শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:১৫ পি.এম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ডিসেম্বর রাজধানীতে নাগরিক স্মরণসভার আয়োজন করা হচ্ছে। পাশাপাশি, তার জীবন, রাজনৈতিক দর্শন, নেতৃত্ব, কর্মময় অভিজ্ঞতা এবং দেশ ও জাতির প্রতি অবদান নিয়ে একটি বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ উদ্দেশ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে মৌলিক ও বিশ্লেষণধর্মী লেখা আহ্বান করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৮ ডিসেম্বর ২০২৬, সোমবার রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হবে। নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং বেগম খালেদা জিয়ার পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন বলে আশা করা যাচ্ছে।
এছাড়া, দেশের বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, পেশাজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট নাগরিকেরা স্মরণসভায় অংশগ্রহণ করবেন বলে আয়োজকদের প্রত্যাশা।
স্মরণসভাকে অর্থবহ ও স্মরণীয় করে তুলতে বেগম খালেদা জিয়ার জীবন, রাজনৈতিক দর্শন, কর্মময় অভিজ্ঞতা, ব্যক্তিত্ব, নেতৃত্ব এবং জাতীয় জীবনে তার অবদান নিয়ে বিশেষ স্মারকগ্রন্থ প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সাংবাদিক, লেখক, গবেষক, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, পেশাজীবী এবং খালেদা জিয়ার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত ব্যক্তিদের কাছ থেকে লেখা আহ্বান করা হয়েছে।
স্মারকগ্রন্থে লেখার জন্য মোট ১২টি বিষয় নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার জীবন, ব্যক্তিত্ব ও নেতৃত্ব; দলনিরপেক্ষ গণতান্ত্রিক রাজনীতি ও আন্দোলন; পররাষ্ট্রনীতি, সার্বভৌমত্ব ও দেশপ্রেম; নারীশিক্ষা, নারী নেতৃত্ব ও সামাজিক উন্নয়ন; বাংলাদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে তার ভূমিকা; অর্থনৈতিক দর্শন; নির্বাচন, গণতন্ত্র ও সংগ্রাম; সংবাদপত্রের স্বাধীনতা; তার সঙ্গে প্রত্যক্ষ স্মৃতিচারণ ও জীবনের অজানা অধ্যায়; সরকার, প্রশাসন, সুশাসন ও দায়িত্ব; জীবনের শেষ সময়ের অভিজ্ঞতা এবং তার ব্যক্তিত্ব, রুচিবোধ ও মানবিক গুণাবলি।
সংবাদ বিজ্ঞপ্তিতে লেখার ক্ষেত্রে কয়েকটি শর্তও উল্লেখ করা হয়েছে। প্রতিটি লেখা ১২০০ থেকে ১৫০০ শব্দের মধ্যে হতে হবে। লেখা অবশ্যই মৌলিক, তথ্যনির্ভর ও বিশ্লেষণধর্মী হতে হবে। নির্ধারিত বিষয়গুলোর আলোকে লেখকের নিজস্ব দৃষ্টিভঙ্গি, গবেষণা, অভিজ্ঞতা ও মূল্যায়ন তুলে ধরার সুযোগ থাকবে। তবে স্মারকগ্রন্থের সম্পাদকীয় বিবেচনায় নির্বাচিত লেখকদের লেখাই প্রকাশ করা হবে।
আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর ২০২৬-এর মধ্যে ই-মেইলে লেখা পাঠাতে বলা হয়েছে। লেখার ঠিকানা: [email protected]।
এদিকে, বেগম খালেদা জিয়ার কর্মময় ও সংগ্রামী রাজনৈতিক জীবন, নেতৃত্ব, সাফল্য এবং জাতীয় জীবনে তার অর্জন নিয়ে একটি তথ্যসমৃদ্ধ প্রামাণ্যচিত্র নির্মাণের উদ্যোগও নেওয়া হয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, স্মারকগ্রন্থ ও প্রামাণ্যচিত্রের মাধ্যমে বেগম খালেদা জিয়ার জীবন ও কর্মের বহুমাত্রিক মূল্যায়ন, রাজনৈতিক উত্তরাধিকার, রাষ্ট্রচিন্তা এবং বাংলাদেশের ইতিহাসে তার অবদান প্রামাণ্যভাবে তুলে ধরা সম্ভব হবে। একই সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মের জন্য তার জীবন ও রাজনৈতিক ভূমিকার একটি মূল্যবান ঐতিহাসিক দলিল তৈরি হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিতর্কিত ইসলামী বক্তা জাকির নায়েকের প্রতিষ্ঠানের ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনের (আইআরএফ) ওপর নিষেধাজ্ঞার মেয়াদ পাঁচ বছর বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার এ সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা এএনআই নিউজ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, আইআরএফ এমন কর্মকাণ্ডে জড়িত, যা দেশের নিরাপত্তার জন্য বিপদজনক। তাদের কর্মকাণ্ড ভারতের শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। এছাড়াও, দেশটির ধর্মনিরপেক্ষ কাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
জাকির নায়েক ১৯৯১ সালের ফেব্রুয়ারিতে মুম্বাইয়ে আইআরএফ প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে তিনি মালয়েশিয়ায় চলে যান এবং সেখানে স্থায়ীভাবে বসবাসের অনুমতি লাভ করেন। ২০১৬ সালের ১৭ নভেম্বর আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা করে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০২১ সালের ১৫ নভেম্বর এ নিষেধাজ্ঞার মেয়াদ আরো পাঁচ বছর বাড়ানো হয়। পূর্ববর্তী নিষেধাজ্ঞার মেয়াদ ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। এর আগেই নতুন নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিল ভারত সরকার।
জাকির নায়েক ও আইআরএফের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তারা উসকানিমূলক বক্তব্য প্রদান করে। এসব বক্তব্যের মাধ্যমে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে বিদ্বেষ ও শত্রুতা ছড়ানো হচ্ছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৩ নম্বর ধারার ১ উপধারায় এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, আইনের ৩ নম্বর ধারার ১ ও ৩ উপধারার আওতায় আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণা করা হয়েছে। আইনের ৪ নম্বর ধারায় কোনো আদেশ দেওয়া হলে তা সরকারি গেজেটে বিজ্ঞপ্তি প্রকাশের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কার্যকর থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়েছে, আইআরএফ ও এর সদস্যরা ধর্মের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিরোধ, শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়াচ্ছেন। সরকার দাবি করেছে, সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি জাকির আবদুল করিম নায়েক, যিনি ডা. জাকির নায়েক নামে পরিচিত, এসব কর্মকাণ্ডে নেতৃত্ব দিচ্ছেন। মন্ত্রণালয়ের মতে, এসব কর্মকাণ্ড ভারতের ঐক্য ও নিরাপত্তার জন্য ক্ষতিকর।
নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, জাকির নায়েকের বিভিন্ন বক্তব্য ও বক্তৃতা আপত্তিকর। এসব বক্তব্য রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে উসকানি দেয়। মন্ত্রণালয়ের অভিযোগ, জাকির নায়েকের বক্তব্য বিভিন্ন ধর্মীয় গোষ্ঠীর মধ্যে শত্রুতা ও বিদ্বেষ ছড়ায়। একই সঙ্গে ভারত ও বিদেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হতে উৎসাহিত করে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরো দাবি করেছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, ইন্টারনেট, সংবাদপত্র ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে জাকির নায়েক বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে উগ্রবাদী বক্তব্য ও বক্তৃতা দিয়েছেন।
মন্ত্রণালয়ের মতে, আইআরএফের বেআইনি কর্মকাণ্ড দ্রুত বন্ধ করা না হলে সংগঠনটি রাষ্ট্রবিরোধী তৎপরতা চালিয়ে যেতে পারে। সংগঠনটির পলাতক সদস্যদের নতুন করে সংগঠিত করার আশঙ্কা রয়েছে।
এছাড়াও, সাম্প্রদায়িক বিভেদ ছড়িয়ে ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো নষ্ট করার চেষ্টা করতে পারে সংগঠনটি। দেশবিরোধী মনোভাব ছড়ানোর পাশাপাশি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দিয়ে বিচ্ছিন্নতাবাদী তৎপরতা বাড়াতে পারে। এসব কর্মকাণ্ড ভারতের সার্বভৌমত্ব, ঐক্য ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে।
বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন, ১৯৬৭-এর ৫ নম্বর ধারায় গঠিত একটি ট্রাইব্যুনাল আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার যথেষ্ট কারণ আছে কি না, তা যাচাই করে। ২০১৭ সালের ২২ মে ও ২০২২ সালের ৩০ মার্চ দেওয়া আদেশে ট্রাইব্যুনাল আইআরএফকে বেআইনি সংগঠন ঘোষণার সরকারি সিদ্ধান্ত বহাল রাখে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দাভিত্তিক অভিযানে ৭৪ জন নিহত হয়েছে। শুক্রবার দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।
আইএসপিআর জানায়, ‘সন্ত্রাসী হুমকি নির্মূল ও খাওয়ারিজের নেটওয়ার্ক ধ্বংস করার লক্ষ্যে নিরাপত্তা বাহিনী খাইবার পাখতুনখোয়া প্রদেশে ধারাবাহিক গোয়েন্দা অভিযান পরিচালনা করছে।’
বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ৪৮ ঘণ্টায় খাইবার পাখতুনখোয়ার মির আলি এলাকায় ৩৫ জন এবং ওরাকজাই জেলায় আটজন নিহত হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর তীব্র সংঘর্ষ সংঘটিত হয়। অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
অন্যদিকে, ৩ নভেম্বর থেকে বেলুচিস্তানের কোয়েটা জেলার কুররাম এলাকায় পরিচালিত অভিযানে আরো ৩১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেখানে সশস্ত্র গোষ্ঠীর একাধিক আস্তানায় অভিযান চালানো হয় এবং অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়।
আইএসপিআর জানায়, সংশ্লিষ্ট এলাকাগুলোতে অভিযান ও তল্লাশি অব্যাহত রয়েছে। দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে নিরাপত্তা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিআইসিএসএস) এক প্রতিবেদনে জানানো হয়েছে, গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৪৯টি সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। আগের সপ্তাহে এই সংখ্যা ছিল ৩১। এসব হামলায় ২৫ জন নিহত এবং ২১ জন আহত হয়েছেন।
সূত্র: ডন
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের মানুষ কখনোই পতিত ফ্যাসিস্টকে স্থান দেবে না। তিনি বলেন, বোমা হামলা ও সন্ত্রাসের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা ব্যর্থ হবে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রাজধানীর প্রেস ক্লাবে ঝিনাইদহ সাংবাদিক ফোরামের আয়োজনে এক বিশেষ সাধারণ সভায় তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী আরও জানান, যারা বোমা সন্ত্রাসের মাধ্যমে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি বিছিয়ে আনতে চান, তারা সম্ভবত বাংলাদেশের মানুষকে জানেন না। দেশের মানুষ কখনোই কথিত ফ্যাসিস্টদের স্থান দেবে না।
অন্যায়, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে সাংবাদিকদের কলম ধরার আহ্বান জানিয়ে তিনি বলেন, এত কিছুর পরও দেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এবং এটি অব্যাহত থাকবে। সঠিক তথ্য-উপাত্ত নিয়ে বিগত ৯ মাসে সরকারের সফলতাগুলো তুলে ধরার আহ্বান জানান তিনি।
আইনমন্ত্রী মন্তব্য করেন, বর্তমান সরকার এক্সট্রা জুডিশিয়াল কিলিং বা গুমের পথে হাঁটেনি। তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়। সরকার সঠিক তথ্যের ভিত্তিতে এগিয়ে যেতে চায়।
তিনি আশা প্রকাশ করেন যে, সব প্রতিকূলতার মধ্যেও বাংলাদেশ অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবে এবং এ অগ্রযাত্রা অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুড়িগ্রামের রাজারহাট ও লালমনিরহাট সদর উপজেলার সীমান্তঘেঁষা ঐতিহাসিক সিন্দুরমতি দিঘি অবহেলার দীর্ঘ সময় কাটিয়ে ফিরে পাচ্ছে তার হারানো রূপ।
দীর্ঘ ১৬ দশমিক ৫ একর আয়তনের এই প্রাচীন দিঘির সংস্কারকাজে ব্যয় হচ্ছে প্রায় দেড় কোটি টাকা। খননকাজ সম্পন্ন হওয়ার পর বর্তমানে দিঘির পাড় উঁচু করা, চারপাশে ঢালাই পথ নির্মাণ, বৃক্ষরোপণ, আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।
সিন্দুরমতি দিঘি রাজারহাট উপজেলার সদর ইউনিয়নের সিন্দুরমতি এলাকা এবং লালমনিরহাট সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নে অবস্থিত। এটি শুধুমাত্র একটি জলাশয় নয়, বরং হাজার বছরের ইতিহাস, লোককথা, ধর্মীয় বিশ্বাস ও ঐতিহ্যের সঙ্গে সম্পর্কিত সনাতন ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান।
স্থানীয় জনশ্রুতি অনুযায়ী, শ্রীলঙ্কা থেকে আসা হিন্দু জমিদার রাজ নারায়ণ চক্রবর্তী তার প্রজাদের পানির কষ্ট দূর করার জন্য বিশাল এই দিঘি খননের উদ্যোগ গ্রহণ করেন। কিন্তু খনন কাজ শেষ হওয়ার পর দিঘিতে পানি না ওঠায় তিনি চিন্তিত হয়ে পড়েন।
এক রাতে জমিদার স্বপ্নাদেশ পান—তার দুই কন্যা ‘সিন্দুর’ ও ‘মতি’কে দিঘির মাঝখানে বসিয়ে পূজা-অর্চনা করতে হবে। সেই অনুযায়ী দিঘির মাঝখানে পূজার আয়োজন করা হয়। পূজার একপর্যায়ে জমিদার প্রয়োজনীয় উপচার সংগ্রহ করতে দিঘির পাড়ে উঠলে, তখনই দিঘির তলদেশ থেকে প্রবল বেগে পানি উঠতে শুরু করে। মুহূর্তেই বিশাল দিঘিটি পানিতে ভরে যায়। তবে সেই অথৈ জলে তলিয়ে যান জমিদারের দুই কন্যা সিন্দুর ও মতি। তাদের নাম অনুসারেই দিঘিটির নামকরণ হয় ‘সিন্দুর-মতি’।
দিঘির চারপাশে প্রাচীন বটবৃক্ষ ও বিভিন্ন দেব-দেবীর মন্দির রয়েছে। এখানে রাম মন্দির, কালী মন্দির, শিব মন্দির, দুর্গা মন্দির, রাধা-কৃষ্ণ মন্দির, বিশ্বকর্মা মন্দির, গণেশ মন্দির, ভোলানাথ মন্দির, বুড়ি মন্দির, ইসকন মন্দির ও শ্মশান কালী মন্দিরসহ একাধিক ধর্মীয় স্থাপনা বিদ্যমান। এখানে মরদেহ সৎকার, প্রতিমা বিসর্জনসহ বিভিন্ন ধর্মীয় আচার পালিত হয়।
প্রতিবছর চৈত্র মাসে সিন্দুরমতি দিঘি ঘিরে বসে সিন্দুরমতি মেলা। পুণ্যস্নানের আশায় দেশের বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী ও পুণ্যার্থীরা এখানে আসেন। স্থানীয়দের দাবি, ভারত ও নেপাল থেকেও এ মেলায় পুণ্যার্থীর সমাগম ঘটে।
দীর্ঘদিনের অবহেলা ও পলি জমে দিঘিটি ভরাট হওয়ার দিকে এগিয়ে গেলেও বর্তমানে সেই চিত্র পরিবর্তন হতে শুরু করেছে। ইতিমধ্যে দিঘির খননকাজ সম্পন্ন হয়েছে। পাড় উঁচু করা, চারপাশে সুসজ্জিত ঢালাই পথ নির্মাণ, সৌন্দর্যবর্ধনে বৃক্ষরোপণ এবং দর্শনার্থী ও পুণ্যার্থীদের সুবিধার্থে আধুনিক স্নানঘাট ও পোশাক পরিবর্তনের কক্ষ নির্মাণের কাজ চলছে।
১৯৭৫ সালে তখনকার সরকার দিঘিটি সংস্কারের উদ্যোগ নিয়েছিল। ওই সময় খননকালে দিঘির তলদেশ থেকে প্রাচীন মূর্তি ও মূল্যবান মুদ্রা উদ্ধার হওয়ার কথা জানা যায়। এসব প্রত্নবস্তু বর্তমানে ঢাকার জাতীয় জাদুঘরে সংরক্ষিত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
সিন্দুরমতি দিঘির তত্ত্বাবধায়ক তপন কুমার মন্ডল বলেন, "প্রত্নতত্ত্ব বিভাগের প্রতিনিধিরা এসে দিঘিটিকে ৮০০ থেকে ১,০০০ বছরের পুরনো বলে জানিয়েছিলেন। দীর্ঘদিন ধরে অযত্নে থাকায় এখানে পূজা ও মেলার আয়োজন কঠিন হয়ে পড়েছিল। দিঘিটি প্রায় ভরাট হওয়ার পর্যায়ে চলে গিয়েছিল। ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দ এক কোটি ৬১ লাখ টাকা ব্যয়ে সংস্কার কাজ চলমান রয়েছে।"
স্থানীয় বাসিন্দা হেমন্ত কুমার বর্মন বলেন, "হারিয়ে যাওয়া ঐতিহ্য আবারও ফিরে আসছে। এই দিঘির সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের অনেক আবেগ জড়িত। সংস্কারকাজ শেষ হলে এটি আরো আকর্ষণীয় দর্শনীয় স্থান হিসেবে গড়ে উঠবে।"
স্থানীয় প্রবীণ বাসিন্দা শ্রীমতি ফুলঝুরি বলেন, "ছোটবেলা থেকেই এখানে পূজা দিয়ে আসছি। রাম ঠাকুর ও কালী ঠাকুরের পূজা থেকে শুরু করে বহু বছর ধরে এই দিঘির সঙ্গে আমাদের সম্পর্ক। এখানকার মেলায় দেশের বাইরের মানুষও আসেন। দিঘিটি সংস্কার করা হচ্ছে দেখে খুব ভালো লাগছে।"
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, "জমিদার ও তার দুই কন্যা সিন্দুর-মতির আত্মত্যাগের ইতিহাস এখানে জড়িয়ে আছে। আমরা চেষ্টা করছি ঐতিহ্যবাহী এই স্থানটিকে এমনভাবে সাজাতে, যাতে ভক্তরা নির্বিঘ্নে ও শান্তিতে পূজা-অর্চনা ও পুণ্যস্নান করতে পারেন।"
মন্ত্রী আরো বলেন, "এ বছর আগাম বৃষ্টির কারণে সব কাজ শেষ করা সম্ভব হয়নি। অচিরেই পুরোদমে কাজ শুরু করে এটিকে দেশের অন্যতম প্রসিদ্ধ দর্শনীয় স্থানে পরিণত করার চেষ্টা করা হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ