ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

বন্যায় পোষ্য কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি


বন্যায় পোষ্য কুকুরের জীবন বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন দম্পতি

যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের সেডোনা শহরের ওক ক্রিকের কাছে আকস্মিক ও তীব্র বন্যার কবলে পড়েছিল এক দম্পতি। তবে তারা পোষা কুকুরটিকে ছেড়ে আসার পরিবর্তে, তাকে বাঁচানোর জন্য একটি চমৎকার উপায় খুঁজে বের করেন।

‘পিপল’ ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, আলেকজান্ডার ডেল, তার স্ত্রী এবং তাদের ভাড়াবাড়িতে থাকা প্রায় ৯ জন অতিথি দ্রুত বাড়তে থাকা ঘোলা জলের কারণে সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়েন। পালিয়ে যাওয়ার কোনো উপায় না থাকায় তারা বাধ্য হয়ে বাড়ির ছাদে আশ্রয় নেন। সামাজিক মাধ্যমেও ঘটনাটি ছড়িয়ে পড়লে, নেটিজেনরা দম্পতিটির সাহসিকতার ব্যাপক প্রশংসা করেন।

আলেকজান্ডার ডেল বলেন, ‘আমরা বুঝতেই পারছিলাম না কী করা উচিত। আমাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না।’

আরও পড়ুন: বুধবার ১২ রাশির ভাগ্যে কী আছে, জেনে নিন রাশিফলে

সাহায্যের জন্য প্রায় তিন ঘণ্টা তারা চরম উৎকণ্ঠার মধ্যে অপেক্ষা করেন। অবশেষে একটি জরুরি উদ্ধারকারী হেলিকপ্টার তাদের নিরাপদে সরিয়ে নিতে সেখানে পৌঁছায়। তবে এরপর দেখা দেয় এক নতুন জটিলতা, যখন উদ্ধারকারী দল জানায় যে তাদের কাছে কুকুরের জন্য কোনো বিশেষ সুরক্ষাবেষ্টনী (K-9 harness) নেই এবং তারা নিশ্চিত নয় যে কুকুরটিকে কীভাবে নিরাপদে বিমানে তোলা যাবে।

ডেল সেই মুহূর্তটি স্মরণ করে বলেন, ‘সেখানে একটি হেলিকপ্টার আসে এবং তাতে একটি বিশাল রশি ঝোলানো ছিল।’ জরুরি সেবার কর্মীরা একে একে সবাইকে হারনেসে আটকে বিমানটিতে তুলে নিচ্ছিলেন, কিন্তু ওই পরিবারের জন্য সেখানে বাঁধে বিপত্তি।

পোষা কুকুরটির কথা উল্লেখ করে ডেল বলেন, ‘উদ্ধারকর্মী আমাকে বললেন, আমাদের কাছে কুকুরের জন্য কোনো হারনেস নেই, তাই আমরা তাকে নিতে পারব কিনা জানি না। তখন আমি বললাম, তাহলে আমরা এখন কী করব?’

কিন্তু কোনোভাবেই হাল ছাড়তে রাজি ছিলেন না ডেল। তিনি তাৎক্ষণিকভাবে তিনটি সাধারণ হারনেস জোগাড় করেন এবং সেগুলোকে একসঙ্গে শক্ত করে বেঁধে কুকুরের শরীরে উপযুক্ত মাপে সেট করে নেন।

আরও পড়ুন: জীবনে শান্তি পেতে আজ থেকেই বাদ দিন ১২টি অভ্যাস

ডেল আরও জানান, ‘আমরা তার গায়ে তিনটি হারনেস পরিয়ে সবগুলো একসঙ্গে আটকে দিলাম। আমি সেই হারনেসে বসে আমার কুকুরটিকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম এবং মনে মনে প্রার্থনা করছিলাম যেন সে কোনো বিপদে না পড়ে।’

শেষ পর্যন্ত নিরাপদেই পোষা কুকুরটিকে উদ্ধার করতে সক্ষম হন তারা।

উল্লেখ্য, জরুরি সেবার সঙ্গে যুক্ত কর্মীরা ও স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন যে, পাহাড়ি ঢলের দ্রুত প্রবাহিত পানির কারণে ওই এলাকায় বেশ কয়েকটি জরুরি উদ্ধার অভিযান চালাতে হয়েছে। তবে সৌভাগ্যবশত, এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: থাইল্যান্ডে ভ্রমণের ১০টি নিয়ম ভঙ্গ করলে জেল-জরিমানা হতে পারে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৫ এম


প্রধানমন্ত্রীর স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা, মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসনে ন্যস্ত

ঢাকা পরিবহণ সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) নির্বাহী পরিচালক (সচিব) মোহাম্মদ মসিউর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব জেতী প্রু। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ‘করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে মন্তব্য করেন মোহাম্মদ মসিউর রহমান। গত ১ নভেম্বর ‘এক রুট, এক কোম্পানি’ উদ্যোগের আওতায় ঢাকার ছয়টি রুটে পরীক্ষামূলক বাস চলাচলের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে মসিউর রহমান বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের স্লোগানটিকে হাদিস বললে অনেকে মনে করতে পারেন, পরবর্তী পোস্টিংয়ের জন্য তিনি প্রধানমন্ত্রীকে তেল মারছেন। তবে তার মতে, এটি একটি শাশ্বত বাণী।

তিনি আরও বলেন, ‘আমার আগে আমরা, সবার আগে দেশ—এ কথা কে অস্বীকার করতে পারবেন? স্বার্থপর, যার দেশপ্রেম নেই, সেই বলতে পারে, না, আমি মানি না। আমাকে বাদ দিয়ে আমরা সবাই মিলে থাকব, আর সবার আগে থাকবে দেশ। তারপরে “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ এটা হাদিস, হাদিস। এটা শাশ্বত বাণী।’

মসিউর রহমান আরও বলেন, ‘এটা হুজুররা বললে হাদিস হয়ে যেত। তো ওনার মুখে দাড়ি নেই, টুপি পরেন না, এজন্য হাদিস হয়নি! এটা হাদিস।’

রাজনৈতিক স্লোগানকে হাদিসের সঙ্গে তুলনা করে দেয়া তার বক্তব্যের ভিডিও ও মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নানা প্রতিক্রিয়া দেখা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব প্রতিবেদক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


উজিরপুরে ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুন্ডুকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচারের অভিযোগ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর বরিশালের উজিরপুরে বিএনপির সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথোপকথনের আংশিক ভিডিও প্রচার করে পরিকল্পিতভাবে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকার। এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর শাখার আহ্বায়ক পলাশ কুন্ডু সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২০০৩ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করেন। এ কারণে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন। হামলা-মামলার ভয় উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের মুখেও জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দিনরাত কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।

নিজের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে পলাশ কুন্ডু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভ-লালসা ও ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ক্ষমতা কিংবা পদ-পদবির রাজনীতিতে বিশ্বাসী নন তিনি। মানুষের সেবাকেই রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেন।

তিনি বলেন, মানুষের জন্য কাজ করার ধারাবাহিকতায় উপজেলার অনেকেই তাঁকে ‘উজিরপুরের গয়েশ্বর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর ভাষায়, ‘রাজনীতি মানে কোনো ক্ষমতা কিংবা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা।’

পলাশ কুন্ডুর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি তাঁর একটি কথোপকথনের আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটির আংশিক অংশ প্রচার করে প্রকৃত বিষয় আড়াল করার মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।

সবশেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোলক ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন পলাশ কুন্ডু।

তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪

আন্তর্জাতিক ডেস্ক

স্টাফ রিপোর্টার, বরিশাল

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:০০ এম


বরিশালে বিএমপির বিশেষ অভিযান: গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১৭, বিভিন্ন মামলায় আটক ১৪

মাদকবিরোধী অভিযানসহ নগরীর চার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযান, উদ্ধার ১৮০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা
বরিশাল মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং অপরাধ দমনে বিশেষ অভিযান পরিচালনা করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার পৃথক অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন অপরাধে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বিএমপির মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিএমপি সূত্রে জানা গেছে, নগরীর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা, অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অপরাধীদের আইনের আওতায় আনতে মহানগর পুলিশের চারটি থানা ও গোয়েন্দা শাখার বিশেষ আভিযানিক দল নগরীর বিভিন্ন স্থানে পৃথকভাবে অভিযান পরিচালনা করে।

এসব অভিযানে মাদকদ্রব্যসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের কাছ থেকে ১৮০ গ্রাম গাঁজা ও ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। মাদকদ্রব্য উদ্ধার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তারের মধ্য দিয়ে নগরীতে মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত থাকার বিষয়টি আবারও সামনে এসেছে।

বিএমপির দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে বিভিন্ন মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন রয়েছেন। নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে দুজনকে। এ ছাড়া অন্যান্য আইনে চারজন এবং বরিশাল মহানগর অধ্যাদেশে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সব মিলিয়ে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার তিনজন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ছয়জন, নিয়মিত মামলার দুইজন, অন্যান্য আইনে চারজন এবং মহানগর অধ্যাদেশে দুইজনসহ মোট ১৭ জনকে গ্রেপ্তার করেছে বিএমপির আভিযানিক দল।

নগরীতে মাদকদ্রব্যের বিস্তার, অপরাধমূলক কর্মকাণ্ড ও অপরাধীদের তৎপরতা নিয়ন্ত্রণে পুলিশের এমন বিশেষ অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি অপরাধ দমনে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও তথ্য সহযোগিতাও প্রয়োজন।

এদিকে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দিয়ে মাদক সংক্রান্ত তথ্য জানানোর জন্য দুটি হটলাইন নম্বরও প্রকাশ করা হয়েছে।

মাদক সংক্রান্ত তথ্য জানাতে বিএমপির হটলাইন:

☎️ ০১৩২০-০৬৪০০০

☎️ ০১৩২০-০৬৪০৪৪

বিএমপি জানিয়েছে, মাদক সংক্রান্ত তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখা হবে।

নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নির্মূল এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৪ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৫০ এম


লাহোর বায়ুদূষণে শীর্ষে, ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

জলবায়ু পরিবর্তন এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। এই প্রেক্ষাপটে, আজ পাকিস্তানের লাহোর শহর বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে। লাহোরের বায়ুমান স্কোর ৩৮৬। এই বায়ুমানের কারণে নাগরিকদের জন্য এটি ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচিত হচ্ছে।

অন্যদিকে, ঢাকা শহর আজ বিশ্বের ১২৬ শহরের মধ্যে সবচেয়ে দূষিত শহরের তালিকায় সপ্তম স্থানে রয়েছে। ঢাকা শহরের বায়ুমান স্কোর ১৫৪, যা এয়ার কোয়ালিটি ইনডেক্সে (আইকিউএয়ার) ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য থেকে এই বিষয়গুলো জানা যায়।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, এই দিন বিশ্বের বায়ুদূষিত শহরের তালিকার শীর্ষে রয়েছে লাহোর, যার স্কোর ৩৮৬। এটি নাগরিকদের জন্য ‘দুর্যোগপূর্ণ’ বায়ুমান হিসেবে গণ্য হচ্ছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি, যার বায়ুমান স্কোর ২৪৯। তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার স্কোর ১৮৫। চতুর্থ স্থানে চীনের বেইজিং ১৭৩ স্কোর নিয়ে অবস্থান করছে এবং পঞ্চম স্থানে পাকিস্তানের করাচির স্কোর ১৬০।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ হিসেবে গণ্য হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ বলা হয়। স্কোর ১০১ থেকে ১৫০ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে সেটি ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়। ৩০১-এর বেশি স্কোর ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে গণ্য করা হয়।

বাংলাদেশে একিউআই নির্ধারণের জন্য দূষণের ৫টি বৈশিষ্ট্য বিবেচনায় নেওয়া হয়। এই বৈশিষ্ট্যগুলো হলো, বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ এবং ওজোন (ও৩)।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া এবং নির্মাণ সাইটের ধুলা।

ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যান্সার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বৃদ্ধি পেয়েছে। ফলে, প্রতিবছর বিশ্বব্যাপী আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%