বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৬:০৯ পি.এম
বরিশালের বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় ভয়াবহ লোডশেডিং নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন। তিনি উল্লেখ করেন, তার নির্বাচনি এলাকায় ২৪ ঘণ্টার মধ্যে প্রায় ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই, যা নির্বাচনের আগে দেওয়া নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করা কঠিন করে তুলেছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রীর উদ্দেশ্যে সম্পূরক প্রশ্ন করতে গিয়ে তিনি এসব কথা বলেন।
অত্যন্ত বেদনা ও আক্ষেপ নিয়ে বক্তব্য শুরু করে জয়নুল আবেদীন বলেন, নির্বাচিত সরকারের অন্যতম প্রধান প্রতিশ্রুতি ছিল নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা। নির্বাচনের আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) পক্ষ থেকে এলাকার জনগণকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে, দল ক্ষমতায় এলে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে। কিন্তু বাস্তবতা হলো, বাবুগঞ্জ ও মুলাদী উপজেলায় দিনে ২০ ঘণ্টা বিদ্যুৎ নেই।
সংশ্লিষ্ট মন্ত্রীর দেওয়া পূর্ববর্তী উত্তরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, মন্ত্রী তার জবাবে উল্লেখ করেছেন যে এই এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। তবে আমার প্রশ্ন হচ্ছে—শুধু ১৩২/৩৩ কেভি উপকেন্দ্র দিয়ে এই বিশাল সমস্যার সমাধান হবে না। এখানে অন্ততপক্ষে ১৪০ বা ১৪৪ কেভি ক্ষমতাসম্পন্ন গ্রিড উপকেন্দ্র নির্মাণের উদ্যোগ গ্রহণ করা জরুরি।
নির্বাচনি এলাকার মানুষের এই চরম দুর্ভোগ লাঘবে কবে নাগাদ উচ্চক্ষমতাসম্পন্ন এই গ্রিড উপকেন্দ্র নির্মাণকাজ শুরু ও বাস্তবায়ন করা সম্ভব হবে, তা মন্ত্রীর কাছে সুস্পষ্টভাবে জানতে চান সংসদ সদস্য জয়নুল আবেদীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধের প্রভাবে সৌদি আরব অর্থনৈতিক চাপের মধ্যে রয়েছে। যদিও তেল রপ্তানি স্বাভাবিক রয়েছে, দেশটির ব্যাংকগুলোতে আমানত প্রবৃদ্ধি কমে গেছে এবং অর্থনীতিতে দেখা দিয়েছে তারল্য সংকট। ব্যাংক অব আমেরিকার একটি নতুন প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার ব্লুমবার্গে প্রকাশিত প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে ব্যাংক অব আমেরিকা জানায়, সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) তারল্য সংকট সৌদি আরবেও ছড়িয়ে পড়ছে। একইসাথে, সৌদি অর্থনীতির দ্রুত গতি হারানোর কারণে ব্যাংকিং খাত চাপের সম্মুখীন হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, ইরান যুদ্ধের প্রভাবে ইউএইর অর্থনীতিতেও চাপ সৃষ্টি হয়েছে। ইউএইর ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দেওয়ায় সৌদি ব্যাংকগুলোও এর প্রভাব অনুভব করছে। দুই দেশের ব্যাংকিং খাতের মধ্যে আন্তব্যাংক লেনদেনের পরিমাণ বেশি থাকায় এই সংকট সৌদি আরবের আমানত প্রবাহেও প্রভাব ফেলছে।
অন্যদিকে, সৌদি অর্থনীতির দুর্বলতার কারণে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ব্যাংক থেকে অর্থ তুলে নিচ্ছে। ঋণের চাহিদা বেশি থাকায় বাজারে অর্থের জোগান সংকুচিত হচ্ছে এবং ঋণের খরচ বৃদ্ধি পাচ্ছে।
সৌদি আরবের মুদ্রা রিয়াল মার্কিন ডলারের সঙ্গে সরাসরি যুক্ত থাকায় এই পরিস্থিতি দেশটির জন্য বিশেষ উদ্বেগের বিষয়। ইউএই, কাতার, ওমান ও বাহরাইনসহ উপসাগরীয় দেশগুলোর মুদ্রাও ডলারের সঙ্গে নির্ধারিত বিনিময় হারে যুক্ত রয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র, ইউরোপ ও রাশিয়ার মতো উপসাগরীয় দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংক বাজারে অতিরিক্ত অর্থ সরবরাহ করতে পারে না। কারণ, এসব দেশের মুদ্রার বিনিময় হার ডলারের সঙ্গে যুক্ত এবং সুদের হার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হয়।
যুদ্ধের মধ্যেও বেড়েছে তেল উৎপাদন
ইরান যুদ্ধের সবচেয়ে বড় অর্থনৈতিক ধাক্কা সৌদি আরব এড়াতে পারলেও উপসাগরীয় অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্কের কারণে দেশটি ঝুঁকিতে রয়েছে। সৌদি আরবে বিদেশি প্রত্যক্ষ বিনিয়োগের সবচেয়ে বড় উৎস হচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
এদিকে, ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর সৌদি আরব নতুন করে নিরাপত্তা সংকটে পড়েছে। হুথিরা দেশটির জ্বালানি অবকাঠামো, বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। চলতি সপ্তাহের শুরুতে রিয়াদে অবস্থিত আরামকো টাওয়ারেও হুথিদের বিমান হামলার আঘাত লাগে।
তবে তারল্য সংকটের মধ্যেও সৌদি আরবের তেল রপ্তানি ও উৎপাদন বৃদ্ধি পেয়েছে। পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশগুলোর সংস্থা ওপেককে সৌদি আরব জানিয়েছে, অক্টোবরে দেশটি দৈনিক ১ কোটি ৬ লাখ ব্যারেল তেল উৎপাদন করেছে। সেপ্টেম্বরে এ পরিমাণ ছিল ৮৩ লাখ ৭২ হাজার ব্যারেল। গত ফেব্রুয়ারির পর এটিই দেশটির সর্বোচ্চ উৎপাদন।
সূত্র: মিডল ইস্ট আই
এমএমআর
তালাশ বিডি/মিডিয়া লিঃ