বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪৪ পি.এম
ভালোবাসার সম্পর্কে দুজনের পছন্দ, অভ্যাস ও মানসিক অবস্থার মধ্যে পার্থক্য থাকা স্বাভাবিক। কিন্তু যখন একজন সঙ্গীর অতিরিক্ত দুশ্চিন্তা বা ভয় দুজনের জীবনযাপনকে সীমাবদ্ধ করে দেয়, তখন সম্পর্কের মধ্যে দূরত্ব ও অসন্তোষ সৃষ্টি হতে পারে। সঙ্গীর মানসিক অবস্থার প্রতি সহানুভূতি প্রদর্শন করেও কীভাবে নিজের স্বাভাবিক জীবনযাপন বজায় রাখা সম্ভব, সে বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন মনোবিশেষজ্ঞরা।
মনোবিষয়ক সাময়িকী সাইকোলজি টুডেতে প্রকাশিত একটি নিবন্ধে উল্লেখ করা হয়েছে, যারা দৈনন্দিন জীবনে অতিরিক্ত উদ্বেগ অনুভব করেন, তারা অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতি ও স্থান এড়িয়ে চলেন। যেমন—ভিড়, সামাজিক অনুষ্ঠান কিংবা বাইরে কোথাও যাওয়ার বিষয়টি তাঁদের মধ্যে ভয় সৃষ্টি করতে পারে।
এ ধরনের পরিস্থিতিতে তাঁদের সঙ্গীরাও ধীরে ধীরে নিজেদের জীবনযাপন পরিবর্তন করতে শুরু করেন। প্রিয় মানুষটির অস্বস্তি কমাতে গিয়ে তারা বন্ধুদের সঙ্গে দেখা করা, সামাজিক অনুষ্ঠানে যাওয়া কিংবা পছন্দের কাজগুলো এড়িয়ে চলতে শুরু করেন। একসময় দুজনের জীবনই সীমাবদ্ধ হয়ে পড়ে। এর ফলে সম্পর্কের মধ্যে ক্ষোভ ও হতাশা জমা হতে পারে।
সঙ্গীর উদ্বেগ নিজের মধ্যে টেনে নেবেন না। সঙ্গীর দুশ্চিন্তা বুঝতে পারা এবং তার কষ্টের প্রতি সহানুভূতিশীল হওয়া জরুরি। তবে তার ভয়কে নিজের জীবনযাপনের সীমাবদ্ধতা হিসেবে গ্রহণ করা উচিত নয়। সঙ্গী যদি কোনো পরিস্থিতিতে অস্বস্তি অনুভব করেন, তবে তাঁর অনুভূতিকে গুরুত্ব দিতে হবে, কিন্তু প্রতিবার সেই পরিস্থিতি এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া সমস্যার সমাধান নয়।
নিবন্ধে উল্লেখ করা হয়েছে, সঙ্গীর উদ্বেগের কারণে সব সময় তাঁর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করলে সাময়িক স্বস্তি পাওয়া যেতে পারে। কিন্তু দীর্ঘ মেয়াদে এতে ভয় আরও শক্তিশালী হয়ে ওঠে। ফলে নতুন নতুন পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হতে পারে এবং এড়িয়ে চলার প্রবণতা বৃদ্ধি পেতে পারে।
ভয় কাটিয়ে উঠতে সঙ্গীকে উৎসাহ দিন
সঙ্গীকে তার ভয় ও উদ্বেগের কারণ বুঝতে এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিতে উৎসাহিত করা উচিত। তার পাশে থেকে চিকিৎসা বা থেরাপি নেওয়ার উদ্যোগে সহযোগিতা করা যেতে পারে। তবে নিজের সামাজিক জীবন ও পছন্দের কাজগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া উচিত নয়।
নিবন্ধে এলেন ও রিচ নামের এক দম্পতির উদাহরণ দেওয়া হয়েছে। এলেন সামাজিকতা পছন্দ করতেন। বন্ধুদের সঙ্গে দেখা করা, পার্টি, বিয়ে কিংবা বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়া ছিল তার নিয়মিত জীবনের অংশ। অন্যদিকে, রিচ ভিড় ও জনসমাগমে অস্বস্তি বোধ করতেন। প্রথম দিকে এলেন তার সুবিধার কথা ভেবে নিজের শহরের বাইরে গিয়ে দেখা করতেন। পরে রিচের আপত্তির কারণে সামাজিক অনুষ্ঠানেও যাওয়া কমিয়ে দেন।
একপর্যায়ে তারা শহর ছেড়ে নিরিবিলি এলাকায় বসবাস শুরু করেন। রিচের অস্বস্তি ক্রমেই বাড়তে থাকে। তিনি রেস্তোরাঁ, বার এমনকি সুপারমার্কেটেও যেতে চাইতেন না। ফলে দুজনের জীবন ঘরবন্দি হয়ে পড়ে। এলেন রিচকে ভালোবাসলেও নিজের সামাজিক জীবন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার বিষয়টি মেনে নিতে পারেননি। শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেড়ে শহরে ফিরে যান।
সহানুভূতিশীল থাকুন, তবে নিজের জীবনও উপভোগ করুন। সঙ্গী যদি কোনো অনুষ্ঠানে যেতে না চান, তাহলে তাকে জোর না করে নিজের প্রয়োজন অনুযায়ী সেখানে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন। একই সঙ্গে তাকে আশ্বস্ত করতে পারেন যে, আপনি তার পাশে আছেন এবং ধীরে ধীরে ভয় কাটিয়ে উঠতে তাকে সহযোগিতা করবেন।
এ ধরনের পরিবর্তন সহজে আসে না। দীর্ঘদিন ধরে সঙ্গীর এড়িয়ে চলার প্রবণতায় সহযোগিতা করে থাকলে নতুন অবস্থানে যেতে তিনি আপত্তি জানাতে পারেন। তাই ধৈর্য, ধারাবাহিকতা ও সহানুভূতি বজায় রাখা জরুরি।
নিবন্ধে বলা হয়েছে, সঙ্গীকে ভালোবাসার অর্থ তার প্রতিটি ভয় বা অস্বস্তির কাছে নিজের জীবনকে সমর্পণ করা নয়। বরং তাকে প্রয়োজনীয় সহায়তা নিয়ে ভয় কাটিয়ে উঠতে উৎসাহিত করা এবং একই সঙ্গে নিজের জীবনযাপন বজায় রাখাই সুস্থ সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ।
তবে সঙ্গী পরিবর্তনের চেষ্টা না করলে কত দিন পর্যন্ত তাকে সহায়তা করে যাওয়া সম্ভব, সে সিদ্ধান্তও নিজের ভালো থাকার কথা বিবেচনা করে নিতে হবে। অন্যের ভয় ও এড়িয়ে চলার প্রবণতার কারণে নিজের জীবন, সামাজিকতা ও ব্যক্তিগত বিকাশ পুরোপুরি থামিয়ে দিলে শেষ পর্যন্ত দুজনেরই ক্ষতি হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের অভয়নগরে নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতা পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে পৃথক অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হলেন—উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজ এলাকার মৃত আব্দুল মালেক মিনার পুত্র ও উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক আলমগীর মিনা (৬৪)। অপরজন হলেন রানাগাতী গ্রামের আব্দুল সোবহান মল্লিকের পুত্র ও শুভরাড়া ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিক (৪৬)।
এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান কালের কণ্ঠকে জানিয়ে বলেন, ‘পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আলমগীর মিনা এবং ইউনিয়ন যুবলীগের সহসভাপতি নান্নুর মল্লিককে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেতৃত্বের পরিবর্তন এবং দলে একাধিক পরিবর্তন ঘটেছে। নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ দুই ম্যাচে ভিন্ন এক ভারতকে দেখা যাবে।
আগামীকাল শুক্রবার মাউন্ট মঙ্গানুইয়ে চতুর্থ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। নিয়মিত অধিনায়ক শুবমান গিলের পরিবর্তে ভারতকে নেতৃত্ব দেবেন শ্রেয়াস আইয়ার। ওয়ানডে অধিনায়ক হিসেবে এটি তার প্রথম ম্যাচ হতে যাচ্ছে। টস করতে নামলেই তিনি ভারতের ওয়ানডে ইতিহাসের ২৯তম অধিনায়ক হিসেবে পরিচিতি পাবেন।
আইপিএলে আইয়ারের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে। দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংস রানার্স আপ হয়েছে। বর্তমানে তিনি ভারত টি-টোয়েন্টি দলের স্থায়ী অধিনায়ক।
অক্টোবরে আইয়ারের নেতৃত্বে ভারত এশিয়ান গেমস ক্রিকেটে স্বর্ণপদক অর্জন করেছে এবং এ মাসে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি সিরিজও জিতেছে। এখন তার সামনে ওয়ানডে সিরিজ জয়ের পাশাপাশি নিজের নেতৃত্বগুণ প্রমাণের একটি বড় সুযোগ রয়েছে।
কিন্তু হঠাৎ কেন আইয়ারকে ওয়ানডে নেতৃত্বে আনা হলো? শুবমান গিলকে কেন সরানো হলো? এর পেছনে রয়েছে ভারতের টেস্ট প্রস্তুতির বিষয়টি।
নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকার চারে অবস্থান করছে ভারত, আর নিউজিল্যান্ড শীর্ষে রয়েছে।
আগামী ১৯ নভেম্বর শুরু হতে যাওয়া সেই সিরিজের প্রস্তুতির জন্য গিলকে শেষ দুই ওয়ানডে থেকে বিশ্রাম দেওয়া হয়েছে। একই কারণে দলের সঙ্গে নেই উইকেটকিপার-ব্যাটার লোকেশ রাহুল এবং পেসার অংশুল কাম্বোজও। তারা টেস্টের প্রস্তুতির জন্য ওয়ানডে দল ছেড়েছেন।
গিল, রাহুল এবং কাম্বোজদের অনুপস্থিতিতে ঈশান কিষান, রুতুরাজ গায়কোয়াড় এবং তিলক ভার্মার মতো ক্রিকেটারদের সুযোগ দেওয়া হয়েছে। তাদের পারফরম্যান্সের দিকেও সবার নজর থাকবে।
ভারতের সামনে এখন নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ রয়েছে। পাঁচ ম্যাচ সিরিজে প্রথম দুটি ম্যাচ জিতে তারা ২-০ ব্যবধানে এগিয়ে আছে। তৃতীয় ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় ভারতের সিরিজ হারানোর সম্ভাবনা নেই। শেষ দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই সিরিজ নিশ্চিত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লার লালমাই উপজেলায় ডাকাতিয়া নদীতে নিখোঁজ হয়ে গেছেন রাকিবুল ইসলাম লিমন (১৯) নামের একজন প্রতিবন্ধী যুবক। গত মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে উপজেলার বাকই উত্তর ইউনিয়নের শিকারীপাড়া ব্রিজের পাশে তিনি নিখোঁজ হন। সারাদিন ধরে ফায়ার সার্ভিস এবং ডুবুরি দলের তল্লাশির পরেও তাঁর কোনো সন্ধান মেলেনি।
এদিকে, নাতির নিখোঁজের খবর পেয়ে শিকারীপাড়া ব্রিজের ওপর বসে আছেন তাঁর বৃদ্ধ দাদা মোসলেম। তিনি নদীর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন। কখনো নদীর পানে চাইছেন, আবার কখনো চোখ মুছে স্মৃতির পাতায় স্বান্তনা খুঁজছেন। নাতির ফিরে আসার অপেক্ষায় কান্নায় ভেঙে পড়ছেন এই প্রবীণ।
দাদা মোসলেম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "আমার নাতি আমারে ছাড়া কিচ্ছু বোঝে না। সব সময় এসে বলতো— 'দাদা খানা খান, দাদা আইয়েন, দাওয়াত আছে খাইয়া যান।' আহ্, ওরে আমি কেমনে ভুলমু!" যে নাতি প্রতিদিন ডেকে নিয়ে খাবার খাওয়াতো, আজ সে-ই নেই। তাই নাতির খোঁজে নদীর পাড় আঁকড়ে পড়ে আছেন অসহায় দাদা।
নিখোঁজ লিমন প্রতিবেশী লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের বাকই গ্রামের জামাল হোসেনের পুত্র। তাঁর বাবা স্থানীয় একটি মসজিদের ইমাম।
স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার ভোরে হুইলচেয়ারে করে বাড়ি থেকে বের হন লিমন। এ সময় তাঁর পরনে কোনো পোশাক ছিল না। শিকারীপাড়া ব্রিজের ওপর তাঁকে বসে থাকতে দেখে পাশের মসজিদের মুয়াজ্জিন ইলিয়াস পরিচয় জানতে চাইলে লিমন শুধু ‘বাকই’ বলে উত্তর দেন। এরপর মুয়াজ্জিন আজান দিতে মসজিদে চলে যান। আজান শেষে এসে তিনি দেখেন, লিমনের হুইলচেয়ারটি ব্রিজে পড়ে থাকলেও তরুণটি আর সেখানে নেই।
ঘটনাটি ছড়িয়ে পড়লে পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা নদীতে খোঁজাখুঁজি শুরু করেন। তবে সময় যত গড়ায়, পরিবারের দুশ্চিন্তাও তত বাড়তে থাকে।
লিমনের বাবা জামাল হোসেন জানান, খবর পাওয়ার পর থেকেই তাঁরা নদী ও আশপাশের বিভিন্ন স্থানে সন্ধান চালিয়ে যাচ্ছেন, কিন্তু এখনও কোনো খবরের দেখা পাননি।
এ বিষয়ে লাকসাম ফায়ার সার্ভিসের ওয়ারহাউস ইন্সপেক্টর মঞ্জুরুল ইসলাম জানান, নদীর গভীরতা বেশি থাকায় ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে উদ্ধার কাজ চালাতে গিয়ে হিমশিম খায়। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে সন্ধ্যা পর্যন্ত তল্লাশি চালানো হলেও নিখোঁজ যুবকের সন্ধান পাওয়া যায়নি। অন্ধকার হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান স্থগিত রেখে ডুবুরি দলটি ফিরে যায়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌলভীবাজারে অভিযান পরিচালনা করে পুলিশ মারুফ আহমেদ (৫৬) নামের এক মৎস্যজীবী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর আড়াইটার সময় রাজনগর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
মৌলভীবাজারের পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার ভিত্তিতে রাজনগর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া মারুফ আহমেদ (৫৬) রাজনগর উপজেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ৪ নম্বর পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদকও তিনি। মারুফ আহমেদ দক্ষিণ কুবঝাড় গ্রামের ছোয়াব আলীর পুত্র।
তালাশ বিডি/মিডিয়া লিঃ