০১:২২ পি.এম
হবিগঞ্জের আজমিরীগঞ্জে একটি কিন্ডারগার্টেন বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরির ঘটনা ঘটেছে রাতের আঁধারে। বিদ্যালয় কর্তৃপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে এই ঘটনার পর।
রোববার (৮ নভেম্বর) ভোররাতে জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত ‘জলসুখা কিন্ডারগার্টেন বিদ্যালয়’-এ এই চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (৭ নভেম্বর) বিকেলে বিদ্যালয়ের কার্যক্রম শেষে শিক্ষক-কর্মচারীরা নিয়ম অনুযায়ী সব কক্ষ তালাবদ্ধ করে বাড়ি চলে যান। পরদিন রোববার সকাল সাড়ে ৬টার দিকে বিদ্যালয় খুলতে এসে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান বিদ্যালয়ের আয়া। পরে ভেতরে প্রবেশ করে চুরির বিষয়টি সবার নজরে আসে।
আরও পড়ুন: মাগুরায় বাসের ধাক্কায় প্রতিবন্ধী নবাব আলী নিহত, রিকশাচালক গুরুতর আহত
চোরেরা অফিস কক্ষের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে ১০টি প্লাস্টিকের চেয়ার, সিলিং ফ্যান, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক চুলা, চায়ের কাপ, পিতলের ঘণ্টা, একটি ল্যাপটপ, একটি কালার প্রিন্টার এবং ড্রয়ারে থাকা নগদ ৪৫ হাজার ৯৫০ টাকাসহ সর্বমোট প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত হাসান বলেন, "শনিবার বিকেলে স্কুল বন্ধ করে বাড়ি যাওয়ার পর রোববার সকালে এসে দেখি অফিসের তালা ভাঙা এবং ভেতরের সবকিছু এলোমেলো। নগদ টাকাসহ প্রায় দেড় লাখ টাকার মালামাল চুরি হয়ে গেছে। এ ঘটনায় ন্যায়বিচার ও আইনি ব্যবস্থা নিতে থানায় লিখিত অভিযোগ জমা দিয়েছি।"
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য আলা উদ্দিন মিয়া জানান, সকালে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানের মতো জায়গায় এমন চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।
চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করে আজমিরীগঞ্জ থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
আরও পড়ুন: কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন