ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

একাত্তরে জনগণকে ধোঁকা, এখন ২৪ নিয়ে প্রতারণা করছে: প্রধানমন্ত্রী


একাত্তরে জনগণকে ধোঁকা, এখন ২৪ নিয়ে প্রতারণা করছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান মন্তব্য করেছেন যে, একটি বিশেষ রাজনৈতিক দল একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যেভাবে দেশের জনগণকে বিভ্রান্ত ও ধোঁকা দিয়েছিল, ঠিক একইভাবে তারা চব্বিশের গণ-অভ্যুত্থান নিয়েও সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তিনি উল্লেখ করেন, মুখে তারা চব্বিশকে ধারণ করার কথা বললেও, জুলাই শহীদদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে অংশ না নিয়ে নিজেদের আসল চরিত্র প্রকাশ করে দিয়েছে।

মঙ্গলবার রাজশাহীতে আখচাষিদের মাঝে সরকারি প্রণোদনার অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় উপস্থিত হাজারো মানুষের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালে তারা যেভাবে এ দেশের জনগণকে ধোঁকা দিয়েছিল, ঠিক একইভাবে চব্বিশের জুলাই আন্দোলন নিয়েও তারা ধোঁকাবাজি করছে। মুখে বলে তারা চব্বিশকে ধারণ করে, কিন্তু বাস্তবে তাদের কর্মকাণ্ড সম্পূর্ণ ভিন্ন।’

আরও পড়ুন: জনগণের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে মানসিকতার পরিবর্তন প্রয়োজন : রাষ্ট্রপতি

তিনি আরো উল্লেখ করেন, ঢাকার ওসমানী উদ্যানে জুলাই আন্দোলনের বীর শহীদ ও যোদ্ধাদের স্মরণে স্মৃতিস্তম্ভের উদ্বোধনী আয়োজনে সব রাজনৈতিক দলকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু মুখে বড় বড় কথা বললেও সেই দলটির কোনো প্রতিনিধি জুলাইয়ের শহীদ পরিবারের পাশে এসে দাঁড়ায়নি। এর মাধ্যমেই প্রমাণ হয় যে তাদের কথা ও কাজে কোনো মিল নেই।

তারেক রহমান বলেন, ১৯৭১ সাল থেকে শুরু করে এখন পর্যন্ত যখনই সুযোগ পেয়েছে, তখনই তারা জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চালিয়েছে। নির্বাচনে টিকিট বিক্রির রাজনীতির কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের কাছে তাদের সেই অসত্য ও চক্রান্ত ধরা পড়ে গেছে, জনগণ আর তাদের মিথ্যা আশ্বাসে বিশ্বাস করে না।

প্রধানমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের উন্নয়ন, স্থিতিশীলতা এবং অর্থনৈতিক মুক্তিকে বাধাগ্রস্ত করতে কোনো অপশক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। সব ভেদাভেদ ভুলে দেশ গড়ার কাজে বিএনপি সরকারের পাশে থাকার জন্য তিনি সর্বস্তরের জনতার প্রতি আহ্বান জানান।

আরও পড়ুন: বিদ্যালয়ের ছোট্ট ‘পিনু’ আজ প্রধানমন্ত্রী, আরেক ছাত্র চিফ হুইপ মনি: গর্বিত প্রবীণ শিক্ষাবিদ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


১৬ বছর যারা দেশের সম্পদ লুটপাট করেছে, তারা এখন ভারতে বসে ষড়যন্ত্র করছে : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম বলেছেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের ১৬ বছর ধরে শেখ হাসিনা ও তার সন্ত্রাসী এমপিরা দেশে এমন লুটপাট করেছে, যা বিশ্বের কোথাও হয়নি। পৃথিবীর ইতিহাসে এত বড় চোরের দল মানুষ দেখেনি। দেশের সম্পদ ও টাকা লুটপাট করে তারা বিদেশে প্রাসাদ তৈরি করেছে।

মঙ্গলবার দুপুরে ভোলার লালমোহন উপজেলা মাল্টিপারপাস হলরুমে বিএনপি আয়োজিত গণসংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ‘১৬ বছর যারা লুটপাট করেছে, তারা ভারতে বসে এখন ষড়যন্ত্র করছে। কীভাবে দেশকে অস্থিতিশীল করা যায়, সেই চেষ্টা করছে তারা।’ অতীতে এত পূজামণ্ডপে কখনো পূজা উদযাপিত হয়নি উল্লেখ করে তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষকে সার্বিক সহযোগিতা করার আহ্বান জানান।

আইপিইউর (IPU) এশিয়া-প্যাসিফিক অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত হওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘তানজানিয়ায় বিশ্বের ১৬৭টি দেশের সংসদ সদস্যদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়। বিশ্বকে ছয়টি ভৌগোলিক অঞ্চলে ভাগ করা হয়েছে। বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্তর্ভুক্ত। আমাকে এই অঞ্চলের চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। এর আগে বাংলাদেশ থেকে কেউ এ পদে নির্বাচিত হননি। এ সম্মান আমার একার নয়, এটি সবার সম্মান। এর মাধ্যমে সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে।’

মেজর (অব.) হাফিজ বলেন, দেশে আওয়ামী লীগের ইতিহাসের পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বর্তমান সরকার ক্ষমতায় এসেছে মাত্র আট মাস। এর মধ্যে ক্ষমতাসীন দলের একজন নারী সংসদ সদস্যকে দখলবাজির অভিযোগের কারণে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে। অস্ত্র হাতে দেখা যাওয়ায় একজন প্রতিমন্ত্রীকেও পদত্যাগে বাধ্য করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। এটা শুধু আমাদের সরকারই করেছে। অন্য কোনো সরকারের এমন নজির নেই। বিএনপি ন্যায়বিচারের দৃষ্টান্ত সৃষ্টি করছে।

সংবর্ধনা অনুষ্ঠানে লালমোহন উপজেলার ১৫০ জন অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

লালমোহন উপজেলা বিএনপির সভাপতি মো. জাফর ইকবালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুল পাঞ্চায়েতের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সিফান বিন সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার সত্যজিৎ কুমার ঘোষ, লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলামসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এমই

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


প্রধানমন্ত্রী রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেন

রাজশাহী, ২০ অক্টোবর, ২০২৬ : আজ রাজশাহীর ধর্মসভা মন্দিরের দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ সময় তিনি পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানান।

বিকেল সাড়ে ৫ টায় ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপে পৌঁছালে মন্দির কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

রাজশাহী ধর্মসভার সভাপতি অধ্যাপক বিশ্বনাথ সরকার, সহ-সভাপতি অচিন্ত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বিশ্বাস, কোষাধ্যক্ষ অশোক কুমার সরকার, সাংগঠনিক সম্পাদক সুব্রত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার দেবনাথ, দপ্তর সম্পাদক আকাশ কুমার দাস, প্রচার সম্পাদক স্বপন কুমার ঘোষ, যুগ্ম সম্পাদক সুকুমার সরকার, মহেন্দ্র চন্দ্র সরকার ও সনৎ কুমার সাহা উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে।

এ সময় সহ-কোষাধ্যক্ষ দেবাশীষ রায় মধু, ধর্মসভা মন্দিরের পুরোহিত বিদ্যুৎ কুমার মজুমদার, সহকারী পুরোহিত মুয়াজ মজুমদার এবং সেবাইত ড. শিখা সরকার ও সমমিতা বিশ্বাসও সেখানে উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী হিন্দু ধর্মাবলম্বীদের আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন। সভায় পূজা উদযাপন ফান্ড গঠন ও মন্দির স্থাপনের দাবি প্রধানমন্ত্রীর কাছে জানানো হয়। তারা এ বছর থেকে শারদীয় দুর্গাপূজা উদযাপনে সরকারের পক্ষ থেকে অধিক অনুদান প্রদান ও সহযোগিতা করায় সন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় প্রধানমন্ত্রী ধর্মসভা মন্দির কর্তৃপক্ষের হাতে ১০ লাখ টাকার চেক তুলে দেন।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, বিশেষ সহকারী বিজন কান্তি সরকার এবং বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা প্রমুখ অন্তর্ভুক্ত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করে সরকার গঠনের পর এটি তারেক রহমানের প্রথম রাজশাহী সফর হিসেবে চিহ্নিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুধবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বুধবার দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত বিভিন্ন এলাকায় গ্যাস থাকবে না

ঢাকা ডেমরা এবং নারায়ণগঞ্জের কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার (২১ অক্টোবর) দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি জানায়, এই সময়ে প্রায় সব শ্রেণির গ্রাহক গ্যাস সরবরাহের আওতাবহির্ভূত থাকবেন।

মঙ্গলবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ডেমরা ডিআরএসের আউটলেট ভালভ প্রতিস্থাপন কাজের জন্য বুধবার নির্ধারিত তিন ঘণ্টা এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকা এলাকাগুলোতে অন্তর্ভুক্ত রয়েছে বেঙ্গল গ্লাস, শুকরশী, শিমরাইল এবং শীতলক্ষ্যা নদীর পশ্চিমাংশের সান্দিরা বালুঘাট থেকে কাঁচপুর সেতুর পশ্চিম পাশের এলাকা।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ সাময়িক এই অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মকে রাজনৈতিক বিভাজনের জন্য ব্যবহার কাম্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ধর্মকে রাজনৈতিক বিভাজনের জন্য ব্যবহার কাম্য নয়: টেলিযোগাযোগমন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম মন্তব্য করেছেন যে, ধর্মকে ব্যবহার করে দেশে রাজনৈতিক বিভাজন সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়। তিনি উল্লেখ করেছেন, "ধর্ম যার যার, দেশটা সবার"—এই চেতনাকে ধারণ করে আমাদের সবাইকে একসঙ্গে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।

মঙ্গলবার টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপি কার্যালয়ে আয়োজিত শারদীয় দুর্গোৎসব উপলক্ষে নগদ অর্থ সহায়তা ও শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, রাজনীতির মাধ্যমে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। তিনি গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে জনগণের সমর্থন ও ভালোবাসা তাঁদের অনুপ্রাণিত করেছে উল্লেখ করে বলেন, যারা মানুষের পাশে থাকবে এবং তাদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করবে, জনগণ তাদেরই সমর্থন দেবে—এটাই প্রকৃত গণতান্ত্রিক অধিকার।

ফকির মাহবুব আনাম আরো বলেন, দুর্গাপূজাসহ সব ধর্মীয় উৎসব শান্তিপূর্ণ, আনন্দমুখর ও সম্প্রীতির পরিবেশে উদ্‌যাপনের মাধ্যমে পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সুখে-দুঃখে পাশে থাকা এবং প্রয়োজনীয় সহযোগিতা করা আমাদের দায়িত্ব।

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে মন্ত্রী প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনায় সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেন।

অনুষ্ঠানে অধ্যক্ষ এম আজিজুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস এম এ সোবাহান ও উপজেলা বিএনপির সম্পাদক এনামুল হক ভিপি। এছাড়া ধনবাড়ী পৌর বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, হিন্দু ঐক্যফ্রন্টের সভাপতি নিরঞ্জন চন্দ্র সাহাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী মধুপুর উপজেলা পরিষদে নবনির্মিত পরিদর্শন কক্ষ উদ্বোধন করেন। পরে প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%