বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০২:৫৬ এম
বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির ভয়াবহতা এবং জলবায়ু সংকটের প্রেক্ষাপটে তুরস্কে জাতিসংঘের বার্ষিক জলবায়ু সম্মেলন কপ-৩১ শুরু হয়েছে। তবে এবারের সম্মেলনে বিশ্বের প্রভাবশালী ও অধিক কার্বন নিঃসরণকারী কিছু দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতি সম্মেলনের সফলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্র, চীন, ফ্রান্স, জার্মানি ও ইতালির মতো গুরুত্বপূর্ণ দেশের সরকারপ্রধানদের অংশগ্রহণ না করায় পরিবেশবাদী ও জলবায়ু আন্দোলনকর্মীরা হতাশা প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, জলবায়ু সংকট মোকাবিলায় যেসব দেশের সবচেয়ে বেশি দায়িত্ব নেওয়ার কথা, সেসব দেশের শীর্ষ নেতৃত্বের অনুপস্থিতি কার্যকর সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে পারে।
আয়োজক সূত্র জানিয়েছে, এবারের সম্মেলনে অংশ নিচ্ছেন না ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ, জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস এবং ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচিও সর্বশেষ প্রকাশিত অংশগ্রহণকারীদের তালিকায় নেই। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মেলনে যোগ দেওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
তুরস্কের ভূমধ্যসাগরীয় পর্যটন শহর আন্তালিয়ায় চলতি সপ্তাহের শুরুতে দুই সপ্তাহব্যাপী সম্মেলন শুরু হয়েছে। ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, নেপালে প্রাণঘাতী বন্যা এবং ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানলের মতো একের পর এক প্রাকৃতিক দুর্যোগের পর জলবায়ু সংকট মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারগুলোর ওপর চাপ বাড়ছে। বুধবার ও বৃহস্পতিবার অনুষ্ঠেয় সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে কয়েক ডজন বিশ্বনেতার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
তবে এবারের সম্মেলনে জি-৭ ভুক্ত দেশগুলোর মধ্যে একমাত্র যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বক্তব্য দেওয়ার পরিকল্পনা করেছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান উরসুলা ভন ডার লেয়েন আন্তালিয়ায় আসছেন। কিন্তু ইউরোপের গুরুত্বপূর্ণ অর্থনীতির দেশ ফ্রান্স, জার্মানি ও ইতালির সরকারপ্রধানদের অনুপস্থিতি নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে।
জলবায়ু কূটনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান থিঙ্ক-ট্যাঙ্ক ই৩-জি-এর বিশেষজ্ঞ কসিমা ক্যাসেল আন্তর্জাতিক গণমাধ্যম এএফপিকে বলেন, ‘ইউরোপের কয়েকটি বড় দেশের নেতারা সম্মেলনে আসছেন না, এটি দুঃখজনক। এবারের কপ সম্মেলনে ইউরোপের আরও জোরালো উপস্থিতি প্রয়োজন।’
ফ্রান্স সরকার জানিয়েছে, ১১ নভেম্বর প্রথম বিশ্বযুদ্ধের যুদ্ধবিরতি দিবস হওয়ায় প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ সম্মেলনে যোগ দিচ্ছেন না। ওই দিন দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পাশাপাশি বৃহস্পতিবার আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় ইউরোপীয় ইউনিয়নের একটি সম্মেলনেও তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।
ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক ইউরোপের পরিচালক কিয়ারা মার্টিনেলি বলেন, ‘বিশ্বের জ্বালানি ব্যবস্থার রূপান্তর কোন দিকে এগোবে, সে বিষয়ে প্রভাব রাখতে চাইলে বিশ্বনেতাদের জন্য এ ধরনের সম্মেলনে উপস্থিত হওয়াই ভালো সূচনা। আমার আশঙ্কা, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় অর্থনীতির দেশগুলোর নেতারা অনুপস্থিত থাকায় মঞ্চে উরসুলা ভন ডার লেয়েনকে অনেকটাই একা থাকতে হবে।’
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন না। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেওয়া ট্রাম্প ২০২৪ সালে পুনর্নির্বাচিত হওয়ার পর থেকে জলবায়ুবিষয়ক আলোচনায় দেশটির কোনো সরকারি প্রতিনিধিও পাঠাননি।
অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট সি চিনপিংও সম্মেলনে সরাসরি অংশ নিচ্ছেন না। তার পরিবর্তে দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং। সি চিনপিং সাধারণত কপ সম্মেলনে সরাসরি অংশ নেন না।
বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতি যুক্তরাষ্ট্র ও চীন একই সঙ্গে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস নিঃসরণেরও সবচেয়ে বড় উৎস। ফলে জলবায়ু সংকট মোকাবিলায় আন্তর্জাতিক আলোচনায় দেশ দুটির শীর্ষ নেতৃত্বের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন পরিবেশবিদরা।
তবে কসিমা ক্যাসেল বলেন, ‘আমাদের তো লুলা আছেন।’ গত মাসে ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে ডানপন্থী প্রতিদ্বন্দ্বী ফ্লাভিও বলসোনারোকে পরাজিত করে লুলা দা সিলভার বিজয়ে জলবায়ু আন্দোলনকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন। কারণ, লুলা দীর্ঘদিন ধরে বন উজাড়ের হার কমানোর পক্ষে কাজ করে আসছেন।
কার্বন নিঃসরণের জন্য দায়ী ধনী রাষ্ট্রগুলোর নেতাদের অনুপস্থিতিতে সম্মেলনের সফলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন পরিবেশবাদীরাও। ক্লাইমেট ওয়াচ থাইল্যান্ডের ওয়ানুন পার্মপিবুল গণমাধ্যমকে বলেন, ‘এমন একটি গুরুত্বপূর্ণ সম্মেলনে বিশ্বের প্রভাবশালী নেতাদের অনেকে অনুপস্থিত। যাদের বেশিরভাগ নেতাই এই ক্ষতির জন্য দায়ী। তাঁদের অনুপস্থিতি সম্মেলনের সফলতাকে ব্যাহত করবে।’
কোস্ট ফাউন্ডেশন, বাংলাদেশের এম. এ. হাসান আমার দেশকে বলেন, এবারের কপ-৩১-এ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনের প্রেসিডেন্ট সি চিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর মতো গুরুত্বপূর্ণ বিশ্বনেতাদের অনুপস্থিতি গভীরভাবে তাৎপর্যপূর্ণ। চীনের প্রেসিডেন্ট সরাসরি অংশ নিচ্ছেন না; দেশটির প্রতিনিধিত্ব করছেন ভাইস প্রেসিডেন্ট হান ঝেং।
তিনি বলেন, ‘আমার কাছে প্রশ্ন হলো, বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি ও কার্বন নিঃসরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা দেশগুলোর শীর্ষ রাজনৈতিক নেতৃত্ব যদি জলবায়ু সংকট মোকাবিলাকে সর্বোচ্চ অগ্রাধিকার না দেয়, তাহলে বিশ্ব কতটা কার্যকর পরিবর্তনের আশা করবে? জলবায়ু সংকট এখন আর কূটনৈতিক বক্তব্যের বিষয় নয়; এটি কোটি কোটি মানুষের জীবন, জীবিকা ও ভবিষ্যতের প্রশ্ন।’
তবে সম্মেলনের সফলতা নির্ধারণ হবে আলোচনার টেবিলে কতটা কার্যকর সিদ্ধান্ত নেওয়া হলো এবং তা বাস্তবায়নে কতটা দায়বদ্ধতা দেখানো হলো, তার ওপর বলে মনে করেন এম. এ. হাসান। তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতা ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ফিরিয়ে আনতে হলে উচ্চ-নির্গমনকারী দেশগুলোকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা দ্রুত কমাতে হবে এবং নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়াতে হবে।
জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (ইউএনইপি)-এর ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের তুলনায় ২০৩০ সালের মধ্যে ১৮ শতাংশ এবং ২০৩৫ সালের মধ্যে ৪৫ শতাংশ বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর প্রয়োজন।
এম. এ. হাসান বলেন, ‘আমাদের প্রত্যাশা, কপ-৩১-এ শুধু নতুন প্রতিশ্রুতি নয়, জীবাশ্ম জ্বালানি থেকে ন্যায়সংগত উত্তরণের সময়সীমা, নির্গমন হ্রাসের পরিমাপযোগ্য লক্ষ্যমাত্রা এবং বাস্তবায়নের জবাবদিহি নিশ্চিত করা হবে। একই সঙ্গে উন্নত ও ঐতিহাসিকভাবে বেশি নির্গমনকারী দেশগুলোকে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য সহজলভ্য, পূর্বানুমানযোগ্য ও অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন নিশ্চিত করতে হবে।’
তিনি আরো বলেন, ‘আমার কাছে রাজনৈতিক সদিচ্ছার প্রকৃত পরীক্ষা হলো: যারা জলবায়ু সংকট সৃষ্টিতে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে, তারা কি সেই সংকট মোকাবিলায় সবচেয়ে বেশি দায়িত্ব নিতে প্রস্তুত? কপ-৩১-কে প্রতিশ্রুতির সম্মেলন নয়, বরং বাস্তব পদক্ষেপ, ন্যায্যতা এবং জবাবদিহির সম্মেলনে পরিণত করতে হবে।’
পরিবেশবিদদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় শুধু সম্মেলনে অংশগ্রহণ কিংবা প্রতিশ্রুতি ঘোষণা যথেষ্ট নয়; বরং অধিক কার্বন নিঃসরণকারী দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা, কার্যকর সিদ্ধান্ত এবং সেগুলো বাস্তবায়নের দায়বদ্ধতাই কপ-৩১-এর সফলতা নির্ধারণ করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকার সারে ১৭ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে। কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ জানিয়েছেন, কৃষকদের ন্যায্যমূল্যে সার সরবরাহ নিশ্চিত করার জন্য বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং দেশব্যাপী মনিটরিং কার্যক্রম জোরদার করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম খান এর লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এসব তথ্য তুলে ধরেন।
রফিকুল ইসলাম খান প্রশ্নে জানতে চান, আন্তর্জাতিক বাজারে সারের দামের ওঠানামার প্রেক্ষিতে প্রান্তিক কৃষকদের জন্য ইউরিয়া, ডিএপি ও টিএসপি সারে চলতি অর্থবছরে সরকার মোট কত টাকা ভর্তুকি বরাদ্দ রেখেছে।
এছাড়া, পিক সিজনে মাঠপর্যায়ে ডিলার ও মজুদদারদের কৃত্রিম সংকট সৃষ্টি করে সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রি বন্ধে মন্ত্রণালয়ের বিশেষ মনিটরিং ব্যবস্থা এবং বিএডিসির মাধ্যমে ডিজিটাল কৃষক কার্ডের ভিত্তিতে সরাসরি কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার ও প্রত্যয়িত বীজ বিতরণে জাতীয় সমন্বিত পরিকল্পনা রয়েছে কিনা, তা জানতে চান তিনি।
জবাবে কৃষিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে সার পাওয়া নিশ্চিত করতে বিশেষ টাস্কফোর্স ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সার সরবরাহ, মজুদ, পরিবহন, বিতরণ ও খুচরা বিক্রয় কার্যক্রম সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে এবং মাঠপর্যায়ের সমস্যা দ্রুত সমাধানে কৃষি মন্ত্রণালয়ে সার ব্যবস্থাপনা কন্ট্রোল রুম খোলা হয়েছে। এর মাধ্যমে মনিটরিং কার্যক্রম অব্যাহত রয়েছে।
মন্ত্রী আরো জানান, দেশের ৬৪ জেলায় সার মনিটরিং কার্যক্রম জোরদার করতে মন্ত্রণালয়ের ৬৪ জন কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া সারের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে কৃষি মন্ত্রণালয়ের দুজন যুগ্মসচিব ও দুজন উপসচিবের সমন্বয়ে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির মনিটরিং কার্যক্রমও অব্যাহত রয়েছে।
কৃষিমন্ত্রী জানান, সরকার কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ কর্মসূচি বাস্তবায়ন করেছে। এ কর্মসূচির আওতায় কৃষকদের ডিজিটাল ডাটাবেজ তৈরি, ন্যায্যমূল্যে সার, মানসম্মত বীজ ও অন্যান্য কৃষি উপকরণ সরবরাহ এবং সরকারি ভর্তুকি ও প্রণোদনা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত অগ্রগতির কারণে আগামী দশকের মধ্যে ক্যান্সার, আলঝেইমার, হৃদ্রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগগুলো অতীত হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সম্প্রতি অ্যানথ্রোপিকের আইপিও উপলক্ষে আয়োজিত বিনিয়োগকারীদের রোডশোতে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
তিনি মন্তব্য করেন, ‘ক্যান্সার, আলঝেইমার, হৃদ্রোগ, মানসিক অসুস্থতা—আমার ধারণা, এক দশকেরও কম সময়ের মধ্যে এসব রোগ অতীতের বিষয় হয়ে যাবে।’
আমোদেই আরও বলেন, এসব রোগ বিরল নয়, বরং লাখ লাখ পরিবারের জীবনকে প্রভাবিত করছে। কিছু রোগ চিকিৎসাবিজ্ঞানের কঠিন চ্যালেঞ্জগুলোর মধ্যে পড়ে।
তিনি উল্লেখ করেন, ‘যদি আমরা এআইয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারি, তাহলে এমন একটি যুগ সৃষ্টি হবে, যেখানে মানবজাতি সহস্রাব্দের অমীমাংসিত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবে।’
আমোদেইয়ের মতে, এআই একটি প্রযুক্তি, যা জীববিজ্ঞান গবেষণা, ওষুধ আবিষ্কার এবং চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতির গতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে।
এ ধরনের আশাবাদী পূর্বাভাস শুধু আমোদেই একা দিচ্ছেন না, এআই খাতের অন্যান্য প্রভাবশালী ব্যক্তিরাও একই প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাদের মধ্যে ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিস উল্লেখযোগ্য।
হাসাবিসের ধারণা, এআই ওষুধ আবিষ্কারের দশ বছরের প্রক্রিয়াকে কয়েক সপ্তাহে নামিয়ে আনতে সক্ষম। এর ফলে আগামী দশকের মধ্যে সব রোগের অবসান কিংবা সব ধরনের রোগ নিরাময়ের সম্ভাবনা তৈরি হতে পারে।
তিনি গুগলের এআই প্রযুক্তি আলফাফোল্ডের (AlphaFold) সাফল্যের কথা উল্লেখ করেন, যা ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করেছে। এটি জীববিজ্ঞান গবেষণার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
তবে আলফাফোল্ডের এই সাফল্যকে ক্যান্সার, আলঝেইমার কিংবা অন্যান্য জটিল রোগের চিকিৎসা আবিষ্কারের নিশ্চয়তা হিসেবে দেখা উচিত নয়।
এদিকে, এআইয়ের অগ্রগতির ফলে ভবিষ্যতে বিশ্বের সব মানুষ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো সর্বোচ্চ মানের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন বলে দাবি করেছেন ইলন মাস্ক।
এআই নিয়ে ওষুধশিল্পের সংশয়
তবে প্রযুক্তি খাতের শীর্ষ ব্যক্তিরা যতটা আশাবাদী, ওষুধ আবিষ্কারের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিরা ততটা আশ্বস্ত নন। তাদের মতে, এআইয়ের মাধ্যমে দ্রুত ওষুধ আবিষ্কারের সময়সীমা বাস্তবসম্মত নয়।
ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ ধরনের পূর্বাভাসকে ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ বলে মন্তব্য করেছেন।
তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির প্রযুক্তি পরীক্ষা করেছে। এসব প্রযুক্তির মাধ্যমে ১০ হাজার ওষুধের যৌগ বিশ্লেষণ করা হলেও কোনো এআই কোম্পানি এককভাবে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি, যা সরাসরি চিকিৎসায় ব্যবহার করা সম্ভব।
ওষুধশিল্পের শীর্ষ কর্মকর্তারা বলছেন, ওষুধ আবিষ্কারের প্রাথমিক পর্যায়ে সম্ভাবনাময় অণু শনাক্ত করার কাজ দ্রুত করা গেলেও ক্লিনিক্যাল ট্রায়াল, নিয়ন্ত্রক সংস্থার পর্যালোচনা কিংবা প্রাণী ও মানুষের শরীরে পরীক্ষা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই।
সাধারণত একটি ওষুধ আবিষ্কার থেকে বাজারে আসতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। এই দীর্ঘ প্রক্রিয়ার বড় অংশজুড়ে থাকে বিভিন্ন পর্যায়ের পরীক্ষা-নিরীক্ষা।
কম্পিউটারে সম্ভাবনাময় ওষুধের অণু শনাক্ত করা কেবল শুরু। সেটি পরীক্ষাগারে, পরে প্রাণীর শরীরে এবং সবশেষে মানুষের ওপর ক্লিনিক্যাল ট্রায়ালের মাধ্যমে পরীক্ষা করতে হয়। এর মাধ্যমে নিশ্চিত করা হয় যে, ওষুধটি নিরাপদ এবং রোগ নিরাময়ে কার্যকর।
এআই সম্ভাব্য চিকিৎসা শনাক্ত করার প্রাথমিক কাজ দ্রুত করতে পারে। কিন্তু ওষুধের নিরাপত্তা ও কার্যকারিতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ ধাপ বাদ দেওয়ার সুযোগ নেই।
জ্ঞানবিজ্ঞানী গ্যারি মার্কাস এবং হৃদ্রোগ বিশেষজ্ঞ ও ডিজিটাল চিকিৎসাবিষয়ক গবেষক এরিক টোপোলও এআইয়ের সক্ষমতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন।
তাদের মতে, বর্তমান এআই মডেলগুলোর জীববিজ্ঞানের গভীর কার্যকারণ বোঝার সক্ষমতা এখনো সীমিত। ফলে এসব প্রযুক্তির মাধ্যমে নির্ভরযোগ্যভাবে যুগান্তকারী চিকিৎসা আবিষ্কারের দাবি করার মতো পর্যায়ে পৌঁছানো যায়নি।
২০২৬ সাল পর্যন্ত এআইয়ের নকশায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল অনুমোদন পেয়ে চিকিৎসাক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়নি।
এ ছাড়া চিকিৎসাবিজ্ঞানের ইতিহাসে নির্দিষ্ট সময়ের মধ্যে বড় ধরনের সাফল্যের প্রতিশ্রুতি পূরণ না হওয়ার নজির রয়েছে। এর মধ্যে ১৯৭০-এর দশকে যুক্তরাষ্ট্রের শুরু করা ‘ক্যান্সারবিরোধী যুদ্ধ’ (War on Cancer) উল্লেখযোগ্য। সে সময়ও দ্রুত ক্যান্সার জয় করার উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এআইয়ের মাধ্যমে চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের পরিবর্তন আসার সম্ভাবনা থাকলেও অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস সাধারণ মানুষের প্রত্যাশা বাস্তবতার তুলনায় অনেক বাড়িয়ে দিতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর ডেমরায় নিখোঁজের ৪ দিন পর নড়াইবাগ বালুর মাঠের ঝোপঝাড় থেকে প্রতিবন্ধী হামিদুল ইসলামের (১৩) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় পুলিশ আরিফ (১৯) নামে একজনকে গ্রেপ্তার করেছে। ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শায়ক খসরু বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ কর্মকর্তা বুধবার জানান, হামিদুল প্রতিবন্ধী ছিল এবং তার পরিবার চার দিন ধরে তাকে খুঁজে পাচ্ছিল না। নিখোঁজ হওয়ার পরদিন পরিবার থানায় জিডি করে।
প্রাথমিক তদন্তের পর আরিফকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদের পর তার স্বীকারোক্তি ও দেওয়া তথ্য অনুযায়ী, মঙ্গলবার রাত সাড়ে সাতটার দিকে ডেমরা থানার নড়াইবাগ বোতল ফ্যাক্টরির পেছনে বালুর মাঠের পাশে ঝোপঝাড়ের ভেতর থেকে অর্ধগলিত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি আরিফ জানিয়েছে, হামিদুলকে ঝোপঝাড়ে নিয়ে জোরপূর্বক যৌন নিপীড়ন করা হয়। হামিদুল চিৎকার দিলে তাকে মুখ চেপে ও গলা টিপে হত্যা করা হয়।
বরিশালের কাজীরহাট উপজেলার আন্দারমানিক ২ নম্বর ওয়ার্ডের বাবুল আকন্দের ছেলে প্রতিবন্ধী হামিদুল ইসলাম। বর্তমানে সে পরিবারের সঙ্গে ডেমরার মালা মার্কেট নড়াইবাগ এলাকায় থাকত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন (কপ-৩১) এ বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই পরিদর্শনের সময় তিনি প্যাভিলিয়নে প্রদর্শিত পরিবেশবান্ধব পাটজাত পণ্যের প্রদর্শনী ঘুরে দেখেন। এর পাশাপাশি, তিনি পরিবেশ সংরক্ষণে বাংলাদেশের বিভিন্ন উদ্যোগের উপস্থাপনাও পর্যবেক্ষণ করেন।
বুধবার, তুরস্কের স্থানীয় সময় বিকেল ৪টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী সম্মেলনস্থলে বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনে যান।
প্রধানমন্ত্রীকে প্যাভিলিয়নে অভ্যর্থনা জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।
পরিদর্শনকালে, প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণসহ পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ কর্তৃক নেওয়া বিভিন্ন উদ্যোগের প্রদর্শনী ঘুরে দেখেন।
তিনি প্যাভিলিয়নে কর্মরত কর্মীদের সঙ্গে কথা বলেন। তাদের কাছে প্যাভিলিয়নের কার্যক্রম, প্রদর্শিত পণ্য এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের জলবায়ুবিষয়ক উদ্যোগ তুলে ধরার বিভিন্ন দিক সম্পর্কে জানতে চান। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিরা প্যাভিলিয়নের কার্যক্রম ও প্রদর্শনীর বিভিন্ন বিষয় প্রধানমন্ত্রীকে অবহিত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ