ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

বিরামপুরের শ্রীপুর লাভজনক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে


বিরামপুরের শ্রীপুর লাভজনক আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হয়ে উঠতে পারে

॥ রোস্তম আলী মন্ডল ॥

দিনাজপুর, ১৩ নভেম্বর ২০২৬ : বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামে প্রবাহিত ছোট যমুনা নদী প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা। এই মনোরম স্থানটি ‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিতি অর্জন করেছে। সঠিক পরিচর্যা ও পরিকল্পনার মাধ্যমে এটি একটি লাভজনক এবং আকর্ষণীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।

জেলার বিরামপুর উপজেলার পলিপ্রায়াগপুর ইউনিয়নের শ্রীপুর গ্রামের পাশে প্রবাহিত ছোট যমুনা নদীতে গিয়ে বিপুল সংখ্যক পর্যটকের উপস্থিতি লক্ষ্য করা যায়। নদীর স্বচ্ছ পানি প্রবাহিত হচ্ছে, দুই তীরে সবুজের সমারোহ এবং ওপরে নীল আকাশ বিরাজমান।

আরও পড়ুন: আজ ১৩ নভেম্বর পালিত হচ্ছে বিশ্ব সহমর্মিতা দিবস

পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রহমত আলী বাসসকে জানান, ‘ছোট যমুনা নদীর উপর শ্রীপুর ঘাটে সম্প্রতি একটি নতুন ব্রিজ নির্মিত হয়েছে। নীচে স্বচ্ছ পানির প্রবাহ, দুই পাশে সবুজ প্রকৃতি আর ওপরে নীল আকাশ। মোটা বালু, পাথুরে নদীর তলদেশ, চারপাশে সবুজের সমারোহে এক নয়নাভিরাম প্রাকৃতিক পরিবেশ। জায়গাটিকে প্রকৃতির হাতে আঁকা এক অপরূপ ছবি মনে হয়।’

সামাজিক যোগাযোগ মাধ্যম, ফেসবুক ও টিকটকে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওর মাধ্যমে স্থানটি ব্যাপক পরিচিতি পেয়েছে। ফলে প্রতিদিনই দর্শনার্থীদের আগমন বৃদ্ধি পাচ্ছে এবং প্রকৃতি মুখরিত হয়ে উঠছে।

‘মিনি সুইজারল্যান্ড’ নামে পরিচিত এই প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এলাকায় স্বচ্ছ পানির ওপর সূর্যের আলোর ঝিলিক, নদীর বুকে ছড়িয়ে থাকা পাথর এবং দুই তীরের সবুজ প্রকৃতির অপূর্ব মেলবন্ধন দেখা যায়। বিশেষ করে দুপুরে কোমল রোদে নদীর স্বচ্ছ পানির সৌন্দর্য আরও মনোমুগ্ধকর হয়ে ওঠে। শহরের কোলাহল থেকে দূরে এমন শান্ত ও নির্মল পরিবেশ ভ্রমণ পিপাসুদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

পলিপ্রায়াগপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রাশেদুল ইসলাম বাসসকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কয়েকটি ভিডিও ছড়িয়ে পড়ার পর থেকেই জায়গাটি নিয়ে মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।

আরও পড়ুন: মানসিক চাপে কেন বারবার টয়লেটে যাওয়ার প্রয়োজন হয়?

স্থানীয়দের পাশাপাশি জেলার বিভিন্ন উপজেলা এবং দূর-দূরান্ত থেকে প্রকৃতি প্রেমী মানুষ পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে এখানে আসতে শুরু করেছে।

তিনি বলেন, প্রতিদিন শত শত দর্শনার্থীর উপস্থিতি দেখা যাচ্ছে। এলাকাটি উৎসব মুখর হয়ে উঠেছে। কেউ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন, কেউ পানিতে নেমে সময় কাটাচ্ছেন, আবার অনেকে মোবাইল ফোনে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন।

স্থানীয়দের মতে, বিরামপুরের এই প্রাকৃতিক স্থানটি সঠিকভাবে পরিচর্যা ও পরিকল্পিতভাবে সংরক্ষণ করা হলে এটি দিনাজপুর জেলার অন্যতম আকর্ষণীয় পর্যটনকেন্দ্রে পরিণত হতে পারে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে ব্যবসা-বাণিজ্য, ক্ষুদ্র উদ্যোক্তা এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেলার পার্বতীপুর উপজেলার হাবড়া গ্রামের নুরুজ্জামান মিয়া (৩৫) বলেন, "আমার স্ত্রী সুফিয়া বেগম ও শিশু পুত্র নাইমুজ্জামানকে নিয়ে মোটরসাইকেলে করে ফেসবুকে ভাইরাল ‘মিনি সুইজারল্যান্ড’ দেখতে এসেছি। বর্তমানে স্থানটি অপরূপ সৌন্দর্য ধারণ করেছে। এই অপরূপ সৌন্দর্য দেখে তৃপ্ত হয়েছি।"

আরও পড়ুন: সিঙারা-পুরির পোড়া তেলে স্বাস্থ্যঝুঁকি, সেই তেলেই জ্বালানির সম্ভাবনা

দর্শনার্থীর সংখ্যা অতিরিক্ত বেড়ে যাওয়ায় কিছু উদ্বেগও দেখা দিয়েছে। অতিরিক্ত ভিড়, অসতর্কভাবে পানিতে নামা, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশ দূষণ ও দর্শনার্থীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে শিশু ও সাঁতার না জানা ব্যক্তিদের পানিতে নামার ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহল। দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতামূলক সাইন বোর্ড, নিরাপদ চলাচলের ব্যবস্থা, পরিচ্ছন্নতা কার্যক্রম এবং পর্যাপ্ত নজরদারি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন তারা।

প্রকৃতির অপরূপ সৌন্দর্যের এই স্থানটি শুধু বিনোদনের কেন্দ্র নয়, নতুন পর্যটন সম্ভাবনারও একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠতে পারে। প্রয়োজনীয় পরিকল্পনা, পরিবেশ সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দিনাজপুরের এই ‘মিনি সুইজারল্যান্ড’ একদিন দেশজুড়েই পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে।

বিরামপুর থানার ওসি পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক বাসসকে বলেন, ‘মিনি সুইজারল্যান্ড নামে পরিচিত ছোট যমুনা নদীর শ্রীপুর ঘাটে স্বচ্ছ পানি প্রবাহিত হওয়ায় প্রকৃতিপ্রেমী লোকজনের আগমন ঘটেছে। এ ধরনের তথ্য আমি জেনেছি। বিষয়টি দিনাজপুর জেলা পুলিশ সুপার মহোদয়কে অবহিত করা হয়েছে। এখন থেকে প্রায়াগপুরের পর্যটন এলাকায় পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে।’

আরও পড়ুন: বিউটি ব্লগের সাজগোজ: ২০,০০০ প্রোডাক্টে ১,২০০ ব্র্যান্ডের সমাহার

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. তানজিনা খাতুন বলেন, আমি কয়েকদিন আগে এলাকাটি পরিদর্শন করেছি।

এলাকাটি আমার কাছেও ভালো লেগেছে। এলাকাটির সৌন্দর্যের জন্যই উৎসুক জনগণ এবং ভ্রমণপিপাসুদের ভিড় বাড়ছে। স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


বুরকিনা ফাসোর সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের মধ্যে সংঘর্ষে জড়াচ্ছে

পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই প্রতিদ্বন্দ্বী সশস্ত্র গোষ্ঠী। যখন দেশটির সরকার বিস্তীর্ণ এলাকায় নিয়ন্ত্রণ পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করছে, তখন আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্ট এই দুই গোষ্ঠীর লড়াই আরো তীব্র হয়ে উঠছে। এতে দুই পক্ষের ব্যাপক প্রাণহানির দাবি সামনে এসেছে। তবে এসব দাবির বেশির ভাগই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

গোষ্ঠী দুটি হলো আল-কায়েদার সঙ্গে সংশ্লিষ্ট জামাত নুসরাত আল-ইসলাম ওয়াল মুসলিমিন (জেএনআইএম) এবং আইএসের সহযোগী গোষ্ঠী ইসলামিক স্টেট ইন সায়েল প্রভিন্স (আইএসএসপি)। গত সেপ্টেম্বরের শুরু থেকে বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে, বিশেষ করে মালির সীমান্তবর্তী এলাকায় তাদের মধ্যে সংঘর্ষ বেড়ে গেছে। এই অঞ্চলে ভূখণ্ড ও প্রভাব বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে।

সেপ্টেম্বরের শুরুতে মালির সীমান্তসংলগ্ন কাচাম এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বড় ধরনের সংঘর্ষ সংঘটিত হয়। আইএসএসপি দাবি করে, ওই লড়াইয়ে তারা জেএনআইএমের ২০০ জনের বেশি যোদ্ধাকে হত্যা করেছে। এছাড়া ৩০ জনের বেশি যোদ্ধাকে আটক এবং অস্ত্র ও মোটরসাইকেল জব্দ করার দাবিও করে তারা। তবে এসব দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

সশস্ত্র সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটার (এসিএলইডি) হেনি এনসাইবিয়া বলেন, ওই সংঘর্ষে নিহতের সংখ্যা সত্যি হলে এটি হবে দুই গোষ্ঠীর মধ্যে নথিভুক্ত সবচেয়ে প্রাণঘাতী লড়াই।

এরপর গত ৯ অক্টোবর বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলীয় ওদালান প্রদেশের গানাদাউরি এলাকায় সংঘর্ষ আরো ভয়াবহ রূপ নেয়। পরে আইএসের সাপ্তাহিক প্রকাশনা আল-নাবায় দাবি করা হয়, ওই লড়াইয়ে জেএনআইএমের ৪০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন। তবে এ বিষয়ে জেএনআইএম প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানায়নি। নিহতের সংখ্যা নিয়েও স্বাধীন কোনো মূল্যায়ন পাওয়া যায়নি।

গত ১ নভেম্বর আইএসএসপি তাদের বিজয়ের প্রমাণ হিসেবে কয়েকটি ছবি প্রকাশ করে। ছবিগুলোতে সংঘর্ষের পরের পরিস্থিতি দেখানো হয়েছে বলে দাবি করে গোষ্ঠীটি। আঞ্চলিক সংবাদমাধ্যম আই-সাহেল ছবিগুলোতে অন্তত ১২০টি মরদেহ দেখতে পাওয়ার কথা জানিয়েছে। তবে ছবিতে থাকা ব্যক্তিরা ওই সংঘর্ষে নিহত হয়েছেন কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমটি। ছবিতে দৃশ্যমান মরদেহের সংখ্যা আইএসের দাবি করা ৪০০ জনের তুলনায় অনেক কম।

দুই গোষ্ঠীর এই সংঘাত নতুন নয়। ২০১৯ সাল থেকে সাহেল অঞ্চলের বিভিন্ন এলাকায় ভূখণ্ড, প্রভাব এবং স্থানীয় জনগোষ্ঠীর ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে তাদের মধ্যে বিরোধ চলছে। সময়ের সঙ্গে এই সংঘাত আরো প্রাণঘাতী হয়ে উঠেছে।

এসিএলইডির তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে দুই গোষ্ঠীর মধ্যে প্রায় ৩২০টি সশস্ত্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব লড়াইয়ে দুই পক্ষের ২ হাজার ২০০ জনের বেশি যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে বুরকিনা ফাসোর সরকারি বাহিনীর বিরুদ্ধে জেএনআইএমের তৎপরতা অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের (আইসিজি) মতে, দেশটির উত্তর, উত্তর-মধ্য, পশ্চিম ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় গোষ্ঠীটির নিয়ন্ত্রণ রয়েছে। এসব এলাকায় প্রভাব বিস্তারের মাধ্যমে তারা রাষ্ট্রীয় কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাচ্ছে। পাশাপাশি প্রতিবেশী মালি ও নাইজারেও তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

এসিএলইডির ২০২৬ সালের মার্চের পর্যালোচনায় বলা হয়েছে, গত ফেব্রুয়ারিতে বুরকিনা ফাসোর সেনাবাহিনী এবং রাষ্ট্রসমর্থিত ভলান্টিয়ার্স ফর দ্য ডিফেন্স অব দ্য হোমল্যান্ডের (ভিডিপি) বিরুদ্ধে অভিযান চালায় জেএনআইএম। ওই সময় দেশটিতে গোষ্ঠীটি ৩০টির বেশি হামলা চালায়।

এসিএলইডির তথ্য অনুযায়ী, এসব হামলায় ১২০ জনের বেশি সেনাসদস্য, বনরক্ষী ও মিলিশিয়া সদস্য নিহত হন। এই অভিযান সরকারি বাহিনীর ওপর জেএনআইএমের ক্রমবর্ধমান চাপের চিত্র তুলে ধরে। একই সময়ে গোষ্ঠীটিকে আইএসের প্রতিদ্বন্দ্বী সংগঠনের হামলাও মোকাবিলা করতে হচ্ছে।

দুই গোষ্ঠীর এই সংঘাত বুরকিনা ফাসোর সরকারের জন্য সাময়িক স্বস্তির সুযোগ তৈরি করতে পারে। কারণ, আইএসএসপির বিরুদ্ধে নিজেদের অবস্থান ধরে রাখতে জেএনআইএমকে যোদ্ধা ও সামরিক সম্পদ অন্যদিকে সরিয়ে নিতে হতে পারে। তবে এই অভ্যন্তরীণ সংঘাত থেকে সরকার দীর্ঘমেয়াদি কোনো সুবিধা পাবে, এমনটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। জেএনআইএম একাধিক দেশে সক্রিয় রয়েছে। অন্যদিকে আইএসএসপির সামরিক সাফল্য দুই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকাগুলোতে তাদের অবস্থান আরো শক্তিশালী করতে পারে।

বড় নিরাপত্তা সংকটে সরকার

সশস্ত্র গোষ্ঠীগুলোর সংঘাত এবং সরকারি বাহিনীর অভিযানের মধ্যে আটকে পড়া সাধারণ মানুষের জন্য এক পক্ষের দুর্বল হয়ে পড়া স্বস্তির নিশ্চয়তা দিচ্ছে না। বুরকিনা ফাসোর নিরাপত্তা সংকটে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ব্যাহত হয়েছে কৃষিকাজ, বাজারে যাতায়াত ও মৌলিক সেবা পাওয়ার সুযোগ।

জাতিসংঘের মানবিক সহায়তা পরিকল্পনার হিসাব অনুযায়ী, ২০২৬ সালে বুরকিনা ফাসোর ৪৫ লাখ মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। দেশটির অভ্যন্তরীণ বাস্তুচ্যুত মানুষের সর্বশেষ সমন্বিত সরকারি হিসাব প্রকাশিত হয়েছিল ২০২৩ সালের মার্চে। ওই হিসাবে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা ছিল প্রায় ২১ লাখ। তবে এই সংখ্যাকে ২০২৬ সালের নতুন করে যাচাই করা হিসাব হিসেবে বিবেচনা করা যাবে না।

নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার শর্তে নাইজারের এক নাগরিক আলজাজিরাকে বলেন, দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে সীমান্তবর্তী এলাকার মানুষের মধ্যে কিছুটা স্বস্তির আশা তৈরি হয়েছে।

তিনি বলেন, ‘তিলাবেরিতে আমার পরিবারের সদস্যরা থাকেন। সেখানকার মানুষ দীর্ঘদিন ধরে চরম ভয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। জেএনআইএম ও আইএসএসপির মধ্যে লড়াই চলতে থাকলে আমাদের সম্প্রদায়ের ওপর বিপদের আশঙ্কা কমতে পারে। কারণ, এতে তাদের শক্তি দুর্বল হয়ে পড়তে পারে। এখানকার মানুষ নিজেদের জমিতে কাজ করতে চান, নিরাপদে চলাচল করতে চান এবং কোনো গোষ্ঠীর হামলার ভয় ছাড়াই সন্তানদের বড় করতে চান।’

এই দুই গোষ্ঠীর সংঘাত এখন আর বুরকিনা ফাসো ও মালির মধ্যে সীমাবদ্ধ নেই। এসিএলইডি জানিয়েছে, নাইজারের তিলাবেরি ও দোসো অঞ্চল এবং নাইজেরিয়ার কেব্বি রাজ্যেও এই সংঘাত ছড়িয়ে পড়েছে। পশ্চিম আফ্রিকার আরো বিস্তীর্ণ এলাকায় সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ২৮ নভেম্বর পর্যন্ত বুরকিনা ফাসো, মালি ও নাইজারে রাজনৈতিক সহিংসতায় ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন।

পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোতেও বাড়ছে উদ্বেগ।

জেএনআইএমের বিস্তৃত তৎপরতা পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোর নিরাপত্তা নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে। নিরাপত্তা ঝুঁকি ব্যবস্থাপনা প্রতিষ্ঠান কাস্টর ভ্যালির জ্যেষ্ঠ সহযোগী ভিরাজ পাতনি আলজাজিরাকে বলেন, এ অঞ্চলে জেএনআইএমের কার্যক্রম সম্প্রসারণের ফলে গিনি উপসাগরসংলগ্ন দেশগুলোতে হুমকি বাড়তে পারে।

পাতনি বলেন, ‘ইসলামপন্থি সশস্ত্র তৎপরতা উপকূলীয় দেশগুলোতে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাস্তব। গত ২৪ মাসে বিশেষ করে পশ্চিম ও দক্ষিণ মালিতে জেএনআইএম তাদের অভিযান আরো জোরদার করেছে। মালির সিকাসো অঞ্চলে অন্তত একটি প্রশিক্ষণশিবির প্রতিষ্ঠা করেছে গোষ্ঠীটি। ফলে আইভরি কোস্টের সীমান্তবর্তী এলাকায় নিজেদের লড়াইয়ের সক্ষমতা বাড়ানোর ভালো অবস্থানে রয়েছে তারা।’

তিনি আরো বলেন, বুরকিনা ফাসোর দক্ষিণাঞ্চলে জেএনআইএমের তৎপরতা তুলনামূলক কম হলেও দেশটির পূর্বাঞ্চলীয় এস্ট অঞ্চলে গোষ্ঠীটির শক্ত অবস্থান রয়েছে। এই অবস্থান কাজে লাগিয়ে ২০২৫ সালে টোগো ও বেনিনে তাদের অভিযান সম্প্রসারণ ও জোরদার করেছে তারা।

পাতনির ভাষ্য, ২০২৫ সালে বেনিনের আরো বিস্তীর্ণ এলাকায় জেএনআইএমের তৎপরতা লক্ষ করা গেছে। একই বছরের অক্টোবরে নাইজেরিয়ার কোয়ারা রাজ্যে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে হামলার দাবি করে গোষ্ঠীটি।

দীর্ঘ মেয়াদে পশ্চিম আফ্রিকার উপকূলীয় দেশগুলোতে জেএনআইএমের বিস্তারের পেছনে কয়েকটি কারণ কাজ করতে পারে বলে মনে করেন পাতনি। এর মধ্যে রয়েছে সীমান্তের দুর্বল নিয়ন্ত্রণ, উপকূলীয় দেশগুলোর উত্তরাঞ্চলে ব্যাপক বঞ্চনা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা। বিশেষ করে ফুলানি সম্প্রদায়ের প্রতি বিরূপ মনোভাব পরিস্থিতিকে আরো জটিল করে তুলতে পারে।

জেএনআইএমের আঞ্চলিক আধিপত্যে চাপ তৈরি করছে আইএসএসপি।

এসিএলইডির হেনি এনসাইবিয়ার মতে, দুই গোষ্ঠীর মধ্যে ক্রমবর্ধমান সংঘাত আঞ্চলিক পর্যায়ে জেএনআইএমের সামরিক কৌশল ও সম্পদ ব্যবহারের পরিকল্পনা নতুন করে ভাবতে বাধ্য করতে পারে। সাম্প্রতিক বছরগুলোতে গুরুত্বপূর্ণ কয়েকটি সংঘর্ষে আইএসএসপির কাছে বারবার পরাজিত হয়েছে জেএনআইএম। প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীটির অগ্রগতি ঠেকাতেও তারা হিমশিম খাচ্ছে।

এনসাইবিয়া বলেন, ‘ক্রমেই প্রাণঘাতী হয়ে ওঠা এসব সংঘর্ষ জেএনআইএমকে যোদ্ধা ও সামরিক সম্পদ অন্যদিকে সরিয়ে নিতে বাধ্য করছে। ফলে মালি ও বুরকিনা ফাসোতে সরকারি বাহিনী এবং তাদের মিত্র মিলিশিয়াদের বিরুদ্ধে লড়াই চালানো থেকে তাদের মনোযোগ সরে যাচ্ছে।’

তিনি মনে করেন, এই পরিস্থিতি জেএনআইএমের জন্য নতুন সামরিক চাপ তৈরি করছে। একই সঙ্গে সাহেল অঞ্চলে দুই গোষ্ঠীর প্রতিদ্বন্দ্বিতা আরো বিস্তৃত নিরাপত্তা সংকটের জন্ম দিতে পারে।

এএম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৩ পি.এম


মুকসুদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে এমপির গাড়িসহ ১৫ গাড়ি ক্ষতিগ্রস্ত

গোপালগঞ্জের মুকসুদপুরে একটি সড়ক দুর্ঘটনায় গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিমের গাড়িবহর দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা নামক স্থানে বাস ও ট্রাকের সংঘর্ষের কারণে এমপির গাড়িসহ অন্তত ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে মুকসুদপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের বরইতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম গোহালা ইউনিয়নে আয়োজিত একটি প্রতিবাদ সভায় যোগ দিতে যাচ্ছিলেন। এ সময় ডলফিন পরিবহনের একটি বাস সামনে থাকা ধানবোঝাই ট্রাককে ধাক্কা দেয়। এর ফলে সামনে থাকা প্রায় ১৫টি গাড়ির মধ্যে একের পর এক সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে সংসদ সদস্যের গাড়িসহ মহাসড়কে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

দুর্ঘটনার পর মহাসড়কে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ও সংশ্লিষ্টরা দ্রুত উদ্ধারকাজে অংশগ্রহণ করেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ক্ষতিগ্রস্ত গাড়িগুলোর মধ্যে সংসদ সদস্যকে বহনকারী প্রাইভেটকারটির পেছনের অংশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।

সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির এসআই ইমাম হোসেন জানান, বাসের ধাক্কায় সামনে থাকা গাড়িগুলোর মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রাইভেটকারটি পিছনের দিকে ক্ষতিগ্রস্ত হয়। তবে তিনি অক্ষত রয়েছেন। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৪ পি.এম


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

মুন্সীগঞ্জ, ১৩ নভেম্বর ২০২৬ : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের উপর দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুইজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন চালক রাফি (২০) এবং অপরজন আরোহী জান্নাতুল মাওয়া জ্যোতি (১৯) রয়েছেন।

নিহত রাফি ঢাকার মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া এলাকার মনজুরুল আলম বাবুর পুত্র, অন্যদিকে জান্নাতুল মাওয়া জ্যোতি একই এলাকার জাহাঙ্গীর আলমের কন্যা।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানিয়েছেন, আজ শুক্রবার রাত ৩ টায় শ্রীনগর উপজেলার সমষপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মাওয়ামুখী লেনে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার খবর পাওয়ার পর শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী ইউনিট ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানার পুলিশের কাছে হস্তান্তর করে।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোহেল রানা জানিয়েছেন, চালক দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছলে পড়ে যায়। এই ঘটনায় ঘটনাস্থলে চালক ও আরোহীর মৃত্যু ঘটে। মরদেহ বর্তমানে হাসাড়া হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পদ্মায় ফেরি-বাল্কহেড সংঘর্ষে নিহত এক শিশু, আহত দুই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৩:২৫ পি.এম


পদ্মায় ফেরি-বাল্কহেড সংঘর্ষে নিহত এক শিশু, আহত দুই

শরীয়তপুর-চাঁদপুর নৌ রুটের পদ্মা নদীর বেড়াচাক্কি চ্যানেলে ফেরি-বাল্কহেডের সংঘর্ষে এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম তরিকুল ইসলাম, বয়স ১১ বছর। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৯টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

বিআইডব্লিউটিসি এবং প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাকলি নামের একটি ফেরি চাঁদপুর থেকে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। মেঘনা নদীর মূল অংশ পার হওয়ার পর, সকাল ৯টার দিকে শরীয়তপুরের বেড়াচাক্কি চ্যানেলে প্রবেশের সময় পেছন দিক থেকে একটি বাল্কহেড ফেরিটিকে সজোরে ধাক্কা দেয়। এই ঘটনায় ফেরিতে দাঁড়িয়ে থাকা যাত্রীদের মধ্যে কয়েকজন ভারসাম্য হারিয়ে পড়ে যান।

এ সময় ফেরিতে থাকা একটি বাসের বডির সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই শিশু তরিকুলের মৃত্যু ঘটে। সংঘর্ষের ফলে আরো দুজন শিশু আহত হন। সংঘর্ষের পর নৌ পুলিশ বাল্কহেডটিকে আটক করেছে এবং এ ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের উপব্যবস্থাপক ইকবাল হোসেন জানান, ফেরিটি চ্যানেলে প্রবেশের সময় পেছন থেকে একটি বাল্কহেড সজোরে ধাক্কা দেয়। এতে ফেরিতে দাঁড়িয়ে থাকা অনেকেই ভারসাম্য হারিয়ে পড়ে যান। এক শিশুর মাথা বাসের সঙ্গে আঘাত লাগলে তার মৃত্যু ঘটে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%