০২:০৭ পি.এম
নাটোরের বাগাতিপাড়ায় মাদকের অপব্যবহার ও বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সকাল ১২টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ সভায় শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখা, বাল্যবিবাহ প্রতিরোধ, শিক্ষাজীবন অব্যাহত রাখা এবং একটি সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে সচেতনতামূলক আলোচনা করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ১০০ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ বিতরণ করা হয়।
সভায় বক্তারা উল্লেখ করেন, মাদকের অপব্যবহার শুধুমাত্র একজন শিক্ষার্থীর জীবনকে বিপর্যস্ত করে না, বরং এটি একটি পরিবার এবং সমাজকেও ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। মাদকাসক্তির কারণে শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যাহত হয় এবং তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়ে। তাই শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করার পাশাপাশি পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানে তাদের প্রতি যথাযথ নজরদারি ও সহায়তা নিশ্চিত করা জরুরি।
আরও পড়ুন: আ. লীগের সঙ্গে যোগাযোগের অভিযোগে চট্টগ্রামের পুলিশ সুপারের ফোন জব্দ
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহের ফলে কিশোর-কিশোরীদের শিক্ষাজীবন বাধাগ্রস্ত হয় এবং তাদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ ব্যাহত হয়। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্ম গড়ে তুলতে বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধি ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার। সভাপতিত্ব করেন বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শামসুল ইসলাম। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার সৈকত মোঃ রেজওয়ানুল হক, প্রাণিসম্পদ কর্মকর্তা রোকনুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানের একপর্যায়ে ১০০ জন শিক্ষার্থীর হাতে শিক্ষা উপকরণ ও পরিবেশবান্ধব গাছ তুলে দেওয়া হয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করার পাশাপাশি পরিবেশের প্রতি তাদের দায়িত্ববোধ জাগ্রত করার বার্তা দেওয়া হয়।
আরও পড়ুন: কক্সবাজারে ২ লাখ ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক
মতবিনিময় সভায় মাদক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং প্রতিটি শিক্ষার্থীর শিক্ষার অধিকার ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিক্ষা অফিসার সালাউদ্দিন ডলার।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন