ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নারায়ণগঞ্জে ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু


নারায়ণগঞ্জে ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে যুবকের মৃত্যু

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফার্নিশ অয়েলবাহী ট্যাংক লরির ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণে মো. রাতুল (২২) নামের এক যুবক মারা গেছেন। এ ঘটনায় তাকে উদ্ধার করতে গিয়ে মো. ফারুক (৪২) নামের অপর একজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ৮ নম্বর ওয়ার্ডের ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রাতুল ধনুকুন্ডা সাউদ বাড়ি এলাকার কুদ্দুস আলীর ছেলে এবং তিনি ওই ট্যাংক লরির হেলপার হিসেবে কাজ করছিলেন। অপরদিকে, অসুস্থ হয়ে পড়া মো. ফারুক সংশ্লিষ্ট ফার্নিশ অয়েল হাউজের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২ নম্বর ঢাকেশ্বরী বাসস্ট্যান্ডের পূর্ব পাশে মারুফ নামের এক ব্যক্তির মালিকানাধীন ফার্নিশ অয়েল হাউজের সামনে একটি ট্যাংক লরি দাঁড়িয়ে ছিল। রবিবার রাতে হেলপার রাতুল লরির ট্যাংক পরীক্ষা করার জন্য ভেতরে প্রবেশ করেন। এ সময় ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে তিনি অচেতন হয়ে পড়েন। বিষয়টি বুঝতে পেরে তাকে উদ্ধার করতে গিয়ে প্রতিষ্ঠানের ম্যানেজার ফারুকও ট্যাংকের ভেতরে নামলে তিনিও বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে জ্ঞান হারান।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

পরে আশপাশের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত দুজনকে উদ্ধার করে শহরের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাতুলকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর অসুস্থ অবস্থায় ম্যানেজার ফারুককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি, তবে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল, সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল, সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪৪৮ হিজরি সনের পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং তারিখ নির্ধারণের উদ্দেশ্যে এই সভা অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ওইদিন সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে সভাটি অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) এমপি সভার সভাপতিত্ব করবেন।

সোমবার (৯ নভেম্বর) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি বাংলাদেশের আকাশে পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখা যায়, তাহলে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।

চাঁদ দেখার তথ্য জানাতে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত টেলিফোন নম্বরগুলো হলো— ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০ এবং ০২-২২৩৩৮৩৩৯৭। এছাড়া সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও চাঁদ দেখার তথ্য জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে পবিত্র জুমাদাল আখিরাহ মাসের চাঁদ দেখার বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুই দিনে কোটির মাইলফলকে ক্যাপিটাল ড্রামার ‘মন দুনিয়া’

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


দুই দিনে কোটির মাইলফলকে ক্যাপিটাল ড্রামার ‘মন দুনিয়া’

নাটক ‘মন দুনিয়া’ প্রেম, বন্ধুত্ব, অভিমান এবং পারিবারিক টানাপড়েনের গল্প নিয়ে নির্মিত হয়েছে। মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে ক্যাপিটাল ড্রামার এই আয়োজন। নাটকটি মাত্র দুই দিনে ইউটিউবে এক কোটিরও বেশি দর্শক দেখেছে। এটি সবচেয়ে দ্রুত সময়ে কোটির ঘরে পৌঁছানোর রেকর্ড গড়েছে।

নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিম সাইয়ারা তটিনী, এবং এটি পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। প্রচারের পর থেকেই নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে। দর্শকদের প্রশংসাও ব্যাপকভাবে পাওয়া যাচ্ছে।

ইউটিউবে নাটকটির মন্তব্যের ঘরে একজন লিখেছেন, “ভালোবাসার অসম্পূর্ণতাকে পূর্ণতা পাওয়ার লড়াইটা দারুণ ফুটিয়ে তুলেছেন তৌসিফ ও তটিনী। বিশেষ করে আবেগের জায়গাগুলো খুব মন ছুঁয়ে গেছে।” আরেক দর্শক মন্তব্য করেছেন, “দারুণ একটা নাটক। শুরু থেকে শেষ পর্যন্ত চোখ ফেরানো যায়নি।”

নাটকের কাহিনীতে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রথম দিনেই অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে বিপাকে পড়ে আবির (তৌসিফ)। সেখান থেকেই সহপাঠী তুলির (তটিনী) সঙ্গে তার বন্ধুত্বের সূচনা ঘটে। একই বন্ধুমহলের রাতুল প্রকাশ্যে তুলিকে প্রেমের প্রস্তাব দিলে গল্পের মোড় পরিবর্তন হয়। রাতুলের প্রস্তাব ফিরিয়ে দিয়ে তুলি জানায়, সে আবিরকে ভালোবাসে। কিন্তু বন্ধুত্বের কথা ভেবে আবির নিজের অনুভূতি আড়াল করে দূরে সরে যেতে চায়। এতে দুজনের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয়। এরপর দুই পরিবারের বিরোধিতা এবং বাবার দেওয়া শর্তে তাদের সম্পর্ক আরও জটিল হয়ে ওঠে। পারিবারিক মর্যাদা ও বাবার অভিমানের কাছে একসময় হার মানতে হয় আবির ও তুলিকে। বিচ্ছেদের পর দেড় বছরেরও বেশি সময় পেরিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা, নীরবতা ও দূরত্বের পর তুলির আত্মত্যাগ এবং আবিরের ফিরে আসার মধ্য দিয়ে গল্পের পরিণতি ঘটে।

দ্রুততম সময়ে কোটির মাইলফলকে নিজের অভিনীত নাটকটি প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব কালের কণ্ঠকে বলেন, “আমি মনে করি, ভিউ অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ একটা কাজ কত মানুষের কাছে পৌঁছাচ্ছে, দর্শক কতটা আগ্রহ নিয়ে দেখছেন এবং একটা প্রজেক্টকে কতটা ভালোবাসছেন, তার একটা প্রতিফলন এই সংখ্যাগুলোতে পাওয়া যায়। তাই ভিউয়ের গুরুত্বকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। তবে একই সঙ্গে আমি এটাও বিশ্বাস করি, একটা কাজের সাফল্য শুধু ভিউ দিয়ে বিচার করা উচিত নয়। দিন শেষে গল্পটা দর্শকের মনে কতটা জায়গা করে নিতে পারল, চরিত্রগুলো কতটা আপন হয়ে উঠল, কিংবা দেখার পরও গল্পের কোনো অংশ দর্শকের মনে থেকে গেল কি না—আমার কাছে সেগুলো আরও বেশি গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “অবশ্যই এই অর্জন উদ্‌যাপন করার মতো। তবে আমি চাই, এই সাফল্য যেন আমাদের আত্মতুষ্টির কারণ না হয়ে বরং সামনে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা হয়ে থাকে। কারণ দিন শেষে সংখ্যার চেয়েও গুরুত্বপূর্ণ হলো, আমরা দর্শকদের জন্য কেমন কাজ রেখে যেতে পারছি। এই অর্জনের জন্য দর্শকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। পাশাপাশি পুরো টিমের প্রত্যেকটি মানুষের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা, যাঁদের সম্মিলিত প্রচেষ্টায় কাজটি এত মানুষের কাছে পৌঁছেছে।”

জীবনঘনিষ্ঠ সংলাপ, বন্ধুত্বের বোঝাপড়া এবং পারিবারিক বাধার নানা দিক নাটকটিতে উঠে এসেছে। আনোয়ারুল আলম সজলের প্রযোজনায় এতে তৌসিফ ও তটিনী ছাড়াও অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, শেহজাদ ওমর, শিল্পী সরকার অপুসহ অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী সুমাইয়া নিহত, আহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৪ পি.এম


নবীনগরে সড়ক দুর্ঘটনায় কলেজছাত্রী সুমাইয়া নিহত, আহত ২

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে একটি দ্রুতগামী মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষের ফলে সুমাইয়া আক্তার (১৭) নামের এক মেধাবী কলেজছাত্রী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন।

সোমবার সকালে নবীনগর পৌরসভার আলীয়াবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় হৃদয়বিদারক এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত সুমাইয়া আক্তার কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের আমির হোসেনের কন্যা। তিনি নবীনগর সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং তার পরিবার বর্তমানে নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামে ভাড়া বাসায় বসবাস করছিল।

আহতদের মধ্যে নবীনগর উপজেলার শ্রীরামপুর গ্রামের বাসিন্দা ইভা ও মিথিলা রয়েছেন। তারা উভয়েই নবীনগর সরকারি কলেজের শিক্ষার্থী। প্রাথমিক চিকিৎসা শেষে বর্তমানে তারা নিজ বাড়িতে নিরাপদে আছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকালে সুমাইয়া একটি অটোরিকশায় চড়ে নিয়মিত ক্লাসের উদ্দেশ্যে কলেজ যাচ্ছিলেন। পথিমধ্যে আলীয়াবাদ বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে প্রচণ্ড ধাক্কায় সুমাইয়া অটোরিকশা থেকে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

খবর পেয়ে নিহতের স্বজন ও সহপাঠীরা হাসপাতালে ছুটে আসেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ওসি (তদন্ত) রাজীব কান্তি নাথ জানান, সংবাদ পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে হাসপাতালে পৌঁছে নিহতের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

একজন উদীয়মান কলেজ শিক্ষার্থীর আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে তার পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এলাকায় চলছে শোকের মাতম।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কামরুল হাসান রুবেলের নেতৃত্বে বাকেরগঞ্জে বিএনপির ঐক্যের দৃষ্টান্ত

আন্তর্জাতিক ডেস্ক

নিজস্ব সংবাদদাতা, মোঃসানি

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৪০ পি.এম


কামরুল হাসান রুবেলের নেতৃত্বে বাকেরগঞ্জে বিএনপির ঐক্যের দৃষ্টান্ত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ৭ই নভেম্বর উপলক্ষে বাকেরগঞ্জে বিএনপি আয়োজিত সমাবেশে উপজেলার ৭ নং কবাই ইউনিয়ন থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেছেন।

কবাই ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃত্বে রংবেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে সুসজ্জিত হয়ে এই মিছিল সমাবেশস্থলে এসে পৌঁছায়।

কবাই জাতীয়তাবাদী দল বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের নেতৃত্বে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে সমাবেশে অংশগ্রহণ করেন।

সমাবেশে উপস্থিত অনেকেই মন্তব্য করেছেন, জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে বাকেরগঞ্জের সকল ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন। তবে কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেলের নেতৃত্বে রংবেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে সুসজ্জিত হয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশে অংশগ্রহণ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%