১০:৫৭ এম
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর বরিশালের উজিরপুরে বিএনপির সমর্থক হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের এক নেতাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর কথোপকথনের আংশিক ভিডিও প্রচার করে পরিকল্পিতভাবে রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নেতা। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ঘটনাটি বরিশালের উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের ধামুরা এলাকার। এ বিষয়ে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের উজিরপুর শাখার আহ্বায়ক পলাশ কুন্ডু সংবাদ সম্মেলন করে তাঁর বিরুদ্ধে চালানো অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে পলাশ কুন্ডু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে ২০০৩ সালে ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচারণায় তিনি সক্রিয় ও জোরালো ভূমিকা পালন করেন। এ কারণে তৎকালীন আওয়ামী লীগের নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের ১৭ বছরের শাসনামলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গিয়ে একাধিকবার রাজনৈতিক রোষানলের শিকার হয়েছেন। হামলা-মামলার ভয় উপেক্ষা করে রাজপথের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন। ফ্যাসিবাদী শাসনের দমন-পীড়নের মুখেও জাতীয়তাবাদী আদর্শ থেকে কখনো বিচ্যুত হননি। ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ আসনে ধানের শীষের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দিনরাত কাজ করেছেন বলেও দাবি করেন তিনি।
নিজের বিরুদ্ধে অপপ্রচারের বিষয়ে পলাশ কুন্ডু বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দীর্ঘদিন ধরে রাজনীতি করে আসছেন তিনি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেখানো পথে লোভ-লালসা ও ব্যক্তিস্বার্থ উপেক্ষা করে মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ক্ষমতা কিংবা পদ-পদবির রাজনীতিতে বিশ্বাসী নন তিনি। মানুষের সেবাকেই রাজনীতির মূল উদ্দেশ্য হিসেবে বিবেচনা করেন।
তিনি বলেন, মানুষের জন্য কাজ করার ধারাবাহিকতায় উপজেলার অনেকেই তাঁকে ‘উজিরপুরের গয়েশ্বর’ হিসেবে আখ্যায়িত করেছেন। তাঁর ভাষায়, ‘রাজনীতি মানে কোনো ক্ষমতা কিংবা পদ-পদবি নয়, রাজনীতি মানে মানুষের সেবা করা।’
পলাশ কুন্ডুর অভিযোগ, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শোলক ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই একটি মহল তাঁর বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে আসছে। সম্প্রতি তাঁর একটি কথোপকথনের আংশিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত আখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ভিডিওটির আংশিক অংশ প্রচার করে প্রকৃত বিষয় আড়াল করার মাধ্যমে তাঁর রাজনৈতিক ও সামাজিক ভাবমূর্তি ক্ষুণ্ন করাই এই অপপ্রচারের উদ্দেশ্য বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি এসব অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্টদের উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানান।
সবশেষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে শোলক ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে ইউনিয়নবাসীর দোয়া, আশীর্বাদ ও সমর্থন কামনা করেন পলাশ কুন্ডু।
তবে তাঁর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ভিডিও এবং উত্থাপিত অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন