ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠির ৪৫তম জন্মদিন


‘বাহুবলী’খ্যাত অভিনেত্রী আনুশকা শেঠির ৪৫তম জন্মদিন

দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির প্রখ্যাত অভিনেত্রী সুইটি শেঠি, যিনি আনুশকা শেঠি নামেও পরিচিত, শনিবার (৭ নভেম্বর) তার জন্মদিন উদযাপন করেছেন। ১৯৮১ সালে ভারতের কর্নাটকের ম্যাঙ্গালুরুতে তার জন্ম হয়। এভাবে, ‘বাহুবলী’খ্যাত এই অভিনেত্রী ৪৫ বছরে পদার্পণ করলেন।

দীর্ঘ দুই দশকের অভিনয় জীবনে আনুশকা শেঠি একাধিক সিনেমায় অভিনয় করেছেন। তিনি অসংখ্য পুরস্কার ও সম্মাননা অর্জন করেছেন। তেলুগু ও তামিল সিনেমায় সমান জনপ্রিয়তা অর্জন করা এই অভিনেত্রীর জন্মদিনে সামাজিক মাধ্যমে ভক্ত, অনুরাগী এবং শুভাকাঙ্ক্ষীরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। ‘রুদ্রামাদেবী’, ‘বাগমতী’, ‘সিংহাম’ এবং ‘মিস শেঠি মিস্টার পলিশেট্টি’ সিনেমায় অভিনয় করে তিনি তার অবস্থান আরও শক্তিশালী করেছেন।

আনুশকা শেঠি অভিনয়ে আসার পূর্বে যোগব্যায়ামের প্রশিক্ষক হিসেবে কাজ করতেন। ২০০৫ সালে তেলুগু সিনেমা ‘সুপার’-এর মাধ্যমে তিনি বড় পর্দায় অভিষেক করেন। ক্যারিয়ারের শুরু থেকেই তার অভিনয় দক্ষতা দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়।

আরও পড়ুন: দুই দিনে কোটির মাইলফলকে ক্যাপিটাল ড্রামার ‘মন দুনিয়া’

২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘অরুন্ধতী’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। এরপর ‘বাহুবলী: দ্য বিগিনিং’ এবং ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ সিনেমায় দেবসেনা চরিত্রে অভিনয় করে তিনি ভারতজুড়ে জনপ্রিয়তা অর্জন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিমে সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


গার্ডিয়ান ও সিদীপের নতুন স্কিমে সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুরক্ষা

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিদীপ) নতুন ‘গোল-বেজড সেভিংস স্কিম’ চালু করেছে, যা সঞ্চয়ের পাশাপাশি ইন্স্যুরেন্স সুবিধা প্রদান করবে।

এই স্কিমের অধীনে সদস্যরা তিন বা পাঁচ বছর মেয়াদি ডিপোজিট পেনশন স্কিমের (ডিপিএস) মাধ্যমে নির্দিষ্ট আর্থিক লক্ষ্য অর্জনের জন্য টাকা জমা করতে পারবেন। সঞ্চয়ের পাশাপাশি, স্কিমের মেয়াদে ইন্স্যুরেন্স সুরক্ষা নিশ্চিত করা হবে। ফলে, গ্রাহকেরা ভবিষ্যতের জন্য টাকা সঞ্চয় করার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে অতিরিক্ত আর্থিক সুরক্ষা লাভ করবেন।

গত ১৪ অক্টোবর, এই স্কিম চালুর জন্য দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গার্ডিয়ানের পক্ষ থেকে চুক্তিতে সই করেন অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ টেকনিক্যাল অফিসার আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এবং সিদীপের নির্বাহী পরিচালক মিফতা নাঈম হুদা।

আমির ফয়সাল মোহাম্মদ জাকারিয়া এই উদ্যোগের বিষয়ে মন্তব্য করে বলেন, ‘নির্দিষ্ট কোনো লক্ষ্য সামনে রেখে সঞ্চয় করলে নিয়মিত টাকা জমাতে মানুষ উৎসাহ পায়। তবে সঞ্চয়ের পথে হঠাৎ কোনো ঘটনা পরিবারের আর্থিক অবস্থায় প্রভাব ফেলতে পারে, সেটিও ভাবতে হয়। সঞ্চয়ের সঙ্গে ইন্স্যুরেন্স সুবিধা যুক্ত হওয়ায় এই দুই প্রয়োজনই পূরণ করা সম্ভব হবে।’

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গার্ডিয়ানের পক্ষে উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার সানিয়াত রহমান, মাইক্রো ইন্স্যুরেন্স ও ডিজিটাল চ্যানেলের প্রধান আবদুল হালিম, ভাইস প্রেসিডেন্ট মো. নওশাদুল করিম চৌধুরী এবং বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. শাহরিয়ার জামিল আবির।

সিদীপের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিএম ও ডিজিটাইজেশন বিভাগের প্রধান অমিত কুমার রায়, মাইক্রোফাইন্যান্স কর্মসূচির প্রধান আবু খালেদ, জিএম ও হেড অফ প্রোগ্রাম আমিনুল হক ভূঁইয়া এবং এজিএম (এমএফ) আবু সালেহ নূর মোহাম্মদ। এছাড়া, প্রতিষ্ঠানটির ডিজিটাইজেশন ও এমআইএস বিভাগের অন্যান্য প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

মিফতা নাঈম হুদা বলেন, ‘সঞ্চয়ের নির্দিষ্ট লক্ষ্য থাকলে পরিবারগুলো ভবিষ্যতের খরচের জন্য আগে থেকেই প্রস্তুতি নিতে পারে। এতে নিজেদের অর্থের ব্যবস্থাপনাও ভালোভাবে করা যায়। সঞ্চয়ের সঙ্গে আর্থিক সুরক্ষা যুক্ত হলে মানুষ নিজের ও পরিবারের ভবিষ্যৎ আরও ভালোভাবে সামলাতে পারবে।’

এই উদ্যোগের মাধ্যমে পরিবারে পরিকল্পিত সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং ভবিষ্যতের খরচের জন্য আর্থিক প্রস্তুতি নিতে সহায়তা করাই উভয় প্রতিষ্ঠানের লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ উজ্জ্বল মিয়া, নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৮ পি.এম


পূর্বধলায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির র‍্যালি ও সমাবেশ

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নেত্রকোনার পূর্বধলায় র‍্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি। শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে প্রধান অতিথি ও নেতৃত্বদানকারী হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন নেত্রকোনা জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রহিম তালুকদার, পূর্বধলা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব বাবুল আলম তালুকদার, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহীদ ফকির, আনোয়ারুল ইসলাম তালুকদার আনার ও সেলিম উদ্দিন।

এ ছাড়া উপজেলা বিএনপির সদস্য আশরাফ উদ্দিন তালুকদার ও জাহাঙ্গীর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী সিদ্দিকী তুরাগসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আবু তাহের তালুকদার বলেন, “১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র রক্ষা পেয়েছিল। আজকের দিনে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সুদৃঢ় ভূমিকা রাখতে হবে।”

বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি প্রাণবন্ত হয়ে ওঠে। দিবসটি উপলক্ষে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা সুজন গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৪২ পি.এম


ভৈরবে বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় আ.লীগ নেতা সুজন গ্রেফতার

জুলাই আন্দোলনের সময় কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি, চানভান্ডার রোড থেকে গ্রেফতার

কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সুজনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চানভান্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুজন পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কার্যালয়টি যে জায়গায় অবস্থিত, সেটির মালিক বর্তমান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

৫ আগস্টের পর কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সুজন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।

ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলার আসামি আওয়ামী লীগ নেতা সুজনকে শনিবার রাতে শহরের চানভান্ডার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ: ওবামা, আল-সাইয়েদ ও মামদানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৮ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


ডেমোক্র্যাটিক পার্টির রাজনীতিতে নতুন মেরুকরণ: ওবামা, আল-সাইয়েদ ও মামদানি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ নেতৃত্ব এবং রাজনৈতিক গতিপথ নিয়ে বর্তমানে তিনটি নাম বিশেষভাবে আলোচনায় রয়েছে—বারাক ওবামা, আবদুল আল-সাইয়েদ ও জোহরান মামদানি। তিনজনের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, সময়কাল ও অবস্থান আলাদা। তবে তাদের নিয়ে যে রাজনৈতিক আলোচনা চলছে, সেখানে কিছু অভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। বিশেষ করে প্রচলিত রাজনৈতিক ক্ষমতাকাঠামোর বাইরে সাধারণ মানুষের অর্থনৈতিক উদ্বেগ, নতুন নেতৃত্বের উত্থান, বহুসাংস্কৃতিক সমাজের প্রতিনিধিত্ব এবং তৃণমূলভিত্তিক রাজনৈতিক সংগঠনের বিষয়গুলো উঠে এসেছে।

২০২৬ সালের ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মিশিগান অঙ্গরাজ্যের সিনেট আসনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে ডেমোক্রেটিক প্রার্থী আবদুল আল-সাইয়েদ। অ্যাসোসিয়েটেড প্রেস ও সিবিএস নিউজ ৪ নভেম্বর তার বিজয়ের খবর নিশ্চিত করে। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম হিসেবে সিনেটে নির্বাচিত হন। মিশিগানের এই নির্বাচন শুধুমাত্র একটি সিনেট আসনের প্রতিদ্বন্দ্বিতা ছিল না; বরং এটি ডেমোক্রেটিক পার্টির ভেতরে প্রগতিশীল রাজনীতির গ্রহণযোগ্যতা এবং নির্বাচনী কৌশল নিয়ে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে বিবেচিত হয়েছে।

৪২ বছর বয়সী আবদুল আল-সাইয়েদ মিশিগানে মিসরীয় অভিবাসী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসক, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এবং সাবেক সরকারি কর্মকর্তা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে ডক্টরেট অর্জন করেছেন এবং ছিলেন রোডস স্কলার। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করার পাশাপাশি মিশিগান বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেছেন। রাজনীতিতে আসার আগে তিনি ডেট্রয়েটের স্বাস্থ্য বিভাগের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ফলে তার রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জনস্বাস্থ্য, চিকিৎসা ও সামাজিক নীতির সম্পর্ক রয়েছে।

২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি আলোচনায় আসেন। সে নির্বাচনে গ্রেচেন হুইটমারের কাছে পরাজিত হলেও তার প্রচারণা প্রগতিশীল রাজনীতির একটি পরিচিত মুখ তৈরি করে। সর্বজনীন স্বাস্থ্যসেবা, সবার জন্য নিরাপদ পানি, শিক্ষাঋণমুক্ত উচ্চশিক্ষা, নবায়নযোগ্য জ্বালানি এবং রাজনীতিতে করপোরেট প্রভাব কমানোর প্রতিশ্রুতি ছিল তার কর্মসূচির গুরুত্বপূর্ণ অংশ। ২০২৬ সালের সিনেট নির্বাচনে সেই রাজনৈতিক দর্শন আরও বিস্তৃত পরিসরে সামনে আসে।

তার নির্বাচনী প্রচারণার প্রধান স্লোগান ও অগ্রাধিকার ছিল ‘রাজনীতি থেকে অর্থের প্রভাব দূর করা, মানুষের পকেটে অর্থ রাখা এবং সবার জন্য মেডিকেয়ার’। মেডিকেয়ার ফর অলের মাধ্যমে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, চিকিৎসার ব্যয় ও ঋণের চাপ কমানো, ধনকুবেরদের সম্পদের ওপর কর আরোপ এবং করপোরেট অর্থের রাজনৈতিক প্রভাব সীমিত করার কথা বলেছেন তিনি। একই সঙ্গে ইসরাইলকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া ও অস্ত্র বিক্রির বিরোধিতা করেছেন। তার বক্তব্য, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থ বিদেশি সামরিক খাতে ব্যয় না করে দেশের মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নে ব্যবহার করা উচিত।

এই অবস্থান তাকে ডেমোক্রেটিক পার্টির প্রচলিত রাজনৈতিক নেতৃত্বের একটি অংশের সঙ্গে মতপার্থক্যের মুখোমুখি করেছে। ইসরাইল বিষয়ক তার বক্তব্য নিয়ে সমালোচনা করেছেন কিছু ইহুদি নেতা ও রাজনৈতিক প্রতিপক্ষ। বিশেষ করে তার প্রচারণাকে সমর্থনকারী একটি বহিরাগত রাজনৈতিক অ্যাকশন কমিটির বিজ্ঞাপন নিয়ে বিতর্ক তৈরি হয়। বিজ্ঞাপনটিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক দুরবস্থার সঙ্গে ফিলিস্তিনে ইসরাইলি সামরিক কর্মকাণ্ডে মার্কিন অর্থায়নের সম্পর্ক টানা হয়েছিল। সমালোচকেরা বিজ্ঞাপনের ভাষায় ইহুদিবিদ্বেষী প্রচারণার ঐতিহাসিক ইঙ্গিত দেখতে পান। আল-সাইয়েদের প্রচারণা অবশ্য বিজ্ঞাপনটি থেকে নিজেদের দূরত্ব স্পষ্ট করে এবং জানায়, সেটি তাদের তৈরি নয়। তিনি ইসরাইলি সরকারের নীতির সমালোচনাকে ইহুদিবিদ্বেষের অভিযোগ থেকে পৃথক করে দেখার কথা বলেছেন।

নির্বাচনী প্রচারণায় তার ধর্মীয় পরিচয়ও রাজনৈতিক আক্রমণের বিষয় হয়ে ওঠে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার সহযোগীদের পক্ষ থেকে তার দেশপ্রেম ও রাজনৈতিক আনুগত্য নিয়ে প্রশ্ন তোলা হয়। উগ্রপন্থি গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও সামনে আনা হয়, যদিও এসব অভিযোগের পক্ষে বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপিত হয়নি। অন্যদিকে, ডেমোক্রেটিক পার্টির প্রাথমিক নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী হেইলি স্টিভেন্স শেষ মুহূর্তে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে সমর্থন করেন। ফলে নির্বাচনের শেষ পর্যায়ে দলীয় ঐক্য ও আদর্শিক বিরোধের প্রশ্নও আলোচনায় আসে। এতসব বিতর্কের মধ্যেও আল-সাইয়েদের বিজয় প্রগতিশীল রাজনীতির সমর্থকদের কাছে নতুন তাৎপর্য বহন করে।

এখানেই জোহরান মামদানির প্রসঙ্গ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি আবদুল আল-সাইয়েদের বিজয়কে অভিনন্দন জানান। তার বক্তব্যে উঠে আসে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়, স্বাস্থ্যসেবার নাগাল এবং রাজনীতিতে অর্থের প্রভাব কমানোর বিষয়। তিনি বলেন, আল-সাইয়েদের প্রচারণার মূল কথাগুলো শুধু মিশিগানের মানুষের জন্য নয়, নিউইয়র্কের মানুষের জন্যও প্রাসঙ্গিক। কর্মজীবী মানুষের স্বার্থকে রাজনীতির কেন্দ্রে ফিরিয়ে আনার যে প্রচেষ্টা, সেটিকে তিনি বৃহত্তর রাজনৈতিক আন্দোলনের অংশ হিসেবে দেখেন।

মামদানি অবশ্য আল-সাইয়েদকে নিজের রাজনৈতিক প্রতিচ্ছবি হিসেবে দেখতে চাননি। বরং দুজনের নিজস্ব রাজনৈতিক অভিজ্ঞতা ও কাজের ক্ষেত্রের স্বাতন্ত্র্যের ওপর গুরুত্ব দিয়েছেন। তবে তাদের রাজনৈতিক ভাষ্য ও প্রচারণায় কিছু মিল রয়েছে। উভয়েই জীবনযাত্রার ব্যয়, আবাসন, স্বাস্থ্যসেবা, সাধারণ মানুষের আয় এবং করপোরেট প্রভাবের প্রশ্নকে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এনেছেন। নিউইয়র্কের স্থানীয় নির্বাচনে মামদানি যে অর্থনৈতিক ইস্যুগুলোকে সামনে এনেছিলেন, মিশিগানের নির্বাচনে আল-সাইয়েদের প্রচারণাতেও সেগুলোর প্রতিফলন দেখা গেছে।

এবার আলোচনায় আসা যাক বারাক ওবামার প্রসঙ্গে। আল-সাইয়েদের রাজনৈতিক উত্থানের সঙ্গে ওবামার নামের তুলনা নতুন নয়। ২০১৮ সালে মিশিগানের গভর্নর নির্বাচনে প্রার্থী হওয়ার সময় থেকেই তার বক্তৃতার ধরন, ব্যক্তিগত জীবনকাহিনি, শিক্ষাগত যোগ্যতা এবং তৃণমূলভিত্তিক রাজনৈতিক যোগাযোগের কারণে ওবামার প্রসঙ্গ এসেছে। দুজনের মধ্যে অভিবাসী পরিবারের অভিজ্ঞতা, উচ্চশিক্ষা, সামাজিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব এবং প্রচলিত রাজনৈতিক কাঠামোর বাইরে সমর্থক সংগঠিত করার ক্ষেত্রে কিছু তুলনাযোগ্য বৈশিষ্ট্য রয়েছে।

তবে তাদের রাজনৈতিক অবস্থান ও ঐতিহাসিক ভূমিকা এক করে দেখা যাবে না। বারাক ওবামা যুক্তরাষ্ট্রের ৪৪তম প্রেসিডেন্ট ছিলেন এবং ২০০৮ সালের নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের মাধ্যমে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট হন। তার প্রচারণায় ‘হোপ’ ও ‘চেঞ্জ’ বা আশা ও পরিবর্তনের ধারণা, তৃণমূল সংগঠন এবং বৃহত্তর জাতীয় ঐক্যের ভাষ্য বিশেষ ভূমিকা রেখেছিল। আল-সাইয়েদের রাজনৈতিক ভাষ্য তুলনামূলকভাবে বেশি স্পষ্টভাবে প্রগতিশীল অর্থনীতি, সর্বজনীন স্বাস্থ্যসেবা, করপোরেট অর্থের নিয়ন্ত্রণ এবং মধ্যপ্রাচ্যবিষয়ক মার্কিন নীতির সমালোচনার ওপর কেন্দ্রীভূত। ফলে ওবামার সঙ্গে তুলনা তার সম্ভাব্য রাজনৈতিক প্রভাব বোঝার একটি উপায় হতে পারে, কিন্তু সেটি কোনো অভিন্ন রাজনৈতিক প্রকল্পের প্রমাণ নয়।

তিনজনের রাজনৈতিক অবস্থান ও দায়িত্বের মধ্যেও পার্থক্য রয়েছে। ওবামা একজন সাবেক প্রেসিডেন্ট, মামদানি নিউইয়র্কের মেয়র এবং এল-সায়েদ সিনেটর-নির্বাচিত। তাদের রাজনৈতিক অভিজ্ঞতা, দায়িত্বের পরিধি এবং ক্ষমতা প্রয়োগের ক্ষেত্র আলাদা। তাই একই রাজনৈতিক আলোচনায় তাদের নাম উচ্চারিত হওয়া মানেই তারা একই ধরনের নেতৃত্ব বা একই রাজনৈতিক ধারার প্রতিনিধি—এমন সিদ্ধান্তে পৌঁছানো ঠিক হবে না।

তবে তাদের ঘিরে একটি বৃহত্তর প্রশ্ন সামনে এসেছে: ডেমোক্র্যাটিক পার্টির ভবিষ্যৎ রাজনীতি কি প্রচলিত নেতৃত্বের বাইরে নতুন সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতাকে আরও গুরুত্ব দেবে? বিশেষ করে তরুণ ভোটার, অভিবাসী পরিবারের সন্তান, মুসলিম ও আরব-আমেরিকান জনগোষ্ঠী, কৃষ্ণাঙ্গ নাগরিক এবং শ্রমজীবী মানুষের রাজনৈতিক আকাঙ্ক্ষা কীভাবে দলটির নীতি ও নেতৃত্বকে প্রভাবিত করবে?

মিশিগানের নির্বাচন এ প্রশ্নের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ধর্মীয় পরিচয়, অভিবাসী পটভূমি কিংবা জাতিগত বৈচিত্র্য এখনো বিতর্কের বিষয় হলেও এসব পরিচয়ের মানুষ যে জাতীয় পর্যায়ের নেতৃত্বে আসতে পারেন, এল-সায়েদের বিজয় তা দেখিয়েছে। একই সঙ্গে নির্বাচনে তার সাফল্য প্রমাণ করে না যে ডেমোক্রেটিক পার্টির সব ভোটার তার রাজনৈতিক কর্মসূচির সঙ্গে একমত। বরং এটি দেখায়, একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গরাজ্যে স্বাস্থ্যসেবা, জীবনযাত্রার ব্যয়, রাজনৈতিক অর্থায়ন এবং পররাষ্ট্রনীতির মতো ইস্যু নির্বাচনী প্রতিযোগিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

আল-সাইয়েদের সামনে এখন নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের চ্যালেঞ্জ। নির্বাচনে জয়ী হওয়া আর কংগ্রেসে নিজের কর্মসূচি বাস্তবায়ন করা এক বিষয় নয়। স্বাস্থ্যসেবা সংস্কার, করপোরেট অর্থের রাজনৈতিক প্রভাব সীমিত করা কিংবা ইসরাইল-ফিলিস্তিন প্রশ্নে মার্কিন নীতির পরিবর্তনের জন্য তাকে শুধু নিজের দলের ভেতরেই নয়, কংগ্রেসের বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার সঙ্গেও কাজ করতে হবে।

বারাক ওবামা, জোহরান মামদানি ও আবদুল আল-সাইয়েদ—তিনটি নাম তাই শুধু তিনজন রাজনীতিকের পরিচয় নয়; এগুলো যুক্তরাষ্ট্রের পরিবর্তনশীল রাজনৈতিক সমাজ, নেতৃত্বের নতুন আকাঙ্ক্ষা এবং ডেমোক্র্যাটিক পার্টির আদর্শিক বিতর্কের তিনটি পৃথক অধ্যায়। তাদের মধ্যে মিল যেমন আছে, তেমনি রয়েছে গুরুত্বপূর্ণ অমিল। ভবিষ্যতে এই ধারার রাজনীতি কতটা প্রভাব বিস্তার করবে, তা নির্ভর করবে নির্বাচনী সাফল্যের পাশাপাশি নীতি বাস্তবায়ন, সাংগঠনিক সক্ষমতা এবং সাধারণ মানুষের জীবনে দৃশ্যমান পরিবর্তন আনার ওপর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%