প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঊনবিংশ শতাব্দীর অন্যতম মুসলিম সাহিত্যিক মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী আজ। ‘বিষাদ-সিন্ধু’র রচয়িতা হিসেবে পরিচিত এই সাহিত্যিকের স্মৃতিবিজড়িত রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার পদমদী গ্রামে নির্মিত স্মৃতিকেন্দ্রটি দীর্ঘদিন ধরে অযত্ন ও অবহেলায় পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, সংস্কার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে কেন্দ্রটির ভবন ও বিভিন্ন স্থাপনা নষ্ট হয়ে যাচ্ছে।
মীর মশাররফ হোসেন ১৮৪৭ সালের ১৩ নভেম্বর কুষ্টিয়ার কুমারখালী উপজেলার লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস ছিল রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে। ১৯১২ সালের ১৯ ডিসেম্বর মৃত্যুর পর তিনি সেখানেই সমাহিত হন। স্মৃতি সংরক্ষণে সমাধিস্থল ঘিরে বাংলা একাডেমির তত্ত্বাবধানে স্মৃতিকেন্দ্র ও কমপ্লেক্স ভবন নির্মাণ করা হয়।
শিক্ষাজীবনে তিনি কুষ্টিয়া স্কুল, কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল ও কলকাতার কালীঘাট স্কুলে পড়াশোনা করেন। কর্মজীবনে পিতার জমিদারি দেখাশোনা করার পর ফরিদপুর নবাব এস্টেটে চাকরি নেন। ছাত্রাবস্থায় ‘সংবাদ প্রভাকর’ ও ‘গ্রামবার্তা প্রকাশিকা’ পত্রিকায় মফস্বল সংবাদদাতা হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে তার সাহিত্যজীবনের সূচনা ঘটে।
তিনি ‘বিষাদ-সিন্ধু’, ‘জমিদার দর্পণ’, ‘গো-জীবন’, ‘বেহুলা গীতাভিনয়’, ‘উদাসীন পথিকের মনের কথা’, ‘গাজী মিয়াঁর বস্তানী’ ও ‘আমার জীবনী’সহ বহু গ্রন্থ রচনা করেছেন। তবে তার অমর কীর্তি ‘বিষাদ-সিন্ধু’ হিসেবে বিশেষভাবে পরিচিত। স্থানীয়দের অভিযোগ, স্মৃতিকেন্দ্রের গ্রন্থাগারে তার লেখা মাত্র তিন-চারটি বই ছাড়া উল্লেখযোগ্য কোনো বই নেই।
সরেজমিনে দেখা যায়, স্মৃতিকেন্দ্রের বিভিন্ন স্থাপনা জরাজীর্ণ হয়ে পড়েছে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে। ভবনের দেয়াল ও ছাদের বিভিন্ন স্থান থেকে খসে পড়ছে পলেস্তারা। সীমানাপ্রাচীরে দেখা দিয়েছে ফাটল। রং উঠে গেছে এবং মরিচা ধরে নষ্ট হচ্ছে গ্রিল। মূল ফটকসহ কেন্দ্রের বিভিন্ন স্থানে থাকা বাতি ও ভবনের ভেতরের সিলিং লাইটও অকার্যকর হয়ে পড়ে আছে। দর্শনার্থীদের বসার বেঞ্চগুলোও অপরিচ্ছন্ন।
স্থানীয়দের দাবি, প্রায় তিন দশক আগে নির্মিত স্মৃতিকেন্দ্রটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। শুধু জন্ম ও মৃত্যুবার্ষিকী উপলক্ষে অনুষ্ঠান আয়োজনের আগে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়। বর্তমানে জন্মবার্ষিকী সামনে রেখে ভবনে রং করার কাজ চলছে।
এ ছাড়া শুক্র ও শনিবারসহ বিভিন্ন সরকারি ছুটির দিনে কেন্দ্রটি বন্ধ থাকায় শিক্ষার্থী ও দর্শনার্থীরা সেখানে যেতে পারেন না। ফলে নতুন প্রজন্মের কাছে মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম তুলে ধরার সুযোগও সীমিত হয়ে পড়েছে।
দর্শনার্থী শহিদুল ইসলাম, রেজাউল করিম ও আকবর হোসেন এবং স্থানীয় বাসিন্দা নাজমা সুলতানা ও কবির হোসেন জানান, সারা বছর স্মৃতিকেন্দ্রটিতে কার্যক্রম দেখা যায় না। অযত্নে পড়ে থেকে ভবনটি নষ্ট হচ্ছে। তাঁরা স্মৃতিকেন্দ্রটির নিয়মিত পরিচর্যা এবং মীর মশাররফ হোসেনের জীবন ও সাহিত্যকর্ম ব্যাপকভাবে প্রচারের দাবি জানান।
স্মৃতিকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আরিফ হোসেন সুজন বলেন, যেসব স্থানে সংস্কার প্রয়োজন, সেগুলো সংস্কার করা উচিত। স্থানীয় প্রশাসন এ উদ্যোগ নিয়েছে এবং দ্রুততার সঙ্গে কাজ চলছে। জন্মবার্ষিকী উপলক্ষে ১৩ নভেম্বর সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মুরাদ ইসলাম বলেন, মীর মশাররফ হোসেন স্মৃতিকেন্দ্রটি বাংলা একাডেমির তত্ত্বাবধানে পরিচালিত হয়। কেন্দ্রটির প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে বাংলা একাডেমিকে অবহিত করা হবে। শুধু অনুষ্ঠান আয়োজনের সময় নয়, সারা বছরই কেন্দ্রটি পরিচ্ছন্ন রাখা এবং নিয়মিত সংস্কার ও রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা প্রয়োজন।
এদিকে মীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ পদমদীতে বাংলা একাডেমির আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
স্থানীয়দের প্রত্যাশা, জন্ম ও মৃত্যুবার্ষিকীর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মীর মশাররফ হোসেনের স্মৃতি সংরক্ষণে স্মৃতিকেন্দ্রটির পূর্ণাঙ্গ সংস্কার, সমৃদ্ধ গ্রন্থাগার গড়ে তোলা এবং সারা বছর দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখার কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন