বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৩ পি.এম
অস্ট্রেলিয়ার ঘন ঝোপঝাড়পূর্ণ অঞ্চলে ছয় দিন ধরে নিখোঁজ থাকা এক কিশোরকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উইলিয়াম নামের ওই কিশোর গত শুক্রবার ভিক্টোরিয়া রাজ্যের মেলবোর্ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার পূর্বে ঝোপঝাড়ে এক বন্ধুর সঙ্গে ক্যাম্পিং করতে গিয়ে হারিয়ে গিয়েছিল।
রাতের তীব্র ঠাণ্ডার কারণে ১৭ বছর বয়সী এই কিশোরের নিরাপত্তা নিয়ে কর্তৃপক্ষ উদ্বিগ্ন ছিল। তাকে খুঁজতে পুলিশের প্রশিক্ষিত কুকুর, ডুবুরি এবং হেলিকপ্টার ব্যবহার করা হয়। আজ বৃহস্পতিবার সকালে তার অবস্থান শনাক্ত করা হয় এবং স্বস্তি ফিরে পাওয়া পরিবারের কাছে তাকে ফিরিয়ে দেওয়া হয়।
উইলিয়াম অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে কেবল সামান্য কিছু খাবার, প্রাকৃতিক পানি এবং উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে ছয় দিন জঙ্গলে টিকে ছিল। উদ্ধারকারীরা আকাশপথের অনুসন্ধানের মাধ্যমে তার অবস্থান শনাক্ত করতে সক্ষম হন। গত শুক্রবার বিকেলে ক্যাম্পিং সাইট থেকে কিছুটা দূরে হাঁটতে গিয়ে সে ভুল পথে চলে যায়। পরদিন সকালে ক্যাম্পে ফেরার পথ খুঁজতে গিয়ে অসাবধানতাবশত একটি খাড়া পাহাড়ের ঢাল থেকে নিচে শুকনো নদীর তলদেশে পড়ে যায়। পায়ে প্রচণ্ড ব্যথা পাওয়ায় এবং জায়গাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সে আর ওপরে উঠতে পারেনি।
এই পুরো ছয় দিন তার কাছে খাবার বলতে ছিল কেবল একটি বড় প্যাকেট চিপস। সে খুব অল্প অল্প করে সেই চিপস খেয়ে দিন পার করেছে এবং তৃষ্ণা মেটাতে পাশের একটি ছোট পাহাড়ি ঝর্ণা থেকে পানি পান করেছে। পরনে কেবল শর্টস ও বুট জুতা থাকলেও তার সঙ্গে থাকা তোয়ালে গায়ে জড়িয়ে সে রাতের হাড়কাঁপানো ঠাণ্ডা থেকে নিজেকে রক্ষা করে।
পায়ে ব্যথা থাকায় উইলিয়াম এদিক-সেদিক ছোটাছুটি না করে নদীর তলদেশের একটি পাথরের ওপর স্থির হয়ে শুয়ে-বসে উদ্ধারের অপেক্ষা করতে থাকে। এলাকাটি এতই খাড়া ও দুর্গম ছিল যে সেখানে পায়ে হেঁটে তল্লাশি চালানো অসম্ভব ছিল। বৃহস্পতিবার সকালে ভিক্টোরিয়া পুলিশের একটি হেলিকপ্টার ওই এলাকার ওপর দিয়ে টহল দেওয়ার সময় ওপর থেকে নিচে উইলিয়ামের মাছ ধরার সরঞ্জামের বাক্স, বালিশ ও লাঞ্চ বক্স দেখতে পায়। হেলিকপ্টারের শব্দ শুনে উইলিয়াম ঘুম থেকে জেগে ওঠে এবং ওপরের দিকে তাকিয়ে হাত নেড়ে ও মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে সংকেত দেয়।
এরপর হেলিকপ্টার থেকে দড়ি বা উইঞ্চ নামিয়ে তাকে নিরাপদে ওপরে তুলে আনা হয়। স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়ার আগে তাকে একটি ডোনাট ও এক বোতল পানি খেতে দেওয়া হয়।
কিশোরটির মা এলিজাবেথ বার্কলে সাংবাদিকদের জানান, তার ছেলের শরীরে সামান্য কয়েকটি আঁচড় ছাড়া আর কোনো সমস্যা নেই এবং তাকে বেশ সুস্থ ও সবল মনে হচ্ছে। তিনি আরো বলেন, ‘সে ভালো আছে, সবকিছুই ঠিকঠাক মনে হচ্ছে, সে পুরোপুরি সুস্থ আছে। সে যে বেঁচে আছে, এতেই আমি আনন্দে আত্মহারা।’ রসিকতা করে তিনি যোগ করেন, ‘সে আর কখনোই বাড়ির বাইরে পা রাখবে না।’
পুলিশ জানিয়েছে, কিশোরটিকে জীবিত খুঁজে পেয়ে কর্মকর্তারা আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন। ভিক্টোরিয়া পুলিশের ভারপ্রাপ্ত পরিদর্শক জেসন বেনবো বলেন, ‘সব সময় এমনটি ঘটে না। আমি নিশ্চিত তার কাছে আমাদের বলার মতো দারুণ কোনো গল্প আছে, যা শোনার জন্য আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি এবং এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুমের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম। তিনি দাবি করেছেন যে, দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া উচিত।
মানসুরা আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এই প্রতিক্রিয়া জানান।
পোস্টে তিনি উল্লেখ করেন, "স্বৈরাচার চক্রের মাথাচাড়া দিয়ে ওঠার এই নমুনা মেনে নেওয়া যাবে না।" তিনি আরও বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অবিলম্বে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত প্রতিকার করার জন্য জোর আহ্বান জানান।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার পৈতৃক বাড়িতে দুর্বৃত্তদের পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। এই বিষয়টি দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে এবং বিভিন্ন মহল থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নাটোরের সিংড়ায় একটি জুয়ার আসরে অভিযান পরিচালনা করে থানা পুলিশ নগদ দেড় লাখ টাকা, তাস এবং দুটি মোবাইল ফোনসহ দুজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া একজনের মোবাইল ফোনে পুলিশ দুটি অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পায়। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পৌর শহরের জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটের নিচতলার বারান্দা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন হচ্ছেন—উপজেলার বামিহাল গ্রামের মৃত মহির উদ্দিন মাস্টারের ছেলে মো. নাজিম উদ্দিন (৪২) এবং অন্যজন নয়া রাতাল কয়াকাস গ্রামের মো. আমজাদ হোসেনের ছেলে মো. মিলন হোসেন (৩৫)। সিংড়া থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সহকারী পুলিশ সুপার (সিংড়া-সার্কেল) নূর মোহাম্মদ আলী এই তথ্য নিশ্চিত করেন।
সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম জানান, বুধবার রাতে সিংড়া থানা পুলিশের একটি টিম নিয়মিত রাত্রিকালীন টহল ডিউটি পালন করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জামিলা ফয়েজ পলিটেকনিক ইনস্টিটিউটে অভিযান চালায়। সেখানে গিয়ে দেখা যায়, কয়েকজন টাকা দিয়ে জুয়া খেলছে। পরে ঘটনাস্থল থেকে নাজিম উদ্দিন ও মিলন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অভিযানের সময় তাদের কাছ থেকে তাসের একটি সেট, জুয়া খেলার জন্য নগদ এক লাখ ৫০ হাজার টাকা এবং দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল ফোনের মধ্যে দুটি অনলাইন জুয়ার অ্যাপ পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। এ ঘটনায় সিংড়া থানায় জুয়া প্রতিরোধ আইন-২০২৬-এর ১৫, ১৯ ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬ : শিশুদের মধ্যে সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর দোহা ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘সায়েন্স ফেয়ার-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগরী গড়ে তোলা। এজন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তরিত করতে হবে। নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক বিদ্যমান।
তিনি আরও বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার ফলে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।
চসিক প্রশাসক বলেন, ‘একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধুমাত্র কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি আমাদের সবার শহর। এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।’
দোহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ (৩৯) পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে আনুমানিক ১ টা ৩০ মিনিটে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া লিমন দেবনাথ বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের পুত্র। তিনি তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ