ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ফোনে কথা শুনতে সমস্যা হলে ৫টি বিষয় পরীক্ষা করুন


ফোনে কথা শুনতে সমস্যা হলে ৫টি বিষয় পরীক্ষা করুন

স্মার্টফোনে কথা বলার সময় অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর স্পষ্টভাবে শোনা না গেলে অনেক ব্যবহারকারী প্রথমে নেটওয়ার্কের সমস্যাকে দায়ী করেন। তবে সব সময় নেটওয়ার্কের কারণে এমনটি ঘটে না। ফোনের স্পিকারে ময়লা জমা, ভুলভাবে লাগানো কভার বা স্ক্রিন গার্ড কিংবা কলের ভলিউম কম থাকার কারণে এ সমস্যা দেখা দিতে পারে। কিছু বিষয় পরীক্ষা করে ঘরে বসেই সমস্যার সমাধান করা সম্ভব।

প্রযুক্তিবিষয়ক বিভিন্ন পরামর্শের আলোকে ফোনে কলের শব্দ কম শোনা গেলে যে পাঁচটি বিষয় পরীক্ষা করা উচিত, সেগুলো নিচে উল্লেখ করা হলো।

১. ফোনের স্পিকারে ময়লা জমেছে কি না দেখুন

আরও পড়ুন: জাতীয় গণমাধ্যমে হাওরের জীবনযাত্রা ও সম্ভাবনা তুলে ধরার উদ্যোগ: তথ্য প্রতিমন্ত্রী

ফোনের উপরের দিকে থাকা ছোট স্পিকারটিকে ইয়ারপিস বলা হয়। কথা বলার সময় এই স্পিকার দিয়েই অপর প্রান্তের ব্যক্তির কণ্ঠস্বর শোনা যায়। দীর্ঘদিন ব্যবহারের ফলে এতে ধুলাবালি, ঘাম ও ত্বকের তেল জমতে পারে। এর ফলে স্পিকারের ছিদ্র আটকে গিয়ে শব্দের তীব্রতা কমে যেতে পারে।

এ সমস্যা সমাধানের জন্য নরম ও শুকনো ব্রাশ দিয়ে স্পিকারের অংশটি আলতো করে পরিষ্কার করা উচিত। তবে পিন, ছুঁচ বা পানি ব্যবহার করা থেকে বিরত থাকুন। এতে স্পিকারের সূক্ষ্ম অংশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

২. কভার বা স্ক্রিন গার্ড স্পিকার ঢেকে রেখেছে কি না দেখুন

নতুন ফোন কভার বা স্ক্রিন গার্ড লাগানোর পর থেকে কলের শব্দ কমে গেলে সেটি পরীক্ষা করা অত্যন্ত জরুরি। অনেক সময় ফোনের মডেলের সঙ্গে পুরোপুরি মানানসই নয়—এমন কভার বা স্ক্রিন গার্ড ইয়ারপিসের অংশ আংশিকভাবে ঢেকে দিতে পারে। আবার ঠিকমতো না বসালেও শব্দ চলাচলে বাধা তৈরি হয়।

আরও পড়ুন: বর্জ্যকে সম্পদে পরিণত করতে বিশ্বনেতাদের আহ্বান জানালেন ডা. জুবাইদা রহমান

এ ক্ষেত্রে সাময়িকভাবে কভার বা স্ক্রিন গার্ড খুলে কাউকে ফোন করে দেখুন। শব্দ স্বাভাবিক হলে বুঝতে পারবেন, সমস্যার কারণ আনুষঙ্গিক পণ্যটির অবস্থান বা নকশা।

৩. কলের ভলিউম বাড়ানো আছে কি না পরীক্ষা করুন

ফোনের সাধারণ ভলিউম এবং কলের ভলিউম এক নয়। অনেক ব্যবহারকারী ফোনের সাধারণ শব্দ বাড়িয়ে রাখলেও কলের সময় ভলিউম কম থাকার বিষয়টি খেয়াল করেন না।

এ সমস্যা এড়াতে কারও সঙ্গে কথা বলার সময় ফোনের ভলিউম বাড়ানোর বোতাম চাপুন। স্ক্রিনে কলের ভলিউম বাড়ছে কি না, সেটিও দেখে নিন।

আরও পড়ুন: ১০ বছরের মধ্যে ক্যান্সার অতীত হবে, দাবি অ্যানথ্রোপিক প্রধানের

৪. ব্লুটুথের সঙ্গে অন্য কোনো ডিভাইস যুক্ত আছে কি না দেখুন

ফোনের সঙ্গে ব্লুটুথ হেডফোন, ইয়ারবাড বা অন্য কোনো অডিও ডিভাইস যুক্ত থাকলে কলের শব্দ সেদিকে চলে যেতে পারে। ফলে ফোনের ইয়ারপিসে শব্দ না-ও শোনা যেতে পারে।

তাহলে কলের সময় ব্লুটুথ চালু আছে কি না এবং কোনো ডিভাইস সংযুক্ত রয়েছে কি না পরীক্ষা করুন। প্রয়োজনে ব্লুটুথ বন্ধ করে আবার কল করে দেখুন। পাশাপাশি ফোনের সেটিংসে অডিও ব্যালান্সের অবস্থানও পরীক্ষা করতে পারেন।

৫. সমস্যা না মিটলে সার্ভিস সেন্টারে যান

আরও পড়ুন: তরুণদের প্রযুক্তি উদ্ভাবনে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

স্পিকার পরিষ্কার করা, কভার বা স্ক্রিন গার্ড খুলে দেখা, কলের ভলিউম বাড়ানো এবং ব্লুটুথ সংযোগ পরীক্ষা করার পরও যদি শব্দ কম শোনা যায়, তাহলে ফোনের ভেতরে হার্ডওয়্যারজনিত সমস্যা থাকতে পারে। স্পিকার নষ্ট হওয়া বা সংযোগে ত্রুটির কারণে এমনটি হতে পারে।

এ অবস্থায় নিজে ফোন খুলে মেরামতের চেষ্টা না করে সংশ্লিষ্ট ব্র্যান্ডের অনুমোদিত সার্ভিস সেন্টারে যোগাযোগ করুন। এতে সমস্যার সঠিক কারণ শনাক্ত করা এবং প্রয়োজনীয় মেরামত করানো সহজ হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পলাতক ফ্যাসিস্ট হাসিনার স্বার্থে সহিংসতা পরিহার করার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৪ পি.এম


পলাতক ফ্যাসিস্ট হাসিনার স্বার্থে সহিংসতা পরিহার করার আহ্বান

ক্ষমতার মোহে অন্ধ হয়ে যারা সাধারণ মানুষের ওপর দীর্ঘকাল ধরে জুলুম চালিয়েছে, তাদের শীর্ষ নেতারা এখন নিরাপদ আশ্রয়ে বসে আছেন এবং মাঠপর্যায়ের কর্মীদের বিপদের সম্মুখীন করছেন বলে মন্তব্য করেছেন ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের যুগ্ম সদস্য সচিব মাওলানা ত্বহা মাহমুদ। তিনি একই সঙ্গে ফ্যাসিবাদের সহযোগীদের প্ররোচনায় পা না দিয়ে সহিংসতার পথ ত্যাগ করে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়েছেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি উল্লেখ করেন, “ক্ষমতার মোহে অন্ধ হয়ে যেই দল এতদিন সাধারণ মানুষের ওপর জুলুম চালিয়েছে, তাদের সেই নেতারা নিরাপদ আশ্রয়ে বসে কলকাঠি নাড়ছে। মাঠপর্যায়ের কর্মীরা সেই পরিস্থিতিতে স্বপ্ন দেখে বেড়াচ্ছে। বন্ধু-স্বজন মামলার বোঝা এবং কারাগারের অন্ধকারে জীবন নষ্ট করছে। অন্যের রাজনৈতিক হিসাব মেলাতে গিয়ে নিজের পরিবার ও ভবিষ্যৎ ধ্বংস করার কোনো মানে হয় না।”

মাঠপর্যায়ের কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “যে পলাতক ফ্যাসিস্ট নিজের রাজনৈতিক হিসাব মেলাতে দেশের মানুষকে বিপদের মুখে ঠেলে দিয়েছে, তার স্বার্থের বলি হয়ে অগ্নিসন্ত্রাস করে জেলে পচে লাভ কী? মানুষ হিসেবে আপনাদের বলব, তওবা করুন; মানুষ মারার রাজনীতি ও সহিংসতার পথ ছেড়ে দেশের স্বার্থে সুস্থ ধারায় ফিরে আসুন। সময় এখনো শেষ হয়ে যায়নি! সংঘাতের পথ পরিহার করুন। মাতৃভূমির সার্বভৌমত্ব ও সাধারণ মানুষের নিরাপত্তার জন্য ফ্যাসিবাদীর দোসরদের না বলুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লালপুরে ছয় অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


লালপুরে ছয় অবৈধ ইটভাটাকে ৩০ লাখ টাকা জরিমানা, গুঁড়িয়ে দেওয়া হলো চিমনি

নাটোরের লালপুরে অবৈধভাবে পরিচালিত ছয়টি ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে পরিবেশ অধিদপ্তর মোট ৩০ লাখ টাকা জরিমানা আরোপ করেছে। একই সঙ্গে দুটি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার মঞ্জিলপুকুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, ইটভাটা পরিচালনার ক্ষেত্রে প্রচলিত আইন ও পরিবেশগত বিধিনিষেধ অমান্য করার অভিযোগে ছয়টি ইটভাটায় অভিযান চালানো হয়। অভিযানের সময় আইনানুগ ব্যবস্থা হিসেবে মোট ৩০ লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। পাশাপাশি দুটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়।

অভিযানে অবৈধভাবে ইটভাটা পরিচালনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে জরিমানার পাশাপাশি ভাটাগুলোর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, অভিযানের ফলে এলাকায় অবৈধভাবে ইটভাটা পরিচালনাকারীদের মধ্যে সতর্কবার্তা পৌঁছাবে।

নাটোর জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. হাবিবুল বাসার জানান, অবৈধভাবে ইটভাটা পরিচালনার দায়ে ছয়টি ভাটায় অভিযান চালিয়ে মোট ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, জরিমানার অর্থ আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, ইটভাটা থেকে নির্গত ধোঁয়া ও ক্ষতিকর বায়ুদূষণ জনস্বাস্থ্য, কৃষিজমি এবং প্রাকৃতিক পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। এ কারণে পরিবেশ সংরক্ষণে অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান ও আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি দীর্ঘদিনের।

পরিবেশ অধিদপ্তরের এই অভিযানকে অবৈধ ইটভাটা নিয়ন্ত্রণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। তবে তারা মনে করেন, শুধু অভিযান ও জরিমানা নয়, ভবিষ্যতে যাতে এসব ভাটা আইন মেনে পরিচালিত হয়, সে জন্য নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিকদের সাথে প্রশাসকের মতবিনিময় সভা

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন , টঙ্গী (গাজীপুর)

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


শ্রমিকদের নিরাপত্তা ও শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিকদের সাথে প্রশাসকের মতবিনিময় সভা

গাজীপুরের টঙ্গী শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত এবং শিল্পবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে টঙ্গীর হকের মোড় এলাকার মা টাওয়ারের অষ্টম তলায় একটি গার্মেন্টস প্রতিষ্ঠানের কনফারেন্স রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় টঙ্গী শিল্পাঞ্চলের সার্বিক উন্নয়ন, শ্রমিকদের নিরাপত্তা, ছিনতাই ও মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধ, অবৈধ পার্কিং ও যানজট নিরসন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, সড়কবাতি স্থাপন এবং অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার শিল্পাঞ্চলের বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। তিনি শিল্পাঞ্চলে সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে নির্ধারিত নীতিমালা অনুসরণ করে কয়েকটি প্রবেশ ও বের হওয়ার গেট স্থাপনের পরামর্শ দেন। এতে অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিশৃঙ্খলা ও নিরাপত্তাঝুঁকি কমবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, শিল্পাঞ্চলে গড়ে ওঠা বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা হবে। শ্রমিকরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে যাতায়াত করতে পারেন এবং কর্মক্ষেত্রে কোনো ধরনের প্রতিবন্ধকতার শিকার না হন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। সভায় আরও আলোচনা হয়, টঙ্গী শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক ও ফুটপাত অবৈধভাবে দখল, যত্রতত্র যানবাহন পার্কিং এবং অপরিকল্পিত যান চলাচলের কারণে প্রতিনিয়ত যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। পাশাপাশি পর্যাপ্ত সড়কবাতি ও সিসিটিভি ক্যামেরার অভাবেও নিরাপত্তাঝুঁকি বাড়ছে। এসব সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম কিরণ, সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম কালা, টঙ্গী পশ্চিম থানা বিএনপির আহ্বায়ক প্রভাষক বশির উদ্দিন , সদস্য সচিব আসাদুজ্জামান নূর (ভিপি আসাদ), টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমন, সদস্য সচিব গাজী সালাউদ্দিন, গাজীপুর মহানগর যুবদলের যুগ্ন আহবায়ক ও টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মন্ডল গাজীপুর মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক খাদিজা আক্তার বিনা টঙ্গী অপরাধ দক্ষিণ বিভাগের মেডিসিন জিয়া, টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ওসি মাকছুদুল আলম সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, পোশাকশিল্পের মালিক, ও বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। সভায় বক্তারা টঙ্গী শিল্পাঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে সিটি করপোরেশন, শিল্প মালিক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট প্রশাসনের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি শ্রমিকদের নিরাপত্তা, নির্বিঘ্ন যাতায়াত এবং শিল্পপ্রতিষ্ঠানের স্বাভাবিক উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই: সংসদে বিএনপি এমপি জয়নুল আবেদীন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৯ পি.এম


২৪ ঘণ্টার মধ্যে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই: সংসদে বিএনপি এমপি জয়নুল আবেদীন

বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি উল্লেখ করেন, তার নির্বাচনি এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই, যা নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন করে তুলেছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।

অত্যন্ত বেদনা ও আক্ষেপ নিয়ে বক্তব্য শুরু করে জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই।

সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী তার জবাবে উল্লেখ করেছেন যে এই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে আমার প্রশ্ন হচ্ছে—শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র দিয়ে এই বিশাল সমস্যার সমাধান হবে না। এখানে অন্ততপক্ষে ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।

নির্বাচনি এলাকার মানুষের এই চরম দুর্ভোগ লাঘবে কবে নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন এই গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে, তা মন্ত্রীর কাছে সুস্পষ্টভাবে জানতে চান সংসদ সদস্য জয়নুল আবেদীন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%