প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঢাকা, ১১ নভেম্বর, ২০২৬ : জ্বালানির উচ্চমূল্যের প্রতিবাদে চিলিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছেন কয়েকশ’ ট্রাক ও বাসচালক। এ সময় তারা বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ মহাসড়ক অবরোধ করেন।
চিলির বিস্তৃত রুট-৫ মহাসড়কের বিভিন্ন স্থানে পরিবহন শ্রমিকরা উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত জড়ো হন। ডিজেলের লাগামহীন মূল্যবৃদ্ধি থেকে মুক্তি পেতে তারা সরকারের কাছে দাবি জানান।
সান্তিয়াগো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
শিল্প খাতের বিভিন্ন সংগঠনের তথ্য অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে গত মার্চ থেকে দেশটিতে ডিজেলের গড় দাম ৭৪ শতাংশ বেড়েছে। এর ফলে অনেক পরিবহন কোম্পানি বড় ধরনের সংকটের মুখে পড়েছে।
মঙ্গলবার বিকেলে সরকারি কর্মকর্তা ও আন্দোলনকারীদের নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান আসেনি।
ডানপন্থী কট্টরপন্থী প্রেসিডেন্ট হোসে আন্তোনিও কাস্তের সরকার কয়েক মাস ধরেই জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে জনঅসন্তোষের মুখে রয়েছে।
মার্চে দায়িত্ব নেওয়ার পর কাস্তে জ্বালানির আকস্মিক মূল্যবৃদ্ধির চাপ কমাতে এক্ষেত্রে চালু থাকা সরকারি ব্যবস্থার পরিবর্তন করেন। এর ফলে মূল্যবৃদ্ধির পুরো চাপ গিয়ে পড়ে ভোক্তাদের ওপর।
আলোচনা অব্যাহত রাখতে পরিবহন শ্রমিকদের বুধবার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লদিও আলভারাদোর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে।
মঙ্গলবার সকালে সান্তিয়াগোর কাছে বিক্ষোভে যোগ দেন ট্রাকচালক ক্লদিও এলগুয়েজাবাল। ৪৭ বছর বয়সী এই চালক বলেন, তার সামনে আর কোনো পথ খোলা ছিল না।
তিনি বলেন, ‘এখন আমি কোনো লাভই করতে পারছি না। অনেক সময় খরচ মেটাতে নিজের পকেটের টাকাও দিতে হচ্ছে।’
আন্তঃনগর বাস মালিক সমিতির সভাপতি হুয়ান কোরনেখো ১৪টি মাঝারি আকারের পরিবহন কোম্পানির প্রতিনিধিত্ব করেন। তিনি বলেন, ‘আমরা আর পারছি না।’
কোরনেখো বলেন, ‘এক মাসেরও বেশি সময় ধরে লোকসান দিয়ে ব্যবসা চালাতে হচ্ছে।’
সোমবার কাস্তে ৯০ দিনের জন্য ডিজেল ও পেট্রোলের দাম নিয়ন্ত্রণে একটি বিলের ঘোষণা দেন।
তবে কোরনেখো এ উদ্যোগকে ‘তামাশা’ বলে অভিহিত করেন। তিনি সরকারের কাছে আরও ব্যাপক পরিবর্তনের দাবি জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন