বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৫৪ পি.এম
চট্টগ্রাম, ১২ নভেম্বর ২০২৬ : শিশুদের মধ্যে সৃজনশীলতা, বিজ্ঞানমনস্কতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর পাশাপাশি তাদের ছোটবেলা থেকেই পরিবেশ সচেতন করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
বৃহস্পতিবার নগরীর দোহা ইন্টারন্যাশনাল স্কুলের অডিটোরিয়াম প্রাঙ্গণে আয়োজিত ‘সায়েন্স ফেয়ার-২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, বর্তমান প্রজন্মের দায়িত্ব হচ্ছে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি টেকসই নগরী গড়ে তোলা। এজন্য চট্টগ্রামকে ক্লিন, গ্রিন, হেলদি ও সেফ সিটিতে রূপান্তরিত করতে হবে। নগরীর জলাবদ্ধতা ও ডেঙ্গু সমস্যার সঙ্গে নাগরিকদের অসচেতনতার সরাসরি সম্পর্ক বিদ্যমান।
তিনি আরও বলেন, যত্রতত্র প্লাস্টিক, পলিথিন, প্লাস্টিকের বোতল, ডাবের খোসা ও অন্যান্য বর্জ্য ফেলার ফলে ড্রেন-নালা বন্ধ হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। এসব পরিত্যক্ত বর্জ্যে বৃষ্টির পানি জমে এডিস মশার প্রজননক্ষেত্র তৈরি হচ্ছে, যা ডেঙ্গু বিস্তারের অন্যতম কারণ।
চসিক প্রশাসক বলেন, ‘একটি শহরকে সুন্দর ও টেকসই করতে হলে সবার আগে সেই শহরের প্রতি নাগরিকদের ভালোবাসা ও দায়িত্ববোধ তৈরি করতে হবে। চট্টগ্রাম শুধুমাত্র কোনো জনপ্রতিনিধি বা প্রশাসকের শহর নয়, এটি আমাদের সবার শহর। এই শহরকে নিজেদের মনে করতে পারলেই একে পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।’
দোহা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড জুনিয়র স্কুলের ফাউন্ডার্স চেয়ারম্যান হাসান মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোহাম্মদ শামসুল আলম ও ড. ইয়াসির আরাফাত। এ সময় মোহাম্মদ আবদুল কাদেরসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ময়মনসিংহের তারাকান্দা থানায় দায়ের করা মামলায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি লিমন দেবনাথ (৩৯) পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছেন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরের দিকে আনুমানিক ১ টা ৩০ মিনিটে উপজেলার শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতার হওয়া লিমন দেবনাথ বালিখাঁ ইউনিয়নের মালিডাঙ্গা গ্রামের নিখিল দেবনাথ ও শেফালী দেবনাথের পুত্র। তিনি তারাকান্দা উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তিনি তারাকান্দা স্কুল রোডসংলগ্ন শান্তিনগর এলাকায় বসবাস করছিলেন।
তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আঃ রাশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতার মামলায় এজাহার নামীয় আসামী হিসেবে লিমন দেবনাথকে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাবনার চাটমোহর উপজেলায় ৬১১ বস্তা সার লুটের অভিযোগে হট্টগোল ও ভাঙচুরের ঘটনা ঘটেছে, যার পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ১০৭ বস্তা সার। একটি আসামিকে গ্রেফতার করা হয়েছে।
মামলাটি সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে দায়ের করা হয়।
চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান এ বিষয়ে নিশ্চিত করে জানান, সার গোডাউন ভাঙচুর ও সার লুটের ঘটনায় ডিলার প্রবীর কুমার পালের ম্যানেজার নিরঞ্জন কুমার ঘোষ বাদী হয়ে চাটমোহর থানায় একটি মামলা (নং ৮) দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে।
ওসি আরও জানান, মামলার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এই ঘটনায় ছাইকোলা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামের আলিফ হোসেনের ছেলে জহুরুল ইসলাম (২৮) কে ৯ বস্তা সারসহ গ্রেফতার করা হয়েছে।
এর আগে, জেলা প্রশাসন ঘটনা তদন্তের জন্য তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ফ্যাসিস্ট শেখ হাসিনাসহ ৪১ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করার আবেদন করেছে প্রসিকিউশন।
বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে এই আবেদনটি দাখিল করা হয়। অপর দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
প্রসিকিউশনের পক্ষে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম শুনানি করেন। তিনি হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে বিচার শুরুর আবেদন জানান।
আসামিপক্ষের বক্তব্য তুলে ধরার জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
এর আগে, গত ১ নভেম্বর শুনানির জন্য দিন ধার্য থাকলেও গ্রেপ্তার আসামি সাবেক আইজিপি একেএম শহীদুল হক অসুস্থ থাকায় তাকে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। ফলে ওই দিন আর শুনানি হয়নি। পরে শুনানির জন্য আজকের দিন নির্ধারণ করা হয়।
গত ৭ অক্টোবর অভিযোগ গঠনের জন্য দিন ধার্য ছিল। ওই দিন চিফ প্রসিকিউটর বিদেশে ছুটিতে থাকায় শুনানি পিছিয়ে ১ নভেম্বর দিন ধার্য করা হয়।
গত ২৭ আগস্ট হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। ওই দিন অভিযোগ আমলে নিয়ে হাসিনাসহ পলাতক ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। পরে এই মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে মোট ১১ জন আসামি গ্রেপ্তার রয়েছেন।
গত ৩ সেপ্টেম্বর হাসিনাসহ পলাতক ৩০ আসামিকে আদালতে আত্মসমর্পণের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ দেওয়া হয়। পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হলেও তারা হাজির হননি। পরে মামলার পরবর্তী প্রক্রিয়ার অংশ হিসেবে গত ১৬ সেপ্টেম্বর ৩০ আসামিকে পলাতক বিবেচনায় তাদের পক্ষে স্টেট ডিফেন্স বা রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেওয়া হয়। একই সঙ্গে এই মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৭ অক্টোবর দিন ধার্য করা হয়।
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন—তৎকালীন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, তৎকালীন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক আইজিপি একেএম শহীদুল হক, বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক ডিআইজি আব্দুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, ৭১ টিভির ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।
মামলার পলাতক আসামিদের মধ্যে রয়েছেন—ফ্যাসিস্ট হাসিনা, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, বাহাউদ্দিন নাছিম ও জাহাঙ্গীর কবির নানক, সাবেক পরিবেশমন্ত্রী হাছান মাহমুদ, প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক এমপি সালাউদ্দিন মাহমুদ, গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ও মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার, সাবেক আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, তৎকালীন র্যাব মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপস) লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, সাবেক অতিরিক্ত আইজিপি শেখ মারুফ হাসান, অতিরিক্ত আইজিপি (এসবি) মাহবুব হোসেন, অতিরিক্ত আইজিপি (এসবি) মনিরুল ইসলাম, তৎকালীন ডিএমপির ডিসি (সদর দপ্তর ও প্রশাসন) মো. আনোয়ার হোসেন, ডিএমপির ডিসি (ট্রাফিক-দক্ষিণ) আশরাফুজ্জামান, ডিএমপির এডিসি (মতিঝিল জোন) এসএম মেহেদী হাসান, সাবেক ডিআইজি হারুন-অর-রশীদ, ডিআইজি বিপ্লব কুমার সরকার, ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, ডিএমপির এডিসি (মতিঝিল বিভাগ) মো. আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (অব.) এসএম শিবলী নোমান এবং মতিঝিল থানার ওসি বিএম ফরমান আলী।
অভিযোগের বিবরণে উল্লেখ করা হয়েছে, তৎকালীন সরকার ২০১৩ সালের ৫ মে পরিকল্পিতভাবে হেফাজতের নিরস্ত্র নেতাকর্মীদের ওপর গণহত্যা চালায়। ওই দিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী ম খা আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, খাদ্যমন্ত্রী আব্দুর রাজ্জাক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সরকারের দায়িত্বশীল বিভিন্ন মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের নিয়ে বৈঠক করেন। বৈঠকে তিনি হেফাজতে ইসলামের সমাবেশে অংশ নেওয়া নেতাকর্মীদের যেকোনো উপায়ে রাতের মধ্যেই শাপলা চত্বর থেকে বিতাড়িত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন।
উপরের নির্দেশ পেয়ে পুলিশের তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকারের নেতৃত্বে পুলিশ, র্যাব ও বিজিবি প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পুলিশ কন্ট্রোল রুমে যৌথ সভা করেন। শাপলা চত্বর ও এর আশপাশের এলাকায় সশস্ত্র অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয়। অভিযান পরিচালনার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজ নিজ বাহিনীর নামে অভিযানের নামকরণ করে। পুলিশের অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন সিকিউরড শাপলা’, র্যাব অভিযানের নাম দেয় ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ এবং বিজিবির অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন ক্যাপচার শাপলা’। তবে অভিযানটি ‘অপারেশন ফ্ল্যাশ আউট’ নামে পরিচিতি পায়। অভিযানের নামকরণের ধরন থেকে এটা স্পষ্ট যে, এটি কোনো সাধারণ অভিযান ছিল না।
অভিযোগে আরও বলা হয়েছে, রাত আড়াইটার দিকে সর্বোচ্চ স্কেলে অভিযান শুরু হয়। সমাবেশস্থলে উপস্থিত হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড, কালার স্মোক গ্রেনেড, মাল্টি ইমপ্যাক্ট গ্রেনেড, খ্রী-বল প্রজেক্টাইল ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। ফলে ঘটনাস্থলে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়। এ সময় হেফাজতের নেতাকর্মীরা জীবন বাঁচাতে দিগ্বিদিক ছোটাছুটি শুরু করেন। হতবিহ্বল নেতাকর্মীরা বিভিন্ন আশ্রয় খুঁজে নিজেদের জীবন রক্ষার চেষ্টা করেন। এর মধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হেফাজতের নেতাকর্মীদের লক্ষ্য করে বেপরোয়া ভাবে শর্টগান ও মারণাস্ত্র দিয়ে গুলি চালায়। হেফাজতের নেতাকর্মীরা বিভিন্ন পথে ঢাকা থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেন। যাওয়ার পথে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলার শিকার হন এবং হতাহত হন।
রাতের অভিযান এবং দিনব্যাপী হামলা ও আক্রমণে শাপলা চত্বর, মতিঝিল ও এর আশপাশের এলাকায় হেফাজতে ইসলামের ৩২ জন নেতাকর্মী শহীদ ও নিখোঁজ হওয়ার তথ্য-প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মাধানীনগরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও আশপাশের এলাকায় ২০ জন, চট্টগ্রামে পাঁচজন এবং কুমিল্লায় একজন শহীদ হন।
এই ঘটনায় আসামিদের বিরুদ্ধে একটি ধর্মীয় গোষ্ঠীর ওপর পরিকল্পিতভাবে গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাজ্যের দাতব্য সংস্থা নিয়ন্ত্রক কমিশন (চ্যারিটি কমিশন) কর্তৃক আনুষ্ঠানিক সতর্কবার্তা পাওয়ার পর আইনি পরামর্শ গ্রহণ করছে লন্ডনের একটি ইসলামিক সেন্টার। ‘উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী’ খুতবা (বক্তব্য) প্রচারের অভিযোগে দক্ষিণ-পূর্ব লন্ডনের ‘লুইশাম ইসলামিক সেন্টার’-কে তাদের অনুষ্ঠানের পরিচালনা ও বক্তা নির্বাচন বিষয়ে আরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
২০২৩ সালের অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলার পর মসজিদটিতে দেওয়া এক খুতবায় ইমাম শাকিল বেগ "নিপীড়ক এবং জায়নবাদীদের হাতে সাধারণ মানুষের দুর্ভোগের" বিষয়টি তুলে ধরেন। ওই বক্তব্যে তিনি ইসরায়েলের প্রতি সমর্থন জানানোয় পপ তারকা জাস্টিন বিবার এবং মডেল কাইলি জেনারের মতো তারকাদের ‘অসুস্থ’ (sick) বলেও মন্তব্য করেন।
এছাড়া, ২০২৪ সালের আগস্টে যুক্তরাজ্যের সাউথপোর্টে ঘটে যাওয়া দাঙ্গার প্রসঙ্গ টেনে মসজিদটির আরেক ইমাম আশরাফ দাবুস তার খুতবায় দাঙ্গাকারীদের নেপথ্যে ‘জায়নবাদী ও ইসরায়েল সমর্থকদের হাত রয়েছে’ বলে মন্তব্য করেন এবং ‘জায়নবাদী এজেন্ডার’ কথা উল্লেখ করেন।
সাম্প্রতিক বছরগুলোতে মসজিদটির এসব খুতবা নিয়ে অভিযোগ ওঠার পর তদন্তে নামে চ্যারিটি কমিশন। তদন্ত শেষে কমিশন জানায়, প্রতিষ্ঠানটিতে ‘অসদাচরণ ও অব্যবস্থাপনার’ প্রমাণ পাওয়া গেছে। কমিশনের ভাষ্যমতে, দাতব্য প্রতিষ্ঠানের স্বার্থের পরিপন্থী এবং উসকানিমূলক ও বিভেদ সৃষ্টিকারী দুটি খুতবা আয়োজনের মাধ্যমে তারা ‘বিশ্বাসভঙ্গ’ করেছে। তবে কমিশন নির্দিষ্টভাবে উল্লেখ করেনি, ঠিক কোন মন্তব্যগুলোর কারণে এই সতর্কতা জারি করা হয়েছে। সুপারিশ অনুযায়ী ব্যবস্থা না নিলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কঠোর নিয়ন্ত্রক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
এদিকে, চ্যারিটি কমিশনের এই পদক্ষেপের বিপরীতে লুইশাম ইসলামিক সেন্টার এক বিবৃতিতে জানিয়েছে, পরবর্তী করণীয় ঠিক করতে তারা আইনি পরামর্শ নিচ্ছে।
বিবৃতিতে বলা হয়, "বিষয়টি কেবল একটি মসজিদ বা একটি দাতব্য প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং এটি ধর্মীয় স্বাধীনতার প্রশ্ন—মুসলিম প্রতিষ্ঠানগুলো ফিলিস্তিনের প্রতি সংহতি প্রকাশ, ইসলামের প্রচলিত ইবাদত পরিচালনা কিংবা ইসরায়েলি রাষ্ট্রের যুদ্ধাপরাধ ও গণহত্যার নিন্দা জানানোর মতো বিষয়গুলো নিয়ে কথা বললে তাদের শাস্তির মুখে পড়তে হবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন। নিপীড়িতদের প্রতি সংহতি প্রকাশ কোনোভাবেই দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কারণ হতে পারে না।"
বিবৃতিতে আরও বলা হয়, "যদি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়, তবে ধর্মীয় স্বাধীনতা রক্ষায় একটি কর্তৃত্বপরায়ণ কমিশনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ চ্যালেঞ্জ জানাতে আমরা অন্যদেরও এগিয়ে আসার আহ্বান জানাব।"
লুইশাম ইসলামিক সেন্টার তাদের ওয়েবসাইটে নিজেদের এমন একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচয় দেয়, যারা সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার পাশাপাশি বৃহত্তর মুসলিম সম্প্রদায়ের ভবিষ্যৎ গঠনে কাজ করে। সূত্র: স্কাই নিউজ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ