শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০৩:১৩ পি.এম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ দেশে অগ্নিসন্ত্রাস চালাচ্ছে এবং জামায়াত ও এনসিপি সেই সন্ত্রাসে ঘি ঢালছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই অভিযোগ তুলে ধরেন।
রাশেদ খাঁন তার পোস্টে উল্লেখ করেন যে, জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যের পর বিরোধীদলীয় সংসদ সদস্যরা পরিকল্পিতভাবে অসহিষ্ণু আচরণ করছেন। তার মতে, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের দায় বিএনপি সরকারের ওপর চাপিয়ে সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে জামায়াত ও এনসিপি।
তিনি লেখেন, ডক্টর মুহাম্মদ ইউনূসের আশীর্বাদপুষ্ট বিরোধীদল জাতীয় সংসদে প্রতিনিয়ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের সঙ্গে পরিকল্পিতভাবে অশোভন আচরণ করছে, যা অসহনীয়। স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় ৯০ বিরোধীদলীয় এমপির আচরণে এর প্রতিফলন দেখা যাচ্ছে বলেও তিনি মন্তব্য করেন।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে রাশেদ খাঁন বলেন, একদিকে বিএনপি সরকার আওয়ামী সন্ত্রাসীদের নাশকতা দমনে তৎপর রয়েছে, অন্যদিকে জামায়াত জোটের নেতাকর্মীদের আচরণও আওয়ামী লীগের চেয়ে কোনো অংশে ভালো নয়। সব মিলিয়ে আওয়ামী লীগ আগুন দিচ্ছে এবং জামায়াত-এনসিপি তাতে ঘি ঢেলে সেই নাশকতার দায়কে সরকারের ব্যর্থতা হিসেবে প্রচার করে বৈধতা দেওয়ার চেষ্টা করছে।
বিরোধীদলের ভূমিকার সমালোচনা করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী লেখেন, আওয়ামী দুর্বৃত্তদের মোকাবিলায় বিরোধীদল রাজপথে থাকবে—এমন কথা তারা একবারের জন্যও বলছে না। বরং সরকার দুর্বল হলে তারা ক্ষমতায় যেতে পারবে, এই আশায় তারা চাচ্ছে আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে যাক। এ সময় জামায়াত জাতীয় পার্টির মতো ফাঁদে পড়েছে বলেও তিনি পুনরায় উল্লেখ করেন।
পোস্টের শেষাংশে তিনি অভিযোগ করেন, গোপন বৈঠক ফাঁস হয়ে যাওয়ার ভয়ে আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে বক্তব্য দেওয়া বন্ধ করে দিয়ে তারা বিএনপি সরকারকে ব্যর্থ করার মিশনে নেমেছে। তবে আওয়ামী ও জামায়াতি ফ্যাসিবাদের এই যৌথ মিশন কখনো সফল হবে না বলে তিনি মন্তব্য করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
একসময় শহিদুল মুদি দোকানদার হিসেবে স্থানীয় বাজারে কাজ করতেন। সংসার চলত কোনোরকমে, তবে সচ্ছলতা ছিল না। তিনি অনুভব করতেন, জীবনকে এভাবে চলতে দেওয়া যায় না, তাই নিজের মতো করে কিছু গড়ে তোলার প্রয়োজন ছিল।
এমন চিন্তা থেকেই তিনি একটি ছোট মুরগির খামার গড়ে তোলেন। সেই খামারই সাফল্য এনে দিয়েছে নড়াইলের কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা শহিদুল শেখকে। তিনি ওই গ্রামের মোসলেম শেখের ছেলে।
বর্তমানে খামার থেকে শুধুমাত্র ডিম বিক্রি করেই শহিদুল মাসে প্রায় ৯ লাখ টাকা আয় করছেন। এছাড়া ১৮ মাস পর মুরগির ডিমপাড়া শেষে মাংস বিক্রি করে প্রায় ৯ লাখ টাকার আয় করেন।
শহিদুল জানান, ২০০৭ সালে তিনি স্থানীয় পেড়লী বাজারে মুদি দোকানে ব্যবসা শুরু করেছিলেন। ব্যবসায় সংসার চলতো কোনোরকমে, কিন্তু স্বচ্ছলতা ছিল না। একপর্যায়ে ভাগ্য বদলাতে ২০১৩ সালে মুদি দোকান ছাড়েন এবং অ্যাগ্রো ফার্ম গড়ে তোলেন। শুরুতে তিনি ফার্মে তিন হাজার লেয়ার (পোল্ট্রি) মুরগি নিয়ে কাজ শুরু করেন।
প্রথম বছরের লাভ ভালো হওয়ায় শহিদুল খামার বড় করার সিদ্ধান্ত নেন। বর্তমানে তার খামার ছয় একর জমিতে তিনতলা পাকা ভবনে চলছে। মুরগির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ হাজার। প্রতিদিন প্রায় চার হাজার ডিম বিক্রি হয়, যা থেকে মাসে আয় প্রায় ৯ লাখ টাকা।
শহিদুলের ভাষ্য, "আমার ইচ্ছা ছিল উদ্যোক্তা হবো। মুদি ব্যবসা ছেড়ে প্রাথমিকভাবে একতলা ঘরে মুরগির শেড নির্মাণ করে সেখানে তিন হাজার মুরগি দিয়ে শুরু করি ফার্ম। তিন হাজার থেকে ধীরে ধীরে বেড়ে মুরগির সংখ্যা এখন ৯ হাজারে দাঁড়িয়েছে। আমার ফার্মে এখন কাজ করছেন ১২ জন কর্মচারী।"
তিনি আরও বলেন, "খামারে যে ডিম হয়, সেটি স্থানীয় গ্রামের চাহিদা পূরণ করে শহরে বিক্রি করি। আর ১৮ মাস পর বিক্রি করি মাংস। গ্রামের মানুষ এখান থেকে পাইকারি দামে ডিম ও মাংস কিনে খেতে পারে। আঠারো মাস পর ৯ লাখ টাকার মাংস বিক্রি করি। এ ছাড়া প্রতি মাসে প্রায় ৯ লাখ টাকার ডিম বিক্রি করি।"
শহিদুল জানান, কোম্পানির কাছ থেকে প্রতিটি বাচ্চা ৬০ টাকা দরে কিনে আনা হয়। বাচ্চাগুলো তিন মাস পর ডিম দেয় এবং ১৮ মাস পর্যন্ত চলে।
শহিদুলের খামারে কাজ করেন খুলনার কয়রা গ্রামের মুজিবর সানা। তিনি বলেন, "পাঁচ বছর ধরে এখানে কাজ করছি। যে বেতন পাই, তা দিয়ে সংসার চলে যায়। এখানে একসঙ্গে আমরা ১২ জন কাজ করি।"
এদিকে, খামারের ডিম ও মাংস বিক্রিতে কোনো ভোগান্তি নেই বলে জানান শহিদুল। খামার থেকেই স্থানীয় বাজারের দোকানিরা পাইকারি মূল্যে ডিম কিনে থাকেন। ক্রেতাদের চাহিদা অনুযায়ী মুরগির ডিম-মাংস সরবরাহ করা হয়। শহিদুলের দেখাদেখি অনেকেই মুরগির ফার্মের ব্যাপারে আগ্রহী হচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
শহিদুলের উদ্যোগের প্রশংসা করে নড়াইল জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক বলেন, "জেলায় ডিম ও মাংসের চাহিদা পূরণে শহিদুলের খামার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তার খামারের ডিম ও মাংস স্থানীয় বাজারের চাহিদা পূরণ করে বাইরের জেলায় বিক্রি হচ্ছে। তার খামারে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে।"
প্রাণিসম্পদ কর্মকর্তা আরো বলেন, "শহিদুলের উদ্যোগ দেশের অর্থনীতিতে অবদান রাখছে। আমরা কয়েকবার তার খামার পরিদর্শন করেছি। জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে তার খামারের মুরগিকে ভ্যাকসিন দেওয়াসহ নিয়মিত পরামর্শ দেওয়া হয়।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ (মার্কসবাদী) আজ তাদের তৃতীয় কনভেনশন আয়োজন করছে। এই উপলক্ষে শুক্রবার (১৩ নভেম্বর) দুপুর আড়াইটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে শোভাযাত্রা, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
পরে আজ বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে দলটির তৃতীয় কেন্দ্রীয় কনভেনশন। এতে সারা দেশ থেকে কৃষক, শ্রমিক, ছাত্র, যুবক, নারী, বিভিন্ন জাতিসত্তা, দলিত জনগোষ্ঠীসহ জনগণের বিভিন্ন অংশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বাসদের (মার্কসবাদী) পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় কনভেনশনে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। তাদের মধ্যে ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অব ইন্ডিয়ার (কমিউনিস্ট) সাধারণ সম্পাদক প্রভাস ঘোষ, পাকিস্তানের আওয়ামী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক পারভেজ জাহিদ, শ্রীলঙ্কার ফ্রন্টলাইন সোশ্যালিস্ট পার্টির কেন্দ্রীয় শিক্ষাবিষয়ক সম্পাদক পুবুদু জয়াগোদা, নেপালের কমিউনিস্ট পার্টির (মাওবাদী) কেন্দ্রীয় কমিটির সদস্য নরেন্দ্র বাহাদুর সিং এবং নেপালের বামপন্থী বুদ্ধিজীবী কুমার উপাধ্যায় উল্লেখযোগ্য। তারা কনভেনশনে বক্তব্য রাখবেন।
আগামীকাল শনিবার (১৪ নভেম্বর) বিকাল ৩টায় বিজয়নগরের ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে ‘দি ইমপ্যাক্ট অব পিপলস স্পনটেনিয়াস মুভমেন্ট অ্যান্ড আপরাইজিংস ইন রেজিস্টিং ফ্যাসিজম’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের কমিউনিস্ট পার্টির প্রতিনিধিরা অংশগ্রহণ করবেন।
সর্বশেষ ১৫ ও ১৬ নভেম্বর ইকনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালির পূর্বাঞ্চলে একটি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বহনকারী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যা ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) নৌবাহিনী দাবি করেছে।
আইআরজিসি নৌবাহিনীর জনসংযোগ দপ্তরের এক বিবৃতিতে জানানো হয়েছে যে, বারবার সতর্ক করা সত্ত্বেও, জাহাজটি হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলে একটি অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথ দিয়ে চলাচলের চেষ্টা করছিল। এ সময় সেটি একটি নৌ-মাইনের আঘাতে পড়ে এবং ফলে ভয়াবহ বিস্ফোরণ ঘটে।
বিবৃতিতে আরো উল্লেখ করা হয়েছে যে, এর আগে একই ধরনের ঘটনায় বিস্ফোরিত হওয়া তেলবাহী ট্যাংকারগুলোর পরিণতি থেকে জাহাজটি শিক্ষা নেয়নি। বরং মার্কিন যুদ্ধবিমানের নিরাপত্তা পাবে—এমন ধারণার ওপর নির্ভর করেই এটি প্রণালি অতিক্রমের চেষ্টা করে।
আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালিতে পূর্ণ দৃঢ়তা ও কঠোরতার সঙ্গে তাদের নিয়ন্ত্রণ কার্যক্রম অব্যাহত রয়েছে।
বিবৃতিতে সতর্ক করে বলা হয়, ইরানের নির্ধারিত নিয়মকানুন অমান্য করে এবং সতর্কবার্তা উপেক্ষা করে কোনো জাহাজ অননুমোদিত ও ঝুঁকিপূর্ণ পথে প্রবেশ করলে তাকেও একই ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিবার কিংবা সমাজকে অবহিত না করে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া নিয়ে বিভিন্ন সময় আলোচনা ও সমালোচনা হয়ে থাকে। ইসলামি শরিয়তের দৃষ্টিতে গোপনীয়তা রক্ষা করে বিয়ে করার বিধান সম্পর্কে সাধারণ মানুষের মনে নানা প্রশ্ন বিদ্যমান।
প্রখ্যাত ইসলামি আলোচক ও আস-সুন্নাহ ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা শায়খ আহমাদুল্লাহ এ বিষয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যা প্রদান করেছেন। তিনি উল্লেখ করেন, পরিবারকে না জানিয়ে একাকি বিয়ে করা ইসলামি শরিয়তের দৃষ্টিতে অনুচিত ও অপছন্দনীয়। তবে শরিয়তের প্রয়োজনীয় শর্ত যেমন সাক্ষী থাকা পূর্ণ হলে বিয়েটি আইনগতভাবে বা তাত্ত্বিকভাবে শুদ্ধ (আকদ কার্যকর) হয়ে যায়। কিন্তু গোপনে বিয়ে করা শরিয়ত সমর্থন করে না।
এ বিষয়ে ইসলামি দৃষ্টিভঙ্গি ও শায়খদের আলোচনার সারসংক্ষেপ নিচে দেওয়া হলো—
বিয়ে শুদ্ধ হওয়া বনাম অনুচিত হওয়া
শরিয়তের নিয়মানুযায়ী প্রস্তাব ও গ্রহণযোগ্যতা (ঈজাব ও কবুল) এবং উপযুক্ত সাক্ষী (কমপক্ষে দুই পুরুষ অথবা এক পুরুষ ও দুজন নারী সাক্ষী) উপস্থিত থাকলে গোপনে বিয়ে করলেও তা শুদ্ধ বলে গণ্য হয়। যদিও বিয়ে গোপন রাখা বা পরিবারকে না জানিয়ে করা সামাজিক ও নৈতিকভাবে সম্পূর্ণ অনুচিত।
অভিভাবকের ভূমিকা
ইসলামে বিয়ের ক্ষেত্রে অভিভাবকের (ওয়ালী) অনুমতি ও উপস্থিতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে অভিভাবকের সম্মতি ছাড়া বিয়ে নিয়ে ফিকহী মতভেদ বিদ্যমান। বাবা-মা বা অভিভাবককে অন্ধকারে রেখে বিয়ে করলে পরবর্তীতে সামাজিক ও পারিবারিক বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে।
শায়খ আহমাদুল্লাহসহ অন্যান্য আলেম বলেন, ইসলামে ঘোষণামূলক এবং সামাজিকভাবে প্রকাশ করে বিয়ে করার নির্দেশ দেওয়া হয়েছে। গোপনে বিয়ে করাকে ইসলাম উৎসাহিত করে না। পুরুষ অভিভাবক না থাকলে এলাকার গণ্যমান্য ব্যক্তি বা উপযুক্ত মুরব্বিরা অভিভাবকের দায়িত্ব পালন করতে পারেন। তবে কাউকে না জানিয়ে সম্পূর্ণ একাকি ও গোপনে বিয়ে করা থেকে বিরত থাকা উচিত।
সুতরাং, সামাজিক মর্যাদা বজায় রাখা, একে অপরের অধিকার রক্ষা এবং ভুল বোঝাবুঝি এড়াতে ইসলামে গোপনীয়তা এড়িয়ে প্রকাশ্যে ও আনন্দের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পরামর্শ দিয়েছেন শায়খ আহামদুল্লাহ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ