ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু


মেয়েকে নিয়ে স্কুল থেকে ফেরার পথে বাসের ধাক্কায় বাবার মৃত্যু

সৈয়দপুরে মেয়েকে স্কুল থেকে বাড়িতে ফেরার সময় বাসের ধাক্কায় নিহত হয়েছেন আরিফুল ইসলাম (৪২) নামের এক সার ব্যবসায়ী। দুর্ঘটনায় তার পঞ্চম শ্রেণির মেয়ে সুপ্তি গুরুতর আহত হয়েছে। তাকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দুপুর ১টার দিকে স্কুল ছুটির পর আরিফুল ইসলাম তার মেয়েকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। তারা যখন ওয়াপদা গোলচত্বর পার হচ্ছিলেন, তখন বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এই ধাক্কায় বাসটি মোটরসাইকেলসহ চালককে প্রায় ৫০০ গজ টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই আরিফুল ইসলামের মাথা পিষ্ট হয়ে মৃত্যু ঘটে এবং তার মেয়ে মারাত্মকভাবে আহত হয়।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত সড়ক অবরোধ করে তীব্র বিক্ষোভ শুরু করেন। তারা ঘাতক বাসচালককে দ্রুত গ্রেপ্তার, ব্যস্ততম এই সড়কে গতিরোধক ও পুলিশ বক্স নির্মাণ এবং গোলচত্বরে টাঙানো ব্যানার অবিলম্বে অপসারণের দাবি জানান।

আরও পড়ুন: চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেডিভ ইমনের ২ দিনের রিমান্ড মঞ্জুর

স্থানীয়দের অভিযোগ, গোলচত্বরটি বিভিন্ন ব্যানার ও ফেস্টুনে ঢেকে রাখায় বিপরীত দিক থেকে আসা যানবাহন ঠিকমতো দেখা যায় না, যা এই প্রাণঘাতী দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ।

সড়ক অবরোধের ফলে রংপুর, দিনাজপুর ও নীলফামারীগামী গুরুত্বপূর্ণ মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েন। পরবর্তীতে খবর পেয়ে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবিগুলো দ্রুত বাস্তবায়নের আশ্বাস দিলে প্রায় চার ঘণ্টা পর অবরোধ তুলে নেন বিক্ষুব্ধ জনতা। এরপর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি, প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


বুড়িগঙ্গা রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবি, প্রকল্পের নামে অর্থ ব্যয় নয়

রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, নদী রক্ষার নামে বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও নদীর পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নান্দনিকতায় কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। তাই তারা প্রকল্পনির্ভর অর্থ ব্যয়ের পরিবর্তে ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মো. ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কাঙ্ক্ষিত পানিপ্রবাহ নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো ও দুর্গন্ধময় হয়ে পড়ে। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি এবং ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়।

এছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে সংগঠনটি দাবি করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে নদীতে বর্জ্য ফেলা, তীর ভরাট ও অবৈধ দখল বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি বুড়িগঙ্গার অস্তিত্বের পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নগরবাসীর জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে।

সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ।

সংগঠনটির মতে, বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করতে হবে।

বিবৃতিতে বলা হয়, নদী রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুস গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৭ পি.এম


উখিয়ায় বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক মোহাম্মদ ইউনুস গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়া এলাকায় বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ ব্লকের বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের আব্দু শুক্কুরের পুত্র।

এপিবিএন জানায়, এপিবিএন-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) একটি আভিযানিক দল বালুখালী এলাকায় ইসমাইল খানের বাড়ির সামনে ইটের সলিং সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইউনুসকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ইউনুসের হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া, একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।

এপিবিএন-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিনা প্রশ্নে ফেরত অভিযান: ইসরায়েলি সেনার কাছে জমা পড়ল ৩ লাখের বেশি অস্ত্র

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


বিনা প্রশ্নে ফেরত অভিযান: ইসরায়েলি সেনার কাছে জমা পড়ল ৩ লাখের বেশি অস্ত্র

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবৈধভাবে রাখা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত নেওয়ার বিশেষ অভিযানে অভাবনীয় সাড়া পেয়েছে। কোনো ধরনের প্রশ্ন বা আইনি জটিলতা ছাড়াই, এ পর্যন্ত সেনাবাহিনীর কাছে ৩ লাখেরও বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্র জমা পড়েছে। অভিযানের এই ব্যাপক সাফল্যের কারণে সামরিক কর্তৃপক্ষ আরও দুই দিন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

গত ১ নভেম্বর থেকে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে ৬২টি বিশেষ স্টেশন এবং সংগ্রহ কেন্দ্র চালু করেছে আইডিএফ। এসব কেন্দ্রে অবৈধভাবে নিজ হেফাজতে রাখা সরকারি অস্ত্র ও সরঞ্জাম জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এবং এখানে কোনো ধরনের জবাবদিহি প্রয়োজন নেই।

চলতি সপ্তাহান্তে এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "অভিযানের সফলতার কথা বিবেচনা করে এর সময়সীমা আগামী সোমবার পর্যন্ত আরও দুই দিন বাড়ানো হয়েছে।"

আইডিএফ-এর তথ্যমতে, গত দুই সপ্তাহে জমা পড়া উল্লেখযোগ্য সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে: প্রায় ২১০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৮০০টি স্টান গ্রেনেড, ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, মর্টার ও লঞ্চার, ৮ হাজার ৭০০টি সামরিক ইউনিফর্ম ও বস্ত্রসামগ্রী, ৩ হাজারটি অস্ত্রের আনুষঙ্গিক যন্ত্রাংশ, ভেস্ট ও হেলমেটসহ ১ হাজার ৬০০টি যুদ্ধসরঞ্জাম এবং ৪৩০টি চিকিৎসা সরঞ্জাম।

সময়সীমা শেষ হওয়ার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই বিশেষ অভিযানের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইনি দায়মুক্তির সুযোগও বাতিল হয়ে যাবে। এরপর কারও কাছে অবৈধভাবে সামরিক সরঞ্জাম পাওয়া গেলে বা সরিয়ে নেওয়ার প্রমাণ মিললে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১: বিদ্যুৎমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৭:২৮ পি.এম


দেশে অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন ৫০ হাজার ৯৫১: বিদ্যুৎমন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে মোট ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন বিদ্যমান।

এটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রশ্নে মো. আব্দুল বারী সরদার জানতে চান, অটোরিকশা চার্জ দিতে সারা দেশে বিদ্যুৎ বিভাগ থেকে কতটি মিটার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রায় ৭০-৭৫ লাখ অটোরিকশা চার্জ দিতে মিটারবিহীন বা অবৈধভাবে প্রতিদিন দেশের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কত এবং সাধারণ গ্রাহকদের ওপর পড়া চাপ এবং লোডশেডিং কমাতে এসব অসাধু কাজের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।

জবাবে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে।

মন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ করতে এবং মিটার কারসাজি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, অটোমেটেড মিটার রিডিং (এএমআর) ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ, বিতরণ লাইন নির্মাণ ও আধুনিকায়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%