শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ ইং
০১:২৪ পি.এম
বিশ্ব রাজনীতিতে তুরস্ক বর্তমানে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থানে রয়েছে। একদিকে এটি যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর সদস্য, অন্যদিকে রাশিয়ার সঙ্গে জ্বালানি, বাণিজ্য ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সম্পর্ক রয়েছে। ইউক্রেনের সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করার পাশাপাশি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগও গ্রহণ করছে দেশটি। ফলে আঙ্কারা, মস্কো ও ওয়াশিংটনের সম্পর্ক এখন আর বন্ধুত্ব কিংবা বৈরিতার সরল সমীকরণে সীমাবদ্ধ নেই। বরং তিন দেশের স্বার্থ, নিরাপত্তা ও প্রভাব বিস্তারের প্রতিযোগিতায় তৈরি হয়েছে একটি জটিল কূটনৈতিক সমীকরণ।
তুরস্কের এই অবস্থান নতুন নয়। প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান দীর্ঘদিন ধরে পশ্চিমা মিত্রদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে রাশিয়ার সঙ্গেও সহযোগিতা বৃদ্ধির নীতি অনুসরণ করে আসছেন। তবে ইউক্রেন যুদ্ধ, কৃষ্ণসাগরের নিরাপত্তা, সিরিয়ার পরিবর্তিত পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতার নতুন আলোচনা এই ভারসাম্যকে আরো কঠিন করে তুলেছে।
গত ৫ নভেম্বর রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়, দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফেরার পথে এরদোয়ান সাংবাদিকদের জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলোচনা শেষে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলতে চান। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সম্ভাব্য বৈঠক তুরস্কে আয়োজনের জন্য দুই পক্ষের সঙ্গে যোগাযোগও চলছে। তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, পুতিন ও এরদোয়ানের মধ্যে ফোনালাপের নির্দিষ্ট কোনো পরিকল্পনা তখনো চূড়ান্ত হয়নি।
এই উদ্যোগের মাধ্যমে আবারও স্পষ্ট হয়েছে যে, রাশিয়ার সঙ্গে মতবিরোধ থাকলেও আঙ্কারা মস্কোর সঙ্গে যোগাযোগের পথ খোলা রাখতে চায়। একই সঙ্গে ইউক্রেনের সঙ্গে সম্পর্ক বজায় রেখে আন্তর্জাতিক কূটনীতিতে নিজেদের গুরুত্ব ধরে রাখতে চাইছে তুরস্ক।
রাশিয়ার সঙ্গে সম্পর্ক: সহযোগিতার আড়ালে প্রতিযোগিতা
তুরস্ক ও রাশিয়ার সম্পর্কের ইতিহাস দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতায় পূর্ণ। কৃষ্ণসাগর, ককেশাস, বলকান ও মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে বহুবার সংঘাত সংঘটিত হয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধেও তারা বিপরীত পক্ষকে সমর্থন করেছে। রাশিয়া প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থন দিয়েছে, অন্যদিকে তুরস্ক আসাদবিরোধী বিভিন্ন গোষ্ঠীর পাশে দাঁড়িয়েছে।
২০১৫ সালের ২৪ নভেম্বর তুরস্কের আকাশসীমা লঙ্ঘনের অভিযোগে দেশটির বিমানবাহিনী একটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করলে দুই দেশের সম্পর্ক চরম সংকটে পড়ে। রাশিয়া তুরস্কের ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে এবং পর্যটন ও বাণিজ্যিক সম্পর্ক সীমিত করে। ২০১৬ সালের ১৯ ডিসেম্বর আঙ্কারায় রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রেই কারলভ আততায়ীর গুলিতে নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা আরো বাড়ে।
তবে এরদোয়ানের দুঃখ প্রকাশ এবং দুই দেশের শীর্ষ পর্যায়ের আলোচনার মাধ্যমে সম্পর্ক স্বাভাবিক হতে শুরু করে। পরবর্তী সময়ে সিরিয়া, জ্বালানি, প্রতিরক্ষা ও বাণিজ্য খাতে সহযোগিতা বৃদ্ধি পায়।
কিন্তু বর্তমান সম্পর্ককে নিছক বন্ধুত্ব বলা কঠিন। ইউক্রেন যুদ্ধের পর তুরস্ক একদিকে রাশিয়ার সঙ্গে বাণিজ্য ও জ্বালানি সম্পর্ক বজায় রেখেছে, অন্যদিকে ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে। রাশিয়ার আপত্তি সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা অব্যাহত রেখেছে আঙ্কারা।
কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের ২০২৫ সালের ২৬ নভেম্বর প্রকাশিত বিশ্লেষণে বলা হয়, ইউক্রেনকে তুরস্কের অস্ত্র সরবরাহ, সিরিয়ার রাজনৈতিক পরিবর্তন, দক্ষিণ ককেশাসে রাশিয়ার প্রভাব কমে আসা এবং ন্যাটোর সঙ্গে আঙ্কারার ঘনিষ্ঠতা মস্কো-আঙ্কারা সম্পর্কে অবিশ্বাস বাড়িয়েছে। ফলে দুই দেশের অর্থনৈতিক ও কৌশলগত সহযোগিতা থাকলেও পারস্পরিক সন্দেহ কাটেনি।
জ্বালানিতে মস্কোর ওপর নির্ভরতা, বিকল্পও খুঁজছে আঙ্কারা
রাশিয়ার সঙ্গে তুরস্কের সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি জ্বালানি। প্রাকৃতিক গ্যাস, অপরিশোধিত তেল এবং পারমাণবিক বিদ্যুৎ খাতে দুই দেশের সহযোগিতা বিদ্যমান।
২০২৫ সালে তুরস্ক রাশিয়া থেকে ২১ দশমিক ২ বিলিয়ন ঘনমিটার প্রাকৃতিক গ্যাস এবং ১ কোটি ৫২ লাখ টন অপরিশোধিত তেল আমদানি করেছে। একই বছর দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ৪৯ দশমিক ২ বিলিয়ন ডলার। তুরস্কের সরকারি তথ্যের বরাতে প্রকাশিত এক নথিতে এসব পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া তুরস্কের দক্ষিণাঞ্চলীয় আক্কুয়ু পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে রাশিয়ার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান রোসাটম। প্রকল্পটির প্রথম ইউনিট ২০২৬ সালের শেষ দিকে চালুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই প্রকল্প দুই দেশের দীর্ঘমেয়াদি জ্বালানি সহযোগিতার গুরুত্বপূর্ণ অংশ।
তবে আঙ্কারা শুধুমাত্র রাশিয়ার ওপর নির্ভর করে থাকতে চাইছে না। যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি বৃদ্ধির উদ্যোগ নিয়েছে তারা। পাশাপাশি ইরান, আজারবাইজান ও অন্যান্য সরবরাহকারীর সঙ্গেও জ্বালানি সহযোগিতা রয়েছে।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ২০ আগস্ট ২০২৬ হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে তুরস্কের মোট তেল আমদানিতে রাশিয়ার অংশ ৫০ শতাংশের নিচে এবং গ্যাস আমদানিতে ৪০ শতাংশের নিচে নেমে এসেছে। অর্থাৎ রাশিয়া এখনো গুরুত্বপূর্ণ সরবরাহকারী হলেও জ্বালানির উৎস বহুমুখী করার চেষ্টা করছে তুরস্ক।
ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক: এস-৪০০ থেকে এফ-৩৫
যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কের সবচেয়ে বড় বিরোধের একটি হলো রাশিয়ার কাছ থেকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষাব্যবস্থা কেনা। ২০১৭ সালে চুক্তি এবং ২০১৯ সালে সরবরাহ শুরু হওয়ার পর দুই ন্যাটো মিত্রের মধ্যে বিরোধ তীব্র হয়।
ওয়াশিংটনের আশঙ্কা, রুশ এস-৪০০ ব্যবস্থার সঙ্গে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের প্রযুক্তিগত তথ্যের সংযোগ ঘটলে অত্যাধুনিক যুদ্ধবিমানের গোপন সক্ষমতা ফাঁস হওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। এ কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে এফ-৩৫ কর্মসূচি থেকে বাদ দেয় এবং ২০২০ সালে কাউন্টারিং আমেরিকাস অ্যাডভারসারিজ থ্রু স্যাংশনস অ্যাক্টের (ক্যাটসা) আওতায় নিষেধাজ্ঞা আরোপ করে।
তবে ২০২৬ সালে দুই দেশের সম্পর্কে নতুন অগ্রগতি দেখা গেছে। জুলাইয়ে আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত হয়। ট্রাম্প তুরস্কের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির বিষয়টি বিবেচনার আগ্রহ প্রকাশ করেন।
কিন্তু বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৬ সালের জুলাইয়ে কংগ্রেসকে জানায়, রুশ এস-৪০০ ব্যবস্থা তুরস্কের কাছে থাকা অবস্থায় এফ-৩৫ সরবরাহের জন্য প্রয়োজনীয় আইনি শর্ত পূরণ হয়নি। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, তুরস্ককে এফ-৩৫ কর্মসূচিতে ফিরতে হলে এস-৪০০ ব্যবস্থা আর নিজেদের কাছে না রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে।
গত ১৫ অক্টোবর তুরস্কের প্রতিরক্ষামন্ত্রী ইয়াসার গুলের জানান, তুর্কির জন্য আগে তৈরি করা ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান সরবরাহ নিয়ে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চলছে। একই সঙ্গে ক্যাটসা নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও পুনর্ব্যক্ত করেন তিনি।
অর্থাৎ ট্রাম্পের ইতিবাচক বক্তব্য সত্ত্বেও এস-৪০০ ইস্যুতে দুই দেশের বিরোধ পুরোপুরি মেটেনি। এ প্রশ্নের সমাধান হলে তুরস্কের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বাড়তে পারে। অন্যদিকে সমাধান না হলে ন্যাটোর ভেতরেও এ নিয়ে মতপার্থক্য অব্যাহত থাকবে।
ন্যাটোতে তুরস্কের গুরুত্ব
তুরস্কের ভূকৌশলগত অবস্থান দেশটিকে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর কাছে গুরুত্বপূর্ণ করে তুলেছে। ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের সংযোগস্থলে অবস্থানের কারণে কৃষ্ণসাগর ও ভূমধ্যসাগরের নিরাপত্তায় আঙ্কারার ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ।
তুরস্কের ইনজিরলিক বিমানঘাঁটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সামরিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ। এ ছাড়া দেশটিতে ন্যাটোর আগাম সতর্কীকরণ রাডার এবং সামরিক কমান্ড রয়েছে। বসফরাস ও দারদানেলিস প্রণালির নিয়ন্ত্রণও তুরস্কের হাতে। এসব প্রণালি দিয়েই কৃষ্ণসাগর থেকে ভূমধ্যসাগরে জাহাজ চলাচল করে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরুর পর তুরস্ক ১৯৩৬ সালের মন্ট্রো কনভেনশন প্রয়োগ করে যুদ্ধরত দেশগুলোর যুদ্ধজাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে। এতে কৃষ্ণসাগরে রাশিয়া ও ন্যাটোর সামরিক হিসাব-নিকাশে তুরস্কের গুরুত্ব আরো বেড়ে যায়।
তবে ন্যাটোর সদস্য হয়েও রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় পুরোপুরি যোগ দেয়নি তুরস্ক। ফলে ওয়াশিংটন ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেও মস্কোর সঙ্গে অর্থনৈতিক যোগাযোগ চালিয়ে যাচ্ছে দেশটি।
ইউক্রেন যুদ্ধ: মধ্যস্থতাকারী, আবার কিয়েভের সহযোগীও
ইউক্রেন যুদ্ধ তুরস্কের পররাষ্ট্রনীতির জটিলতা আরো বাড়িয়েছে। আঙ্কারা ইউক্রেনের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সমর্থন জানিয়েছে। রাশিয়ার ক্রিমিয়া দখলকেও স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে ইউক্রেনকে ড্রোন ও অন্যান্য প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে।
অন্যদিকে রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়াতে চায় না তুরস্ক। বরং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার সুযোগ ধরে রাখতে চায়। ২০২২ সালে কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনের খাদ্যশস্য রপ্তানির জন্য জাতিসংঘের সঙ্গে মিলে চুক্তি বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল আঙ্কারা।
সাম্প্রতিক সময়ে আবারও রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার আয়োজনের উদ্যোগ নিয়েছে দেশটি। গত ৫ নভেম্বর এরদোয়ানের বক্তব্যে সেই প্রচেষ্টার কথা উঠে এসেছে।
তবে এ মধ্যস্থতা সহজ নয়। ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ার কারণে মস্কোর সঙ্গে আঙ্কারার দূরত্ব তৈরি হয়েছে। আবার রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞায় পুরোপুরি অংশ না নেওয়ায় যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গেও তুরস্কের মতপার্থক্য রয়েছে।
সিরিয়া ও মধ্যপ্রাচ্যেও তিন দেশের স্বার্থের সংঘাত
সিরিয়া দীর্ঘদিন ধরে তুরস্ক, রাশিয়া ও যুক্তরাষ্ট্রের স্বার্থের সংঘাতের একটি বড় ক্ষেত্র ছিল। বাশার আল-আসাদের শাসনামলে রাশিয়া দামেস্ক সরকারের প্রধান সামরিক মিত্র ছিল। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসলামিক স্টেটের বিরুদ্ধে লড়াইয়ে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেসের (এসডিএফ) সঙ্গে সহযোগিতা করেছে। তুরস্ক এসডিএফকে নিজেদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে।
তবে ২০২৪ সালের ডিসেম্বরে আসাদ সরকারের পতনের পর সিরিয়ার রাজনৈতিক পরিস্থিতি বদলে যায়। ২০২৬ সালের জানুয়ারিতে সিরিয়ার সরকারি বাহিনী উত্তরাঞ্চলের এসডিএফ-নিয়ন্ত্রিত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে এসডিএফের আগের সামরিক অংশীদারত্ব কার্যত শেষ হয় বলে মার্কিন কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ পরিবর্তনে তুরস্কের নিরাপত্তা উদ্বেগের একটি গুরুত্বপূর্ণ দিক নতুনভাবে আলোচনায় এসেছে। সিরিয়ায় নতুন সরকারের সঙ্গে আঙ্কারার সম্পর্ক এবং ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতি এখন তিন দেশের সম্পর্কের নতুন বাস্তবতা তৈরি করছে।
ত্রিমুখী সম্পর্কে তুরস্কের কৌশল কী?
বিশ্লেষকদের মতে, তুরস্কের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য হলো কোনো একটি শক্তিধর রাষ্ট্রের ওপর পুরোপুরি নির্ভরশীল না হয়ে নিজস্ব কৌশলগত স্বাধীনতা বৃদ্ধি করা। ন্যাটোর সদস্যপদ দেশটির নিরাপত্তার ভিত্তি হলেও রাশিয়ার সঙ্গে জ্বালানি ও বাণিজ্য সম্পর্কও গুরুত্বপূর্ণ। একই সঙ্গে ইউক্রেন, ককেশাস, সিরিয়া ও মধ্যপ্রাচ্যে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় আঙ্কারা।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল রিসার্চ সার্ভিসের ২০ আগস্ট ২০২৬-এর প্রতিবেদনে তুরস্ককে এমন একটি মধ্যম শক্তি হিসেবে বর্ণনা করা হয়েছে, যারা পরিবর্তিত বহুমেরুকেন্দ্রিক বিশ্বব্যবস্থায় বিভিন্ন পক্ষের সঙ্গে সম্পর্ক বহুমুখী করার চেষ্টা করছে।
এ কারণে তুরস্ককে কেবল রাশিয়ার মিত্র কিংবা যুক্তরাষ্ট্রের অনুগত অংশীদার হিসেবে দেখার সুযোগ নেই। দেশটি একদিকে রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা করছে, অন্যদিকে ন্যাটোর সামরিক কাঠামোয় সক্রিয় রয়েছে। আবার ইউক্রেনকে সমর্থন এবং যুদ্ধ বন্ধে মধ্যস্থতার উদ্যোগও চালিয়ে যাচ্ছে।
সব মিলিয়ে আঙ্কারা-মস্কো-ওয়াশিংটন সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে ইউক্রেন যুদ্ধ, এস-৪০০ ইস্যু, জ্বালানি নিরাপত্তা ও মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতির ওপর। তুরস্কের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো—রাশিয়ার সঙ্গে সম্পর্ক নষ্ট না করে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে সামরিক সহযোগিতা বৃদ্ধি করা। আর ওয়াশিংটন ও মস্কোর জন্য চ্যালেঞ্জ হলো, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দেশটির ওপর প্রভাব বজায় রাখা। তাই এই ত্রিমুখী সম্পর্কে স্থায়ী বন্ধুত্বের চেয়ে পারস্পরিক স্বার্থ, দরকষাকষি ও কৌশলগত ভারসাম্যই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কক্সবাজারের উখিয়ার ইনানীতে টানা ১৮ দিন ধরে জ্বলতে থাকা গ্যাসের আগুন নিয়ন্ত্রণে কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি (বাপেক্স)। ঘটনাস্থলে পৌঁছাতে শুরু করেছে একাধিক যানবাহন, যা অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে এসেছে আগুন নেভানোর জন্য।
শুক্রবার (১৩ নভেম্বর) সকাল থেকে ইনানীর জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী সেতু সংলগ্ন উদগীরণ স্থলে বাপেক্সের কারিগরি সরঞ্জামবাহী গাড়িগুলো প্রবেশ করতে দেখা যায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সকালে ছোট ইনানী এলাকায় মোস্তফা সিকদারের বাড়ির আঙিনায় প্রায় ১ হাজার ফুট গভীর নলকূপ খননের সময় ভূগর্ভ থেকে গ্যাস নির্গত হয়ে আগুন ধরে যায়। এরপর থেকে এই আগুন একটানা জ্বলছে।
প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের পরামর্শে ১৫ দিন ধরে আগুনটি পর্যবেক্ষণে রাখা হয়। বাপেক্সের ভূতাত্ত্বিক দলের প্রধান এসএম নাফিফুন আরহাম জানিয়েছিলেন, জোর করে আগুন নেভালে ভূগর্ভে গ্যাস জমে বড় বিস্ফোরণের শঙ্কা রয়েছে। তাই গ্যাসের চাপ, প্রবাহ ও প্রকৃতি বুঝতে আগুন জ্বলতে দেওয়া হয়।
এদিকে বাপেক্সের ল্যাবে নমুনা পরীক্ষায় এটি থার্মোজেনিক গ্যাস বলে নিশ্চিত হওয়া গেছে। ফলে এটি কোনো সাধারণ পকেট গ্যাস নয়, বরং বাণিজ্যিক গ্যাসক্ষেত্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এটি সত্যি হলে ইনানী হবে দেশের ৩১তম গ্যাস ফিল্ড।
১৫ দিনের পর্যবেক্ষণ শেষ হওয়ায় আজ ঘটনাস্থলে ৯ সদস্যের উচ্চপর্যায়ের কারিগরি দল পৌঁছেছে। দলের প্রধান অহিদুল ইসলাম হাওলাদার জানান, আগুনের যেভাবে জ্বলছে, এভাবে আর জ্বলতে দেওয়া ঠিক হবে না। আগুন নিয়ন্ত্রণে এনে পরবর্তীতে রিলিফ কূপ খনন ও ২ডি সিসমিক জরিপের পরিকল্পনা রয়েছে।
এদিকে জননিরাপত্তার স্বার্থে ঘটনাস্থলের ২০০ মিটার এলাকায় উপজেলা প্রশাসনের জারি করা ১৪৪ ধারা এখনো বহাল রয়েছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের পাশাপাশি বাপেক্স ও পেট্রোবাংলার দল সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৩ নভেম্বর, ২০২৬ : চীন সফরের উদ্দেশ্যে আগামী সপ্তাহে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি রওনা দেবেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম চীন সফর। শুক্রবার টোকিও থেকে এই তথ্য জানানো হয়েছে।
এ সফরের লক্ষ্য হলো চীনের শেনজেনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে অংশগ্রহণ করা।
এ বিষয়ে খবরটি বার্তা সংস্থা এএফপি’র মাধ্যমে প্রকাশিত হয়েছে।
গত বছরের নভেম্বরে তাইওয়ানে হামলা হলে টোকিও সামরিকভাবে হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন তাকাইচি।
বেইজিং তাইওয়ানকে নিজেদের ভূখণ্ডের অংশ হিসেবে দাবি করে।
জাপানের উপপ্রধান মন্ত্রিপরিষদ সচিব মাসানাও ওজাকি জানান, ‘প্রধানমন্ত্রী তাকাইচি আগামী ১৬ নভেম্বর থেকে ১৯ নভেম্বর ফিলিপাইন ও চীন সফর করবেন। এ সময় তিনি আসিয়ান-সংশ্লিষ্ট শীর্ষ সম্মেলন এবং এপেক সম্মেলনে অংশগ্রহণ করবেন।’
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তার প্রথম চীন সফর হবে।
ওজাকি আরও জানান, এপেক সম্মেলনে তাকাইচি বাণিজ্য ও বিনিয়োগ, আঞ্চলিক অর্থনৈতিক একীকরণ, অর্থনৈতিক ও জ্বালানি নিরাপত্তা এবং ডিজিটাল অর্থনীতির মতো বিষয় নিয়ে আলোচনা করবেন।
তিনি এসব বিষয়ে জাপানের অবস্থানও তুলে ধরবেন।
তবে সম্মেলনে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের সঙ্গে তাকাইচির সম্ভাব্য সাক্ষাতের বিষয়টি বিশেষভাবে নজরে থাকবে। বিশ্লেষকদের মতে, দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের সম্ভাবনা খুবই কম।
শেনজেন সফরের আগে, তাকাইচি ১১ সদস্যের দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে যোগ দিতে ম্যানিলায় যাবেন।
ওজাকি জানান, আসিয়ান সম্মেলনের ফাঁকে অস্ট্রেলিয়া, ভারত, জাপান ও যুক্তরাষ্ট্রের নেতাদের অংশগ্রহণে কোয়াড বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা চলছে।
তাইওয়ান নিয়ে তাকাইচির মন্তব্যের কারণে চীন তীব্র প্রতিক্রিয়া জানায়। দেশটি তাদের নাগরিকদের জাপান ভ্রমণে সতর্কতা জারি করে এবং বাণিজ্যিক বিধিনিষেধ আরোপ করে। এসব বিধিনিষেধের ফলে জাপানি প্রতিষ্ঠানগুলোতে গুরুত্বপূর্ণ বিরল মৃত্তিকা খনিজের সরবরাহ উল্লেখযোগ্যভাবে কমেছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত মাসে এক নীতিনির্ধারণী ভাষণে তাকাইচি চীনকে ‘গুরুত্বপূর্ণ প্রতিবেশী’ হিসেবে উল্লেখ করেন এবং দেশটির সঙ্গে স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার অঙ্গীকার করেন।
তবে তিনি একই সঙ্গে বলেন, জাপান তার জাতীয় অবস্থান দৃঢ়ভাবে তুলে ধরবে এবং চীনের কাছ থেকে দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করবে।
তাকাইচির সরকারের সঙ্গে মন্ত্রী পর্যায়ের বৈঠকে বসতে বেইজিং অস্বীকৃতি জানিয়ে আসছে।
তবে গত মাসে জাপানের সাবেক প্রধানমন্ত্রী ইয়াসুও ফুকুদার মৃত্যুতে তার পরিবারের প্রতি পাঠানো এক শোকবার্তায় সি চিনপিং ফুকুদাকে ‘চীনা জনগণের দীর্ঘদিনের বন্ধু’ হিসেবে অভিহিত করেন।
এর আগে, গত সেপ্টেম্বরে বেইজিংয়ে জাপানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়ার নেতৃত্বাধীন একটি বাণিজ্য প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ই বলেন, টোকিওর সঙ্গে সম্পর্ক আবার স্বাভাবিক করার অপেক্ষায় রয়েছে বেইজিং।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজা উপত্যকায় ইসরাইলের চলমান হামলার কারণে উপসাগরীয় সহযোগিতা পরিষদের (জিসিসি) মহাসচিব জাসেম মোহাম্মদ আল-বুদাইউই তীব্র নিন্দা জানিয়েছেন। বৃহস্পতিবার নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরাইলি হামলার প্রেক্ষাপটে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
একটি বিবৃতিতে তিনি উল্লেখ করেন যে, হাসপাতালটিতে অবস্থানরত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রোগীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলে ফিলিস্তিনি জনগণের দুর্ভোগকে আরো বাড়িয়ে তোলা হয়েছে। তিনি বলেন, এ ধরনের হামলা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর ভূমিকা অত্যন্ত প্রয়োজন। একইসাথে, এসব লঙ্ঘনের অবসান ঘটাতে এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
আল-বুদাইউই আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতি তাদের দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি বলেন, ইসরাইলি হামলা বন্ধ করা, বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা, গাজায় নির্বিঘ্নে মানবিক সহায়তা ও চিকিৎসাসামগ্রী পৌঁছানো এবং ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ কার্যক্রম নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।
সূত্র: আলজাজিরা
আরএ
তালাশ বিডি/মিডিয়া লিঃ