প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহী, ২৪ নভেম্বর, ২০২৬ : টানা বৃষ্টির কারণে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় মাঠে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ফসলের সম্ভাব্য ক্ষতি নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
কৃষক এবং কৃষি কর্মকর্তাদের মতে, টানা চার দিনের মাঝারি বৃষ্টির ফলে বরেন্দ্র অঞ্চল এবং উত্তরাঞ্চলের বিভিন্ন বিল এলাকার মাঠে কাটা আমন ধান পানিতে ডুবে গেছে।
কৃষকদের মধ্যে আশঙ্কা রয়েছে যে, বৃষ্টির পানিতে নিমজ্জিত ধানের শিষ থেকে দানা ঝরে পড়তে পারে এবং ধানের স্বাভাবিক রং নষ্ট হতে পারে। দেশের বিভিন্ন জেলা থেকেও কৃষকদের দুর্ভোগের খবর এসেছে, যা উদ্বেগজনক।
আমন ধান কাটার পর মাড়াইয়ের আগে চার থেকে পাঁচ দিন মাঠে শুকানোর প্রয়োজন হয়। এই প্রক্রিয়ায় ধানের রং অক্ষুণ্ন থাকে এবং আর্দ্রতা কমে আসে। কিন্তু ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে গত ১৮ নভেম্বর থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে কৃষকরা কাটা ধান শুকানোর সুযোগ পাননি।
শনিবার সন্ধ্যা পর্যন্ত উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে একটানা বৃষ্টিপাত অব্যাহত ছিল। এর ফলে অধিকাংশ কৃষক মাঠ থেকে কাটা আমন ধান মাড়াইয়ের খলায় তুলতে সক্ষম হননি।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানাচ্ছে, উত্তরাঞ্চলে এ পর্যন্ত মাত্র ১২ শতাংশ জমির আমন ধান কাটা ও মাড়াই সম্পন্ন হয়েছে। বাকি ৮৮ শতাংশ জমির মধ্যে অর্ধেকের ধান কেটে মাঠে রাখা হয়েছে। অবশিষ্ট ৪৪ শতাংশ জমির ধানগাছ বৃষ্টি ও বাতাসে হেলে পড়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি আমন মৌসুমে রাজশাহীসহ উত্তরাঞ্চলের ১৬ জেলায় ১৯ লাখ ৯২ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং নিবিড় সেচ সুবিধা নিশ্চিত হওয়ায় এবারের ফলনের জন্য আশা ছিল। এসব জমি থেকে ৫৬ লাখ ৮৭ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
উত্তরাঞ্চলের কৃষি অঞ্চলগুলোর মধ্যে রংপুরের পাঁচ জেলায় সবচেয়ে বেশি ৬ লাখ ২২ হাজার হেক্টর জমিতে রোপা আমনের আবাদ হয়েছে। এ অঞ্চলে উৎপাদনের লক্ষ্যমাত্রা ছিল ১৫ লাখ ৯৬ হাজার টন।
দিনাজপুরের বৃহত্তর তিন জেলায় ৪ লাখ ৯৮ হাজার হেক্টর জমি থেকে ১৪ লাখ ৫৭ হাজার টন, রাজশাহীর চার জেলায় ৪ লাখ ১৩ হাজার হেক্টর জমি থেকে ১৩ লাখ ৩৯ হাজার টন এবং বগুড়া কৃষি অঞ্চলের চার জেলায় ৩ লাখ ৮৯ হাজার হেক্টর জমি থেকে ১২ লাখ ৮০ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষি বিভাগ জানাচ্ছে, উত্তরাঞ্চলে লক্ষ্যমাত্রা অনুযায়ী ভালো আমন উৎপাদনের আশা ছিল। তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে এবারের উৎপাদনে কিছুটা তারতম্য হতে পারে।
কৃষি বিভাগের সূত্র জানাচ্ছে, উত্তরাঞ্চলের মধ্যে নওগাঁ জেলায় সবচেয়ে বেশি ১ লাখ ৯৬ হাজার হেক্টর জমি থেকে ৬ লাখ ১৮ হাজার টন আমন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
কৃষি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, এবারের আবাদ ভালো হওয়ায় প্রতি হেক্টরে ৩ দশমিক ৪২ টন আমন ধান উৎপাদনের আশা করা হয়েছিল। ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে কয়েক দিনের টানা বৃষ্টিতে সম্ভাব্য উৎপাদনের কত শতাংশ কমতে পারে, তা নিরূপণে মাঠপর্যায়ে কাজ শুরু হয়েছে।
এদিকে সোমবার রাজশাহীর গোদাগাড়ী, চাঁপাইনবাবগঞ্জ সদর, নাচোল ও গোমস্তাপুর এবং নওগাঁর নিয়ামতপুর সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, মাঠের পর মাঠে কৃষকদের কেটে আঁটি বেঁধে রাখা আমন ধান পড়ে রয়েছে।
কিছু কিছু স্থানে ধানক্ষেতে হাঁটুপানি জমেছে। বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জের হোগলা বিলে কেটে রাখা আমন ধান পানিতে নিমজ্জিত হয়ে পড়েছে। অন্যদিকে যেসব জমির ধান এখনো কাটা হয়নি, সেসব জমির ধানগাছও দমকা বাতাসে মাটিতে নুয়ে পড়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন