০৬:৪২ পি.এম
জুলাই আন্দোলনের সময় কার্যালয় ভাঙচুরের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি তিনি, চানভান্ডার রোড থেকে গ্রেফতার
কিশোরগঞ্জের ভৈরবে উপজেলা বিএনপির কার্যালয় ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ও নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাখাওয়াত হোসেন সুজনকে (৫২) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত ১০টার দিকে পৌর শহরের চানভান্ডার রোড সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সুজন পৌর আওয়ামী লীগের ৫ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি পৌর শহরের জগন্নাথপুর গ্রামের মৃত আমীর হোসেনের ছেলে।
আরও পড়ুন: নারায়ণগঞ্জ নগর খানপুর গোয়ালপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড
পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময় ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। এ সময় কার্যালয়টির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কার্যালয়টি যে জায়গায় অবস্থিত, সেটির মালিক বর্তমান কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের সংসদ সদস্য ও পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
৫ আগস্টের পর কার্যালয় ভাঙচুরের ঘটনায় ভৈরব থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন সুজন। মামলা দায়েরের পর থেকে তিনি পলাতক ছিলেন বলে জানা গেছে।
ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলার আসামি আওয়ামী লীগ নেতা সুজনকে শনিবার রাতে শহরের চানভান্ডার রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। রোববার দুপুরে তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভৈরবে জমি নিয়ে বিরোধ, ভাড়াটিয়াদের প্রাণনাশের হুমকির অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন