প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বব্যাপী ২০২৫ সালে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে ৪৭ হাজারেরও বেশি নারী ও মেয়ে হত্যার শিকার হয়েছেন। এর মানে প্রতি ঘণ্টায় গড়ে পাঁচজনের প্রাণহানি ঘটছে। এই তথ্য জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে উঠে এসেছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতিসংঘের নারী বিষয়ক সংস্থা ইউএন উইমেন এবং মাদক ও অপরাধবিষয়ক সংস্থা ইউএনওডিসি প্রতিবেদনটি প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা ৪৫ হাজার থেকে ৫১ হাজারের মধ্যে ওঠানামা করছে। তবে পরিস্থিতির উন্নতি ঘটেনি।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট ৭৮ হাজার নারী ও মেয়েকে ইচ্ছাকৃতভাবে হত্যা করা হয়েছে। তাঁদের মধ্যে প্রায় ৬০ শতাংশ ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে প্রাণ হারিয়েছেন। এই হিসাব ১২২টি দেশ ও অঞ্চলের তথ্য বিশ্লেষণের মাধ্যমে তৈরি করা হয়েছে।
এছাড়াও, প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে বিশ্বজুড়ে মোট হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের মধ্যে নারীর হার ছিল ১৯ শতাংশ। তবে নারী হত্যার ক্ষেত্রে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরে ঝুঁকি অনেক বেশি। নারীদের হত্যার শিকার হওয়ার ক্ষেত্রে ৬০ শতাংশই ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন, যেখানে পুরুষদের ক্ষেত্রে এই হার মাত্র ১১ শতাংশ।
অঞ্চলভেদে দেখা যায়, আফ্রিকায় এ ধরনের হত্যাকাণ্ডের সংখ্যা সবচেয়ে বেশি। ২০২৫ সালে সেখানে ২২ হাজার ১০০ নারী ও মেয়ে ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে নিহত হয়েছেন। এশিয়ায় এই সংখ্যা ১৫ হাজার ১০০, আমেরিকায় ৭ হাজার ৪০০, ইউরোপে ২ হাজার ১০০ এবং ওশেনিয়ায় ৩০০।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিশ্বজুড়ে সামগ্রিক হত্যাকাণ্ডের হার কমলেও নারীদের লিঙ্গভিত্তিক হত্যাকাণ্ডের হার তুলনামূলকভাবে ধীরগতিতে কমছে। বিশেষ করে আমেরিকা ও ইউরোপে এই প্রবণতা উদ্বেগজনক।
জাতিসংঘের দুই সংস্থা বলেছে, সামাজিক রীতিনীতি, লিঙ্গভিত্তিক বৈষম্য এবং বিচার পাওয়ার ক্ষেত্রে নানা বাধা নারীদের বিরুদ্ধে এ ধরনের সহিংসতা ও হত্যাকাণ্ডের পেছনে ভূমিকা রাখছে।
প্রতিবেদনে ‘নারীহত্যা’ বলতে শুধু ঘনিষ্ঠ সঙ্গী বা পরিবারের সদস্যদের হাতে হত্যাকাণ্ড বোঝানো হয়নি। লিঙ্গপরিচয়ের কারণে সংঘটিত অন্যান্য হত্যাকাণ্ড, যেমন সংঘবদ্ধ অপরাধ, জোরপূর্বক শ্রম বা মানব পাচারের সঙ্গে সংশ্লিষ্ট হত্যাকাণ্ডও এর আওতায় পড়তে পারে। তবে ব্যক্তিগত ও পারিবারিক পরিসরের বাইরে সংঘটিত এসব হত্যাকাণ্ডের তথ্য এখনো সীমিত।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন