০৮:৪২ পি.এম
ঢাকা, ২৫ নভেম্বর, ২০২৬ : দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে কর্মসংস্থানের জন্য ১০০ জন ভিডিপি সদস্য বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে।
শাটারিং কার্পেন্টার, রাজমিস্ত্রি ও স্টিল ফিক্সার— এই তিন ক্যাটাগরিতে কর্মী নির্বাচন করা হচ্ছে। প্রার্থীদের কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি নেওয়া হচ্ছে সংক্ষিপ্ত মৌখিক পরীক্ষা।
আজ আনসার ও ভিডিপি সদর দপ্তর, খিলগাঁওয়ে ১৩৯ জন প্রশিক্ষিত ভিডিপি সদস্যের মধ্য থেকে এসব কর্মী নির্বাচন কার্যক্রম উদ্বোধন করেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। বাংলাদেশ আনসার ও ভিডিপি ওয়েলফেয়ার ট্রাস্টের তত্ত্বাবধানে ট্রান্সগার্ড গ্রুপ এলএলসি এবং রিক্রুটিং এজেন্সি ম্যান ফোর্স বাংলাদেশের সমন্বয়ে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন: গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালক নিহত, আহত ৪
অনুষ্ঠানে মহাপরিচালক উল্লেখ করেন, বৈদেশিক কর্মসংস্থানে অদক্ষ জনশক্তির পরিবর্তে প্রশিক্ষিত ও দক্ষ কর্মী পাঠানো বাহিনীর অন্যতম অগ্রাধিকার। ট্রান্সগার্ড গ্রুপে প্রায় ৫ হাজার কর্মীর চাহিদার বিপরীতে ৬০ দিনের নিবিড় প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে প্রথম ধাপের কর্মী নির্বাচন করা হচ্ছে।
তিনি আরও বলেন, দালালচক্রের প্রতারণা ও আর্থিক ক্ষতি থেকে প্রান্তিক জনগোষ্ঠীকে সুরক্ষা দিতে সরাসরি যোগাযোগ, ডিজিটাল ব্যবস্থাপনা ও প্রাতিষ্ঠানিক জবাবদিহির ভিত্তিতে স্বচ্ছ নিয়োগপ্রক্রিয়া নিশ্চিত করা হচ্ছে।
মহাপরিচালক জানান, বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে সংযুক্ত আরব আমিরাত ও ইতালির রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে আলোচনা হয়েছে। জাপান ও ইউরোপের শ্রমবাজারেও ভিডিপি সদস্যদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, সারাদেশ থেকে বাছাই করা আরও প্রায় ১ হাজার প্রশিক্ষিত সদস্য বিদেশে কর্মসংস্থানের অপেক্ষায় রয়েছেন। বর্তমান নির্বাচিত সদস্যদের কর্মক্ষেত্রে দক্ষতা ও সুনাম আন্তর্জাতিক শ্রমবাজারে পরবর্তী সদস্যদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করতে পারে।
আরও পড়ুন: নতুন দায়িত্ব নিয়ে ১ ডিসেম্বর দিল্লি যাচ্ছেন আসাদ আলম সিয়াম
বিদেশগামী সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, বিদেশের কর্মক্ষেত্রে প্রত্যেক সদস্য দেশের ভাবমূর্তির প্রতিনিধিত্ব করবেন। তাই তাদের শৃঙ্খলা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে এবং নিয়োগকারী প্রতিষ্ঠানের শর্ত মেনে চলতে হবে।
অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, চাকরিপ্রার্থী সদস্য ও তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন