প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোণার কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের বাহরাইল বিল উপ-প্রকল্প বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে জুড়াইল গ্রামের কৃষকদের উদ্যোগে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় জুড়াইল গ্রামের সকল স্তরের কৃষকদের উদ্যোগে বাহরাইল বিল প্রকল্পের নির্মাণাধীন ফার্ম এক্সেস রোডের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী কৃষকরা বাহরাইল বিল উপপ্রকল্প বাতিলের দাবি জানিয়ে নিজেদের উদ্বেগ ও প্রতিবাদ তুলে ধরেন। প্রকল্পটি বাতিলের দাবি জানিয়ে মানববন্ধনের ব্যানারে ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’ স্লোগান লেখা ছিল।
এ সময় বক্তব্য রাখেন জুড়াইল গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ও নওপাড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল আজিজ, স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক সেলিম মিয়া, উপজেলা সমবায় দলের আহ্বায়ক আল আমিন, নওপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য আবু সালেক, উপজেলা সমবায় দলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম, নওপাড়া ইউনিয়ন ছাত্রদল নেতা ও কৃষক জুয়েল রানা, ফজু রহমান প্রমুখ।
বক্তারা উল্লেখ করেন, প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে স্থানীয় কৃষকদের স্বার্থ, কৃষিজমির ক্ষয়ক্ষতি এবং কৃষি কার্যক্রমের বিষয়টি যথাযথভাবে বিবেচনা করা হয়নি। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার দুই ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যবস্থা বাধাগ্রস্ত হতে পারে। এতে কৃষকদের চাষাবাদ ও কৃষি উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
তারা কৃষকদের স্বার্থ বিবেচনায় বাহরাইল বিল উপপ্রকল্প বাতিলের দাবি জানান। মানববন্ধনে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও কৃষকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন থেকে স্থানীয় সংসদ সদস্য এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃষকদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রকল্পটি বাতিলের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমানের দাপ্তরিক মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুঠোফোনে জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে বিষয়টির তদন্তভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ডকে দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ও জাইকার অর্থায়নে প্রায় ৯৬ লাখ টাকা ব্যয়ে ২ হাজার ১০০ মিটার দৈর্ঘ্যের এই বাঁধ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। বাহরাইল বিল উপপ্রকল্পের আওতায় এই কাজ বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন