।’

আদালত আরও উল্লেখ করে, ‘আপনি এত বছর ধরে ভারতে বসবাস করছেন, অথচ এতদিন কখনো কোনো প্রতিবাদে অংশ নেননি। এত দিন এখানে থাকার পর হঠাৎ এখন কেন একটি বিক্ষোভে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলেন?’

বিচারপতিরা বলেন, ‘যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে গিয়ে প্রতিবাদ করুন, এমনকি সেখানে গিয়ে ভোটও দিতে পারেন; কিন্তু আমাদের এখানে আপনাদের কোনো বিক্ষোভ সহ্য করা হবে না।’

তবে এর পাশাপাশি ‘বসুধৈব কুটুম্বকম’ (বিশ্ব একটি পরিবার) নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে আদালত আশা প্রকাশ করেন যে, একসময় সবাই উদারতা দেখিয়ে এই মানুষটিকে ভারতেই থাকার সুযোগ দেবেন।

মামলার শুনানিতে ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও)-এর পক্ষ থেকে উপস্থিত সলিসিটর জেনারেল যুক্তি দেন যে, ইমরান খান একজন মার্কিন নাগরিক এবং তিনি ভারতের ওসিসি কার্ডধারী হওয়ায় তার অধিকার ও সুযোগ-সুবিধা একজন পূর্ণ ভারতীয় নাগরিকের চেয়ে সীমিত।

তিনি জানান, ইমরান খান জনসাধারণের ওপর যথেষ্ট প্রভাব রাখেন এবং ইনস্টাগ্রামে তিনি বেশ জনপ্রিয়। বিক্ষোভের উদ্দেশ্য ও লক্ষ্য জানার পর তিনি তাতে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, অভিনেতা ইমরান খান আদালতকে জানান যে, গত দুই বছর আমেরিকায় কাটানো বাদে তার পুরো জীবনটাই ভারতে কেটেছে। ভারতই তার আসল ঠিকানা। তার সন্তান, পেশাগত ও ব্যক্তিগত জীবন—সবকিছুই ভারতে অবস্থিত এবং তার শিকড় এই দেশেই গাঁথা।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত সিজেপি-র প্রতিবাদে অংশ নেওয়ার পর মুম্বাইয়ে আটক হন বলিউড অভিনেতা ইমরান খান। মার্কিন নাগরিক এবং ওসিসি কার্ডধারী হওয়ায় পরবর্তীতে তাকে গত ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিশ দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপে নগর পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ ও অংশীদারত্ব বৃদ্ধির তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপে নগর পানি ব্যবস্থাপনায় বিনিয়োগ ও অংশীদারত্ব বৃদ্ধির তাগিদ

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করার পাশাপাশি টেকসই নগর পানি ও স্যানিটেশন সেবা নিশ্চিত করতে বিনিয়োগ, প্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেছেন সংশ্লিষ্ট খাতের প্রতিনিধিরা। বিশেষ করে উন্নয়ন অর্থায়ন সীমাবদ্ধ হয়ে আসার কারণে স্থানীয় পর্যায়ে কার্যকর সমাধান বাস্তবায়ন এবং নগর সেবার আর্থিক স্থায়িত্ব নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর তাঁরা জোর দিয়েছেন।

রাজধানীতে এসএনভি কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী ‘অ্যানুয়াল পার্টনার্স ওয়ার্কশপ ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এসব বিষয় আলোচনায় উঠে আসে। গত রোববার শুরু হওয়া এই কর্মশালা সোমবার শেষ হয়। ‘সাসটেইনেবল আরবান ওয়াটার সাইকেলস (এসইউডব্লিউসি)’ প্রকল্পের আওতায় আয়োজিত এই কর্মশালায় পৌরসভার প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। এসইউডব্লিউসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

কর্মশালায় প্রকল্পভুক্ত পৌরসভাগুলোর অর্জন ও অভিজ্ঞতা পর্যালোচনা, কার্যকর সমাধান বিনিময়, প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়ন এবং ২০২৭ সালের পর টেকসই সেবা কার্যক্রম অব্যাহত রাখার কৌশল নিয়ে আলোচনা করা হয়। জলবায়ু সহনশীল নগর উন্নয়নে নতুন অংশীদারত্বের সুযোগ খোঁজার বিষয়টিও গুরুত্ব পায়।

২০২২ সাল থেকে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় দেশের ১২টি পৌরসভা ও সিটি করপোরেশনে প্রকল্পটি বাস্তবায়ন করছে এসএনভি। এর আওতায় সমন্বিত নগর পানি ব্যবস্থাপনা, স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানির নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা জোরদারে কাজ চলছে।

কর্মশালায় এসএনভির কান্ট্রি ডিরেক্টর ইসমেনে স্টালপার্স এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সাইমন ও'কনেল উপস্থিত ছিলেন। এ ছাড়া পরিবেশ অধিদপ্তর, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বাংলাদেশ ব্যাংক, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ অথরিটি (পিপিপিএ) এবং বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ডের (বিএমডিএফ) প্রতিনিধিরা অংশ নেন। সাইমন ও'কনেল বলেন, "বর্তমান উন্নয়ন বাস্তবতায় শক্তিশালী অংশীদারত্ব ও পারস্পরিক সম্পর্কের গুরুত্ব বেড়েছে।" কর্মশালার অন্যতম আকর্ষণ ছিল ‘এসইউডব্লিউসি মিউনিসিপ্যাল সলিউশনস মার্কেটপ্লেস’। এতে অংশগ্রহণকারী পৌরসভাগুলো তাদের চলমান উদ্যোগ, উদ্ভাবনী কার্যক্রম ও অর্জন তুলে ধরেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের জন্য গণবিজ্ঞপ্তি, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫২ এম


গাজীপুরে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের জন্য গণবিজ্ঞপ্তি, সতর্কতা জারি

গাজীপুরের কালিয়াকৈরে চলমান পোশাকশ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে বহিরাগতদের অনুপ্রবেশ ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি রোধের উদ্দেশ্যে বাড়ি ও ফ্ল্যাটের মালিকদের সতর্ক করার জন্য উপজেলা প্রশাসন একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে। এই গণবিজ্ঞপ্তিটি সোমবার (২ নভেম্বর) কালিয়াকৈর পৌরসভা ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রকাশিত হয়।

পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম ফখরুল হোসাইন দ্বারা স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তিতে বিষয়টিকে ‘অতি জরুরি’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি বাড়ি বা ফ্ল্যাটের ভাড়াটেরা তাদের পরিবারের সদস্যদের বাইরে অন্য কোনো বহিরাগত ব্যক্তিকে আশ্রয় দেন অথবা কোনো অপরাধ চক্রের সদস্য বাসা ভাড়া নিয়ে অবস্থান করেন, তাহলে তা দ্রুত কালিয়াকৈর থানা কিংবা উপজেলা প্রশাসনকে অবহিত করতে হবে। বাড়ির মালিকদের কঠোরভাবে সতর্ক থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, যদি কোনো তথ্য প্রশাসনকে না জানানো হয় এবং এর ফলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তাহলে তার সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট বাড়ির মালিকদের ওপর বর্তাবে।

এ বিষয়ে ইউএনও এ এইচ এম ফখরুল হোসাইন জানান, শ্রমিকদের আন্দোলনের সুযোগ নিয়ে বহিরাগত কোনো গোষ্ঠী যেন প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেই উদ্দেশ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

প্রসঙ্গত, ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত কয়েক দিন ধরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন স্থানে পোশাকশ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও পুলিশের সাথে সংঘর্ষের ঘটনা ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাকে হত্যা মামলার আসামি সাবেক শিক্ষক মামুনুর রশিদের কারাগারে মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৩ এম


মাকে হত্যা মামলার আসামি সাবেক শিক্ষক মামুনুর রশিদের কারাগারে মৃত্যু

যশোরে মাকে ধারাল বটি দিয়ে গলা কেটে হত্যা মামলায় কারাগারে থাকা সাবেক শিক্ষক মামুনুর রশিদ মামুন (৪৫) মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর খুলনার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

রবিবার (১ নভেম্বর) রাত ৮টা ১০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।

খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ হাসান আলী হাসপাতালের চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ আহমেদও তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, মামুনুর রশিদ মামুন হত্যা মামলার আসামি হিসেবে যশোর কেন্দ্রীয় কারাগারে হাজতি ছিলেন। তার হাজতি নম্বর ৫১০৫/২৫। রবিবার হৃদরোগে আক্রান্ত হলে উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনার সরকারি হাসপাতালে পাঠানো হয়। সেখানে কারারক্ষীরা তার পাহারায় নিয়োজিত ছিলেন।

খুলনা কেন্দ্রীয় কারাগারের জেলার সৈয়দ হাসান আলী জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মামুনের মরদেহ যশোরে পাঠানো হয়েছে।

মামুন যশোর সদর উপজেলার বাজে দুর্গাপুর গ্রামের মৃত আলতাফ হোসেন মাস্টারের ছেলে। তিনি ঝিকরগাছা উপজেলার লাউজানী মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের শিক্ষক ছিলেন।

মামুনের মা আনোয়ারা বেগম (৫৮) গত ২৭ আগস্ট বিকেল সাড়ে ৫টার দিকে হত্যাকাণ্ডের শিকার হন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, মামুনের দুটি বিয়ে হয়েছিল। প্রায় আট-নয় বছর আগে যশোর সদর উপজেলার ভেকুটিয়া গ্রামের মিথিলা নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। পরে তাদের বিচ্ছেদ ঘটে। এরপর ঝিকরগাছার অমৃতবাজার গ্রামের রিনা নামে আরেক নারীকে বিয়ে করেন মামুন। প্রায় ছয় বছর আগে ওই সংসারও ভেঙে যায়।

স্থানীয়দের দাবি, দুই স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহ ও বিচ্ছেদের জন্য মামুন তাঁর মাকে দায়ী করতেন। এ নিয়ে এর আগেও মায়ের সঙ্গে বিরোধ ও মারধরের ঘটনা ঘটেছিল। এলাকাবাসীর ভাষ্য, পারিবারিক অশান্তির কারণে মামুন মানসিক সমস্যায় ভুগছিলেন। প্রায় তিন বছর আগে তাঁকে পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে দুই থেকে তিন মাস চিকিৎসা নেন তিনি।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকার পর প্রায় পাঁচ বছর পর গত ২৭ আগস্ট বাড়িতে ফেরেন মামুন। ওই দিন বিকেলে মায়ের সঙ্গে কথা বলার একপর্যায়ে পারিবারিক বিষয় নিয়ে তাঁদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে মামুন ধারাল বটি দিয়ে মায়ের গলায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আনোয়ারা বেগমের মৃত্যু ঘটে।

চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এলে মামুন বটি ফেলে পালিয়ে যান। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা করা হয়। ওই মামলায় গ্রেপ্তারের পর তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। কারা হেফাজতে থাকা অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে খুলনার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%