ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

উখিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার


উখিয়ায় গোলাগুলির ঘটনায় অস্ত্র-গুলিসহ ৪ জন গ্রেফতার

কক্সবাজারের উখিয়া এলাকায় গোলাগুলির ঘটনায় দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে ঘটে যাওয়া গোলাগুলির পর তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল এবং ৪১ রাউন্ড তাজা কার্তুজ।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন, যিনি মুন্না নামে পরিচিত, আরফাত হোসাইন এবং আবু তাহের।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনার পর অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা।

আরও পড়ুন: স্কুল থেকে মেয়েকে নিয়ে ফিরছিলেন বাবা, ৫০০ গজ টেনেহিঁচড়ে প্রাণ নিল বাস

এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতার ও অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নন্দলাল না হয়ে আসেন, আমরা লড়াই করি: সালাহউদ্দিন আম্মার ছাত্রদলকে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩১ পি.এম


নন্দলাল না হয়ে আসেন, আমরা লড়াই করি: সালাহউদ্দিন আম্মার ছাত্রদলকে আহ্বান

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন প্রসঙ্গে ছাত্রদলকে মাঠে এসে লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার। একই সঙ্গে রাবি সংস্কার আন্দোলন রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট কার্যকর করার জন্য চার দিনের আলটিমেটাম দিয়েছে।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সালাহউদ্দিন আম্মার।

ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘ছাত্রদলের ভাইয়েরা, আমি আপনাদের ওপর বিশ্বাস রাখতে চাই যে আপনারা ভয় পাচ্ছেন না। আপনারা শিক্ষার্থীদের ওপর ভরসা রাখেন। আপনারা এবার একটি পদে বিজয়ী হয়েছেন। এমনও হতে পারে, আগামীতে পাঁচটি পদে বিজয়ী হবেন। এমনকি পুরো প্যানেলও জিততে পারেন। এক্ষুনি হাল ছেড়ে দিলে তো হবে না। মেঘ দেখে ভয় পেলে বৃষ্টি এলে তো আর কিছুই করতে পারবেন না। নন্দলাল না হয়ে আপনারা আসেন, মাঠে আসেন, আমরা লড়াই করি।’

নির্বাচনে অংশগ্রহণের জন্য ছাত্রদলকে আহ্বান জানিয়ে আম্মার বলেন, ‘আপনারা তো বলেন, আপনারাও রাকসু চান। তাহলে ওপেন ফিল্ডে আসেন এবং প্রকাশ্যে বলুন, আপনারা রাকসু নির্বাচন চান। নির্বাচনে জিএস পছন্দ হয়নি, ভিপিকে পছন্দ হয়নি কিংবা ভিপির কর্মকাণ্ড নিয়ে আপত্তি রয়েছে—এসব অভিযোগ থাকতে পারে। ১৭তম রাকসু ঠিকমতো কার্যকর হয়নি, এমন অভিযোগও থাকতে পারে। কিন্তু এসবের সমাধান করতে হলে আপনারা নির্বাচনে আসুন এবং অংশগ্রহণ করুন।’

তিনি আরো বলেন, আমি সব রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনকে আহ্বান জানাই, আপনারা রাকসু নির্বাচনের প্রশ্নে দল-মত ও মতাদর্শনির্বিশেষে ঐক্যবদ্ধ হন এবং নির্বাচন আদায় করেন। এই রাকসু নির্বাচন সালাহউদ্দিন আম্মারের নয়, শিহাবের নয়, জান্নাতুল ফেরদৌসির নয়, আবিদদের নয়, এমনকি সাংবাদিকদেরও নয়। রাকসু নির্বাচন সবার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুব এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩২ পি.এম


যুব এশিয়া কাপের শিরোপার লড়াইয়ে ভারত-পাকিস্তান মুখোমুখি

যুব এশিয়া কাপের ফাইনালে পৌঁছেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশকে ৯ উইকেটে পরাজিত করেছে পাকিস্তান। অন্যদিকে, আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের জয় এসেছে ৮ উইকেটের ব্যবধানে। আগামী শনিবার এই দুই দলের মধ্যে শিরোপার জন্য লড়াই অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। নিয়মিত বিরতিতে উইকেট হারানোর ফলে বাংলাদেশ দলটি ১৩৮ রানে গুটিয়ে যায়। ওপেনার আব্দুল্লাহ সর্বোচ্চ ৫০ রান সংগ্রহ করেন। রাকিবুল হাসানের ব্যাট থেকে আসে ২৬ রান, আর আল রাফি করেন ২০ রান।

পাকিস্তানের দুই ওপেনার ১২৩ রানের উদ্বোধনী জুটিতে জয় নিশ্চিত করার পথে এগিয়ে যান। হায়াম খান ৬৯ রান করে ফিরে গেলেও উসমান খান ৬৪ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।

অন্য সেমিফাইনালে, আফগানিস্তান আগে ব্যাট করে ৮ উইকেটে ২২৭ রান করে। নোমান সালারজাই ও শাহ ফয়সাল রাহিমি দুজনেই ৫১ রান করেন। ভারতের লক্ষয় রাইচান্দন ও আর্যবীর শেবাগ ১১৭ রানের উদ্বোধনী জুটিতে জয় প্রায় নিশ্চিত করে ফেলেন। রাইচান্দন ৯৩ রান করেন এবং শেবাগ ৫১ রান সংগ্রহ করেন। পরে ভিকে ভিনেথের অপরাজিত ৫৭ রানের সাহায্যে ভারত ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ ব্যাংক সিএফও, সিটিও ও কোম্পানি সচিবের জন্য যোগ্যতা নির্ধারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


বাংলাদেশ ব্যাংক সিএফও, সিটিও ও কোম্পানি সচিবের জন্য যোগ্যতা নির্ধারণ

বাংলাদেশ ব্যাংক প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও), প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তা (সিটিও) এবং কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য যোগ্যতা ও অভিজ্ঞতার মানদণ্ড নির্ধারণ করেছে। নতুন নির্দেশনার ভিত্তিতে, সিএফও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সিটিও ও কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য আট বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক এ–সংক্রান্ত নির্দেশনা প্রকাশ করেছে।

নির্দেশনায় উল্লেখ করা হয়েছে, এসব পদে নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মকর্তার অভিজ্ঞতা, শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত দক্ষতার পাশাপাশি ব্যক্তিগত সততা ও আর্থিক অবস্থাও মূল্যায়ন করা হবে। ফৌজদারি অপরাধ, নিয়ন্ত্রক সংস্থার বিধিবিধান লঙ্ঘন, দুর্নীতি, অনিয়ম এবং নৈতিক স্খলনের কারণে দণ্ডিত ব্যক্তিদের এসব পদে নিয়োগ দেওয়া যাবে না।

এছাড়া, ফৌজদারি অপরাধে আদালত থেকে দণ্ডিত, নিয়ন্ত্রক সংস্থার আইন বা বিধিবিধান লঙ্ঘনের কারণে শাস্তিপ্রাপ্ত এবং অর্থ পাচার, দুর্নীতি, জালিয়াতি বা নৈতিক স্খলনের কারণে চাকরি থেকে বরখাস্ত বা অপসারিত ব্যক্তিরাও এসব পদে নিয়োগের অযোগ্য বিবেচিত হবেন।

নির্দেশনায় আরও বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালনকালে কোনো অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকা কিংবা আদালত কর্তৃক দেউলিয়া বা ঋণ-খেলাপি ঘোষিত ব্যক্তিরাও এসব পদে নিয়োগের জন্য অযোগ্য। এসব পদে নিয়োগ পাওয়া কর্মকর্তার সংশ্লিষ্ট ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বার্থসংশ্লিষ্ট কোনো ব্যবসায়িক সম্পর্কও থাকতে পারবে না।

নির্দেশনার ভিত্তিতে, ১ হাজার কোটি টাকার বেশি সম্পদ রয়েছে এমন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সিএফও নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার ন্যূনতম ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে অন্তত তিন বছর হিসাবায়ন ও করসংক্রান্ত কার্যক্রমে যুক্ত থাকার অভিজ্ঞতা থাকতে হবে। অন্যদিকে, ১ হাজার কোটি টাকার কম সম্পদের প্রতিষ্ঠানের ক্ষেত্রে সিএফও পদে নিয়োগের জন্য আট বছরের কাজের অভিজ্ঞতা প্রয়োজন হবে। এর মধ্যেও হিসাবায়ন ও করসংক্রান্ত কাজে অন্তত তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

সিএফও পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফাইন্যান্স বা হিসাববিজ্ঞানে এমবিএ, ব্যাংক ব্যবস্থাপনায় স্নাতকোত্তর (এমবিএম) অথবা ফাইন্যান্স, হিসাববিজ্ঞান ও ব্যাংকিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

সিটিও পদে নিয়োগের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার তথ্যপ্রযুক্তি খাতে কমপক্ষে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক। এ পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে তথ্যপ্রযুক্তি, কম্পিউটারবিজ্ঞান, পদার্থবিজ্ঞান, ফলিত পদার্থবিজ্ঞান, গণিত, পরিসংখ্যান অথবা ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি উচ্চতর শিক্ষাগত যোগ্যতাও থাকতে হবে।

অন্যদিকে, কোম্পানি সচিব পদে নিয়োগের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে আট বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের বোর্ড সচিবালয় অথবা কমপ্লায়েন্স কার্যক্রমে অন্তত চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিকল্প হিসেবে তালিকাভুক্ত কোম্পানিতে কোম্পানি সচিব বা সমপর্যায়ের পদে অন্তত তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

এ পদের শিক্ষাগত যোগ্যতা হিসেবে ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি) স্বীকৃত চার্টার্ড সেক্রেটারি ডিগ্রিসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মামুন বিল্লাহ (কালিগঞ্জ)সাতক্ষীরা

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:৩৩ পি.এম


কালীগঞ্জের নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা ইউনিয়ন পরিষদের উদ্যোগে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশ গড়ার প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষে ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় নলতা আহ্ছানিয়া মিশন রেসিডেন্সিয়াল কলেজ মাঠে ফ্যামিলি কার্ড শুমারী অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় ইউপি চেয়ারম্যান মোঃ আজিজুর রহমান পাড়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া আকতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার শাকিল আহমেদ। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম খোকন, নলতা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি কিসমাতুল বারী,কালিগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ আব্দুল আজিজ ইউপি সচিব, ইউপি সদস্যবৃন্দ, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিকবৃন্দ, সূধীবৃন্দ, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%