ঢাকা মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ইং ০৯ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে মাঠে কাটা আমন ধান নিমজ্জিত


উত্তরাঞ্চলে টানা বৃষ্টিতে মাঠে কাটা আমন ধান নিমজ্জিত

রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : টানা বৃষ্টির কারণে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

কৃষক এবং কৃষি কর্মকর্তাদের মতে, টানা চার দিনের মাঝারি বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন বিল এলাকার মাঠে কাটা আমন ধান পানিতে ডুবে গেছে।

কৃষকদের মধ্যে আশঙ্কা রয়েছে যে, বৃষ্টির পানিতে নিমজ্জিত ধানের শিষ থেকে দানা ঝরে পড়তে পারে এবং ধানের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। দেশের বিভিন্ন জেলা থেকেও কৃষকদের দুর্ভোগের খবর এসেছে, যা উদ্বেগজনক।

আরও পড়ুন: ফ্যাক্টওয়াচ: পুরোনো ভিডিওকে আ. লীগের বিক্ষোভ মিছিল হিসেবে অপপ্রচার শনাক্ত

আমন ধান কাটার পর মাড়াইয়ের আগে চার থেকে পাঁচ দিন মাঠে শুকানোর প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় ধানের রং অক্ষুণ্ন থাকে এবং আর্দ্রতা কমে আসে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কৃষকরা কাটা ধান শুকানোর সুযোগ পাননি।

শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। এর ফলে অধিকাংশ কৃষক মাঠ থেকে কাটা আমন ধান মাড়াইয়ের খলায় তুলতে সক্ষম হননি।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, উত্তরাঞ্চলে এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ শতাংশ জমির মধ্যে অর্ধেকের ধান কেটে মাঠে রাখা হয়েছে। অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসে হেলে পড়েছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবারের ফলনের জন্য আশা ছিল। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: কালিয়াকৈরে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডে শ্রমিক অবরোধ ছত্রভঙ্গ

উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে রংপুরের পাঁচ জেলায় সবচেয়ে বেশি ৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।

দিনাজপুরের বৃহত্তর তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন, রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর জমি থেকে ১৩ লাখ ৩৯ হাজার টন এবং বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর জমি থেকে ১২ লাখ ৮০ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

কৃষি বিভাগ জানাচ্ছে, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো আমন উৎপাদনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের উৎপাদনে কিছুটা তারতম্য হতে পারে।

কৃষি বিভাগের সূত্র জানাচ্ছে, উত্তরাঞ্চলের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

আরও পড়ুন: গাইবান্ধার সাদুল্যাপুরে ১৩ বছর বয়সী হাফেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার

কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের আবাদ ভালো হওয়ায় প্রতি হেক্টরে ৩ দশমিক ৪২ টন আমন ধান উৎপাদনের আশা করা হয়েছিল। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সম্ভাব্য উৎপাদনের কত শতাংশ কমতে পারে, তা নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।

এদিকে সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাঠের পর মাঠে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন ধান পড়ে রয়েছে।

কিছু কিছু স্থানে ধানক্ষেতে হাঁটুপানি জমেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ধানগাছও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।

আরও পড়ুন: রাজশাহী রেঞ্জ পুলিশের অভিযানে ১৫৬ জন গ্রেফতার, উদ্ধার হলো বিপুল পরিমাণ মাদক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, উচ্চশিক্ষার মান নিয়ে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০০ পি.এম


রাষ্ট্রপতির সঙ্গে আইইউবিএটি প্রতিনিধিদলের সাক্ষাৎ, উচ্চশিক্ষার মান নিয়ে আলোচনা

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) একটি প্রতিনিধিদল। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব। সাক্ষাৎকালে তিনি রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও অন্যান্য কার্যক্রম এবং সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

রাষ্ট্রপতি উচ্চশিক্ষার মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন। তিনি শিক্ষার্থীদের প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনের মাধ্যমে কর্মজীবনের জন্য প্রস্তুত করে তোলার বিষয়েও জোর দিয়েছেন।

এ সময় প্রতিনিধিদল রাষ্ট্রপতিকে বিশ্ববিদ্যালয়ের আচার্য হিসেবে আইইউবিএটির আসন্ন দশম সমাবর্তনে সভাপতিত্ব করার জন্য আমন্ত্রণ জানায়। রাষ্ট্রপতি সেই আমন্ত্রণ গ্রহণ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেন্দুয়ায় বাহরাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


কেন্দুয়ায় বাহরাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে কৃষকদের মানববন্ধন

‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বাহরাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জুড়াইল গ্রামের কৃষকদের উদ্যোগে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জুড়াইল গ্রামের সকল স্তরের কৃষকদের উদ্যোগে বাহরাইল বিল প্রকল্পের নির্মাণাধীন ফার্ম এক্সেস রোডের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা বাহরাইল বিল উপপ্রকল্প বাতিলের দাবি জানিয়ে নিজেদের উদ্বেগ ও প্রতিবাদ তুলে ধরেন। প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধনের ব্যানারে ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগান লেখা ছিল।

এ সময় বক্তব্য রাখেন জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম মিয়া, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আল আমিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবু সালেক, উপজেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ও কৃষক জুয়েল রানা, ফজু রহমান প্রমুখ।

বক্তারা উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কৃষকদের স্বার্থ, কৃষিজমির ক্ষয়ক্ষতি এবং কৃষি কার্যক্রমের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দুই ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। এতে কৃষকদের চাষাবাদ ও কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা কৃষকদের স্বার্থ বিবেচনায় বাহরাইল বিল উপপ্রকল্প বাতিলের দাবি জানান। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কৃষকরা অংশগ্রহণ করেন।

মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃষকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্পটি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের দাপ্তরিক মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্তভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ও জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যের এই বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইল বিল উপপ্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৩০০ ফিটে ডাকাতির গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০১ পি.এম


৩০০ ফিটে ডাকাতির গুজব না ছড়ানোর আহ্বান ডিএমপির

রাজধানীর ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে—এমন মিথ্যা দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জনসাধারণকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

সম্প্রতি ‘ঢাকা ট্রিবিউন’-এর ফেসবুক পেজে ‘৩০০ ফিটে গাড়ি থামিয়ে ডাকাতি, ড্যাশক্যামে ধরা পড়ল ভয়ংকর মুহূর্ত!’ শিরোনামে ১ মিনিট ৮ সেকেন্ডের একটি ভিডিও (রিলস) প্রকাশিত হয়েছে। তবে ভিডিওতে বর্ণিত ডাকাতির ঘটনার কোন বাস্তবতা নেই; ৩০০ ফিট সড়কে গাড়ি থামিয়ে ডাকাতির কোন ঘটনা ঘটেনি।

প্রকৃত ঘটনা যাচাই না করে এ ধরনের চাঞ্চল্যকর শিরোনামে সংবাদ বা ভিডিও প্রচার জনমনে অযথা আতঙ্ক ও বিভ্রান্তি সৃষ্টি করতে পারে। গণমাধ্যমের দায়িত্বশীলতার দৃষ্টিকোণ থেকে যেকোনো ঘটনা প্রকাশের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করা অত্যন্ত জরুরি।

আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা সংক্রান্ত বিষয়ে অসমর্থিত ও বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের প্রচারে বিভ্রান্ত না হয়ে যেকোনো সন্দেহজনক ঘটনা বা অপরাধের তথ্য নিকটস্থ থানা কিংবা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানানোর জন্য জনসাধারণের প্রতি ডিএমপি অনুরোধ জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী-মেয়ে: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৪শে নভেম্বর, ২০২৬ ইং

০৩:০২ পি.এম


২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা স্বজনদের হাতে প্রতি ঘণ্টায় নিহত পাঁচ নারী-মেয়ে: জাতিসংঘ

বিশ্বব্যাপী ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারেরও বেশি নারী ও মেয়ে হত্যার শিকার হয়েছেন। এর মানে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজনের প্রাণহানি ঘটছে। এই তথ্য জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করছে। তবে পরিস্থিতির উন্নতি ঘটেনি।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। এই হিসাব ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।

এছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তবে নারী হত্যার ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে ঝুঁকি অনেক বেশি। নারীদের হত্যার শিকার হওয়ার ক্ষেত্রে ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।

অঞ্চলভেদে দেখা যায়, আফ্রিকায় এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালে সেখানে ২২ হাজার ১০০ নারী ও মেয়ে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। এশিয়ায় এই সংখ্যা ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলকভাবে ধীরগতিতে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই প্রবণতা উদ্বেগজনক।

জাতিসংঘের দুই সংস্থা বলেছে, সামাজিক রীতিনীতি, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধা নারীদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখছে।

প্রতিবেদনে ‘নারীহত্যা’ বলতে শুধু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ড বোঝানো হয়নি। লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ড, যেমন সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে। তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এসব হত্যাকাণ্ডের তথ্য এখনো সীমিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৩ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৯ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%