ঢাকা বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ইং ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ


প্রাণিসম্পদ অধিদপ্তরে ৪৯৫ জনের নিয়োগ, এসএসসি পাসেই আবেদনের সুযোগ

প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে কৃত্রিম প্রজনন দপ্তর জনবল নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ‘এ. আই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)’ পদে মোট ৪৯৫ জনকে নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সরাসরি আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : প্রাণিসম্পদ অধিদপ্তর

বিভাগ : কৃত্রিম প্রজনন দপ্তর, ঢাকা

আরও পড়ুন: দুবাই পাঠাতে বাছাই হচ্ছে ১০০ প্রশিক্ষিত ভিডিপি সদস্য

পদের নাম : এ. আই টেকনিশিয়ান (ক্যাটাগরি-১)

পদের সংখ্যা : ৪৯৫ জন

পদের বিবরণ

কর্মস্থল : ঢাকা

আরও পড়ুন: দুবাইয়ে ১০০ কর্মী নিয়োগে আনসার-ভিডিপির বাছাই কার্যক্রম শুরু

চাকরির ধরন : অস্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ। তবে প্রার্থীদের অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে।

বয়স : ২০ নভেম্বর ২০২৬ তারিখে প্রার্থীদের বয়স ১৮-৬০ বছরের মধ্যে থাকতে হবে। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীদের ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। আবেদনপত্র পাঠানোর ঠিকানা হলো- পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর, প্রাণিসম্পদ অধিদপ্তর, ফার্মগেট, ঢাকা-১২১৫।

আরও পড়ুন: এসএসসি পাসে সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরির আবেদন ১ ডিসেম্বর থেকে

আবেদনের সময়সীমা : আগ্রহী প্রার্থীরা আগামী ৬ ডিসেম্বর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর পুরস্কার পেলেন সালাহউদ্দীন সুমন

বাংলাদেশ পর্যটন বোর্ডের উদ্যোগে অনুষ্ঠিত ‘বাংলাদেশ পর্যটন পুরস্কার ২০২৬’-এ বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সালাহউদ্দীন সুমন পুরস্কৃত হয়েছেন।

এই উপলক্ষে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের অফিসে পুরস্কারের জন্য মনোনীতদের মধ্যে সনদ ও পুরস্কারের অর্থ বিতরণ করা হয়। পাশাপাশি একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সালাহউদ্দীন সুমনের হাতে সনদ ও পুরস্কারের অর্থ তুলে দেন বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী।

এই পুরস্কারটি পর্যটন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ও ক্যাটাগরিতে প্রদান করা হয়। এর মধ্যে বর্ষসেরা ট্যুরিজম কনটেন্ট ক্রিয়েটর বিভাগে সালাহউদ্দীন সুমন নির্বাচিত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লক্ষ্মীপুরে বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের মধ্যে মারামারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


লক্ষ্মীপুরে বাবার লাশ ফ্রিজিং ভ্যানে রেখে সন্তানদের মধ্যে মারামারি

লক্ষ্মীপুরে বাবার মৃতদেহ রেখে সম্পত্তির জন্য সন্তানদের মধ্যে মারামারির একটি ঘটনা ঘটেছে। জানা গেছে, মৃত্যুর ২৪ ঘণ্টা পর স্থানীয়দের হস্তক্ষেপে মৃতদেহটি দাফন করা হয়। এই ঘটনা জেলার সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামের বেপারী বাড়িতে ঘটে।

মৃত ব্যক্তির নাম মফিজ, যিনি চাঁদখালী গ্রামের বেপারী বাড়ির জালাল আহমেদের পুত্র। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর সোয়া ১টার দিকে তিনি তার প্রবাসী ছেলে মনিরের বাড়িতে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃতদেহটি ফ্রিজিং ভ্যানে একদিন থাকার পর স্থানীয়দের সহযোগিতায় বুধবার (২৫ নভেম্বর) দুপুরে মনিরের বাড়ির কবরস্থানে দাফন সম্পন্ন হয়।

অভিযোগ রয়েছে, মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে মনিরের বাড়িতে তার ভাই মিলন, ফারুক, বোন রোজিনা ও নাসিমা হামলা চালিয়ে দলিল-দস্তাবেজ নিয়ে যায় এবং ভাঙচুর ও মারামারি করে। হামলার ফলে মনিরের স্ত্রী আখি বেগম, সৎ মা নাজমুন নাহার ও শাশুড়ি কুলসুম বেগম আহত হন। হামলার পর থেকে নাজমুন নাহারকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সিসিটিভি ফুটেজে তার ওপর হামলার দৃশ্য দেখা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মফিজের পাঁচ ছেলে ও দুই মেয়ে রয়েছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি প্রবাসী সন্তান মনিরের বাড়িতে বসবাস করতেন। জমি নিয়ে তার সন্তানদের মধ্যে বিরোধ দেখা দেওয়ায় মামলাও হয়েছে। পারিবারিক বিরোধের কারণে মফিজকে মনিরের বাড়িতে থাকতে হয়েছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে বৃদ্ধের মৃত্যুর পর মৃতদেহ বাড়িতে থাকা অবস্থায় হামলা-ভাঙচুর ও মারামারির ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মিলন ও ফারুক জানান, জমির দলিল হারানোর আশঙ্কায় তারা দলিলপত্র উদ্ধার করতে গিয়েছিলেন। তবে তাদের যাওয়ার আগে কে বা কারা ভাঙচুর ও হামলা করেছে, তা তারা জানেন না।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, "ঘটনাটি শুনেছি। তবে কেউ থানায় কোন অভিযোগ দেয়নি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


এবার ‘মিস্টার বাংলাদেশ’ হতে চান গোল্ড জিমের ট্রেইনার পুষ্টিবিদ নিয়ন

কৈশোরে সিমেন্টের ডাম্বেল দিয়ে শরীরচর্চা শুরু করা এক বডিবিল্ডার এখন ‘মিস্টার বাংলাদেশ’ হওয়ার স্বপ্ন দেখছেন। সেই কিশোর বর্তমানে আনভীর বসুন্ধরা গ্রুপের (এবিজি) প্রতিষ্ঠান গোল্ড জিমের সিনিয়র হেড ট্রেইনার ও হেড নিউট্রিশনিস্ট ডা. আজহারুল ইসলাম নিয়ন। তিনি গোল্ড জিমের আধুনিক অবকাঠামো, বিশেষায়িত রিকভারি ব্যবস্থা এবং সার্বিক পৃষ্ঠপোষকতায় নিজেকে প্রস্তুত করে চ্যাম্পিয়ন হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন।

ডা. নিয়ন আন্তর্জাতিক মঞ্চে একের পর এক পদক জয়ী একজন জেনারেল ফিজিশিয়ান, আইএসএসএ সার্টিফাইড স্পোর্টস নিউট্রিশনিস্ট এবং আইএফবিবি সার্টিফাইড জাজ। তিনি জানান, বডিবিল্ডিংয়ের মতো ব্যয়বহুল খেলায় সারা বছর প্রোটিনসমৃদ্ধ খাবার, সাপ্লিমেন্ট এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের বিপুল ব্যয় একা সামলানো অত্যন্ত কঠিন। এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, ‘বসুন্ধরা গ্রুপ, আনভীর বসুন্ধরা গ্রুপ (এবিজি), বসুন্ধরা স্পোর্টস সিটি আমাকে সার্বিকভাবে সহযোগিতা করেছে। আমার কম্পিটিশনের শুরু থেকেই তারা আমাকে বিভিন্নভাবে হেল্প করেছে। সো আলহামদুলিল্লাহ এখানে থাকতে পেরে অ্যান্ড এখানে জব করতে পেরে আসলে আমি নিজে ব্লেসড।’

গোল্ড জিমে যুক্ত হওয়ার প্রেক্ষাপট জানিয়ে ডা. নিয়ন বলেন, এমবিবিএস সম্পন্ন করার পর তিনি ক্লিনিক্যাল প্র্যাকটিস নাকি স্পোর্টস ও ফিটনেস অঙ্গনে কাজ করবেন, এই সিদ্ধান্তের জায়গা থেকেই তিনি ফিটনেস পেশাকে বেছে নেন। হলিউড সুপারস্টার ও ‘টার্মিনেটর’ খ্যাত অভিনেতা আর্নল্ড শোয়ার্জনেগারের হাত ধরে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া গোল্ড জিমের সার্কুলার দেখে তিনি আবেদন করে যুক্ত হন।

প্রতিষ্ঠানটির প্রশিক্ষণ পরিবেশ নিয়ে ডা. নিয়ন মন্তব্য করেন, ‘এইরকম একটা ট্রেনিং এনভায়রনমেন্ট আপনি বাংলাদেশে পাবেন না। ইটস নট লাইক আ জিম, ইটস আ ফিটনেস ফ্যাসিলিটিস, আমরা বলতে পারি।’ গোল্ড জিমের আধুনিক সরঞ্জাম ও রিকভারি সুবিধাকে দেশের সব ধরনের ক্রীড়াবিদদের জন্য অনন্য উল্লেখ করে তিনি বলেন, ‘আপনি যদি সুইমিং পুল থেকে শুরু করেন; অলিম্পিক সুইমিং পুল বাংলাদেশের কোনো জিমে নেই, ডেডিকেটেড সুইমিং পুল। অ্যান্ড আমাদের স্পা অ্যান্ড রিকভারি জোন যেটা আছে, আমাদের স্টিম, সনা, জ্যাকুজি, অনসেন পুল, আইস বাথ, সল্ট বাথ অ্যান্ড সম্পূর্ণটা সেকশন একদম ফুল্লি বডি রিকভারি কিভাবে বেটার করা যায়; একটা অ্যাথলেট, নট অ্যান বডিবিল্ডার, একজন অ্যাথলেট তিনি ফুটবলার হতে পারেন, ক্রিকেটার হতে পারেন, যেকোনো পারস্পেক্টিভের অ্যাথলেট হতে পারেন, তাদের রিকভারিতে অনেক ভালোভাবে হেল্প করে।’

তিনি আরও জানান, দেশের অনেক জায়গায় অ্যাথলেটরা ড্রামের ভেতর বরফ দিয়ে আইস বাথ নিলেও গোল্ড জিমে রয়েছে ডেডিকেটেড স্পা ও সুইমিং পুলসহ পূর্ণাঙ্গ ফ্যাসিলিটিস। এখানকার প্রশিক্ষণ পরিবেশ এবং ট্রেইনারদের পেশাদারিত্ব ও সহযোগিতা তার নিজের প্রস্তুতিকে আরও শাণিত করেছে বলে জানান তিনি।

ডা. নিয়নের ফিটনেস যাত্রার শুরু হয়েছিল শৈশবে টিভিতে রেসলিং দেখার মাধ্যমে। মাত্র ৮-৯ বছর বয়সে তিনি বাড়িতে সিমেন্ট দিয়ে ডাম্বেল বানিয়ে অনুশীলন শুরু করেন। পরবর্তীতে ২০০৯ সালে প্রথম জিমে ভর্তি হন। কুমিল্লা ময়নামতি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে ২০২১ সালে পেশাদারভাবে প্রতিযোগিতায় নামেন তিনি।

চিকিৎসক হয়ে ফিটনেস পেশায় যুক্ত হওয়ার চ্যালেঞ্জ প্রসঙ্গে তিনি বলেন, ‘আস্তে আস্তে আপনি যখন লম্বা সময় একটা জিনিসের প্রতি অনেস্ট থাকবেন, আপনি যদি একটা জিনিসের প্রতি প্যাশনেট থাকবেন, আপনি পরিশ্রম করার পর একটা সময়ে আসলে আপনি সাকসেসফুল হবেনই, আমি মনে করি।’

২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক মিলিয়ে ৮ থেকে ১০টি প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজেকে প্রমাণ করেছেন ডা. নিয়ন। আন্তর্জাতিক আসরে তিনি এ পর্যন্ত ১২টি স্বর্ণসহ একাধিক পদক জয় করেছেন। এর মধ্যে ২০২৩ সালে দুবাই মাসল ক্লাসিকে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে পঞ্চম স্থান অর্জন করে পদক জেতেন। ২০২৪ সালে ব্যাংককে তিন ক্যাটাগরিতে রানার্স আপ হন এবং গত মাসে মালয়েশিয়ায় একটি ক্যাটাগরিতে দ্বিতীয় ও দুটি ক্যাটাগরিতে তৃতীয় স্থান অর্জন করেন।

সর্বশেষ ২১ নভেম্বর চায়নার গুয়াংঝুতে ঝুহাই চায়না প্রো কোয়ালিফায়ারে নয়টি ক্যাটাগরিতে ছয়টি স্বর্ণপদক (যার মধ্যে দুটি ওভারঅল গোল্ড), একটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক জিতেছেন তিনি। এ ছাড়া দেশীয় আসরে ২০২২ সালে ন্যাশনাল মিস্টার ঢাকা চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ের পাশাপাশি ‘মিস্টার বাংলাদেশ’ প্রতিযোগিতায় তিনবার রানার্স আপ হয়েছেন।

তবে আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক সাফল্য পেলেও দেশের প্রতিযোগিতায় বিচারকদের মূল্যায়ন ও জাজিং ক্রাইটেরিয়া নিয়ে বাস্তবতার কথা তুলে ধরেন এই অ্যাথলেট। ‘মেনস ফিজিক’ বা বিচ বডিবিল্ডিং ক্যাটাগরির মানদণ্ড তুলে ধরে তিনি জানান, বোর্ড শর্টস পরে হওয়া এই ক্যাটাগরিতে অতিরিক্ত পেশিবহুল আকারের চেয়ে কাঁধ ও কোমরের অনুপাত (১.৬ থেকে ১.৭ রেশিও), সিমেট্রি ও নান্দনিক গঠন দেখা হয়। অথচ অতীতে অনেক ক্ষেত্রে মেনস ফিজিক ক্যাটাগরিতে বডিবিল্ডারের মতো বড় আকার দেখে নম্বর দেওয়া হয়েছে এবং যথাযথভাবে মেনস ফিজিকের ক্রাইটেরিয়া অনুযায়ী জাজিং হয়নি বলে মনে করেন তিনি।

এ প্রসঙ্গে ডা. নিয়ন বলেন, ‘বডিবিল্ডিং ইজ আ লাইক সাবজেক্টিভ গেম, আমার চোখে ইটস লাইক ইউ নো অ্যাপেল অ্যান্ড অরেঞ্জ, কেউ মনে করে যে আসলে কারো চোখে অ্যাপেল ভালো লাগে কারো চোখে অরেঞ্জ ভালো লাগে। সো আমার জায়গা থেকে আমি মনে করি আমি আরও ভালো ডিজার্ভ করতাম, বাট জাজরা তারা কোন অ্যাঙ্গেল থেকে জাজিং করেছে যে মেনস বডিবিল্ডিং ক্রাইটেরিয়াতে মেনস ফিজিক জাজিং করেছে নাকি মেনস ফিজিক ক্রাইটেরিয়াতেই জাজিং করেছে, সেটা তারা ভালো বলতে পারবেন। বাট আই থিংক আমি আরেকটু ভালো রেজাল্ট ডিজার্ভ করতাম।’

তবে দুই সপ্তাহ আগে বাংলাদেশ বডিবিল্ডিং ফেডারেশনের নতুন কমিটি গঠনের পর জাজিং ক্রাইটেরিয়াগুলো স্পষ্ট ও আন্তর্জাতিক মানদণ্ড (আইএফবিবি এলিট রুলস) অনুযায়ী উপস্থাপন করায় এবার ন্যায্য বিচার পাওয়ার ব্যাপারে আশাবাদী তিনি।

নিজের কঠোর শৃঙ্খলা ও প্রস্তুতির কথা জানিয়ে ডা. নিয়ন বলেন, ‘একদম লাস্ট দেড় বছর আমি বলতে পারবো না আমার যে খাবার, আমার ডেইলি ছয় থেকে সাতটা মিল থাকে, এর বাইরে আমি কোনো কিছু খেয়েছি। কোচ যা প্রোভাইড করেছে, যেভাবে ইনস্ট্রাকশন দিয়েছে, স্লিপ, রিকভারি, ট্রেনিং একদম ওইভাবে স্মুথলি গিয়েছে।’

তিনি জানান, এর আগে তিনবারের মিস্টার অলিম্পিয়া রানার্স আপ সাদিক হ্যাজোভিকের অধীনে এক বছর কাজ করেছেন এবং বর্তমানে চাইনিজ কোচ ও টিমের অধীনে ২০২৫ সাল থেকে টানা দুই বছরের দীর্ঘমেয়াদী পরিকল্পনায় নিজেকে প্রস্তুত করেছেন।

আগামীকাল ২৬ নভেম্বর রাজধানীর পল্টনের এনএসসি টাওয়ারে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় জাতীয় আসর ‘মিস্টার বাংলাদেশ’। তিন দিনব্যাপী এই আয়োজনের প্রথম দিন ওয়েট-ইন এবং বিকেলে মেনস ফিজিক ক্যাটাগরির প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।

শিরোপা জয়ের লক্ষ্যে আত্মবিশ্বাসী ডা. নিয়ন বলেন, ‘মিস্টার বাংলাদেশ নিয়ে বললে, আমি ইন্টারন্যাশনালি অনেক অ্যাচিভমেন্ট পেয়েছি, বাট আপনি যেইটার পিছনে ছুটবেন ওইটা যদি যতক্ষণ পর্যন্ত না পাবেন, আপনার কাছে এই জিনিসটার ভ্যালু অনেক বেশি। সো আমি মনে করি অ্যাজ আ বাংলাদেশি, আমার কাছে মিস্টার বাংলাদেশ টাইটেলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়।’

আগামীকালের প্রতিযোগিতা নিয়ে তিনি আরও বলেন, ‘আমি দুই বছর ধরে কাজ করছি, আমি আশাবাদী, আল্লাহর রহমতে আগামীকাল ভালো কিছু হবে।’

সবমিলিয়ে পাঁচ বছরের নিরলস পরিশ্রম, আন্তর্জাতিক মঞ্চে একের পর এক সাফল্য এবং এবিজি বসুন্ধরা গ্রুপ ও গোল্ড জিমের সার্বিক সহায়তাকে পুঁজি করে এবার বিচারকদের সঠিক নজরে এসে ‘মিস্টার বাংলাদেশ’ চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নেওয়ার লক্ষ্যেই প্রস্তুত ডা. আজহারুল ইসলাম নিয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


সাংবাদিকতা পেশায় আসতে হলে প্রশিক্ষণ নিয়ে আসা উচিত: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী মন্তব্য করেছেন যে, সাংবাদিকতা পেশায় আসতে হলে নির্দিষ্ট প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। তিনি উল্লেখ করেন, যে কেউ যেকোনো পেশায় যেতে পারেন এবং সরকার এ ব্যাপারে হস্তক্ষেপ করবে না। তবে সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ পেশায় প্রবেশের আগে যথাযথ প্রশিক্ষণ থাকা আবশ্যক। এই চিন্তা থেকেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংবাদিকদের প্রশিক্ষণের জন্য প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) প্রতিষ্ঠা করেছিলেন।

বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর সার্কিট হাউস রোডে পিআইবি অডিটোরিয়ামে ‘গণমাধ্যমবিষয়ক তিন মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স’-এর সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইয়াসের খান চৌধুরী বলেন, রাজনীতিবিদ, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণির মানুষের কাছ থেকে প্রায়ই অভিযোগ শোনা যায় যে, এখন একটি মোবাইল ফোন থাকলেই অনেকে সাংবাদিক হয়ে যাচ্ছেন। বিষয়টি সবার গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। সাংবাদিকতা পেশায় আসতে চাইলে নির্দিষ্ট প্রশিক্ষণ সম্পন্ন করার আহ্বান জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের কীভাবে আরো ব্যাপকভাবে প্রশিক্ষণের আওতায় আনা যায়, সে বিষয়ে সরকার কাজ করছে। পিআইবিকে আরো শক্তিশালী করা এবং সাংবাদিকতার বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির জন্য নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শিতার কথা উল্লেখ করে তথ্য প্রতিমন্ত্রী বলেন, পিআইবি প্রতিষ্ঠার মধ্য দিয়েই তার দূরদর্শী চিন্তার পরিচয় পাওয়া যায়। দেশের উন্নয়নে তার প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। পিআইবির সনদ দেশে ও বিদেশে উচ্চতর প্রশিক্ষণের ক্ষেত্রে বিশেষ মর্যাদা বহন করে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে অন্যদের প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দেশ গঠনেও ভূমিকা রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ বলেন, বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্যযুদ্ধ ও গুজব মোকাবেলায় নাগরিকদের সচেতন হওয়ার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে হবে।

তিনি অভিযোগ করেন, প্রতিবেশী একটি দেশের গণমাধ্যম বিভিন্ন বিভ্রান্তিকর ভিডিও ও অপতথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে। দ্য ইকোনমিস্টের একটি প্রতিবেদনেও অপতথ্য ও গুজব ছড়ানোর ক্ষেত্রে ওই দেশটির শীর্ষ অবস্থানের বিষয়টি উঠে এসেছে বলে উল্লেখ করেন তিনি।

ফারুক ওয়াসিফ বলেন, মিথ্যাচারের মাধ্যমে সাময়িক বিভ্রান্তি তৈরি করা সম্ভব হলেও শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়। অপতথ্য প্রতিরোধে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার করা উচিত নয়। সংবাদ পরিবেশনের ক্ষেত্রে সম্পাদনা, তথ্যের সত্যতা যাচাই ও যুক্তিনির্ভরতার ওপর গুরুত্ব দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০০
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%