০১:৪১ পি.এম
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের সিনেট আসনে নিয়োগ পাওয়ার দৌড়ে সাবেক পেশাদার রেসলার গ্লেন জ্যাকবস এগিয়ে রয়েছেন। ডব্লিউডব্লিউইতে ‘কেইন’ নামে পরিচিত এই রেসলিং তারকাকে বর্তমান সিনেটর মার্শা ব্ল্যাকবার্নের সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছে।
গত ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান সিনেটর মার্শা ব্ল্যাকবার্ন টেনেসির গভর্নর নির্বাচিত হয়েছেন। তিনি আগামী ১৬ জানুয়ারি গভর্নর হিসেবে শপথ নেওয়ার পরিকল্পনা করছেন। দায়িত্ব গ্রহণের পর, সিনেটের আসন ছাড়লে সেখানে অন্তর্বর্তী প্রতিনিধি নিয়োগের সুযোগ পাবেন তিনি।
দ্য ওয়াশিংটন সানের ৬ নভেম্বরের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ব্ল্যাকবার্নের স্থলাভিষিক্ত হওয়ার দৌড়ে জ্যাকবসকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তাঁর পাশাপাশি প্রতিনিধি পরিষদের সদস্য টিম বারচেট, চাক ফ্লেইশম্যান এবং টেনেসির ডেপুটি গভর্নর স্টুয়ার্ট ম্যাকহর্টারের নামও সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে। ন্যাশভিল ব্যানারের প্রতিবেদনেও চারজনের সংক্ষিপ্ত তালিকায় জ্যাকবসের নাম থাকার কথা জানানো হয়েছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠকে জলবায়ু ও বিনিয়োগের আলোচনা
২০১৮ সালে দীর্ঘ রেসলিং ক্যারিয়ারের পর রাজনীতিতে প্রবেশ করেন জ্যাকবস। ওই বছর তিনি টেনেসির নক্স কাউন্টির মেয়র নির্বাচিত হন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালনের পর, তাঁর মেয়াদ ২০২৬ সালের সেপ্টেম্বরে শেষ হবে। তিনি ডব্লিউডব্লিউই হল অব ফেমের সদস্যও।
ব্ল্যাকবার্নের সঙ্গে জ্যাকবসের ঘনিষ্ঠ রাজনৈতিক সম্পর্ক তাঁকে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে এগিয়ে রেখেছে বলে জানিয়েছে ওয়াশিংটন সান। ২০২৬ সালের গভর্নর নির্বাচনে ব্ল্যাকবার্নের প্রচারেও তিনি সক্রিয় ছিলেন। এছাড়া, ব্ল্যাকবার্নের প্রচারশিবিরের সঙ্গে তাঁর দীর্ঘদিনের যোগাযোগ রয়েছে।
সিনেটের আসনে নিয়োগ পাওয়ার বিষয়ে নিজের আগ্রহ প্রকাশ করেছেন জ্যাকবস। ফক্স নিউজের ‘ফক্স নিউজ রানডাউন’ পডকাস্টে তিনি বলেন, "এমন দায়িত্ব পাওয়ার সুযোগ তাঁর জন্য বড় সম্মানের বিষয় হবে এবং তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবেন।"
টেনেসির আইন অনুযায়ী, সিনেটে কোনো আসন শূন্য হলে গভর্নর পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত দায়িত্ব পালনের জন্য একজনকে নিয়োগ দিতে পারেন। এই আসনে পরবর্তী নির্বাচন ২০২৮ সালে অনুষ্ঠিত হবে। তবে ব্ল্যাকবার্ন এখনো তাঁর উত্তরসূরি হিসেবে কাউকে চূড়ান্ত করেননি।
আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন