বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৭:২৭ পি.এম
রাজধানী ঢাকার প্রাণপ্রবাহ বুড়িগঙ্গা নদীকে দূষণ ও দখলমুক্ত করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি করেছে বুড়িগঙ্গা মঞ্চ। সংগঠনটির অভিযোগ, নদী রক্ষার নামে বছরের পর বছর ধরে হাজার হাজার কোটি টাকা ব্যয় করা হলেও নদীর পানি, পরিবেশ, জীববৈচিত্র্য ও নান্দনিকতায় কোনো দৃশ্যমান পরিবর্তন আসেনি। তাই তারা প্রকল্পনির্ভর অর্থ ব্যয়ের পরিবর্তে ‘রক্ষায় প্রণোদনা, দূষণে শাস্তি’ নীতি প্রণয়ন ও বাস্তবায়নের আহ্বান জানিয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বুড়িগঙ্গা মঞ্চের আহ্বায়ক রাশেদ আলী এবং যুগ্ম সদস্য সচিব মো. ইউনূছ আলী স্বাক্ষরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০১০ সালে প্রায় ১ হাজার ১২৫ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে বুড়িগঙ্গায় পানি আনার প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু এখনো কাঙ্ক্ষিত পানিপ্রবাহ নিশ্চিত হয়নি। ফলে শুষ্ক মৌসুমে নদীর পানি কালো ও দুর্গন্ধময় হয়ে পড়ে। অন্যদিকে, নদীর তীরে ওয়াকওয়ে নির্মাণে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয় করা হয়েছে। নদীর তলদেশ থেকে পলিথিন ও আবর্জনা অপসারণে ২০১১ সালে ১৭ কোটি এবং ২০২৫ সালে প্রায় সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়।
এছাড়া নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান, সীমানা পিলার স্থাপন ও সৌন্দর্যবর্ধনসহ বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে। তবে এতসব উদ্যোগের পরও নদীর সামগ্রিক পরিবেশগত অবস্থার কাঙ্ক্ষিত উন্নতি হয়নি বলে সংগঠনটি দাবি করেছে।
বিবৃতিতে আরও বলা হয়, নদী রক্ষায় উচ্চ আদালতের গুরুত্বপূর্ণ আদেশ ও নির্দেশনা থাকা সত্ত্বেও মাঠপর্যায়ে সেগুলো বাস্তবায়নে সমন্বয়হীনতা ও আন্তরিকতার ঘাটতি রয়েছে। ফলে নদীতে বর্জ্য ফেলা, তীর ভরাট ও অবৈধ দখল বন্ধ হচ্ছে না। এ পরিস্থিতি বুড়িগঙ্গার অস্তিত্বের পাশাপাশি জনস্বাস্থ্য, খাদ্যনিরাপত্তা, নগরবাসীর জীবনমান এবং ভবিষ্যৎ প্রজন্মের পরিবেশগত অধিকারকে ঝুঁকির মুখে ফেলছে।
সম্প্রতি কয়েকটি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত বুড়িগঙ্গার প্লাস্টিক দূষণের চিত্র নিয়েও গভীর উদ্বেগ জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ। বিবৃতিতে অভিযোগ করা হয়, নদীর তীরবর্তী কিছু এলাকায় প্লাস্টিক রিসাইক্লিং ব্যবসা, রিকশা-ভ্যানের গ্যারেজ, টংদোকান ও মাদকসেবনের আস্তানা গড়ে উঠেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের পেছনে কিছু অসাধু ব্যবসায়ী ও সরকারি কর্মচারীর যোগসাজশ রয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।
এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং সংশ্লিষ্ট চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে বুড়িগঙ্গা মঞ্চ।
সংগঠনটির মতে, বুড়িগঙ্গাসহ দেশের নদ-নদী রক্ষায় বিজ্ঞানভিত্তিক, সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা জরুরি। এ পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নদীতীরবর্তী জনগোষ্ঠী, পরিবেশকর্মী এবং সংশ্লিষ্ট নাগরিকদের সম্পৃক্ত করতে হবে।
বিবৃতিতে বলা হয়, নদী রক্ষা শুধু সরকারের একক দায়িত্ব নয়, এটি নাগরিকদেরও সম্মিলিত কর্তব্য। সরকার ও সচেতন নাগরিকদের সমন্বিত উদ্যোগে কার্যকর ও টেকসই কর্মপরিকল্পনা গ্রহণ করা হলে বুড়িগঙ্গাসহ দেশের সব নদ-নদীর স্বাভাবিক পরিবেশ ও প্রাণপ্রবাহ ফিরিয়ে আনা সম্ভব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া এলাকায় বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলিসহ মোহাম্মদ ইউনুস (৪১) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-১৫। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ইউনুস উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-৬-এর এ ব্লকের বাসিন্দা। তিনি ওই ক্যাম্পের আব্দু শুক্কুরের পুত্র।
এপিবিএন জানায়, এপিবিএন-১৫-এর সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) একটি আভিযানিক দল বালুখালী এলাকায় ইসমাইল খানের বাড়ির সামনে ইটের সলিং সড়কে অভিযান পরিচালনা করে। অভিযানের সময় ইউনুসকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে ইউনুসের হেফাজত থেকে লোডেড অবস্থায় একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া, একটি অ্যান্ড্রয়েড মুঠোফোনও উদ্ধার করা হয়েছে।
এপিবিএন-১৫-এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি এবং উদ্ধার হওয়া অস্ত্র, গুলি ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। রোহিঙ্গা ক্যাম্প এবং আশপাশের এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) অবৈধভাবে রাখা অস্ত্র ও সামরিক সরঞ্জাম ফেরত নেওয়ার বিশেষ অভিযানে অভাবনীয় সাড়া পেয়েছে। কোনো ধরনের প্রশ্ন বা আইনি জটিলতা ছাড়াই, এ পর্যন্ত সেনাবাহিনীর কাছে ৩ লাখেরও বেশি সামরিক সরঞ্জাম ও অস্ত্র জমা পড়েছে। অভিযানের এই ব্যাপক সাফল্যের কারণে সামরিক কর্তৃপক্ষ আরও দুই দিন মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
গত ১ নভেম্বর থেকে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে ৬২টি বিশেষ স্টেশন এবং সংগ্রহ কেন্দ্র চালু করেছে আইডিএফ। এসব কেন্দ্রে অবৈধভাবে নিজ হেফাজতে রাখা সরকারি অস্ত্র ও সরঞ্জাম জমা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে, এবং এখানে কোনো ধরনের জবাবদিহি প্রয়োজন নেই।
চলতি সপ্তাহান্তে এই কর্মসূচি শেষ হওয়ার কথা ছিল, তবে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, "অভিযানের সফলতার কথা বিবেচনা করে এর সময়সীমা আগামী সোমবার পর্যন্ত আরও দুই দিন বাড়ানো হয়েছে।"
আইডিএফ-এর তথ্যমতে, গত দুই সপ্তাহে জমা পড়া উল্লেখযোগ্য সামরিক সরঞ্জামের মধ্যে রয়েছে: প্রায় ২১০টি আগ্নেয়াস্ত্র, ৩ হাজার ৮০০টি স্টান গ্রেনেড, ফ্র্যাগমেন্টেশন গ্রেনেড, মর্টার ও লঞ্চার, ৮ হাজার ৭০০টি সামরিক ইউনিফর্ম ও বস্ত্রসামগ্রী, ৩ হাজারটি অস্ত্রের আনুষঙ্গিক যন্ত্রাংশ, ভেস্ট ও হেলমেটসহ ১ হাজার ৬০০টি যুদ্ধসরঞ্জাম এবং ৪৩০টি চিকিৎসা সরঞ্জাম।
সময়সীমা শেষ হওয়ার পর কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়ে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, এই বিশেষ অভিযানের মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আইনি দায়মুক্তির সুযোগও বাতিল হয়ে যাবে। এরপর কারও কাছে অবৈধভাবে সামরিক সরঞ্জাম পাওয়া গেলে বা সরিয়ে নেওয়ার প্রমাণ মিললে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন যে, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে মোট ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন বিদ্যমান।
এটি বৃহস্পতিবার (১২ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল বারী সরদারের একটি লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য প্রদান করেন। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
প্রশ্নে মো. আব্দুল বারী সরদার জানতে চান, অটোরিকশা চার্জ দিতে সারা দেশে বিদ্যুৎ বিভাগ থেকে কতটি মিটার অনুমোদন দেওয়া হয়েছে। তিনি আরও উল্লেখ করেন যে, প্রায় ৭০-৭৫ লাখ অটোরিকশা চার্জ দিতে মিটারবিহীন বা অবৈধভাবে প্রতিদিন দেশের বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ কত এবং সাধারণ গ্রাহকদের ওপর পড়া চাপ এবং লোডশেডিং কমাতে এসব অসাধু কাজের বিরুদ্ধে ঝটিকা অভিযান চালিয়ে দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না।
জবাবে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, বিদ্যুৎ বিভাগের আওতাধীন সব বিতরণকারী সংস্থা বা কম্পানির অধীনে ৫০ হাজার ৯৫১টি অনুমোদিত ব্যাটারি চার্জিং স্টেশন রয়েছে।
মন্ত্রী বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বিদ্যুৎ চুরি বন্ধ করতে এবং মিটার কারসাজি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে, অটোমেটেড মিটার রিডিং (এএমআর) ও প্রিপেইড মিটার স্থাপন, স্মার্ট প্রিপেইড মিটার স্থাপনের কাজ, বিতরণ লাইন নির্মাণ ও আধুনিকায়ন এবং নন-স্ট্যান্ডার্ড লাইনগুলোকে মানসম্মত করা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়া এলাকায় গোলাগুলির ঘটনায় দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গতকাল পালংখালী ইউনিয়নের বটতলী স্টেশনে ঘটে যাওয়া গোলাগুলির পর তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল এবং ৪১ রাউন্ড তাজা কার্তুজ।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন—মিজানুর রহমান মিজান, সাখাওয়াত হোসেন, যিনি মুন্না নামে পরিচিত, আরফাত হোসাইন এবং আবু তাহের।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বটতলী স্টেশনে গোলাগুলির ঘটনার পর অভিযান পরিচালনা করে এই চারজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত তল্লাশি করে উদ্ধার করা হয় দুটি দেশীয় তৈরি বন্দুক, একটি বন্দুকের ব্যারেল, ৪১ রাউন্ড তাজা কার্তুজ এবং একটি কার্তুজের খোসা।
এ ঘটনায় উখিয়া থানায় অস্ত্র আইনে একটি মামলা এবং দ্রুত বিচার আইনে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান গ্রেফতার ও অস্ত্র-গুলি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ