বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:১৩ পি.এম
লিভার মানবদেহের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ। এটি রক্ত থেকে ক্ষতিকর পদার্থ অপসারণ, খাবার হজমে সহায়তা এবং শরীরের বিভিন্ন প্রয়োজনীয় কাজ সম্পাদন করে। তাই লিভারের সুস্থতা বজায় রাখতে খাবারের প্রতি সচেতনতা অপরিহার্য। তবে, শুধুমাত্র একটি বিশেষ খাবার খেলে লিভার পরিষ্কার বা ক্ষতিগ্রস্ত লিভার সেরে যাবে—এমন ধারণা সঠিক নয়। বরং দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস ও জীবনযাপনই লিভারের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সম্প্রতি ভারতীয় গ্যাস্ট্রোএন্টেরোলজিস্ট চিকিৎসক সৌরভ শেঠি লিভারের জন্য কোন খাবার ও পানীয় উপকারী, তা নিয়ে বিভিন্ন খাবার ও অভ্যাসের মূল্যায়ন করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে লিভারের স্বাস্থ্য ভালো রাখতে কিছু খাবার ও অভ্যাসের পরামর্শ দিয়েছেন।
চিকিৎসক সৌরভ শেঠি ডিটক্স চা এবং শরীর পরিষ্কারের নামে প্রচারিত বিভিন্ন পানীয়কে ১০-এর মধ্যে মাইনাস ১০ নম্বর দিয়েছেন। তার মতে, "আপনার লিভারের আলাদা করে ডিটক্স করার প্রয়োজন নেই। লিভার নিজেই শরীরের ডিটক্সের কাজ করে।"
অন্যদিকে, ব্ল্যাক কফিকে তিনি ১০-এর মধ্যে ১০ নম্বর দিয়েছেন। তার মতে, নিয়মিত কফি পান করলে লিভারে ফাইব্রোসিস বা ক্ষত তৈরি হওয়ার ঝুঁকি কমতে পারে। এছাড়া, লিভারের ক্যানসারের ঝুঁকিও কম থাকার সঙ্গে কফি পানের সম্পর্ক পাওয়া গেছে।
লিভারের সুস্থতায় ভারোত্তোলন বা শক্তিবর্ধক ব্যায়ামের গুরুত্বও তিনি উল্লেখ করেছেন। এ ধরনের ব্যায়াম শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে এবং লিভারে চর্বি জমা কমাতে সহায়তা করে। চিকিৎসকের মতে, ফ্যাটি লিভারের ক্ষেত্রে পেশির সুস্থতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিদিন শরীরের প্রতি কেজি ওজনের বিপরীতে ১ দশমিক ২ থেকে ১ দশমিক ৬ গ্রাম প্রোটিন গ্রহণের পরামর্শ দিয়েছেন সৌরভ শেঠি। পাশাপাশি, প্রতিদিন প্রায় ৩০ গ্রাম আঁশযুক্ত খাবার খেতে বলেছেন তিনি। তার মতে, আঁশ রক্তে শর্করা ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ, পেট ভরা রাখা এবং অন্ত্রের উপকারী জীবাণুর ভারসাম্য বজায় রাখতে সহায়তা করে।
ওজন কমানোর জন্য ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধকে ১০-এর মধ্যে ৯ নম্বর দিয়েছেন চিকিৎসক। তিনি বলেন, এসব ওষুধ উল্লেখযোগ্য ওজন কমাতে এবং ফ্যাটি লিভারের অবস্থার উন্নতিতে সহায়তা করতে পারে। তবে চিকিৎসকের পরামর্শ ও তত্ত্বাবধান ছাড়া এসব ওষুধ ব্যবহার করা উচিত নয়।
অন্যদিকে, ফ্যাটি লিভারের চিকিৎসায় অশ্বগন্ধা সম্পূরক গ্রহণের বিষয়ে সতর্ক করেছেন তিনি। তার ভাষ্য, ফ্যাটি লিভার সারানোর ক্ষেত্রে অশ্বগন্ধার কার্যকারিতার প্রমাণ নেই। বরং বিরল কিছু ক্ষেত্রে এ ধরনের সম্পূরক গ্রহণের কারণে লিভারের ক্ষতির ঘটনা ঘটেছে।
অন্ত্রের সুস্থতায় যেসব অভ্যাস এড়িয়ে চলবেন
এর আগে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে দৈনন্দিন জীবনের পাঁচটি সাধারণ অভ্যাস নিয়েও সতর্ক করেছিলেন চিকিৎসক সৌরভ শেঠি। তার মতে, শৌচাগারে বসে দীর্ঘ সময় মুঠোফোন ব্যবহার করলে পাইলসের ঝুঁকি বাড়তে পারে। কারণ এতে দীর্ঘক্ষণ বসে থাকতে হয়। মলত্যাগের সময় অতিরিক্ত চাপ দেওয়াও পাইলসের সমস্যা বাড়াতে পারে এবং শরীরের নিচের অংশের পেশিতে জটিলতা তৈরি করতে পারে।
তিনি শিমজাতীয় খাবার এড়িয়ে না যাওয়ার পরামর্শ দিয়েছেন। এসব খাবারে থাকা আঁশ অন্ত্রের উপকারী জীবাণুর বৃদ্ধি এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। শিম ও অন্যান্য ডালজাতীয় খাবার খেলে কোলন ক্যানসারের ঝুঁকিও কমতে পারে।
চিকিৎসক আরও বলেন, প্রতিদিন মলত্যাগ করলেই যে হজমপ্রক্রিয়া সুস্থ, তা নিশ্চিত নয়। মল শক্ত হওয়া, মলত্যাগে কষ্ট হওয়া কিংবা মলত্যাগের পরও পেট পুরোপুরি পরিষ্কার হয়নি বলে মনে হওয়া—এসব কোষ্ঠকাঠিন্যের লক্ষণ হতে পারে।
এ ছাড়া আইবুপ্রোফেন ও ন্যাপ্রোক্সেনের মতো ব্যথানাশক ওষুধ অতিরিক্ত বা অনুপযুক্তভাবে গ্রহণ করলে পাকস্থলীতে আলসার ও রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।
সূত্র: এনডিটিভি হেলথ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বড়লেখা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে বুধবার রাতে পুলিশ গ্রেফতার করেছে।
পুলিশ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে তাকে বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়ে গেলে আদালত তাকে জামিনে মুক্তি দেয়।
আদালতের বেঞ্চ সহকারী রিপন আহমদ নিশ্চিত করেছেন যে আসামি রফিকুল ইসলাম সুন্দরের জামিন মঞ্জুর হয়েছে।
সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর ছাত্র সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার পাশাপাশি সাম্প্রতিক একটি মারামারি মামলার আসামি। বুধবার (১১ নভেম্বর) রাতে পুলিশ পাখিয়ালাস্থ তার নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
বড়লেখা থানার ওসি মো. মনিরুজ্জামান খান সাবেক উপজেলা চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম সুন্দরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান উপায় গ্রাহকদের জন্য সাশ্রয়ী লেনদেনের সুযোগ তৈরি করেছে ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইনের মাধ্যমে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকেরা প্রতি হাজারে মাত্র ১১.৯৯ টাকা ক্যাশ আউট চার্জে (*শর্ত প্রযোজ্য) টাকা উত্তোলনের সুবিধা পাবেন।
দেশের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) খাতে সাশ্রয়ী ও প্রতিযোগিতামূলক সেবা নিশ্চিত করার লক্ষ্যে ইউসিবি ফিনটেক কোম্পানী লিমিটেড (উপায়) শুরু থেকেই বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবায় আকর্ষণীয় চার্জ প্রদান করে আসছে। NPSB-এর মাধ্যমে উপায় -এ টাকা নিয়ে UCB ATM থেকে ক্যাশ আউট চার্জ শূন্য, সেন্ড মানি ফ্রি-সহ ফান্ড ট্রান্সফার ও অন্যান্য সেবায় ইতোমধ্যে বাজারের সর্বনিম্ন বা প্রতিযোগীতামূলক চার্জের সুবিধা দেওয়ার ধারাবাহিকতা বজায় রেখেছে।
উপায়ের ‘উন্মাদনার উন্মাদ’ ক্যাম্পেইন গ্রাহকদের নিয়মিত লেনদেনকে অধিকতর সাশ্রয়ী করার পাশাপাশি ডিজিটাল আর্থিক সেবার প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়াবে বলেও প্রত্যাশা করা যাচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মোজাদ্দেদে জামান হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর (ক.) ৯২তম পবিত্র বার্ষিক ওরশ শরিফ আগামী শনিবার (১৪ নভেম্বর) চট্টগ্রামের ফটিকছড়ির গনি মঞ্জিলে অনুষ্ঠিত হবে।
ওরশ শরিফের আয়োজন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় ও আধ্যাত্মিক কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই কর্মসূচির মধ্যে খতমে কুরআন, সেমিনার, মিলাদ মাহফিল, সামা মাহফিল, আখেরি মোনাজাত এবং তবারক বিতরণ অন্তর্ভুক্ত রয়েছে।
সাজ্জাদানশিনে দরবার শাহসুফি সৈয়দ সফিউল গনি চৌধুরী মাইজভাণ্ডারীর সভাপতিত্বে ‘আল্লামা শাহসূফি সৈয়দ আবদুল গনি চৌধুরী মাইজভাণ্ডারী (ক.)-এর সাহিত্য প্রতিভা ও চিন্তাদর্শন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বিশিষ্ট গবেষক ড. মো. নূরে আলম।
এছাড়া, স্বাগত বক্তব্য রাখবেন মোন্তাজেমে দরবার, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাহজাদা সৈয়দ কাদের গনি চৌধুরী।
ওরশ শরিফে দেশ-বিদেশের ভক্ত, আশেকান, মুরিদান ও ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতি প্রত্যাশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের বিয়ানীবাজারে পরকীয়ার কারণে স্ত্রী আয়শা বেগমকে হত্যার দায়ে স্বামী ছিদ্দিক আহমদ লাদেন (৪২) কে আদালত মৃত্যুদণ্ড প্রদান করেছে। একই মামলার অপর আসামি ফখরুল ইসলাম, যিনি ফখরু মেম্বার নামে পরিচিত, তাকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে সিলেটের জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা জজ শেখ নাজমুন নাহার এই রায় ঘোষণা করেন।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট আল-আসলাম মোমিন বিষয়টি নিশ্চিত করে জানান, ২০১৬ সালে বিয়ানীবাজার উপজেলার শ্রীধরা গ্রামের আলা উদ্দিনের ছেলে ছিদ্দিক আহমদ লাদেন তার স্ত্রী আয়শা বেগমকে পরকীয়ার কারণে হত্যা করেন। হত্যার পর তিনি ঘরে তালা লাগিয়ে পালিয়ে যান। পরে পুলিশ ওই ঘর থেকে আয়শার মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় ২০১৬ সালের ২০ মার্চ বিয়ানীবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলায় লাদেন এবং একই গ্রামের মৃত আয়াজ আলীর ছেলে ফখরুল ইসলামকে আসামি করা হয়। পুলিশ পরবর্তীতে দুজনকেই গ্রেপ্তার করে।
পিপি আরও জানান, মামলায় ২৩ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত লাদেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে। অপর আসামি ফখরুল ইসলামকে অভিযোগ থেকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
রাষ্ট্রপক্ষের এই আইনজীবী রায়ে সন্তোষ প্রকাশ করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ