ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

যুক্তরাজ্যে ইসরাইলের বিরুদ্ধে খুতবা দেওয়ায় মসজিদকে কমিশনের সতর্কতা


যুক্তরাজ্যে ইসরাইলের বিরুদ্ধে খুতবা দেওয়ায় মসজিদকে কমিশনের সতর্কতা

যুক্তরাজ্যের দাতব্য সংস্থা নিয়ন্ত্রক কমিশন (চ্যারিটি কমিশন) কর্তৃক আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পর আইনি পরামর্শ গ্রহণ করছে লন্ডনের একটি ইসলামিক সেন্টার। ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী’ খুতবা (বক্তব্য) প্রচারের অভিযোগে দক্ষিণ-পূর্ব লন্ডনের ‘লুইশাম ইসলামিক সেন্টার’-কে তাদের অনুষ্ঠানের পরিচালনা ও বক্তা নির্বাচন বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মসজিদটিতে দেওয়া এক খুতবায় ইমাম শাকিল বেগ "নিপীড়ক এবং জায়নবাদীদের হাতে সাধারণ মানুষের দুর্ভোগের" বিষয়টি তুলে ধরেন। ওই বক্তব্যে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পপ তারকা জাস্টিন বিবার এবং মডেল কাইলি জেনারের মতো তারকাদের ‘অসুস্থ’ (sick) বলেও মন্তব্য করেন।

এছাড়া, ২০২৪ সালের আগস্টে যুক্তরাজ্যের সাউথপোর্টে ঘটে যাওয়া দাঙ্গার প্রসঙ্গ টেনে মসজিদটির আরেক ইমাম আশরাফ দাবুস তার খুতবায় দাঙ্গাকারীদের নেপথ্যে ‘জায়নবাদী ও ইসরায়েল সমর্থকদের হাত রয়েছে’ বলে মন্তব্য করেন এবং ‘জায়নবাদী এজেন্ডার’ কথা উল্লেখ করেন।

আরও পড়ুন: বেইজিংয়ে বিশ্ব চীনা ভাষা সম্মেলনে রাবি উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম

সাম্প্রতিক বছরগুলোতে মসজিদটির এসব খুতবা নিয়ে অভিযোগ ওঠার পর তদন্তে নামে চ্যারিটি কমিশন। তদন্ত শেষে কমিশন জানায়, প্রতিষ্ঠানটিতে ‘অসদাচরণ ও অব্যবস্থাপনার’ প্রমাণ পাওয়া গেছে। কমিশনের ভাষ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী এবং উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী দুটি খুতবা আয়োজনের মাধ্যমে তারা ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। তবে কমিশন নির্দিষ্টভাবে উল্লেখ করেনি, ঠিক কোন মন্তব্যগুলোর কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

এদিকে, চ্যারিটি কমিশনের এই পদক্ষেপের বিপরীতে লুইশাম ইসলামিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী করণীয় ঠিক করতে তারা আইনি পরামর্শ নিচ্ছে।

বিবৃতিতে বলা হয়, "বিষয়টি কেবল একটি মসজিদ বা একটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন—মুসলিম প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, ইসলামের প্রচলিত ইবাদত পরিচালনা কিংবা ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধাপরাধ ও গণহত্যার নিন্দা জানানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বললে তাদের শাস্তির মুখে পড়তে হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। নিপীড়িতদের প্রতি সংহতি প্রকাশ কোনোভাবেই দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কারণ হতে পারে না।"

বিবৃতিতে আরও বলা হয়, "যদি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় একটি কর্তৃত্বপরায়ণ কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ জানাতে আমরা অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাব।"

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার ঝোপঝাড়ে ৬ দিন নিখোঁজ কিশোর উদ্ধার

লুইশাম ইসলামিক সেন্টার তাদের ওয়েবসাইটে নিজেদের এমন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়, যারা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠনে কাজ করে। সূত্র: স্কাই নিউজ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনের হত্যায় আসামি লিমনের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


রাজশাহীতে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনের হত্যায় আসামি লিমনের মৃত্যুদণ্ড

রাজশাহীর নগরীর ডাবতলা এলাকায় বাসায় ঢুকে বিচারকের ছেলে তাওসিফ রহমান সুমনকে নৃশংসভাবে হত্যার ঘটনায় একমাত্র আসামি লিমনকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একই সঙ্গে তাকে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে রাজশাহীর অতিরিক্ত মহানগর দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. রেজাউল করিম জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আইনজীবী ও রাজশাহী মহানগর দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আলহাজ্ব আলী আশরাফ মাসুম সন্তোষ প্রকাশ করেন। তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, “এই নৃশংস হত্যাকা-ের মামলায় আসামির উপযুক্ত শাস্তি নিশ্চিত হওয়ার মাধ্যমে রাষ্ট্রপক্ষ ও ভুক্তভোগী পরিবার ন্যায়বিচার পেয়েছে।”

অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী মামুনুর রশিদ বাবু রায়ে অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, “এই রায়ে আমরা সন্তুষ্ট নই। আসামির ন্যায়বিচার নিশ্চিত করতে আমরা এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।”

গত বছরের ১৩ নভেম্বর বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় মহানগর দায়রা জজ আদালতের বিচারক আবদুর রহমানের ভাড়া বাসায় ঢুকে আসামি লিমন তাঁর স্কুলপড়ুয়া ছেলে তাওসিফ রহমান সুমনকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় ছেলেকে বাঁচাতে এগিয়ে এলে বিচারকের স্ত্রী তাসমিন নাহারকেও কুপিয়ে গুরুতর জখম করা হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় মা ও ছেলেকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাওসিফকে মৃত ঘোষণা করেন। পরদিন ১৪ নভেম্বর ময়নাতদন্ত শেষে চিকিৎসকরা জানান, অতিরিক্ত রক্তক্ষরণেই তাওসিফের মৃত্যু হয়েছিল।

দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টিকারী এই ঘটনার দীর্ঘ পুলিশি তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত চূড়ান্ত রায় ঘোষণা করলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নদীর নাব্যতা সঙ্কটে লাখো মানুষের জীবন বিপন্ন, জেলেরা চরম বিপাকে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


নদীর নাব্যতা সঙ্কটে লাখো মানুষের জীবন বিপন্ন, জেলেরা চরম বিপাকে

প্রাকৃতিক নিয়মে জোয়ার-ভাটার ফলে পলি জমে ঐতিহ্যবাহী ধুলাসার নদী ধীরে ধীরে প্রায় ভরাট হয়ে গেছে। এর ফলে হাজার হাজার জেলেদের জন্য নিরাপদ পোতাশ্রয় ও মৎস্য জীবীদের পরিবহন ও যোগাযোগের একমাত্র পথ এখন মরা খালে পরিণত হয়েছে। গভীর সমুদ্রে মৎস্য শিকারের পর সাগর মোহনা থেকে প্রতিদিন ঘাটে ফিরতে গিয়ে অসংখ্য মৎস্যবাহী ট্রলার এই খালের ডুবচরে আটকে যাচ্ছে। প্রাকৃতিক দুর্যোগ বা সাগর উত্তাল হলে ওই খালে আশ্রয় নিতে আসা ট্রলারগুলোও আটকে যাচ্ছে বালু চরে।

এদিকে, ঘাটে ফিরতে বিকল্প যাতায়াত ব্যবস্থা না থাকায় ট্রলারেই প্রতিদিন পঁচে যাচ্ছে লাখ লাখ টাকার মাছ। ফলে এই খালটির ওপর নির্ভরশীল লাখো মানুষের জীবন জীবিকা এখন চরম হুমকির মুখে রয়েছে। কলাপাড়া উপজেলার ধুলাসার ইউপির শত বছরের ঐতিহ্যবাহী বাবলাতলা মৎস্য বাজারে প্রতিদিন দুর-দুরান্ত থেকে অসংখ্য মৎস্যজীবী আসেন। নিত্য দিনের মৎস্য পাইকারদের হাঁকডাকে মুখর হয়ে ওঠে এ বাজার এবং এর আশপাশের এলাকা। এই মৎস্য বাজারের সঙ্গে লাখো মানুষের জীবন জীবিকা জড়িয়ে আছে। তবে সম্প্রতি সময়ে এই বন্দরটির ঘাটে সমুদ্র থেকে মাছ আহরণ করে জেলেরা সস্তিতে ফিরতে পারছেন না।

ঘাটে ফেরার একমাত্র মাধ্যম ধুলাসার নদী বেহাল দশায় প্রতিদিন ডুবচরে আটকে গিয়ে জেলেরা কষ্টার্জিত মাছ খোয়াচ্ছেন। কখনও কয়েক ঘণ্টা, আবার কখনও দিনের পর দিন আটকে থাকার কারণে ট্রলারেই পচন ধরে আহরণকৃত মাছে। ফলে সঠিক সময়ে মাছ পরিবহন করতে না পারায় জেলেরা লোকসান গুনছেন। স্থানীয়রা বলছেন, এক সময়ের স্রোতের টান বয়ে চলা এই নদীটিতে বর্তমানে জোয়ারে প্রবেশ করা গেলেও ভাটিতে সব চিত্র বদলে যায়। সাগরে খাটুনির পর জেলেরা অনেক সময় মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন।

মৎস্যজীবী ও আড়ৎ মালিকরা বলছেন, নদীটিতে প্রবেশ বা চলাচল বন্ধ হয়ে গেলে জীবন জীবিকা নিয়ে লাখো মানুষ চরম হুমকির মুখে পড়বে। তাই খনন প্রক্রিয়ার প্রয়োজন। সরেজমিনে কথা হলে জেলে সোবহান সিকদার জানান, এক সময়ে এই নদীর স্রোতের ডাক বুকে কাপন ধরিয়ে দিত। এখন ভাটির সময় এপার থেকে ওপারে পায়ে হেঁটে পারাপার করেন অনেকেই। তিনি বলেন, সাগর মোহনা দিয়ে প্রতিদিন নদীটিতে হাজারো মাছধরা ট্রলার প্রবেশ করে। কিন্তু চড়ে আটকে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় জেলেদের। ফলে ঠিক সময়ে ঘাটে মাছ নিয়ে পৌঁছাতে না পারায় অসংখ্য মাঝিরা তাদের মাছ কম দামে বিক্রি করতে বাধ্য হন। মাছ পঁচে যাওয়ার কারণে জেলেরা কষ্ট করেও লোকসানে পড়েন।

অপর এক মাঝি জানান, সাগর উত্তাল হলে এবং ঝড়-বন্যা হলে ওই নদীতে আশ্রয় নিতে আসে হাজারো ট্রলার। ডুবোচরের কারণে নদীর মধ্যে প্রবেশ করতে না পারায় প্রায়ই দুর্ঘটনার কবলে পড়তে হয় তাদের। বাবলাতলা বাজারের আড়ত মালিক ও ইউপি সদস্য মো. রাসেল বলেন, এ খালটি এখন লাখো মানুষের জীবন জীবিকায় প্রভাব ফেলছে। শীত মৌসুমে এ হাঁটে কোটি টাকার মাছের কারবার চলে। কিন্তু মোহনায় বালু ভরে এমনভাবে চর জেগেছে যে, সেখান থেকে ট্রলার যাতায়াত প্রায় অসম্ভব। ভাটিতে বা জোয়ারে ছোট ট্রলার ঢুকলেও বড়গুলো প্রতিদিন আটকে যায়। তিনি বলেন, এই নদীটি দ্রুত খনন না করলে অনেক জেলেদের পেশা পরিবর্তন করতে হবে।

বাজার ব্যবসায়ী হাজী মাসুদ জানান, শত বছরের পুরানো এই বাজারটি টিকে আছে এই নদীটির ওপর নির্ভর করে। তিনি বলেন, কাউকে বোঝানো যাবে না যে একটি নদীর জন্য কি পরিমাণ বিরূপ প্রভাব পড়ছে। জেলেরা এই ঘাটে মাছ নিয়ে আসতে চায় না। মহিপুর আলীপুর ঘাটে পৌঁছাতে তাদের বেশি পরিমাণ তেল পুরতে হয়। তাই অনেকে কয়েক কিলোমিটার মাথায় করে মাছ পরিবহন করে ঘাটে ফেরেন। এই দৃশ্য দেখাটাও কষ্টদায়ক। তিনি বলেন, এই বাজারকে কেন্দ্র করে লাখো মানুষের জীবিকা। তাই নদীটি খননের জন্য সরকারের কাছে জোর অনুরোধ জানিয়েছেন তিনি।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী বলেন, জেলেরা কষ্ট করে মাছ আহরণ করলেও চ্যানেলটি দিয়ে ঠিক সময়ে ঘাটে আসতে পারে না। নদীটির নাব্যতা কমে যাওয়া এবং অসংখ্য ডুব চরের কারণে প্রতিনিয়ত ট্রলার চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। আমরা বিষয়টি ইতোমধ্যে উপরস্থ কর্মকর্তাকে অবহিত করেছি, যাতে দ্রুত নদীটির খননের জন্য উদ্যোগ গ্রহণ করা হয়।

বরিশাল ড্রেজার ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মামুন উর রশিদ জানান, ইতোমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয় খাজুরা পয়েন্টে জেলেদের জন্য চ্যানেল খনন প্রক্রিয়ার ব্যবস্থা করেছেন। সেখানে ড্রেজার দিয়ে বালু অপসারণ করা হচ্ছে। এই নদীটির জন্যও যেকোন একজন প্রতিনিধি হয়ে আবেদন করলে আমরা পরীক্ষা করে ব্যবস্থা নিব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ, পালানোর ঘটনায় মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


কাউসারকে কারাগারে পাঠানোর আদেশ, পালানোর ঘটনায় মামলা

ঢাকার আদালতের কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি মো. কাউসার মিয়াকে (১৯) নতুন মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। কোতোয়ালি থানায় পুলিশ হেফাজত থেকে পালানোর ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে শুনানি শেষে আদালত এ নির্দেশ প্রদান করে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসান শাহাদাতের আদালত এই আদেশ দেন।

প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক শেখ কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুনানির সময় কাউসারের পক্ষ থেকে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। আসামিকে এজলাসেও তোলা হয়নি।

এর আগে, বৃহস্পতিবার ভোর ৬টার দিকে নেত্রকোনার পূর্বধলা থানার তারাকান্দা এলাকায় অভিযান চালিয়ে কাউসারকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা-পুলিশ। পরে দুপুরে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক সুফল কুমার রায়।

আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, কাউসারকে গ্রেপ্তারের পর তার জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে। মামলার তদন্ত কার্যক্রমও অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন। প্রয়োজনে পরবর্তী সময়ে তার রিমান্ড চাওয়া হবে। শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, গত ১০ নভেম্বর কাউসারকে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতে হাজির করার জন্য মহানগর জজ আদালতের হাজতখানা থেকে দুই পুলিশ সদস্যের মাধ্যমে পাঠানো হয়। আদালতের কার্যক্রম শেষে অন্য দুই আসামিকে হাজতখানায় ফিরিয়ে নেওয়া হলেও কাউসার ও মাইদুর রহমানকে কাঠগড়ায় রাখা হয়।

এ সময় দায়িত্বে থাকা কনস্টেবল আরাফাতুল ইসলাম তাদের হাতকড়ার এক অংশ কাঠগড়ার গ্রিলের সঙ্গে এবং অন্য অংশ হাতে লাগিয়ে রাখেন। পরে পেশকারের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র আনতে গেলে সেই সুযোগে সকাল ১১টা ৪৫ মিনিটের দিকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার।

এ ঘটনায় মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার ইনচার্জ রিপন মোল্লা বাদী হয়ে কোতোয়ালি থানায় দণ্ডবিধির ২২৪ ধারায় মামলা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা পদমদীতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:৫৮ পি.এম


মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা পদমদীতে

ঊনবিংশ শতাব্দীর অন্যতম মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা হিসেবে পরিচিত এই সাহিত্যিকের স্মৃতিবিজড়িত রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে নির্মিত স্মৃতিকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ভবন ও বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে।

মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুর পর তিনি সেখানেই সমাহিত হন। স্মৃতি সংরক্ষণে সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমির তত্ত্বাবধানে স্মৃতিকেন্দ্র ও কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।

শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ও কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনা করেন। কর্মজীবনে পিতার জমিদারি দেখাশোনা করার পর ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ছাত্রাবস্থায় ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় মফস্বল সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার সাহিত্যজীবনের সূচনা ঘটে।

তিনি ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘গো-জীবন’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়াঁর বস্তানী’ ও ‘আমার জীবনী’সহ বহু গ্রন্থ রচনা করেছেন। তবে তার অমর কীর্তি ‘বিষাদ-সিন্ধু’ হিসেবে বিশেষভাবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, স্মৃতিকেন্দ্রের গ্রন্থাগারে তার লেখা মাত্র তিন-চারটি বই ছাড়া উল্লেখযোগ্য কোনো বই নেই।

সরেজমিনে দেখা যায়, স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। সীমানাপ্রাচীরে দেখা দিয়েছে ফাটল। রং উঠে গেছে এবং মরিচা ধরে নষ্ট হচ্ছে গ্রিল। মূল ফটকসহ কেন্দ্রের বিভিন্ন স্থানে থাকা বাতি ও ভবনের ভেতরের সিলিং লাইটও অকার্যকর হয়ে পড়ে আছে। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোও অপরিচ্ছন্ন।

স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক আগে নির্মিত স্মৃতিকেন্দ্রটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। বর্তমানে জন্মবার্ষিকী সামনে রেখে ভবনে রং করার কাজ চলছে।

এ ছাড়া শুক্র ও শনিবারসহ বিভিন্ন সরকারি ছুটির দিনে কেন্দ্রটি বন্ধ থাকায় শিক্ষার্থী ও দর্শনার্থীরা সেখানে যেতে পারেন না। ফলে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরার সুযোগও সীমিত হয়ে পড়েছে।

দর্শনার্থী শহিদুল ইসলাম, রেজাউল করিম ও আকবর হোসেন এবং স্থানীয় বাসিন্দা নাজমা সুলতানা ও কবির হোসেন জানান, সারা বছর স্মৃতিকেন্দ্রটিতে কার্যক্রম দেখা যায় না। অযত্নে পড়ে থেকে ভবনটি নষ্ট হচ্ছে। তাঁরা স্মৃতিকেন্দ্রটির নিয়মিত পরিচর্যা এবং মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম ব্যাপকভাবে প্রচারের দাবি জানান।

স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন সুজন বলেন, যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কার করা উচিত। স্থানীয় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে। জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্রটির প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে বাংলা একাডেমিকে অবহিত করা হবে। শুধু অনুষ্ঠান আয়োজনের সময় নয়, সারা বছরই কেন্দ্রটি পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।

এদিকে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ পদমদীতে বাংলা একাডেমির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, জন্ম ও মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে স্মৃতিকেন্দ্রটির পূর্ণাঙ্গ সংস্কার, সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলা এবং সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%